আলেপ্পো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেক্সপিয়ারের ওথেলো আলেপ্পোতে দেখা পাগড়ি পরা এক তুর্কির কথা বলেন আমাদের। আজকের তরুণকে যেমন নিউইয়র্ক, লন্ডনের খবর রাখতে হয়, ওথেলোকে রাখতে হতো আলেপ্পোর খবর। চীন, ভারত থেকে ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যের বাণিজ্যের বিখ্যাত সেই সিল্ক রোডের অন্যতম কেন্দ্র তখন আলেপ্পো। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এখন ধারাবাহিকভাবে বসতি গড়ে ওঠা পৃথিবীর প্রাচীনতম নগরের দাবিদার। পৃথিবীর কেন্দ্র বদলে গেলে। আমরা প্রান্তের মানুষ শুধু কেন্দ্রের খবর রাখি। ইতিহাসের নাগরদোলায় কেন্দ্র থেকে প্রান্তে ছিটকে পড়া শহরের খবর আমাদের কাছে পৌঁছায় সামান্যই। আলেপ্পোর এত খবর জানাই হতো না, যদি না ওই শহরে পা রাখার সুযোগ ঘটত। সম্প্রতি আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে একটি গবেষণার কাজে সে শহরে কয়েক দিন কাটানোর সুযোগ হয়েছিল।ইতিহাসের নানা ঘোরাপথ পাড়ি দিয়েছে সিরিয়া। বহুকাল ছিল রোমান, পরবর্তী কালে অটোমান তুর্কিদের অধীনে। প্রথম বিশ্বযুদ্ধের পর কিছুকাল দখলে রাখল ফরাসিরা, হাত বদল হয়ে গেল ব্রিটিশদের কাছে। জামাল আবদুল নাসের তো সিরিয়াকে মিশরের অংশই করে ফেলেছিলেন। শেষে বাথ পার্টির নেতৃত্বে স্বাধীন হলো দেশ। কমিউনিস্ট রাশিয়ার সঙ্গে তখন ঘনিষ্ঠ ভাব। তারপর হাফিজ আল আসাদের অভ্যুত্থান। টানা ত্রিশ বছর শাসন করলেন তিনি। ২০০০ সালে হাফিজ মারা গেলে শাসক হলেন ছেলে বশির আল আসাদ। পাঁচমিশালি অতীত তাঁদের।দামেস্ক এয়ারপোর্ট থেকে সোজা গিয়ে ওঠি আলেপ্পোর ট্রেনে। সিরিয়ার দুই প্রান্তে দুটি শহর। ট্রেনে চেপে দক্ষিণের দামেস্ক থেকে রওনা দিই উত্তরের আলেপ্পোতে। দেশের ভেতর ট্রেনের জানালায় দূরের সবুজ প্রান্তর আর নদী দেখে আকাশ-পাতাল ভাবতে ভাবতে পৌঁছে গেছি গন্তব্যে। কিন্তু আলেপ্পোর পথে ট্রেনের জানালা দিয়ে দেখি অচেনা দৃশ্য। মাইলের পর মাইল কেবলই রুক্ষ প্রান্তর, ধূসর পাথর আর বালি। তাঁবু, বেদুইন, ঘোড়া, উট, রাতের আঁধারে আগুন জ্বালিয়ে আরব রমণীর নৃত্য, খেজুর ইত্যাদি অনুষঙ্গ মনে আসে। মনে পড়ে, বহু দিন আগে দেখা ছবি লরেন্স অব অ্যারাবিয়ার কথা। সিরিয়ার এই মরুভূমিতেই একদিন দাপিয়ে বেড়িয়েছিলেন আরবি ভাষাবিদ, প্রত্নতাত্ত্বিক ব্রিটিশ নাগরিক টমাস এডওয়ার্ড লরেন্স। তাঁরই নেতৃত্বে যুদ্ধ করে ১৯১৮ সালে অটোমান তুর্কিদের কাছ থেকে সিরিয়ানরা দখল করে দামেস্ক। তাঁর জীবন নিয়ে ১৯৬২ সালে ডেভিড লিনের তৈরি ছবি লরেন্স অব অ্যারাবিয়া পিটার ওটুল আর ওমর শরিফের অভিনয়ে তুমুল জনপ্রিয় হয়।আলেপ্পো শহরে ঢুকে গুপী-বাঘার মতো বেশ মনে হয় ‘এলেম নতুন দেশে’। ধূসর পাথরের বাড়ি, মসজিদ, গির্জা, শতাব্দীপ্রাচীন সুক এরই মধ্যে আধুনিক যানবাহন, রাস্তাঘাট, বিপণিবিতান মিলিয়ে অন্য রকম এক শহর। আমার দেখা পৃথিবীর আর শহরগুলোর সঙ্গে মেলে না। আরবি ‘সুক’ শব্দের অর্থ বাজার। গলি, তস্যগলির জটিল গোলকধাঁধার শত শত দোকানের অদ্ভুত এক পৃথিবী। শত বছর আগের বিখ্যাত সেই সিল্ক রোডের প্রাণকেন্দ্র সুক, একইভাবে প্রাণবন্ত আছে এখনো। বাহারি আরবি গয়নার দোকান ফেলে ঐতিহ্যবাহী সিরীয় মিষ্টি বাকালাবা আর বিখ্যাত জলপাইয়ের সাবানের প্রদর্শনী দেখতে দেখতে হাঁটি। ডাইয়ু কোম্পানির বিশেষ কিছু অতি ক্ষুদ্র গাড়ির পাশে দেখি গলির ভেতর মাল টেনে নিয়ে যাচ্ছে বিশ্বস্ত গাধা, যেমন টানত শত বছর আগে। লোকের হাতে হাতে সেদ্ধ ভুট্টা, আলেপ্পোর জনপ্রিয় স্ট্রিট ফুড। নানা হাঁক দিয়ে বিবিধ পণ্য বিক্রি করছে ফেরিওয়ালা। চারদিকে উত্সবের আমেজ। আমার সঙ্গী সিরীয় ডাক্তার এবং কবি ফুয়াদ। ফুয়াদ ফেরিওয়ালাদের রসিক এবং উদ্ভাবনী ডাক অনুবাদ করে শোনান আমাকে। যে লোকটা শসা বিক্রি করছে, সে বলছে, ‘এই মাছগুলো ছাড়ার জন্য কার বাড়িতে পুকুর আছে?’ (সিরিয়ানরা শসা কিনে বাড়ির বড় চৌবাচ্চার মধ্যে ডুবিয়ে রাখে), যে ধারালো ছুরি বিক্রি করছে, সে জোরে জোরে হাঁকছে, ‘কে তার শাশুড়িকে খুন করতে চায়?’সুকের জটিল জটাজালের ভেতর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে ফুয়াদ সেখানেই এক রেস্টুরেন্টে নিয়ে যান। প্রাচীন সুকের অতীতের ধনাঢ্য ব্যবসায়ীদের বাড়িগুলো এখন রূপান্তরিত হয়েছে রেস্তোরাঁয়। অন্দরমহল, বাহিরমহলের আরবীয় সাজসজ্জায় অনন্যসাধারণ পরিবেশ সেসব রেস্টুরেন্টের। মেডিটেরিনিয়ন খাবারের সুনাম জগেজাড়া। গরমে ঘোরাঘুরি করে টেবিলে বসবার সঙ্গে সঙ্গে আসে পুদিনা রসের অভিনব এক ঠান্ডা শরবত। মেন্যুজুড়ে বিচিত্র সালাদ। এখনো মুখে লেগে আছে ফাটুস আর ট্যাবুলা সালাদের স্বাদ। নানা রকম বাদামের পেস্ট হামুসও আমার জন্য নতুন অভিজ্ঞতা। সঙ্গে বিবিধ কাবাব আর রুটি তো আছেই। খাবারের আবহে বাজে আরবি গান। ফুয়াদ জানান, গান বাজছে কিংবদন্তি শিল্পী ফায়রুজের। লেবাননি এই শিল্পীর উত্থান ষাট-সত্তরের দশকে হলেও আরব বিশ্বে এখনো তিনি তুমুল জনপ্রিয়। লেবাননের সঙ্গে সিরিয়ার রাজনৈতিক বৈরিতা থাকলেও ফায়রুজকে নিয়ে কোনো বিরোধ নেই। তা ছাড়া লেবানন তো একসময় সিরিয়ারই অংশ ছিল। ফায়রুজের নাম শুনলেও তাঁর স্বকণ্ঠে গান শুনিনি। ফায়রুজের নেশা ধরানো গান শুনতে শুনতে শেষ করি খাবার। বিলের সঙ্গে দেখি হাজির হয়েছে নানা রকম স্থানীয় ফলের এক বিশাল থালা। আলেপ্পোর অধিকাংশ রেস্তোরাঁয় এই এক রেওয়াজ, খাওয়া শেষে বিনা মূল্যে রেস্তোরাঁর উপহার এক থালা ফল।সুকের ভেতর হাম্মামখানা দেখে কৌতূহলী হয়ে ঢুকি। আরব অঞ্চলের এই গণগোসলখানা ইতিহাস খ্যাত। নারী ও পুরুষদের হাম্মাম ব্যবহারে পৃথক সময় নির্ধারণ করা আছে। দেখি, মূল গোসলখানার আগে বিশাল বৈঠকখানায় পেতে রাখা অগণিত বিছানায় পুরুষেরা খালি গায়ে শুয়ে বসে আয়েশে আলবোলা বা পাইপ হুকা টানছেন। এ হুকার নাম এখানে নারগিলে। আমাদের অঞ্চলে আলবোলা একসময় ছিল আভিজাত্যের অনুষঙ্গ। আলেপ্পোতে নারগিলে দেখি পথে পথে। হুকা টেনে গোসলের প্রস্তুতি শেষে তারা পরবর্তী বাষ্পঘরে বসে কিছুক্ষণ শরীরকে উষ্ণ করে নেন। তারপর ঢোকেন মূল গোসলখানায়। চারদিকে বাষ্প-ওড়া মূল হাম্মামখানায় দেখতে পাই বিশাল কাপড়ের মাজন দিয়ে পেশাদার গোসল করিয়েরা তুমুলভাবে গা ঘষে দিচ্ছে আগত স্নানার্থীদের। রবীন্দ্রনাথ একবার হাম্মামখানায় টার্কিশ বাথ নেওয়ার পর লিখেছিলেন, টার্কিশ বাথ নেওয়া আর শরীরকে ধোপার বাড়ি পাঠানো এক কথা। বলা যায়, গোসল করাকে এক বিশাল ঘটনায় পরিণত করেছে এরা। পারিবারিকভাবে মাঝেমধ্যে হাম্মামখানায় যাওয়া এখানে জীবনচর্চারই অংশ। ফুয়াদ জানান, এখনো মায়েরা হাম্মামখানায় গোসল করতে এসে তাঁদের ছেলের জন্য বউ পছন্দ করেন।নতুন আলেপ্পোতে দেখি নিজস্ব ধরনের বিশ্বায়নের ছোঁয়া। মেরিলিন মনরো নামের এক কাফেতে বসি। সেখানে শুধু বার্গার, পাস্তা জাতীয় পশ্চিমা খাবার। ভেতরে বাজে ইংরেজি ব্যান্ড লিঙ্কেন পার্কের গান। টেবিলে টেবিলে ছেলেমেয়েরা বসেছে একত্রে। ছেলেমেয়ে নির্বিশেষে সবার হাতে নারগিলের পাইপ। জানতে পারি, রেস্তোরাঁয় বসে নারগিলে ফুঁকতে ফুঁকতে আড্ডা দেওয়া এখন সিরিয়ান তরুণদের এক ফ্যাশন। বিচিত্র আকার আর কারুকাজের নারগিলের সমাহার। বিশেষ করে চোখে পড়ে মেয়েদের অংশগ্রহণ। মেয়েদের অনেকেই হিজাব পরা, কিন্তু বাহারি তাদের হিজাব আর পোশাক। ছেলেদের সঙ্গে বসে নারগিলে ফুঁকতে ফুঁকতে চোখেমুখে জড়তাহীন স্বতঃস্ফূর্ততা নিয়ে আড্ডা দিচ্ছে তুমুল। হিজাবধারী আর হিজাববিহীন আকর্ষণীয় আরব তরুণীদের দেখে আমার আরব্য রজনীর শেহেরজাদির কথা মনে পড়ে। প্রতিভাবান সেই কথাকার তরুণী যে বাদশাহকে প্রতি রাতে একটি করে গল্প শুনিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন তাঁর মৃত্যুদণ্ড। মৃত্যুর বদলে গল্প। শেহেরজাদি আক্ষরিক অর্থে প্রমাণ করেছিলেন, সাহিত্য দিয়ে জীবন বাঁচানো যায়।মুসলিম দেশ হলেও বহু কাল রোমান সাম্রাজ্যের অধীনে থাকার কারণে সিরিয়ার নানা প্রান্তে ছড়িয়ে আছে খ্রিষ্টীয় ঐতিহ্যের বিভিন্ন চিহ্ন। আলেপ্পোতে মসজিদের পাশাপাশি চার্চও দেখতে পাই অনেক। এমনকি দুটো দেখতেও প্রায় এক রকম। চার্চের চূড়াতে মসজিদের মতো মিনার, কেবল তাতে একটি ক্রস। দেখে অবাক হয়েছি, একই চত্বরের এক পাশে সেন্ট জর্জিয়াস চার্চ, অন্য পাশে আল তৌহিদ মসজিদ। গির্জা আর মসজিদ থেকে বেরিয়ে আসা তরুণেরা সামনের চত্বরে দেখি গল্পে মশগুল। দামেস্কের বিখ্যাত উমাইয়া মসজিদের আদলে আলেপ্পোতে খানিকটা ছোট উমাইয়া মসজিদ তৈরি করেছিলেন খলিফা সুলাইমান ৭১৫ সালে। প্রচীন সেই মসজিদটি নানা সংস্কার, পুনর্নির্মাণের মাধ্যমে টিকে আছে এখনো। চারপাশে চমত্কার বিশাল বাগান। শুক্রবার দেখি স্ত্রী-সন্তান নিয়ে বেশ হইচই করতে করতে জুমার নামাজ পড়তে আসছেন সবাই। নামাজ শেষে মসজিদের বাগানে ক্যামেরায় ছবিও তুলছেন। জুমায় আসা বেশ একটি পারিবারিক উত্সব যেন।শহরের মাঝখানে চারপাশে পরিখাঘেরা আচানক এক পাহাড়ের ওপর প্রকাণ্ড দুর্গ ‘সিটাডল’কে উপেক্ষা করার উপায় নেই। এই দুর্গই মুসলমানেরা ব্যবহার করেছিলেন দ্বাদশ শতাব্দীর ক্রুসেডে। এখন এটি শহরের অন্যতম পর্যটন স্থান। ভারতে মোগলদের নানা দুর্গ দেখেছি কিন্তু তার সঙ্গে আলেপ্পোর সিটাডল দুর্গটির ভেতরের স্থাপত্যের দুরূহ জটিলতার তুলনা চলে না। সন্ধ্যা নামলে অপূর্ব আলোকসজ্জায় সেজে ওঠে সিটাডল। নিচের চমত্কার কাফেতে বসে ফুরফুরে হাওয়ায় সিরিয়ান সহকর্মীদের সঙ্গে আড্ডা দিই। সিরিয়ার রাজনীতির খোঁজখবর নেই। রাজনীতি নিয়ে আলাপে এক ধরনের অনীহা এবং ভীতি আছে তাদের। দীর্ঘদিন বহুদলীয় গণতন্ত্রের অভিজ্ঞতা নেই সিরিয়ার। হাফিজ আল আসাদের বাথ পার্টির অধীনে তিন দশক কাটিয়েছে তারা। কথা ছিল হাফিজের মৃত্যুর পর বড় ছেলে বাসিল আল আসাদ ক্ষমতা নেবেন রাষ্ট্রের। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাসিল। শেষে ছোট ছেলে বশির আল আসাদকেই ইংল্যান্ড থেকে এক রকম ধরে নিয়ে আসা হলো সিরিয়ায়। নিরীহ বশির ইংল্যান্ডে চোখের ডাক্তার হিসেবে প্র্যাকটিস করছিলেন। বাবার মৃত্যুর পর তাঁর হাতেই দেওয়া হয় রাষ্ট্রের ভার। সংবিধান অনুযায়ী সিরিয়ার রাষ্ট্রপ্রধানের বয়স হতে হবে অন্তত চল্লিশ, কিন্তু সংবিধান সংশোধন করে সেটা করা হলো চৌত্রিশ। পঁয়ত্রিশ নয়, ছত্রিশও নয়, ঠিক চৌত্রিশ। বলা বাহুল্য বশিরের বয়স তখন ঠিক চৌত্রিশই। একনায়ক হলেও বশির বাবা হাফিজের মতো প্রতাপশালী নয়। এক ধরনের নমনীয় স্বৈরশাসনের মধ্যে চলছে দেশ। তবে তার প্রতীকী উপস্থিতি সর্বত্র। পথে, দোকানে, অফিসে ছোটবড় নানা আকারের বশির আল আসাদের ছবি। শুনি সাদা পোশাকে সর্বদা গোয়েন্দাও ঘোরে এবং নজর রাখে লোকজনের আলাপ-আলোচনায়। ধনবান না হলেও এক ধরনের অর্থনৈতিক স্থিতিশীলতা আছে দেশটির, দারিদ্র্য আছে কিন্তু তা প্রকট নয়। ভাঙা ইংরেজিতে শুধু এক কিশোরকে ভিক্ষা করতে দেখেছি। অবশ্য জানতে পেরেছি, সে ইরাকি উদ্বাস্তু। আমেরিকার বাগদাদ আক্রমণের পর পালিয়ে এসেছে সিরিয়ায়।আলেপ্পো শহরের বাইরে দেখতে যাই বিখ্যাত ডেড সিটির ধ্বংসাবশেষ। শহর থেকে বেরোবার মুখে ফুয়াদ আমাকে দেখান আলেপ্পোর প্রাচীন বারোন হোটেল। লরেন্স অব অ্যারাবিয়া থেকে শুরু করে বহু নামজাদা অতিথি থেকেছেন এই হোটেলে। অতিথিদের মধ্যে ছিলেন আগাথা ক্রিস্টিও। তাঁর পুরাতত্ত্ববিদ স্বামী আলেপ্পোতে থাকার সময় আগাথা ক্রিস্টিও এই হোটেলে বসে লিখেছেন তাঁর জনপ্রিয় বই মার্ডার ইন দি অরিয়েন্ট এক্সপ্রেস। আবারও সারা পথে কেবলই পাথর আর মরু। পথে একটি জলপাই বাগানে থামি। জানা ছিল না যে সিরিয়া পৃথিবীর তৃতীয় বৃহত্তম জলপাই উত্পন্নকারী দেশ। জলপাইবাগান আগে দেখিনি। জলপাইবাগান নিয়ে আমার একটি রোমান্টিক ধারণা ছিল কিন্তু দেখতে পেলাম নেহাতই পাথুরে রুক্ষ মাটিতে দাঁড়ানো লিকলিকে অসংখ্য গাছ মাত্র। হতাশ হলাম।গাইড ওয়াজি ঘুরে দেখান মৃত নগরী। প্রায় দেড় হাজার বছর আগে এখানে গড়ে উঠেছিল বাইজেন্টাইন নগর সারজিলা। এখন ভুতুড়ে এলাকার মতো পড়ে আছে প্রকাণ্ড গির্জার ধ্বংসাবশেষ, নানা আকারের বাড়ি, সারি সারি দোকানের ভগ্নাংশ, রাস্তা। বোঝা যায়, একসময় এখানে ছিল জমজমাট কোলাহল। এই জলপাই-বাণিজ্যের অন্যতম কেন্দ্র সমৃদ্ধশালী এই নগর হঠাৎ একসময় পরিত্যক্ত হয়ে যায়। সারজিলার মৃত নগরে পরিণত হওয়া নিয়ে নানা বিতর্ক আছে। কেউ বলেন, ভূমিকম্পে নগরটি ধ্বংস হয়ে যাওয়াতে একে পরিত্যাগ করে এর অধিবাসীরা, কারও মতে, জলপাই-বাণিজ্য কোনো কারণে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হওয়ার কারণেই পরিত্যক্ত হয় এই নগর। রসিক গাইড ওয়াজি অবশ্য বলেন অন্য কথা। তাঁর ভাষ্য, কথিত আছে, এক সওদাগর এই সারজিলা গ্রামের এক মেয়ের প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেন এবং এখানে গড়ে তোলেন বিশাল বাণিজ্যকেন্দ্র আর তিনিই হন এর সম্রাট। কিন্তু পরে সেই নারীই বিষিয়ে তোলেন তাঁর জীবন। প্রেমিক সম্রাট উদ্ভ্রান্ত হয়ে নিরুদ্দেশ হন। অভিভাবকহীন এই শহর ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। ওয়াজি বলেন, ‘বুঝলেন, আমরা এই পুরুষেরা জীবনের অর্ধেকটা ব্যয় করি মেয়েদের কাছে যাবার জন্য, বাকি অর্ধেকটা ওদের কাছ থেকে পালাবার জন্য।’ফেরার পথে দেখতে যাই আল বিমারিস্তান আল আরগোনি নামের ১৩ শতকের তৈরি আরব অঞ্চলে শুধু মানসিক রোগের চিকিৎসার প্রথম হাসপাতালটি। মূলত সংগীত, আলো আর পানির থেরাপির মধ্য দিয়ে তখন চলত মানসিক রোগের চিকিৎসা। বিস্ময়ে দেখি, বিচিত্র স্থাপত্যে একেকটি ঘরে সূর্যের আলো ঢুকবার মাত্রাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি, দেখি, অভিনব ঝরনাঘর আর সংগীতকুঠুরি। কী আশ্চর্য! বহু শতাব্দী পর পৃথিবীর নানা দেশে এখন মিউজিক থেরাপির মাধ্যমে মানসিক রোগের চিকিৎসা চালু হয়েছে আবার।ফুয়াদের সঙ্গে আলেপ্পোর মূল শিল্পকলা কেন্দ্রে যাই। একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী চলছিল তখন। পৃথিবীর নানা প্রান্তের ফটোগ্রাফারদের ভিড়ে বিস্ময়ে আবিষ্কার করি বাংলাদেশের ছবিও। বাংলাদেশের ফটোগ্রাফার খালেদ হাসান করেছেন সিলেটের জাফলংয়ের পাথর সংগ্রহের শ্রমিকদের ওপর সিরিজ ছবি। আলেপ্পোতে বসে জাফলংকে নতুন করে চিনি। শিল্পকলা কেন্দ্রের মুক্ত প্রাঙ্গণে ফুরফুরে হাওয়ায় বসে উপভোগ করি সংগীতানুষ্ঠান। এক সিরিয়ান মহিলাশিল্পী জাজসংগীত পরিবেশন করেন, সিরিয়ার বিখ্যাত বেহালাবাদক আশরাফ কাতেব বাজান চাইকোভস্কি। দর্শকসারিতে সমানসংখ্যক পুরুষ এবং মহিলা। বোরকা, হিজাব পরা মহিলারা বসে চাইকোভস্কি শুনছেন, দেখতে বেশ লাগে। অনুষ্ঠান শেষে বসি রেস্টুরেন্ট কাছার জেহাতে। আলেপ্পোর লেখক-শিল্পীদের পছন্দের জায়গা। কফিতে চুমুক দিতে দিতে ফুয়াদ সাম্প্রতিক আরব সাহিত্যের নানা খোঁজখবর দেন। একসময়ে বিশ্ব দাপিয়ে বেড়ানো আরব সংস্কৃতির আজকের দেউলিয়াপনায় তিনি আফসোস করেন। এর মধ্যেও বিশ্বসাহিত্যে ঝলসে ওঠা কিছু আরব সাহিত্যিকের কথা আলাপ করি আমরা। মিশরের নাগিব মাহফুজের কথা আসে অনিবার্যভাবে। ফুয়াদ বলেন, লেবাননি উপন্যাসিক আমিন মালুফের কথা। তার পরামর্শেই মালুফের লেখা ওমর খৈয়ামের জীবনভিত্তিক উপন্যাস সমরখান্দ পড়েছি পরে। ফুয়াদ সিরিয়ান কবি আলি আহমেদ সাইদের কথাও বলেন, যাঁর নাম নোবেল পুরস্কারের তালিকায় উঠেছে বারকয়েক। যিনি তাঁর ছদ্মনাম ‘এডোনিস’ হিসেবেই পরিচিত বিশ্বসাহিত্যে। এডোনিসের কবিতা আবৃত্তি করেন ফুয়াদ: উই উইল ডাই ইফ উই ডু নট ক্রিয়েট গডস/উই উইল ডাই ইফ উই ডু নট কিল দেম।’ আরবভূমির এক সাহিত্যপ্রেমীর সঙ্গে প্রাণ খুলে আড্ডা দেই অনেক রাত অবধি।আলেপ্পোতে আমার চকিত সফর শেষ হয়। পৃথিবীর অচেনা এক প্রান্তের নানা ছবি, শব্দ ফুটে থাকে চোখের নিচে, কানের গভীরে। মসজিদের মতো দেখতে গির্জা, ইরাকি উদ্বাস্তু বালকের ভিক্ষার হাত, নারগিলে ফুঁকতে থাকা হিজাব ঢাকা তরুণীর আয়ত চোখ, রুক্ষ মাটির জলপাই বন, ফায়রুজের গান ‘হাবিবি হাবিবি..’।