ষাটের দশকে বিলেতি যে কজন ‘স্টার শিল্পী’ দুনিয়াজুড়ে নাম কামাই করেছেন, তাঁদের একজন হাওয়ার্ড হজকিন। পরবর্তী সময়ে অপর যে শিল্পীর খ্যাতির আড়ালে পড়ে যান এই মৃদুভাষী শিল্পী, তাঁর নাম ডেভিড হকনি। হকনি যখন জয় করছেন ইতালির ভেনিস, যেথায় অনুষ্ঠিত হয় ইউরোপের সবচেয়ে পুরোনো দ্বিবার্ষিক প্রদর্শনী, আর তৈরি হচ্ছেন আটলান্টিকের অপর পারে পারি জমাতে, তখন তাঁর তুলনায় হজকিন আত্মমগ্ন এক ধাঁধা—যিনি প্রতিভাধর হলেও ঠিক সেই সমান খ্যাতি পাননি। ধীরলয়ে চলা এই শিল্পীর ভাষা সহজ এবং বাঙ্ময়—এই সূত্রে তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জের শেষ মডার্নিস্টদের একজন। হজকিনের ছবি ব্যাখ্যাত হতে চায় না, শিল্পীর আপন ভাষ্যমতে তাঁর ভাষা বাস্তবানুগ—তিনি দেখা দুনিয়ার রূপকার। তাঁর ভাষা রূপক নয়—রূপের জগৎ রূপাশ্রয়ী ভাষাতেই শিল্পী ফুটিয়ে তোলেন বলে দাবি করেন। আমরা যারা বর্গ তৈরিতে সদা সজাগ, তাদের চোখে তিনি বিমূর্ততাবাদী অথবা মানব অবয়বহীন দৃশ্যের শিল্পী। তাঁর ছবি বাস্তবিকই অবয়বহীন নয়, মানবশূন্য—এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সমালোচকেরাও তাঁর কাজ অতি সাধারণ বর্ণনার সূত্রে দর্শকসমীপে পেশ করতে দ্বিধা করেন না। হজকিন নিজে বাক্য বা ভাষ্য দিয়ে তাঁর দৃশ্য নির্মাণের কৌশল কিংবা চিত্রকল্পের ব্যাখ্যা দানে গররাজি। ফলে হজকিন-ধাঁধার উত্তর তাঁর রূপকল্পনাতেই নিহিত আছে, এমন সিদ্ধান্ত নেওয়াই সুখকর।বাংলাদেশের বেঙ্গল লাউঞ্জে হজকিনের একক প্রদর্শনী একটি বিরল ঐতিহাসিক মুহূর্ত, এ আয়োজনের পেছনে ব্রিটিশ কাউন্সিলের সুনির্দিষ্ট ইন্ধন সম্পর্কে আমরা অবগত। বাংলাদেশের শিল্পকলা পরিণত অবস্থায় পৌঁছাতে গিয়েও যেন থমকে আছে। এখানে প্রতিভা চিহ্নায়নের প্রক্রিয়ায় অর্থাৎ গোড়ায় গলদ লক্ষ করা যায়। স্বাধীনতা, জাতীয়তাবোধ এসব আখ্যান বা ভাষ্যের সূত্রে আজ অবধি সেনসিবিলিটি বা স্বভাব, ভাব কিংবা চৈতন্য বিচার করে শিল্পের ধাতু আবিষ্কার সম্ভব হয়নি। ‘দেশীয় ঐতিহ্য’ কিংবা ‘মুক্তিযুদ্ধের চেতনা’ এই মতো প্রিটেনশাম ধারণার গণ্ডি ছাড়িয়ে সত্যাশ্রয়ী শিল্পের দিকে আমরা মুখ ফেরাতে পারিনি। ফলে যখন সংবেদনা জরুরি মনে করেন এমন শিল্পের দিকে দৃষ্টি দেওয়ার ফুরসত তৈরি হয়, তাকে হয় বাস্তববাদী বা বিমূর্ত এমন ফ্রেমে এঁটে বিশ্লেষণের চেষ্টা চলে। হজকিন এসব জটিলতার সুরাহা দেন। আলো-ছায়া, রং ও ফর্মের যে মানবীয় অভিজ্ঞতা সেই সূত্রেই তিনি বিখ্যাত ব্রিটিশ শিল্পী। রং যেহেতু চাক্ষুষ অভিজ্ঞতা থেকে ট্রান্সানডেন্টাল বা মিস্টিক অভিজ্ঞতায় উন্নীত, তাই হজকিনকে দেখা গেছে ভারতের নানা স্থানে ঘুরে বেড়াতে। তিনি অন্য অনেক শিল্পীর মতোই হিমালয়ের পাদদেশের মানুষদের বৈচিত্র্যময় জীবন থেকে রং সংগ্রহ করেছেন। তাই অ্যানাটমির সঠিক আদলে মানুষ গরহাজির হলেও শিল্পীর কাজে মানবে উপস্থিতি ভন ভন করে। অর্থাৎ হজকিন সাদা-কালো ছোপে কিংবা রঙিন পোঁচে এমন ছায়ার খেলা খেলেন যে তা স্থান-কাল-পাত্র প্রত্যক্ষ করার অভিজ্ঞতার আভাস দেয়। অদ্য প্রদর্শনীর যেসব কাজে মানবের উপস্থিতি টের পাওয়া যায় তার মধ্যে ‘সুভেনির’ অন্যতম। এতে অবয়ব অনুসরণের সহজ পন্থা নেই, আছে বিমূর্তায়িত এক চিত্রকল্প—যা তুলির কালো ছোপ ও ডটের ব্যতিক্রমী সংগঠনের মধ্য দিয়ে আবহ তৈরি করে। রং যদি চৈতন্যের বাহন হয়, তবে ‘স্টিল লাইফ’ ‘নিকস রুম’ কিংবা ‘ইন্ডিয়ান ট্রি’তে লক্ষণীয় করে তুলেছেন হজকিন। ইন্ডিয়ান ট্রি নির্মাণে লাল রঙের পোঁচে যে গাছ আর ব্যাকড্রপের সবুজ—দুইয়ে মিলে গ্রীষ্মমণ্ডলীর এক সহজ অভিজ্ঞতার জন্ম দেয়। শিল্পজ স্থানিকতা যে বাস্তব স্থানিকতার দিকে নির্দেশ করে তা আসলে রেফারেন্স নয়, বরং অভিজ্ঞতাকে পিকটরিয়াল অভিজ্ঞতার ফ্রেমে সঞ্চারিত করার মধ্য দিয়ে সংঘটিত। লাউঞ্জের এই শোতে কাগজে করা পেইন্টিং ও ছাপাই ছবি—এই দুই পদেরই আয়োজন হয়েছে। বহুপ্রজ এই শিল্পী বর্তমান প্রদর্শনীতে কাজের সংখ্যার দিক থেকে অল্প সংখ্যাতেই হাজির। অধিকাংশ ছবিতে চোখ রেখে বুঝতে কষ্ট হয় না যে এই শিল্পী ট্রেন্ড বা ধারা নিয়ে কোনো জটিলতায় পড়েননি কখনো। স্বতন্ত্র পথ করে নিতে হয়তো অপরাপর শিল্পের ভাষা তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে। ক্ষণ তাঁর ছবির মৌল বিষয়, ইম্প্রেশনিস্টদের মতো তিনিও একই দৃশ্য দিনের নানান সময়ের ভিন্ন ভিন্ন আলোতে যে পার্থক্য তুলে ধরে তা ধরতে চেয়েছেন। টেল্পরালিটি বা মুহূর্তের বাস্তবতাই আসলে হজকিনের ধ্যানজ্ঞান। ফলে ব্রিটিশ মার্জিত মৃদুভাষিতার সঙ্গে সঙ্গে তাঁর কাজে যে চৈতন্য চিহ্নিত করা যায় তা প্রাচ্যদেশীয় মেজাজের দেখা ও অদেখা, ব্যক্ত ও অব্যক্ত এই দুইয়ের মাঝখান থেকে তিনি তাঁর কর্মসাধন করেন। প্রাচ্যের সঙ্গে তাঁর সম্পর্কের একটি আপাত স্থায়ী উদাহরণ তিনি রেখে গেছেন দিল্লিতে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল ভবনে। ভারতীয় স্থপতির গড়া চার্লস ক্যোরিয়ার গড় দালানে তিনি গাছের ছায়ার আদলে ম্যুরাল নির্মাণ করেন স্থানীয় সাদা ও কালো পাথর ব্যবহার করে। প্রাচ্য-পাশ্চাত্য মেরুকরণ নিয়ে যে এই স্বভাবশিল্পী চিন্তিত নন, তাঁর ছবির ভাষায় তা যেমন স্পষ্ট, তেমনি ছবির আকারেও তা ধরা দেয়। বিখ্যাত শিল্পীদের বৃহৎ পরিসরের প্রতি যে বাড়তি আকর্ষণ তা হজকিনে বিশেষ লক্ষণীয় নয়—তিনি ছোট ছবিতে মিনিয়েচারিস্টের মতো মনোযোগে অভিজ্ঞতার আলো-ছায়াময় জগতের পুনরাবৃত্তিতে সমান পারদর্শী। তাঁকে বহুদিন ছোট ছবির শিল্পী বলেই ধারণা করা হতো—যিনি অনায়াসে ফ্রেমের ওপরও রং চড়িয়ে দিয়ে ইমেজের জগৎকে অভিজ্ঞতায় উন্নীত করতে পারদর্শী। বিবিসির এক সাক্ষাৎকারে শিল্পী একবার এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে শব্দ বা ভাষ্য তাঁর কাছে এক্সট্রানিয়াস বা বাইরের বিষয় বলে মনে হয়, ছবি বিশ্লেষণে এর কোনো ভূমিকার দায় আছে বলে তিনি ভাবেন না, তা নিজের ছবি সম্পর্কে অন্যে কথা বলুক—এমনটা মনে করেন। বেঙ্গল লাউঞ্জে হাওয়ার্ড হজকিনের ছবিই কথা বলে। ঢাকার শিল্পবোদ্ধাদের নির্মল আনন্দের সুযোগ করে দেওয়ার জন্য বেঙ্গল ও ব্রিটিশ কাউন্সিল উভয়কে ধন্যবাদ।