আলো হাতে সুধীরের পায়ে হাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম: সুধীর চন্দ্র বর্ধণজন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৪০জন্মস্থান: বেরুইন, ভলাকুট, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।শিক্ষাগত যোগ্যতা: গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ উচ্চবিদ্যালয় থেকে ১৯৫৭ সালে এসএসসি। ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৬৪ সালে ডিগ্রি ও ১৯৮৬ সালে বিএড।সেবামূলক কাজ: ১৯৭২ সালে ভলাকুট কে বি উচ্চবিদ্যালয়ে গ্রামের মেয়েদের জন্য প্রথম অবৈতনিক শিক্ষা চালু।১৯৬৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ভলাকুট কে বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই স্কুলে প্রথম মেয়েদের হোস্টেল চালু করা। একান্ত প্রচেষ্টায় কুন্ডা উচ্চবিদ্যালয়, গোয়ালনগর উচ্চবিদ্যালয় ও কৃষ্ণপুর উচ্চবিদ্যালয় এবং খাকালিয়া প্রাথমিক বিদ্যালয়, বেরুইন প্রাথমিক বিদ্যালয় ও কান্দি প্রাথমিক বিদ্যালয়কে প্রতিষ্ঠা করা।২০০৮ সালে ইউনিলিভার কর্তৃক ‘সাদা মনের মানুষ’ হিসেবে স্বীকৃতি লাভ। গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির জন্য সুধীর চন্দ্র বর্ধণ শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা। মরণোত্তর চোখ ও দেহ দান।সুধীরের বাড়ির পাশের গ্রামে ভলাকুট কে বি উচ্চবিদ্যালয় নামে একটি স্কুল হয়েছে। এই গ্রামে ছিল না কোনো উচ্চশিক্ষিত মানুষ। অন্য স্থান থেকে বলে-কয়ে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলো একজনকে। অল্প কয়েক দিন পরে সেই শিক্ষকের চলে যাওয়ার পর আরেকজনকে আনা হলো সেখানে। তিনিও চলে গেলেন কদিন বাদে। যাওয়ার সময় এলাকার মানুষকে সাফ বলে দিলেন, এই অশিক্ষিত ভূতদের এলাকায় থাকতে পারবেন না তিনি। এখানে কোনো সভ্য মানুষ থাকে? গ্রাম থেকে সুধীরের কাছে সেই শিক্ষক চলে যাওয়ার খবর গেল। তখন সবে বিদ্যুৎ বিভাগের চাকরিতে পদোন্নতি পেয়েছেন তিনি। ‘চলে যাওয়া শিক্ষকের সেই কথাগুলো আমার মাথা ঘুরিয়ে দিল। নিজের চাকরিকে তখন তুচ্ছ মনে হতে লাগল। সরকারি চাকরির মোহ ছেড়ে ফিরে গেলাম গ্রামের স্কুলে।’ কথাগুলো বলতে বলতে সুধীর স্মৃতির জানালা খুলে দিলেন। গ্রামে ফিরে প্রধান শিক্ষক হিসেবে সেই স্কুলের হাল ধরলেন তিনি।নিজের জন্ম তারিখটা স্পষ্ট করে বলেন সুধীর চন্দ্র বর্ধণ। এক, দুই, উনিশ শ চল্লিশ। গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ দেখেছেন তিনি। সাদামাটা পোশাক পরনে সুধীরের, চোখ কোটরগত, চুলে কাশফুলের শুভ্রতা। বয়স বাহাত্তর। প্রচণ্ড ইচ্ছাশক্তি দিয়ে তিনি জয় করেন সব প্রতিবন্ধকতা। সফল হওয়ার সেই গল্প শোনা যায় তাঁর মুখে।বাবা দেবেন্দ্র বর্ধণ ছিলেন কৃষক। সুধীর নাসিরপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। তত দিনে বাবা জমিজমা হারিয়ে বসেন। প্রতি পদে হোঁচট খেয়েও থেমে যাননি তিনি। নানা প্রতিকূলতার মধ্য দিয়েই গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ উচ্চবিদ্যালয় থেকে ১৯৫৭ সালে এসএসসি পাস করেন তিনি। এরপর ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও ১৯৬৪ সালে ডিগ্রি পাস করেন সুধীর। পড়ালেখা শেষে জেলা শহরে বিদ্যুৎ বিভাগের সহকারী হিসাবরক্ষক হিসেবে পেলেন নতুন চাকরি।‘চাকরি পেলেও আমার মন পড়ে থাকত গ্রামে। কত মানুষ এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত, এই চিন্তাই বারবার মাথায় ঘুরপাক খেত।’ সুধীর ফিরে গেলেন সেই পুরোনো দিনগুলোতে।‘১৯৬৯ সালে ভলাকুট কে বি স্কুল নড়বড়ে একটা ঘর, ছাদের জায়গায় জায়গায় ছিল ছিদ্র। বৃষ্টি হলে এই ঘর দিয়ে ঝরঝর করে পানি পড়ত।’ সুধীর টেনে আনলেন পুরোনো দিনের স্কুলের কথা। সে সময় দু-একজন শিক্ষক ছিলেন, তাও প্রাথমিক বিদ্যালয়ের, ছাত্র ছিল মাত্র ২১ জন! জোড়াতালি দিয়েই চলছিল এই স্কুল। এ অঞ্চলে চলাফেরার ভালো রাস্তা এখনো তৈরি হয়নি। ভাঙাচোরা গোটা পথ। সরাইল থেকে প্রায় ২০ কিলোমিটার রাস্তা যেতে আড়াই ঘণ্টা সময় লাগে। আগের অবস্থা আরও কতটা খারাপ ছিল, তা ভাবা যায়!সুধীরের বাড়ি থেকে প্রায় তিন মাইলের পথ এই স্কুল। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই হেঁটে হেঁটে আসতেন স্কুলে।স্কুলের দায়িত্ব নিয়েই সুধীর দেখলেন এই এলাকায় শিক্ষার অবস্থা খুবই খারাপ। ছেলেরা এলেও মেয়েরা একেবারেই স্কুলে আসে না।সুধীর বলেন, ‘তখন মেয়েরা ঘরের বাইরে বের হতো না তেমন। মেয়েদের কীভাবে স্কুলে আনা যায়? তখন ঘোষণা দিলাম এই স্কুলে মেয়েরা পড়তে এলে কোনো টাকা-পয়সা লাগবে না।’ মেয়েদের স্কুলে আনতে সেদিন এই উদ্যোগ নিয়েছিলেন সুধীর। সেটা ১৯৭২ সালের কথা। মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সুধীরই সেই এলাকায় মেয়েদের প্রথম অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রচলন করলেন।‘শুরুতে মাত্র দুজন ছাত্রী ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলো। এলাকার অনেকেই মেয়েদের স্কুলে যাওয়াটা ঠিক মেনে নিল না। এলাকার অনেকেই আমাকে ও ছাত্রীদের বেশরা (লজ্জাহীন) বলে উপহাস করতে লাগল। কিন্তু আমি তাদের কথায় দমে যাইনি।’ বললেন সুধীর। ‘এই স্কুলে মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ঘোষণা দেওয়ার দুই বছরের মধ্যেই সারা স্কুল মেয়েদের পদচারণে মুখরিত হতে লাগল। সেই থেকে এই স্কুলে মেয়েদের সংখ্যা বেড়ে গেল।’ কথাগুলো বলতে বলতে সুধীরের মুখ আনন্দে ঝলমল করে ওঠে। স্কুলের প্রধান শিক্ষক সুধীর নানাভাবে স্কুলটির উন্নতির জন্য চেষ্টা করতে লাগলেন। ‘আমি প্রত্যেকের ঘরে ঘরে ভিক্ষা চাইতে লাগলাম। কারও কাছে ধান, কারও কাছে মুষ্টির চাল, কারও কাছে নগদ কিছু অর্থ।’ এভাবেই টাকা সংগ্রহ করে স্কুলের নিবন্ধন করালেন সেই কষ্টার্জিত অর্থে। তাঁর এই ত্যাগের খবর পেয়ে সে সময়ের শিক্ষা কর্মকর্তারা বাড়িয়ে দেন সহযোগিতার হাত। সরকার থেকে আর্থিক সহযোগিতা আসতে থাকে। শিক্ষার্থীরা যাতে স্কুলেই তাদের পড়া তৈরি করতে পারে, সে জন্য আলাদা করে শিক্ষকদের তাগিদ দিতেন তিনি। ১৯৮৪ সালে এই স্কুল থেকে প্রথম ব্যাচ এসএসসি পরীক্ষা দেয়। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নামডাক হয় এই স্কুলের। একে একে ভবন পাকা হয়, দ্বিতল ভবন তৈরি হয়, শহীদ মিনার—সবই হয় এই স্কুলে।মেয়েদের শিক্ষিত করার প্রচেষ্টাই বেশি ছিল সুধীরের। সুধীর বলেন, একটা মেয়েকে শিক্ষিত করার অর্থ হলো একটি পরিবার শিক্ষিত করা।’ আর মেয়েদের নানা ধরনের সমস্যার কথা চিন্তা করে ১৯৯৫ সালে এই স্কুলেই সুধীর আলাদাভাবে হোস্টেলে ছাত্রীদের থাকার ব্যবস্থা করলেন। এসএসসির নির্বাচনী পরীক্ষায় পাস করা মেয়েরা এখানে থেকে এসএসসি পরীক্ষা শেষ করে।এখানকার হোস্টেলে থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে অরুপা মল্লিক, মৌমিতা চক্রবর্তীরা। তাদের মুখেই শোনা যায় হোস্টেলের উপকারের কথা।ভলাকুট কে বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ২০০০ সালে অবসর নেওয়ার কথা থাকলেও সবার অনুরোধে ২০০৫ সাল পর্যন্ত তিনি এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসরজীবনেও সপ্তাহে দু-এক দিন হাঁটতে হাঁটতে চলে আসেন প্রিয় স্কুলের কাছে। গত বছর এই স্কুলের ফলাফল এসএসসিতে ৮৯ দশমিক ৬৩ আর জেএসসিতে ৯৩ শতাংশ। একটি স্কুলকেই সামনে এগিয়ে নিয়ে গিয়ে থেমে থাকেননি সুধীর। তাঁর একান্ত প্রচেষ্টায় আলোর মুখ দেখেছে কুন্ডা উচ্চবিদ্যালয়, গোয়ালনগর উচ্চবিদ্যালয় ও কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়। এ ছাড়া খাকালিয়া প্রাথমিক স্কুল, বেরুইন প্রাথমিক বিদ্যালয় ও কান্দি প্রাথমিক বিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়েছে তাঁর একান্ত উদ্যোগে। এক ফাঁকে নিজের একটি স্বপ্নের কথা জানান সুধীর। ‘গ্রামে অনেক স্কুল হয়েছে, এখন আমার স্বপ্ন একটি কলেজ প্রতিষ্ঠা করা।’নিভৃতচারী এই মানুষটি এমন অসাধারণ কাজের জন্য ২০০৮ সালে ইউনিলিভার বাংলাদেশের ‘সাদা মনের মানুষ’ হিসেবে স্বীকৃতি পান। এই পুরস্কার থেকে পাওয়া এক লাখ টাকাও তিনি দান করে দিয়েছেন। সুধীর চন্দ্র বর্ধণ শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই টাকায়। মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে বিয়েও করেননি সুধীর চন্দ্র। ভলাকুট কে বি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান ও পরিচালনা পরিষদের সভাপতি হাজি সোয়ার খান একবাক্যে বললেন, ‘তিনি আমাদের সবারই “স্যার”।’ নিজের দিকে না তাকিয়ে যেভাবে এই এলাকার মানুষের শিক্ষার প্রসারে কাজ করে গেছেন, তার ঋণ শোধ হওয়ার নয়।একসময় নিজের একটা ঘর ছিল সুধীরের। সেই ঘরের একপাশে থাকতেন তিনি, আর অন্য পাশে থাকত দুটি গরু।সেই ঘর ভেঙে গেছে। ভাইয়ের বাড়িতে একটি কুটিরের জীর্ণ ঘরের এক কোণে থাকেন সুধীর। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। এক চোখে দেখেনই না।সুধীরের বদান্যতার কথা শুনে খুব অবাক হতে হয়। তাঁর নিজের ঘর নেই, চিকিৎসা করার টাকা নেই, পরনে ভালো পোশাক পর্যন্ত নেই। তার পরও পুরস্কার থেকে পাওয়া টাকা শিক্ষার কল্যাণে দান করে দিয়েছেন। নিজের চোখ ও দেহও মরণোত্তর দান করে দিয়েছেন এই মহৎ মানুষটি।সুধীর বলেন, ‘আমার যত দিন সামর্থ্য আছে, তত দিন শিক্ষার প্রসারে কাজ করে যাব।’ হেঁটেই তিনি এখনো পথ চলেন। নিজের জীবনের ভোগ-বিলাস তুচ্ছ করে শিক্ষার আলো চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য সুধীরের এই দৃপ্ত পায়ে হাঁটাই হবে আমাদের আগামী দিনের পাথেয়।