আলোকিত এক অনন্য দম্পতি

চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক, ভাষা-আন্দোলনের সংগ্রামী এবং শহীদ মুনীর চৌধুরী আর বিশিষ্ট শিক্ষাবিদ কবীর চৌধুরীর অনুজা নাদেরা বেগম। তার আগে ২০১১ সালে লোকান্তরিত হন তাঁর স্বামী বাংলাদেশের সাবেক অর্থসচিব, কম্পট্রোলার ও অডিটর-জেনারেল এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের প্রতিনিধি গোলাম কিবরিয়া।মাত্র দুই বছরের মধ্যে বাংলাদেশ হারাল তার দুই কৃতী সন্তান—এক আদর্শ, আলোকিত ও পরিশীলিত দম্পতিকে।ঢাকায় একসময়ের সাড়া জাগানো অনন্য এই আলোকিত দম্পতির কথা প্রথম শুনেছি আমি ১৯৫৫ সালে বিশিষ্ট সাংবাদিক-সমাজসেবী উৎফুল্ল রায়ের কাছে। উৎফুল্ল রায় ছিলেন সাপ্তাহিক সংবাদপত্র নামে পঞ্চাশের দশকের একটি জনপ্রিয় সংবাদ-সাময়িকীর মালিক-সম্পাদক এবং তখনকার ঢাকার তরুণ শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের একজন জোরালো পৃষ্ঠপোষক। নাদেরা বেগম ও গোলাম কিবরিয়া ছিলেন তাঁর প্রিয়জনদের অন্যতম। উৎফুল্ল রায়ের ঘনিষ্ঠ-স্নেহধন্য হওয়ার সৌভাগ্য হয়েছিল আমারও। তাঁকে আমরা ডাকতাম উৎফুল্ল দা।
উৎফুল্ল দা আমাকে বিভিন্ন উপলক্ষে বেশ কয়েকবার বলেছিলেন, ‘সম্ভব হলে নাদেরা-কিবরিয়ার সঙ্গে আলাপ-পরিচয় করে নিয়ো।’ তিনি নাদেরা বেগমকে ডাকতেন ‘হেনা’। বলেছিলেন, হেনা লেখাপড়ায় অসাধারণ, অধিকার সচেতন, প্রবল আত্মমর্যাদাবোধসম্পন্ন পরিশীলিত এক তরুণী এবং তাঁর স্বামী কিবরিয়াও নানা গুণে গুণান্বিত। উৎফুল্ল দা নাদেরা বেগম সম্পর্কে অনেক গল্প করেছেন আমার সঙ্গে। বলেছেন—হেনা ভাষা আন্দোলনের সাহসী সংগ্রামী এবং বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের চতুর্থ-শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের বলিষ্ঠ প্রবক্তা। এর জন্য তাঁকে কারাদণ্ড ভোগ করতে হয়েছে। আরও বলেছেন—আন্দোলনের মুখে একবার দেয়াল টপকে পালাতে গিয়ে পুলিশের হাতে শাড়ি ফেলে যেতে হয়েছে তাঁকে।
উৎফুল্ল দার কাছে এত গল্প শুনে প্রবল ইচ্ছা হয়েছিল নাদেরা বেগম-গোলাম কিবরিয়ার সঙ্গে সাক্ষাতের। কিন্তু তাঁরা তখন সরকারি চাকরির সুবাদে ছিলেন করাচিতে।
শেষ পর্যন্ত এই সুযোগ আসে আমেরিকায়। ১৯৭৬ সালে আমি ভয়েস অব আমেরিকায় যোগ দেওয়ার জন্য ওয়াশিংটনে আসি। এর কিছুকাল পরে ১৯৮০-এর দশকে গোলাম কিবরিয়া যোগ দেন ওয়াশিংটনে বিশ্বব্যাংকে বাংলাদেশের পক্ষ থেকে বিকল্প নির্বাহী পরিচালক পদে। সে সময় পরিচয় হয় প্রথমে গোলাম কিবরিয়া এবং তারপর তাঁর স্ত্রী নাদেরা বেগমের সঙ্গে। উৎফুল্ল দার কথা বলতেই দুজনে আবেগ-আপ্লুত হয়ে ওঠেন। বলেন, ‘ও রকম স্নেহবৎসল মানুষ এ যুগে হয় না।’ উৎফুল্লা দার প্রসঙ্গ টেনে অল্প দিনের মধ্যেই কিবরিয়া-পরিবারের সঙ্গে একাত্ম হয়ে উঠি আমি ও আমার স্ত্রী।
নাদেরা আপা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক, ওয়াশিংটনে রয়েছেন দীর্ঘ ছুটি নিয়ে। তাঁর ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের এবং ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর দরিদ্র কর্মচারীদের অধিকার আদায়ের সংগ্রামের বিস্তারিত জানার পর ইচ্ছা হয়েছিল এ নিয়ে ভয়েস অব আমেরিকা থেকে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান প্রচারের। নাদেরা আপা ছিলেন একেবারেই প্রচার-বিমুখ, রাজি হননি। বলেছেন, অধিকার-সচেতনতা বোধ থেকে সময়ের ডাকে সাড়া দিয়েছেন এবং এ নিয়ে কোনো রকমের প্রচার-প্রচারণা তাঁর রুচিসম্মত নয়। তাঁর কথা শুনে বিস্মিত হয়েছিলাম। নিরাপদ দূরত্ব থেকে ভাষা আন্দোলন প্রত্যক্ষ করেও ভাষাসৈনিক হয়েছেন—বাংলাদেশে এমন মানুষের অভাব নেই এবং প্রতিবছর একুশে ফেব্রুয়ারি পত্রপত্রিকায়, বেতার-টেলিভিশনে তাঁদের কর্মতৎপরতার বিবরণী শোনা যায় উচ্চকণ্ঠে! অথচ, যিনি প্রত্যক্ষ অংশগ্রহণ করেন ভাষাসংগ্রামে, সে সময়ের বিরল নারীদের মধ্যে একজন হয়ে এবং তার জন্য প্রায় তিন বছর কারাভোগ করেন—তিনি সবিনয়ে অসম্মতি জানান, তাঁর সম্পর্কে বেতার-অনুষ্ঠানে কিছু বলার।
কিবরিয়া ভাইও ছিলেন একই রকম। তাঁর ছাত্রজীবনের বামপন্থী সংগ্রাম নিয়ে কোনো অনুষ্ঠান প্রচারে সম্মত হননি। তিনি ছাত্রজীবনে জেলও খেটেছেন।
এই দুজনের চারিত্রিক বৈশিষ্ট্যের আর একটি দিক আমার মনে হয়েছে—এ যুগের তরুণ সমাজের জন্য বিশেষভাবে অনুসরণযোগ্য। ওয়াশিংটনে বাঙালি সমাজে যেকোনো ঘরোয়া আসরে অবধারিতভাবে প্রসঙ্গ ওঠে দেশের রাজনীতির এবং তাতে কোনো না কোনো পক্ষ নিয়ে আলোচনা, তর্কবিতর্ক চলে বেশ জোরেশোরেই। কারণ, বিদেশে বাংলাদেশির মধ্যে দেশের মতোই মেরুকরণ সমস্যা প্রবল। হয় এপক্ষ, না হয় ওপক্ষ। কিন্তু নাদেরা আপা কিংবা কিবরিয়া ভাইকে কখনো দেখিনি কোনো রকম রাজনৈতিক তর্কবিতর্কে জড়িয়ে পড়তে। যদিও নিজের দেশের রাজনীতি সম্পর্কে তাঁদের সচেতনতা কিছু কম ছিল না। মতামত যা-ও প্রকাশ করতেন, তাতে থাকত যথার্থ নিরপেক্ষতার সুর, বস্তুনিষ্ঠ বক্তব্য।
উৎফুল্ল দার কাছে শুনেছিলাম নাদেরা আপা ছাত্রজীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, কিবরিয়া ভাইও ছিলেন বামপন্থী চিন্তাধারার একনিষ্ঠ অনুসারী। কিন্তু ওয়াশিংটনে তাঁদের দেখেছি ধর্মপ্রাণ এক দম্পতি। ধর্মীয় সব আচার-অনুষ্ঠানই পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। তবে তাঁরা ছিলেন যথার্থই আলোকিত ও ন্যায়নিষ্ঠ—গোঁড়ামির স্পর্শ ছিল না কোথাও।
ব্যক্তিগত জীবনেরও অনেক খোলামেলা গল্প শুনেছি তাঁদের কাছে। নাদেরা আপা আর কিবরিয়া ভাই ছিলেন খালাতো ভাইবোন।
ওয়াশিংটনে বিশ্বব্যাংকের চাকরি শেষে অবসর নেন কিবরিয়া ভাই। এরপর আন্তর্জাতিক অর্থসংস্থা আইএমএফএর বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন প্রথমে মঙ্গোলিয়ায় ও পরে কাজাখস্তানে। সে সময় মাঝেমধ্যেই ছুটি নিয়ে আসতেন ওয়াশিংটনে এবং উঠতেন বড় ছেলে বিকাল কিবরিয়ার বাড়িতে—আমার বাড়ির কাছেই। এসেই টেলিফোন করতেন এবং তারপর জমে উঠত আগের মতোই আড্ডা-গল্প। এমনই এক ঘরোয়া আড্ডায় একবার আমাদের বাড়িতে নাদেরা আপা শোনালেন মঙ্গোলিয়ায় কিবরিয়া ভাইয়ের কর্মস্থলে ঘোড়ার দুধ খাওয়ার গল্প। কারণ, মঙ্গোলিয়ায় ঘোড়ার দুধই নাকি সহজলভ্য, জনপ্রিয়। শিশু-যুবা-বৃদ্ধ সবাই পান করে এই দুধ। গরুর দুধ বিরল। সেই সঙ্গে শুনিয়েছেন মানচিত্রের উত্তরের এই অঞ্চলের আরও অনেক মজার অভিজ্ঞতার কথা।
অবসর সময়ের শেষ কয়েক বছর ঢাকার বাসায় নাদেরা আপা ও কিবরিয়া ভাইয়ের জীবন ছিল বেশ কর্মমুখর ও আনন্দময়। নাদেরা আপা বই পড়া, অনুবাদ, দৈনিক পত্রিকায় প্রকাশিত শব্দজট ও ওয়ার্ড পাজলের সমাধান, বাসার ছাদে বাগান করা—এসব করতেন খুব আনন্দের সঙ্গে। মাঝেমধ্যে নিজের ও কিবরিয়া ভাইয়ের ভাইবোনদের আয়োজন করে খাওয়ার ব্যবস্থা করতেন। তিনি নিজে রান্না করতেন, গৃহকর্মীদের নির্দেশ দিতেন কোনটা কীভাবে রাঁধতে হবে। আর কিবরিয়া ভাই সারাক্ষণ বইয়ের জগতে ডুবে থাকতেন। তিনি পড়তেন, টিভি ও রেডিওর খবর শুনতেন আর খাতায় নোট করতেন। তাঁর সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করলে মনে হতো, সাহিত্য থেকে দর্শন, ইতিহাস থেকে বিজ্ঞান, সমাজ ও অর্থনীতি, সব বিষয় তাঁর নখদর্পণে। বিশ্বের যেকোনো স্থানের সর্বশেষ খবরটি তাঁর কাছে জেনে নেওয়া যেত। তাঁকে অনেকে বলতেন জীবন্ত এনসাইক্লোপিডিয়া।
একদিন তাঁদের কাছে জেনেছি বিষাদময় এক খবর: আমাদের প্রিয় উৎফুল্ল দা আর নেই—কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। টেলিফোনে তাঁদের কণ্ঠ ছিল তখন কান্নাজড়িত। আমরা সবাই তখন প্রিয়জন বিয়োগের বেদনায় কাতর।
সে সবই এখন ইতিহাস। নাদেরা আপা-কিবরিয়া ভাইও এখন নেই। তবে তাঁদের অনন্য স্মৃতি ওয়াশিংটনে আমাদের সবার হূদয়েই ভাস্বর।