জ্যঁ ফিলিপ পেরন ফরাসি আলোকচিত্রশিল্পী। ছবি তোলেন একজন শিল্পীর দৃষ্টি নিয়ে। ছবির পরিবেশনাও অন্য রকম। যেন কোনো আধুনিক চিত্রকর্ম দেখছেন দর্শক। তাঁর কাজ দেখার সুযোগ পাওয়া গেল ঢাকার বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত প্রদর্শনীতে।জ্যঁ ফিলিপ পেরনের এই একক প্রদর্শনীতে তাঁর ২৩টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। চিত্রপট, রং, তুলি নিয়ে যেমন চিত্রকর তাঁর সৃজনক্ষমতার প্রকাশ ঘটান, তেমনি ফেলিপ পেরনের শিল্প ভাবনার হাতিয়ার হয়ে উঠেছে তাঁর হাতের ক্যামেরা ও ক্যামেরার পেছনের চোখ। শিরোনাম ‘অ্যাপারিশনস অ্যান্ড সিনেগ্রাফিস’। এর বাংলা অনুবাদ হতে পারে ‘আবহাওয়া চলচ্ছবি’।সত্যজিৎ রায় বলেছেন, যন্ত্র নয়, যন্ত্রীই আসল। পেরন তেমনই এক যন্ত্রী, তিনি যন্ত্রকে প্রয়োগ করেছেন নিজের মতো করে সৃজনের আনন্দে। একেকটা মুহূর্ত তিনি ধরেছেন নাটকীয় আলো-আঁধারিতে। ফলে তাঁর কাজ অর্থময় ও ব্যঞ্জনাময় হয়ে ওঠে। যেসব আলোকচিত্রীর শিল্প-জিজ্ঞাসা আছে, তাঁদের তৃষ্ণামোচনে ফিলিপের কাজ এক আশ্চর্য দাওয়াই।প্যারিসে বসবাসরত বাঙালি শিল্পী শাহাবুদ্দিনের সঙ্গে পরিচয় সূত্রে এবং তাঁর আগ্রহে জ্যঁ ফিলিপ পেরনের চিত্রকর্মের এ প্রদর্শনী। তার ভাষ্য এ রকম—ফিলিপের কাজ দেখে আমাদের আলোকচিত্রীরা উপকৃত হবেন—এমতে উপনীত হয়েই তিনি তাঁকে ঢাকায় এই প্রদর্শনী করার প্রেরণা জুগিয়েছেন। প্রসঙ্গক্রমে একথা বলা উচিত—ফিলিপের ছবির ফিগার যেন শাহাবুদ্দিনের আঁকা ফিগারের মতো পরতে পরতে গড়া। ক্যামেরায় নগ্নিকার দেহবল্লরীকে তিনি কম্পমান করেছেন। এই নগ্নতায় যেন এক আবরণ তৈরি হয়েছে। এতে সৌন্দর্যের এক অপরূপ উন্মোচন ঘটেছে চিত্রে। স্টিপ্ট্রিজ নৃত্যের নগ্নিকা নারীরাও হয়ে উঠেছে শোভনীয় কৌতূহলোদ্দীপক।স্টিল ইমেজকে সিনেমাটিক মোশনে তুলে ধরেন পেরন। তাঁর ছবির বিষয় বিস্ফোরিত হয়, নানাবিধ ইমেজ একে অন্যের ভেতর সেঁধিয়ে যায়। ফলে তাঁর কাজ যেন হয়ে ওঠে আধা-বিমূর্ত শিল্পের কাছাকাছি। আলোকচিত্রের প্রথাগত কানুন তিনি কমই মানেন। স্পষ্টতাকে তিনি যথাসম্ভব পরিহার করে বিষয়কে অস্পষ্টতর করে প্রকাশ করেন। যেমন কিছু প্রতিকৃতি তিনি করেছেন আয়নায় জলরেখায় গড়িয়ে পড়ার মতো অস্পষ্টতায় কিংবা মুখাবয়বের রেখা ও টোন প্রায় একাকার করে তুলে ধরে। সান্ধ্য আলো-আঁধারিতে লাল-নীল-সবুজ-কালো বর্ণিলতার নিসর্গের এক আরাধ্য মুহূর্ত হয়ে ধরা পড়েছে ‘লা লিবার্টি’ শিরোনামের ছবিতে। ফিগারেটিভ কাজ আর নানা ইমেজকেন্দ্রিক কাজ ডিজিটাল প্রিন্টে বড় করে তুলে ধরায় তাতে কিছু ভাঙচুর এসেছে—পেইন্টিং ছাপচিত্রের মতো।এই আলোকচিত্রীর জন্ম ফ্রান্সের আমিয়েন্স নগরে ১৯৬৬ সালে। ২০০২ থেকে ২০১০ এই আট বছরে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ফটোগ্রাফি প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। তাঁর ফটোগ্রাফির বেশ কটি মানসম্পন্ন প্রকাশনা আছে।প্রদর্শনী আজ শেষ হচ্ছে।