
মুক্ত গণতন্ত্র রুদ্ধ রাজনীতি: বাংলাদেশ
১৯৯২-২০১২—মতিউর রহমান
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: ২০১৪
৪০০ পৃষ্ঠা
দাম: ৪৫০ টাকা
সমাজ ও রাজনীতির চলমান ধারা কি প্রশ্নোর্ধ্ব কোনো বিষয়? এর সোজাসাপটা জবাব, না। সমাজ ও রাজনীতি যেমন একে অপরের পরিপূরক, তেমনি তাদের চরিত্র ও ধারা-বৈশিষ্ট্য এ দুয়ের গতিপথের নির্ধারক। ফলে সমাজ ও রাজনীতি বিপথগামী হচ্ছে কি না, তার জন্য চাই পাহারাদার। এ দুটি ক্ষেত্রে যেমন পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ নির্বাচিত সরকার, তার অধীন সহায়ক সংস্থাগুলো, তেমনি দ্বিতীয় পাহারাদার তথা প্রেসার গ্রুপের ভূমিকায় থাকেন সমাজভাবনায় ভাবিত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সংবাদপত্র ও সাংবাদিক এবং শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্বদের সমবায়ে গড়ে ওঠা সুশীল সমাজ, এমনকি গোষ্ঠীবদ্ধহীন কোনো ব্যক্তিবিশেষও। গণতন্ত্রের ইতিহাস, বিশেষত সংসদীয় গণতন্ত্রের ইতিহাস আমাদের এ ধারণাই দিয়ে থাকে।
সমাজ ও রাষ্ট্র-ভাবনার ভাবিত এমনই একজন সাংবাদিক ও সম্পাদক মতিউর রহমান। তাঁর মুক্ত গণতন্ত্র রুদ্ধ রাজনীতি: বাংলাদেশ ১৯৯২-২০১২ শিরোনামের এই বই চলমান বর্তমানের প্রেক্ষাপটেও সব দিক থেকেই উল্লেখযোগ্য একটি প্রকাশনা। এতে অন্তর্ভুক্ত ভূমিকাসহ ৬০টি বিশ্লেষণধর্মী নিবন্ধের রচনাকাল ১৯৯২ থেকে ২০১২ সালগত পরিসরের অন্তর্গত। বইয়ের ভূমিকায় লেখক নির্দ্বিধায় জানাচ্ছেন, ‘আমার লেখাগুলোর উপাদান সমসাময়িক বিভিন্ন বিষয়। এসব লেখার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করা, তাদের ভুল ধরিয়ে দেওয়া আর সঠিক কাজটি করানোই ছিল লক্ষ্য। লেখাগুলো হয়তো কারও বিপক্ষে, কারও পক্ষে গেছে। ফলে এসবের জন্য প্রশংসা যেমন পেয়েছি, তেমনি নিন্দা-সমালোচনাও কম জোটেনি।’ শেষে বলছেন, ‘অনেক ক্ষেত্রে সমালোচনা আমাকে প্রাণিত করেছে, শাণিত করেছে, দায়বদ্ধ করেছে।’
গ্রন্থভুক্ত লেখাগুলো সালওয়ারি সজ্জিত। ফলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে উল্লিখিত সময়পরিসরে কী ধরনের ঘটনা সমাজ, রাজনীতি ও রাষ্ট্রীয় পর্যায়ে ঘটেছিল। লেখক ওই সব ঘটনার কোনটিকে তাঁর লেখার বিষয় করছেন এবং এই প্রেক্ষাপটে তাঁর মন্তব্য ও বিশ্লেষণের ধরনটিই বা কেমন, কতটুকু যুক্তিবাদী তিনি, নিজের দৃঢ়তা রক্ষা করছেন কতটুকু—জানার জন্য সূচির পর পরই মনোনিবেশ করতে হয় পৃষ্ঠাবন্দী নিবন্ধের পর নিবন্ধে।
রীতিমতো বিস্ময়-উদ্রেকী ব্যাপার যে বইটির আদ্যোপান্ত পাঠ শেষে পাঠকের মনে এই ধারণা বদ্ধমূল হতে বাধ্য যে মতিউর রহমান কাউকেই ছাড় দেননি, কাউকেই তোয়াজ করে কিছু লেখেননি। ক্ষমতাসীন সরকারপ্রধান থেকে শুরু করে বিরোধীদলীয় নেত্রীর (যখন যাঁরা যে পদে) ত্রুটি-বিচ্যুতি নির্দেশে যেমন দৃঢ়চিত্ত তিনি, তেমনি দেশের সামরিক বাহিনীর দ্বারা সংঘটিত অনভিপ্রেত কোনো ঘটনার গুমর ফাঁসে ও তার নিন্দাজ্ঞাপনেও বিন্দুমাত্র পিছ-পা হন না। দুর্নীতির বিরুদ্ধেও তিনি খড়্গহস্ত, সে দুর্নীতি ব্যক্তিবিশেষ বা কোনো প্রতিষ্ঠান করুক, তাতে তাঁর কিছু যায়-আসে না। লেখক তাদের মুখোশ উন্মোচনে নিঃসংকোচ, দ্বিধাহীন ও দৃঢ়বদ্ধ। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ত্রুটি-বিচ্যুতি, দুর্নীতির নিন্দা যেমন করেছেন জোরালো ভাষায়, তেমনি আওয়ামী লীগও যখন একই পথে অগ্রসর হয়েছে, মতিউর রহমান তাকেও ছেড়ে কথা কননি। তিনি সবচেয়ে সোচ্চার রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, জঙ্গিবাদের উত্থান ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে। রাজনৈতিক ও সামাজিক সংস্কারে যেমন উদগ্রীব, উদগ্রীব যেমন দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম থাকার ব্যাপারে, তেমনি জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায়ও তাঁর অঙ্গীকার সুস্পষ্ট, নিবন্ধের পর নিবন্ধে। ফলে সামগ্রিক বিচারে এই গ্রন্থ একটি নির্দিষ্ট কালপর্বে দেশে সংঘটিত রাজনৈতিক ও সামাজিক উত্থান-পতনের বিশ্লেষণগত সমাচারই নয়, অনতি অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের, রাজনীতিতে শিষ্টাচারগত মান গড়ে তোলারও সহায়ক একটি গ্রন্থ। গঠনমূলক সমালোচনার সুযোগ থাকা সত্ত্বেও কারও বা কোনো কিছুর একচ্ছত্র বিরোধিতা বিশেষ লক্ষ্য সাধনের প্রয়াসকেই প্রমাণ করে। মতিউর রহমান তা করেননি। তার পরও তাঁর কোনো কোনো নিবন্ধের ব্যাপারে, তাতে প্রতিফলিত মতামতের ব্যাপারে কারও মতভিন্নতা থাকতেই পারে। স্মর্তব্য, মতভিন্নতা স্বাস্থে৵র লক্ষণ—কথাটা আমাদের নয়, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের।