আশাবাদে দিনযাপন
তিন বছর ধরে মারাত্মক আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে আমি নেত্রকোনায় গৃহবন্দী। চিকিৎসকেরা আমার এই রোগকে পলি আর্থ্রাইটিস বলে শনাক্ত করেছেন। বাঁ হাত ছাড়া আমার পুরো শরীরই এখন আক্রান্ত। সামান্য একটু হাঁটাচলা করতে পারি, কিন্তু যানবাহনে চড়তে পারি না। লিখতেও খুব কষ্ট হয়। তবুও অনেক কষ্টে কোনো রকমে কিছু কিছু লিখি। এর মধ্যে পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন বইটির পরবর্তী খণ্ড পাকিস্তানের ভূতদর্শন লিখে পাণ্ডুলিপি জাতীয় সাহিত্য প্রকাশে জমা দিয়েছিলাম। তবে প্রকাশক মেলায় বইটি বের করতে পারেননি। পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন ১৪১১ বঙ্গাব্দে মননশীল শাখায় শ্রেষ্ঠ বই হিসেবে প্রথম আলো বর্ষসেরা পুরস্কার পায়। বইটি খুব জনপ্রিয়ও হয়। তখন থেকেই মূলত পরবর্তী বই পাকিস্তানের ভূতদর্শন লেখার পরিকল্পনা। কিন্তু নানা কারণে সে সময় এটি লেখা হয়ে ওঠেনি। পরে ধীরে ধীরে লিখেছি।অসুস্থ অবস্থায় একান্নটি পরিচ্ছেদে ভাগ করে বইটির পাণ্ডুলিপি তৈরি করেছি। পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন বইতে আমি লিখেছিলাম, আমাদের এ অঞ্চলে যদিও আমরা পাকিস্তানের মৃত্যু ঘটিয়েছি, তবুও জন্মের পরেও স্বাধীন বাংলাদেশে সেই মরা পাকিস্তানের ভূত জীবিত পাকিস্তানের চেয়েও ভয়ংকর। সেই ভয়ংকর ভূত-দর্শন বিবৃত না করলে পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন সম্পূর্ণ হয় না। সে কারণে ওই ভূত দর্শনে প্রবৃত্ত হয়ে আমাকে এর পরের খণ্ড—নতুন এই বইটি লিখতে হয়েছে। এ বইয়ের শেষ কয়েকটি লাইন এ রকম—‘নবজাগ্রত লোকসাধারণই পাকিস্তানের ভূত তাড়াবে, সাম্রাজ্যবাদের খবরদারির হাত থেকে দেশকে মুক্ত করবে, ধর্মতন্ত্রী মৌলবাদের উৎসাদন ঘটাবে, শোষণের বিরুদ্ধে সবাই এক হয়ে দাঁড়াবে, স্বাধীনতার মূল্যবোধের পূর্ণ ও প্রকৃত প্রতিষ্ঠাদানের মধ্য দিয়ে অসমাপ্ত মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটাবে।’ অসুস্থতার কারণে তিন বছর ধরে বইমেলায় যেতে পারি না। তবে প্রতি বছরই পুরোনো লেখার সংস্করণরূপে মেলায় আমার বই বের হয়। এ মেলায়ও দুটি বই বেরিয়েছে—যুগান্তরের ঘূর্ণিপাক ও বাংলাদেশের উপন্যাস এবং মানব মন মানব ধর্ম ও সমাজ বিপ্লব। পাকিস্তানের ভূতদর্শন ও দিন পনেরোর মধ্যে বেরিয়ে যাবে।যেহেতু চলাফেরা করতে পারি না, তাই সারা দিন ঘরে শুয়ে-বসে থাকি এবং সাধ্যমতো কিছু কিছু বই পড়ি। লিখতে যদিও কষ্ট হয়, তবুও কখনো দাঁড়িয়ে, কখনো বা শুয়ে একটু একটু করে লিখে যাই। এভাবে প্রায় প্রতি সপ্তাহেই সংবাদপত্রের পাতায় আমার লেখা বেরোচ্ছে। যত কষ্টেই থাকি না কেন, কোনো কষ্টকেই আমি পরোয়া করি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালো-মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে’-ই আমার জীবনদর্শন। আবার ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম’—রবীন্দ্রনাথের এ কথায়ও আমার গভীর প্রত্যয়। সেই প্রত্যয়ই সারা জীবন পোষণ করে এসেছি। যখন সুস্থ ছিলাম, তখনো জীবনকে যেভাবে দেখেছি, এখনো সেভাবেই দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই চালিয়ে যাব। দূর মফস্বলে থেকেও বেশ কয়েক বছর আমি উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেছি। সেই সূত্রে ঘুরে বেড়িয়েছি সারা দেশ। এমনকি সংগঠনের প্রতিনিধি হয়ে আমাকে লন্ডনেও যেতে হয়েছে। উদীচীর সদস্যদের সব সময়ই সংস্কৃতি সম্পর্কে পাঠ দিয়েছি—বলতে গেলে মাস্টারিই করেছি। উদীচী ছাড়া বাইরের অনেক মানুষও আমার সংস্কৃতিবিষয়ক পাঠদানের ছাত্র হয়েছে। সেই উদীচী শিল্পী গোষ্ঠী এ বছর যখন একুশে পদক পেল, তখন আমি কী যে গৌরববোধে আন্দোলিত হয়েছি—সে কথা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণের জন্য উদীচীর সদস্যরা নানাভাবে আমার ওপর চাপ প্রয়োগ করেছেন। কিন্তু নিজের অসুস্থতার কারণে তাঁদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি, যেতে পারিনি। এখন সাংবাদিক কামাল লোহানীর মতো প্রগতিশীল বুদ্ধিজীবী উদীচীর সভাপতির দায়িত্ব নিয়েছেন। এতে করে গৌরবোজ্জ্বল এই সংগঠনটি আরও সমৃদ্ধি ও অগ্রগতি লাভ করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, মাটি থেকে উৎসারিত সংস্কৃতিই আমাদের নতুন দিনের দিশা দেবে। কখনোই আমি বিষাদ-আক্রান্ত নই। আমি সব সময় অসংশোধনীয়রূপে আশাবাদী।অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ