ব্রাজিল শুধুই ফুটবল, কার্নিভাল, সাম্বা নৃত্য বা কফির দেশই নয়, এর রয়েছে গর্ব করার মতো সাহিত্য। আছে সমৃদ্ধ সাহিত্যের ইতিহাসও। ব্রাজিলের অসামান্য কথক জর্জ আমাদু। একই সঙ্গে বেস্টসেলার ও শিল্পকুশলতায় সমৃদ্ধ উপন্যাস রচনা করে ওঠা বেশ শক্ত। জর্জ আমাদু সেটি করায়ত্ত করেছেন সেই ষাটের দশকেই। সব মিলিয়ে লিখেছেন ৩০টি উপন্যাস। দুনিয়ার অন্তত ৫০টি ভাষায় অনূদিত হয়েছে তাঁর উপন্যাস।
>

জলচিক্কুর কিনকাশের দুই মরণ জর্জ আমাদু
অনুবাদ: রফিক-উম-মুনীর চৌধুরী
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: মার্চ ২০১৬
৭২ পৃষ্ঠা
দাম: ১৬০ টাকা।
জর্জ আমাদুর জলচিক্কুর কিনকাশের দুই মরণ উপন্যাসের কাহিনি সামান্যই—জলচিক্কুর কিনকাশ নামের মানুষটি ৫০ বছর বয়সে সুস্থির মধ্যবিত্ত পারিবারিক আবহ, স্ত্রী-কন্যা ও আধুনিক জীবনের ভোগসর্বস্বতা ছেড়ে তুচ্ছ ও সামান্যতর জীবন—বলা যায় ইতরজীবন বেছে নেয়; সেখানে খুঁজে ফেরে ভালোবাসা আর আনন্দ, খুঁজে পায় সত্য ও সুখ। একদিন দেখা যায়, ছন্নছাড়া বেহিসেবি মানুষটি নিজের ঘরে মরে পড়ে আছে। এরপরই যেন জমে ওঠে গল্প। কী হয় এরপর? তার মৃত্যু ও পরলোকযাত্রার কৌতূহলসঞ্চারি গল্পই শুনিয়েছেন লেখক জর্জ আমাদু।
এক আশ্চর্য জীবন কাটিয়ে কিনকাশ মৃত্যুকে বেছে নেয়, নিতান্ত শৌখিন কৌশলে। এমন এক রাত সে নির্বাচন করে, যখন সাগরে ডুবে গিয়েছিল চাঁদ। মৃত্যুর বর্ণিল ও বৈচিত্র্যময় বিবরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উপন্যাসে। মোট তিনবার মৃত্যু হয় কিনকাশের। আর মৃত্যুকে মহিমান্বিত করে তোলায় বিশেষ প্রচেষ্টা ও পরিকল্পনাও ছিল তার—কীভাবে মারা গেলে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যায় বা পরিবারের সবার মাথা হেট হয়ে যায়। আবার পরিবার ভাবে, বদমাশ বন্ধুদের পাল্লায় পড়েও সে মরেছে বটে, তবে এ উপন্যাসে লোকটির মারা যাওয়াটুকুই সত্য। এই সত্য ব্যাপারটিই পরিবারে তৈরি করে একধরনের সচেতনতা—আড়ম্বরপূর্ণ আয়োজন ও ভণিতার ভেতর দিয়ে কীভাবে তাকে সৎকার করা হবে ইত্যাদি। এসব বিবেচনায় উপন্যাসটি ফ্যান্টাসি ও কৌতুকময় আবহও তৈরি করে। সম্ভ্রান্ত পরিবারের কিনকাশ মারা যায় এক কন্যা, জামাই, এক বোন রেখে। কিন্তু বাবার সৎকার নিয়ে তার মেয়ে ছাড়া কারও মধ্যে বিশেষ কোনো ভাবনা দেখা যায় না। উপরন্তু মেয়ের মৌন-নিয়মনিষ্ঠ আয়োজন-চেষ্টাকে হেসে উড়িয়ে দেয় সবাই। অন্যদিকে সৎকার কোম্পানিকে লাশটির ব্যবস্থা করতে দিয়ে আত্মীরা রেস্তোরাঁয় বসে মাছের স্টু খেতে খেতে লাশটির শেষযাত্রা নিয়ে প্রায় হাস্যকর আলোচনা করে। মেয়ে ভেবেছিল, মরদেহ বাড়িতে রাখবে, যারা বাড়িতে আসবে তাদের কফি ও পানীয় খাওয়াবে, ফাদার ডেকে বাইবেল পড়াবে, খুব সকালে কবর দেবে যাতে বাবার বন্ধু-সহকর্মীরা আসতে পারে। অথচ ‘লাশ বাড়িতে আনার বা বন্ধুদের জানানোর দরকার কী? এত লোককে ঝামেলায় জড়ানোর মানে কী? মৃত্যুর আগে সে যে আপত্তিকর ও পাগলামি জীবন যাপন করে গেছে, মানুষ যেন সেসব নিয়ে কথা বলে পরিবারের লাজলজ্জা ধুলোয় মিশিয়ে দেয়, সে জন্য?’ এভাবে মৃত লোকটিকে নিয়ে নানা রকম চাঞ্চল্য জাগানিয়া হুলও ছড়িয়ে আছে উপন্যাসজুড়ে। কিন্তু বইটি পাঠ শেষ না করে ছাড়াও যায় না।
বাস্তব জীবনে যা-কিছু ঘটে তার সবটাই কি লেখক গল্প বা উপন্যাসের কাঠামোয় গেঁথে দেন? এমনও কি হয় না—বাইরের জগতে যা ঘটে, তার চেয়ে অলৌকিক বা অপরূপ এক বাস্তব কাজ করে চলে লেখকের মনোজগতে? জলচিক্কুর কিনকাশের দুই মরণ পড়তে পড়তে এমন ভাবনা এসেছে বারবার।
তবে জলচিক্কুর কিনকাশের এই সামান্য কাহিনিই জীবনের বহুকৌণিক সৌরভ ও অভিজ্ঞতার বিভায় ছেঁকে তুলে ধরেছেন লেখক। ব্রাজিলীয় জীবনভিত্তিক উপন্যাসের আলোছায়া তাই হয়ে ওঠে বাংলাদেশের মানুষেরই যাপিত জীবনের ছবি। গল্পপাঠের যে আনন্দ, বয়ানভঙ্গির যে সৌন্দর্য এবং শিল্পকৌশল তা বেশ চেনা, বিশ্বস্ত ও অপরূপ হয়ে উঠেছে। রফিক-উম-মুনীর চৌধুরী অনুবাদও করেছেন চমৎকার। কিন্তু বাংলা ভাষান্তর করার পরও রফিক কিছু শব্দ মূল শব্দরূপেই রেখেছেন—কাশাসা (আখের রস থেকে তৈরি ব্রাজিলীয় পাতিত মদ), মুলাতু ইত্যাদি। একটি প্রশ্ন রেখে শেষ করি: অপ্রচলিত মূলশব্দ পাঠককে ধন্দেও কি ফেলতে পারে না?