আশ্চর্য বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশ্য একাই জঙ্গলের আশ্চর্য বাতাস
শরীরে জড়িয়ে ধরে প্রহরে ফিরেছি

যারা ছিল প্রকৃত বিদ্যার্থী, মুখভর্তি
মাকড়সার আঠায় অত্যুজ্জ্বল ভবিষ্যৎ গেঁথে
এতদঞ্চলে রাজত্ব করেই চলেছে—
একদিন এক ঘন বাগানের স্নেহে
তাদের তোয়াক্কাহীন ব্যক্তিগত ভবিষ্যৎ
কল্পনা করেছিলাম

আমার হাতের অনুসৃত প্রশ্নপত্র
গাছে গাছে পাতার আদলে দুলছে—
ডুমুর, বেতস কিংবা পিচফলের অন্ধকার থেকে
কারও কারও বর্ণাঢ্য আগামী উঁকি দিতে দেখে
এসব জিজ্ঞাসারাশি রাত জেগে ঝালিয়ে নিয়েছি—
আর ফের সিদ্ধান্ত নিয়েছি
দুর্নিবার অরণ্য ভ্রমণে বেরিয়ে পড়ার

এবং যা ফল তাতে হলো—
যারা জঙ্গলের বিদ্যা-শিক্ষা, ফলাহার গ্রহণ কুশলে
বহুদূর সুসভ্য হয়েছে
তারা আজ আমাকে চিনতে পারছে না

অন্যত্র চারদিকের বিস্ময় বাতাসে
তাদের ঘুম-নির্ঘুমে কোথাও ব্যত্যয় ঘটছে না