আশ্রিতার আশ্রয়ে ৪০০ রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ অ্যান্টার্কটিকায় কেন যায়? পেইঙ্গুন দেখতে, বরফের চাঁই দেখতে। স্কি করতে। হয়তো আরও অনেক কারণে। কিন্তু আশ্রিতার ফারম্যান যে কারণে অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন, সেটা কারও মাথায়ই আসার কথা নয়। মার্কিন ভদ্রলোক গিয়েছিলেন পোগো স্টিকে (দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফানোর যন্ত্র) লাফানোর জন্য! ভাবছেন এত জায়গা থাকতে লাফালাফি করতে পৃথিবীর দক্ষিণতম প্রান্তে যাওয়ার দরকার কী? আপনি এভাবে ভাবেন বলেই ‘ফারম্যান’ হতে পারেননি। ফারম্যানের ভাবনার আদলটা একেবারেই আলাদা। আর আলাদা বলেই তাঁর নামের পাশে লেখা হয়েছে অজস্র গিনেজ রেকর্ড, যার বেশির ভাগই বিচিত্র। এরই একটা অ্যান্টার্কটিকায় পোগো স্টিকে লাফানো। চরম প্রতিকূল আবহাওয়ায় টানা ১৭ মিনিট ৪৫ সেকেন্ড লাফিয়েছিলেন তিনি। বিশ্ব রেকর্ড!বলতেই পারেন, ফারম্যানের জীবনের লক্ষ্যই হলো ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও!’ সব মিলে ৪০০-র বেশি বার গিনেজে নাম উঠেছে তাঁর। সবচেয়ে বেশি বার রেকর্ড গড়ার রেকর্ডও এটি। সব রেকর্ড অবশ্য অক্ষত থাকেনি। পরে কেউ না কেউ ভেঙে দিয়েছেন। তার পরও এখনো তাঁর নামের পাশে ১৫০টির মতো রেকর্ড! একই সময়ে একজনের নামের পাশে সবচেয়ে বেশি রেকর্ড থাকারও রেকর্ড এটি! যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া এই ৫৮ বছর বয়সী সম্প্রতি তাঁর রেকর্ডের মুকুটে আরেকটি পালক যুক্ত করেছেন। ইউএস ওপেন চলার সময় বানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় টেনিস র‌্যাকেট। এটা অবশ্য তেমন কিছু নয়। অন্তত তাঁর বিশেষ কৃতিত্ব এতে নেই। যেমনটা আছে টানা ৫০ ঘণ্টা ধরে হাততালি দেওয়ায়!১৯৮১ সালে এই রেকর্ড গড়েছিলেন ফারম্যান। যেনতেন হাততালি নয়। প্রতিটাই এত জোরে মেরেছেন, ১২০ গজ দূর থেকেও শোনা গেছে। ১৯৮৬ সালে টানা ১২ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছেন ডিগবাজি খেয়ে খেয়ে। ডিগবাজি খেয়ে দ্রুততম সময়ে (১৯ মিনিট ১১ সেকেন্ড) এক মাইল পথ পেরোনোর রেকর্ডও তাঁর। ২০০৫ সালে বিশ্বের বৃহত্তম হুলা হুপ (সাড়ে ১৪ ফুট) কোমরে নাচিয়েছেন। পানির নিচেও করেছেন হুলা হুপিং। (ফারম্যানের রেকর্ডগুলো জানতে ঘুরে আসুন: http://www.ashrita.com/records শুনতে সহজ মনে হতে পারে। কিন্তু প্রতিটি রেকর্ড গড়ার পেছনে থাকে দীর্ঘ পরিকল্পনা, পরিশ্রম, অনুশীলন। একবার সামুরাই তলোয়ার দিয়ে এক মিনিটে শূন্যে ছুড়ে মারা ২৭টি আপেল দুই টুকরো করেছিলেন। ‘এটা করার জন্য আমাকে এক বছর অনুশীলন করতে হয়েছে। প্রায়ই রক্তাক্ত হয়েছি’—জানিয়েছেন ফারম্যান।গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের প্রেমে পড়েছিলেন, যখন তাঁর বয়স ছিল মাত্র ১০। ফারম্যানের কাছ থেকে জানা গেল, ‘মনে আছে, বইটা সারা বাড়ি সঙ্গে নিয়ে ঘুরতাম। রাতে চাদরের নিচে ঢুকে চুপি চুপি পড়তাম।’ গিনেজের রেকর্ডগুলো এখনো তিনি পড়েন। এখান থেকেই নতুন রেকর্ড ভাঙার আইডিয়া আসে তাঁর মাথায়। অবশ্য তিনি যে এত রেকর্ডের মালিক হবেন, নিজেই কোনো দিন ভাবেননি। শৈশবে ছিলেন খুবই হ্যাংলা-পাতলা। তাঁর জীবনের মোড় ঘুরে যায় ২০ বছর বয়সে। বাংলাদেশে জন্ম নেওয়া শ্রী চিন্ময় নামের এক আধ্যাত্মিক শিক্ষকের সঙ্গে পরিচয় হয়। মেডিটেশন শুরু করেন। চিন্ময়ের কাছে এই দীক্ষা পান, মনকে জয় করতে পারলে শারীরিক বাধাও পেরিয়ে যাওয়া সম্ভব। এ সময়ই নিজের নাম ‘কিথ’ থেকে পাল্টে করে ফেলেন ‘আশ্রিতা’, যার মানে ‘ঈশ্বর দ্বারা সুরক্ষিত’।এই নামের কারণেই কোনো স্পনসর তিনি নেন না। যদিও তাঁর পেছনে স্পনসরদের লাইনটা কম লম্বা নয়। নিজের কোনো রেকর্ড থেকেই আর্থিকভাবে লাভ করার চিন্তা করেন না। যুক্তরাষ্ট্রে একটা হেলথ ফুড স্টোর আছে। অবসরপ্রাপ্ত আইনজীবী বাবার কাছ থেকেও আর্থিক সাহায্য নেন।১৯৭৮ সালে চিন্ময়ের পরামর্শেই দূরপাল্লার সাইকেল রেসে অংশ নেন। নিজেই নিজেকে চমকে দেন তৃতীয় হয়ে। আত্মবিশ্বাসের এক ঝলক টাটকা বাতাসে ভরে যায় হূদয়। নজর দেন বিশ্ব রেকর্ড ভাঙার দিকে। ১৯৭৯ সালে প্রথম বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন ফারম্যান। টানা ২৭ হাজার বার লাফিয়ে!প্রতি সপ্তাহে বিশ্ব রেকর্ডের এক হাজার আবেদন জমা পড়ে গিনেজ দপ্তরে। বর্তমানে ৪০ হাজারের মতো ক্যাটাগরি আছে গিনেজের। কিন্তু আবেদনের ৮০ শতাংশই বাদ পড়ে। ফারম্যানের মতে, রেকর্ড ভাঙতে চাইলে দরকার কল্পনাবিলাসী একটা মন। দরকার কঠোর শৃঙ্খলা, ধৈর্য। এমন কিছু বন্ধুরও দরকার, যারা এই খেয়ালিপনায় সহাস্যে পাশে এসে দাঁড়াবে। আর দরকার এই বিশ্বাস, ‘মানুষের অসম্ভব বলে কিছুই নেই!’