আষাঢ়স্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি নয়, নেমে এল যেন টিয়ের দঙ্গল। বসন্ত-সিল্কের মথগুলো ফিরে গেছে নক্ষত্রের ঠিকানায়। ...অধিকৃত এই নগরের নাম তাহলে কপিলাবস্তু? প্রবজ্যামেদুর আষাঢ়স্য রাতে সে কোন নরক থেকে ছাড়া পাওয়া জলস্রোতে জেগে উঠছে জানালা, কিনারে কোমল আলো যশোধরা নাম? এ নবীন মেঘ ভেঙে যাচ্ছে শুধু সহস্র কৌণিকে, বিম্বে, সে নয় রাহুল? সমস্ত বর্ষণ আজ ফেরত আসছে তার প্রিজমের ঠিকানায়; আর যে গান সুরকে পেরিয়ে গেছে তাকে কে ছুঁয়েছে দূর থেকে?
উঁচুতে ওই মেঘ। সে কখনো পড়ে না ভেঙে, শুধু বছরের এক পলে ছুঁয়ে যায় লুম্বিনি, ত্রিকোণমিতির জিহ্বা এড়িয়ে কেশর ফোলানো জ্যোৎস্নায়। আছে ত্রিভুজের দূরবর্তী কোনো বিন্দুতে কপিলাবস্তু আষাঢ়াক্রান্ত, পিপাসাদগ্ধ, বিহ্বল।