পাটের জিনরহস্য উন্মোচনসহ জাতিকে তিন-তিনটি বড় সুখবর দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, আরও বড়সড় কিছু চমক আছে বিজ্ঞানী মাকসুদুল আলমের ভান্ডারে। তারই খোঁজখবর জানাচ্ছেন ইফতেখার মাহমুদ
আসছে আরও চমক!
মাকসুদুল আলমের আস্তিনে আরও কত কী আছে, তা নিয়ে বিশ্বের জিনোম গবেষকদের আগ্রহের সীমা নেই। ২০১০ সালে তোষা পাটের জীবনরহস্য উন্মোচনের পর সবাই ভেবেছিলেন, এখানেই হয়তো শেষ। কিন্তু ২০১২-তে এসে মাকসুদুলের নেতৃত্বে বিশ্বের ৫০০টিরও বেশি গুরুত্বপূর্ণ উদ্ভিদের প্রধান শত্রু ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করলেন বাংলাদেশের বিজ্ঞানীরা। আবারও চমকে উঠল বিশ্ব। পাটের জীবনরহস্য উন্মোচনের মধ্য দিয়ে এর নতুন জীবন দেওয়ার সম্ভাবনা নিয়ে উৎসাহ-উদ্দীপনা না থামতেই সুদূর নিউজিল্যান্ড থেকে এল আরেক চমকপ্রদ খবর। মহা বিপদে আছেন সেখানকার চাষিরা। তাঁদের অন্যতম রপ্তানি পণ্য ও জাতীয় ফল ‘কিউই’ তিন বছর ধরে পিএসএ নামক এক ছত্রাকের আক্রমণে মারা যাচ্ছে। ওপরে সোনালি আবরণ ও ভেতরে সবুজাভ এই সুস্বাদু ফলের রপ্তানি গত এক বছরে ৪৩ শতাংশ কমে গেছে। নিউজিল্যান্ডের বাঘা বাঘা জৈব প্রযুক্তিবিদেরা ওই ছত্রাক নির্মূলের সূত্র এখনো বের করতে পারেননি। অন্য উন্নত দেশের বাঘা বাঘা বিজ্ঞানীদের ডেকেও কোনো কূলকিনারা করতে পারছেন না তাঁরা। শেষ পর্যন্ত সারা দুনিয়া চষে বেরিয়ে তাঁদের কাছে খবর এল, ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানীরাই পারবেন কিউই ফলের শত্রুর প্রাণভোমরাকে বধ করতে। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের জিনোম গবেষণাকেন্দ্রে গবেষণারত আমাদের মাকসুদুল আলমের কাছে খবর পাঠাল নিউজিল্যান্ডের কিউই উৎপাদনকারী সমিতি। বলল, যেকোনো শর্তে তারা রাজি, শুধু ওই ছত্রাক নির্মূলের রহস্যটাকে ভেদ করে দিতে হবে। বিশ্বের অন্যতম প্রভাবশালী জার্নাল বিএমসি জিনোমিক্সে ইতিমধ্যে ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের ওপর লেখা গবেষণাপত্রটি প্রকাশিত হয়ে গেছে। বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (ডব্লিউআইপিও) কাছে করা ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের মেধাস্বত্বের আবেদন প্রাথমিকভাবে গ্রহণের পর এবার তা চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। ফলে ছত্রাকের জীবনরহস্যকেন্দ্রিক যেকোনো গবেষণার স্বত্বাধিকার নীতিগতভাবে বাংলাদেশ পাবে। এটা মেনে নিয়েই নিউজিল্যান্ডের কিউই চাষিদের সঙ্গে মাকসুদুল আলম ও বাংলাদেশের বিজ্ঞানীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাও হয়ে গেছে। এখন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হলে মাকসুদুলের নেতৃত্বে বাংলাদেশের বিজ্ঞানীরা কিউই ফলের প্রধান শত্রু পিএসএ ছত্রাক বধের মিশনে নামবেন। গত বছর কিউই ফল রপ্তানি থেকে নিউজিল্যান্ডের মোট আয় হয়েছিল এক হাজার ৩০০ কোটি ডলার। কিউই চাষ করে নিউজিল্যান্ডের চাষিরা খরচ বাদ দিয়ে প্রতি হেক্টর জমি থেকে কমপক্ষে চার লাখ ডলার আয় করতেন। ওই আয়ও এখন অর্ধেকে নেমে গেছে। চোখে-মুখে অন্ধকার দেখছেন তাঁরা। আর ওই অন্ধকারে আলোর দিশা নিয়ে এসেছে মাকসুদুলের দল। মাকসুদুল আলম নিউজিল্যান্ডের চাষিদের অনুরোধকে আন্তরিকভাবে বিবেচনায় নিয়েছেন। এত দিন আমরা বিপদ থেকে উদ্ধারের জন্য উন্নত দেশের কাছে গিয়েছি। কিন্তু আমাদের বিজ্ঞানীদের অর্জন এখন উন্নত দেশের সমস্যার সমাধানে ভূমিকা রাখতে যাচ্ছে। বাংলাদেশের জন্য বড় পাওয়া তো বটেই। স্বপ্নের গবেষণা ভবননিত্য-নতুন উদ্ভাবনের সঙ্গে নতুন বিজ্ঞানী তৈরিকেও ব্রত হিসেবে নিয়েছেন পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পের বিজ্ঞানীরা। জাতীয় সংসদ ভবনের ঠিক বিপরীতে আমাদের জাতীয় গৌরবের প্রতীক হয়ে ওঠা শ্বেত শুভ্র ওই জিনোম গবেষণা ভবনটিকে তরুণ গবেষক তৈরির আঁতুড়ঘর হিসেবে তৈরি করতে চান তাঁরা। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই জিনোম গবেষণাকেন্দ্রে নিয়ে এসে তাঁদের হাতে-কলমে জৈব প্রযুক্তি গবেষণার কাজ শেখানো শুরু করে দিয়েছেন আমাদের বিজ্ঞানীরা। পাট গবেষণা ইন্সটিটিউটের একটি প্রকল্পের আওতায় এই ভবনে এখন জিনোম গবেষণা চলছে। প্রকল্প শেষ হলেই কি গবেষক তৈরির এই আঁতুড়ঘরের মৃত্যু হবে? মাকসুদুলরা তা অবশ্য মনে করেন না। তাঁরা স্বপ্ন দেখেন, এই ভবন বাংলাদেশের একটি জাতীয় জিনোম গবেষণাকেন্দ্রে পরিণত হবে। মাকসুদুলের স্বপ্ন, এখানে দেশ-বিদেশের বিজ্ঞানীরা আসবেন। তাঁরা দেখবেন, কীভাবে আমাদের মতো একটি স্বল্পোন্নত দেশে উন্নত দেশের চেয়ে দ্রুতগতিতে প্রাণের জীবনরহস্য উন্মোচিত হচ্ছে। মাকসুদুল বলছিলেন, আমাদের জিনোম গবেষণাকেন্দ্রের সামর্থ্য বিশ্বের উন্নত দেশগুলোর গবেষণাকেন্দ্রের চেয়ে কোনো অংশে কম নয়। এখনো বিশ্বের যেকোনো উদ্ভিদ ও প্রাণের জীবনরহস্য উন্মোচনের সামর্থ্য আছে। এমনকি মানুষের জীবনরহস্য উন্মোচনও এখানকার প্রযুক্তি ও বিজ্ঞানীদের ক্ষমতার মধ্যে রয়েছে। শুধুই নিজেরা গবেষণা করে চমক লাগানো সব ফলাফল দিয়েই ক্ষান্ত থাকবেন মাকসুদুলরা তা তো নিশ্চয়ই না। অন্য সরকারি গবেষণা সংস্থাগুলোকেও জিনোম প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার স্বপ্ন আছে তাঁদের। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, আণবিক কৃষি গবেষণাসহ বিভিন্ন গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীদের নতুন জাত উদ্ভাবন ও পুরোনো জাতের সমস্যা সমাধানের পথ বাতলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন আমাদের জিনোম গবেষকেরা। তাই জিনোম গবেষক দলের আরেক দলনেতা মনজুরুল আলম বেশ বিনয়ের সঙ্গে বলেন, ‘আমাদের দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে কৃষিবিজ্ঞানীদের অনন্য অবদানের কারণে। কিন্তু সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ। প্রতিকূল প্রকৃতির সঙ্গে আমাদের লড়তে হবে। লবণাক্ততা, বন্যা, খরা তো আছেই, রোগজীবাণুকে কীটনাশক ছাড়া প্রযুক্তি দিয়ে দমন করার কৌশল বের করা এখন আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। আমরা যে জিনোমবিজ্ঞানের যাত্রা শুরু করেছি, তা দেশে-বিদেশে ছড়িয়ে দিতে না পারলে তো এই গবেষণার কোনো মূল্য নেই।’ চোখে স্বপ্ন আর অবয়বে আত্মপ্রত্যয় নিয়ে দলনেতা মাকসুদুল আলমও পাশে বসে ওই কথায় সায় দেন।