আসছে ‘জাদুশিল্পী হুমায়ূন আহমেদ’: প্রি–অর্ডার করলেই ৩০% ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। আলাদা করে তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তাঁর সাহিত্যের জাদুর কথা আমরা সবাই জানি। ইন্দ্রজালেও যে তিনি ছিলেন সমান দক্ষ, তার খবর আমরা খুব কম লোকই জানি। সিনেমাকেও হার মানায় তাঁর জাদুশিল্পী হয়ে ওঠার গল্প। জাদু শিখতে ফুটপাতের জাদুকর কিংবা মাঝির কাছে পর্যন্ত ছুটে গেছেন। কতবার প্রতারিত হয়েছেন! একবার তো শ্মশানঘাটে প্ল্যানচেট করতে গিয়ে পড়েছিলেন মহাবিপদে।

জাদুর সব শাখাতেই ছিল হুমায়ূন আহমেদের জ্ঞান। হিপনোটিজম, প্ল্যানচেট—কী করেননি তিনি! লেখক হিসেবে আত্মপ্রকাশের আগেই পাকিস্তান টেলিভিশনে জাদু প্রদর্শন করেন। তাঁর জাদু দেখে মুগ্ধ হয়েছেন নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ, খ্যাতিমান লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। বিশ্বের সর্ববৃহৎ জাদু সংগঠন ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ানসের সম্মানিত সদস্য ছিলেন হুমায়ূন।

বিস্ময়কর প্রতিভার অধিকারী এই কথাশিল্পীর জাদু শেখা ও দেখানোর এসব আদ্যোপান্ত নিয়ে ‘জাদুশিল্পী হুমায়ূন আহমেদ’। ১১৬ পৃষ্ঠার বইটি লিখেছেনও আরেক ম্যাজিশিয়ান এম এ জলিল, জাদুসূত্রে হুমায়ূন আহমেদের সঙ্গে যাঁর ছিল ঘনিষ্ঠ সখ্য। বইটির ভূমিকা লিখে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি স্কেচ করে দিয়েছেন হুমায়ূন আহমেদের ছোট ভাই ‘উন্মাদ’ পত্রিকার সম্পাদক, লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব।

বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা প্রথমা। আজ থেকে বইটির প্রি–অর্ডার শুরু হয়েছে। প্রি–অর্ডারে বইটি কিনলেই ৩০% ছাড় পাবেন পাঠক।

এম এ জলিল ‘বাংলাদেশ যাদুকর পরিষদ’-এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য। জাদুশিল্পী হিসেবে মাইগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। ‘ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ানস’-এর বাংলাদেশ শাখার (রিং ২৯৫) প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ানস সোসাইটির আজীবন সদস্য তিনি। সিডনির একটি পাঁচ তারকা হোটেলে কাজের ফাঁকে খ্যাতিমান এ জাদুশিল্পী ম্যাজিকচর্চা, ম্যাজিক শো ও লেখালেখি করেন। ১৯৯১ সালে বাংলাদেশ যাদুকর পরিষদ আয়োজিত জাতীয় জাদু প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন তিনি।

‘জাদুশিল্পী হুমায়ূন আহমেদ’ বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। ডেলিভারি চার্জ বাদে প্রি–অর্ডারে দাম পড়বে ১৭৫ টাকা। বইয়ের প্রচ্ছদ করেছেন শিবেন চক্রবর্তী। বইটি পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে prothoma.com থেকে অর্ডার করতে পারেন। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।