
আগামী ২১ ফেব্রুয়ারি আসছে বর্ণমেলা। জানি, এই উৎসব নিয়ে অনেক প্রশ্ন তোমার মনে। চলো, সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
কোথায়: ঢাকায় রেসিডেনসিয়াল মডেল কলেজ, চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও রাজশাহীতে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ সাজবে উৎসবের সাজে।
কী কী থাকবে: দিনব্যাপী বর্ণমেলায় থাকবে বর্ণ-প্রদর্শনী, বর্ণ-আড্ডা, বর্ণ ধাঁধা, বর্ণ বিবর্তন, বর্ণ আঁকা, খাবারে-কাপড়ে বর্ণ, নাগরদোলা, পাপেট শো, জাদু, গান, হাতেখড়ি, হালের লেখা, ছবি আঁকার প্রতিযোগিতাসহ বর্ণ নিয়ে বিচিত্র সব আয়োজন।
বর্ণ বানানোর প্রতিযোগিতা: প্রতিবছরের মতো এবারও থাকছে বর্ণ বানানোর প্রতিযোগিতা। প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে। তৃতীয় শ্রেণি পর্যন্ত ক, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত খ এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত গ বিভাগ। বর্ণ পাঠানোর শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। সহজে নষ্ট হয় না, এমন যেকোনো কিছু দিয়ে বানিয়ে ফেলো বাংলা ভাষায় তোমার সবচেয়ে প্রিয় বর্ণটা, পাঠিয়ে দাও প্রথম আলোর ঠিকানায়।
ঢাকার বর্ণমেলায় অংশ নিতে বর্ণ পাঠানোর ঠিকানা: বর্ণমেলা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। চট্টগ্রামের ঠিকানা: বর্ণমেলা, প্রথম আলো, এএস টাওয়ার, সড়ক: ১, প্লট: ৫৫৩, হিলভিউ আবাসিক এলাকা, পাঁচলাইশ, চট্টগ্রাম। রাজশাহীর বর্ণমেলায় বর্ণ পাঠানোর ঠিকানা: বর্ণমেলা, প্রথম আলো, ২০৯ কুমারপাড়া (বোয়ালিয়া থানার মোড়), ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
খাবারের মেলা: ঢাকার বর্ণমেলায় এবার বন্ধুদের খাওয়ানোর দায়িত্ব নেবে নাকি? নিজের ঘরে বানানো খাবার দিয়ে একটা ‘ফুড ক্যাফে’ হতে পারে তোমার। বর্ণের নকশায়ও খাবার তৈরি করতে পারো৷ তোমার ক্যাফে থেকে খাবার কিনবেন বন্ধুরা। নিজের খাবারের দোকানের পরিকল্পনা নিয়ে যোগাযোগ করো বর্ণমেলার আয়োজকদের সঙ্গে। জলদি!
যেকোনো প্রয়োজনে ফোন করতে পারো এই নম্বরে: ০১৯৫৫৫৫২০৯৭
‘এসো গল্প লিখি’র মূল আয়োজন: এক বছর ধরে গোল্লাছুটে ছাপা হয়েছে তোমাদের লেখা গল্প। এবার সেই গল্পগুলো নিয়ে বই প্রকাশের পালা! ঢাকার বর্ণমেলায় হবে এই বইয়ের মোড়ক উন্মোচন। সেরা তিন গল্পের লেখকের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানে বড় লেখকেরা তো থাকবেনই, চাইলে এই বইয়ের খুদে লেখকদেরও অটোগ্রাফ নিতে পারো।
সার্ফ এক্সেলের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান আয়োজন করে প্রথম আলো। অনুষ্ঠানটির সম্প্রচার সহযোগী চ্যানেল নাইন।