আহ গ্রীষ্ম!

গরমের আঁচ বাড়তেই শহরের রাস্তাঘাট, অফিস-আদালতে রব ওঠে—উহ্, এমন গরম আর কখনো দেখিনি। এই কাঁদুনি গেল বছরেও শোনা গেছে এবং তার আগের বছরেও। বেঁচেবর্তে রইলে আসছে বারেও শুনব আশা রাখি।
গ্রীষ্মমণ্ডলীর দেশে গরমের মৌসুম তো প্রাকৃতিক নিয়মেই হাজির হবে। তবে যাঁদের পূর্বপুরুষেরা মানুষখেকো বাঘ, কুমির, বিষধর সাপ, বিদেশি লুটেরা আর ঝড়-তুফানের সঙ্গে লড়াই করে দেশটাকে মানুষ করেছেন, সেই বাঙালিদের সামান্য কটা দিনের শারীরিক কষ্ট নিয়ে ব্যতিব্যস্ত হওয়া অবিশ্বাস্য। কিন্তু ব্যাপারটি আবার সত্যিও।
নতুন বছরের বন্দনা শেষ হতে না হতেই শুরু হয় গ্রীষ্মগঞ্জনা—অভ্যাসটি আমাদের নতুন নয়। বলতে গেলে সুপ্রাচীন বিশ্ব জলবায়ু পরিবর্তনের তত্ত্বের জন্মের বহু আগে এর শুরু। মধ্যযুগের বাংলা সাহিত্যের দু-চার পাতা ওল্টালেই এর প্রমাণ মিলবে বিস্তর। মুকুন্দ রামের চণ্ডীমঙ্গল-এর ব্যাধ রমণী ফুল্লরা জ্যৈষ্ঠ মাসকে তিরস্কার করেছিলেন, ‘পাপিষ্ঠা জ্যৈষ্ঠ, পাপিষ্ঠা জ্যৈষ্ঠ’ বলে। তার এই বীতরাগ কতখানি গ্রীষ্মের দাবদাহের কারণে আর কতখানি ক্ষুধার আতঙ্কে, তা খতিয়ে দেখা দরকার। দরিদ্র ফুল্লরা শিকারের পশুর মাংস বিক্রি করে সংসারের অন্ন জোগায়। সেই মাংস বিক্রি বছরের এই সময়টায় প্রায় বন্ধ হয়ে যায়। কারণ, গরমে মাংস না খেয়ে ‘লোকে করে নিরামিষ’, স্বামী-পুত্রের মুখে দিন শেষে খাদ্য জোটাতে না পারার চিন্তায় ফুল্লরা আতঙ্কিত। তাই প্রকৃতির চেয়ে দারিদ্র্য আর ক্ষুধাই তার এ আর্তচিৎকারের লক্ষ্য।
কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় আছে গরমের ক্লেশ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের ছড়াছড়ি। তাঁর ‘গ্রীষ্ম’ কবিতায় চোখ বোলালেই ব্যঙ্গের তীব্রতা মালুম হবে। ইংরেজের রাজধানী কলকাতার সাহেবপাড়া আর বাঙালিপাড়ায় গুপ্ত কবি টহল দিয়ে (ঈশ্বরগুপ্ত সে যুগের প্রখ্যাত সাংবাদিক ছিলেন) সেখানকার কষ্ট ও যন্ত্রণার প্রত্যক্ষদর্শীর বিবরণ তুলে ধরেছেন। সাহেব-মেমদের কথা ছেড়ে দিই, তেনারা ঠান্ডা মুলুকের জীব। গরমের কষ্ট তো হবেই। কিন্তু বাঙালি বাবু-বিবিরাও বড় কাহিল হয়ে পড়েছেন গরমের কষ্টে, ‘বাঙালি বাবুগণ, কাবু হন, কেহ নন সুখী/ বোকা হয়ে খোকা ভাব, বিবিগণ খুকি।’
এমনকি ‘মলিনা মাসিরা’ চাঁদমুখীদের প্রায় সবাই গরমের ভয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, মলিনা মাসির প্রায় মত চাঁদমুখী/ ঘাড়ে আর নাহি লয় মদনের ঝুঁকি।’—গুপ্ত কবির এ বক্তব্যের ব্যাখ্যা অনাবশ্যক। বোঝা যাচ্ছে, তিনি দম্পতিদের শয়নকক্ষেও ঢুকেছিলেন। তাঁর সঙ্গে আমরা সেখানে আর না-ই বা গেলাম।
‘গ্রীষ্ম’ কবিতায় কবির আরেকটি চমৎকার মন্তব্য: ‘ঘামাচি গরমের ছেলে উঠে দেহ ছেয়ে।’ এ ছাড়া নিদাঘতপ্ত পক্ষীকুলের দুর্দশাও কবিতাতে রয়েছে, ‘শাঁখা পরে আঁখি মুদে আছে পাখি সব/ চরে আর নাহি চরে নাহি কলরব’। গরমের শিকার কবি নিজেও। তাই নিজেকে নিয়ে রসিকতা করতেও তাঁর বাধেনি, ‘কত জল খাই তার নাহি পরিমাণ/ ডাগর হইল পেট সাগর সমান’। ঈশ্বরগুপ্ত ছাড়াও বাংলার অনেক কবি-সাহিত্যিক সুযোগ পেলেই গরমকে একহাত নিয়েছেন। সব দৃষ্টান্ত দিতে গেলে পাঠকের ধৈর্যচ্যুতি ঘটবে।
দুই.
অন্যদিকে গরমকে যাঁরা ঋতুচক্রের আশীষ হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদের পুরোধা। তিনি নিজেও জন্মেছিলেন বৈশাখের এক রৌদ্রকিরণসিক্ত দিনে। সম্ভবত জন্মলগ্ন থেকেই এই আপাতকঠোর ঋতুটির প্রতি তাঁর একধরনের ভাব-ভালোবাসা গড়ে উঠেছিল। একে তিনি ‘রুদ্র তাপস’, ‘সন্ন্যাসী’ ইত্যাদি বলে দূরে ঠেলেননি। এর প্রমাণ গ্রীষ্ম নিয়ে লেখা কবির অজস্র গানেই আছে।
বাঙালিকে অনেক কিছুই বোঝাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। গরমের দুপুরটা কীভাবে কাটানো উচিত, কী করা উচিত নয়, সে ব্যাপারেও তাঁর বক্তব্য পরিষ্কার। তাঁর চোখে গরমের দুপুরে পেটভরে খাওয়ার মতো এমন জড়ত্বজনক জিনিস আর দুটি নেই। তাঁর মতে, বাঙালি প্রচুর পরিমাণে মধ্যাহ্নভোজন করে বলেই ‘মধ্যাহ্নের একটি নিবিড় ভাব-সৌন্দর্য উপভোগ করতে পারে না’। বাঙালির কাছে গ্রীষ্মকে সহনীয় ও গ্রহণীয় করতে কবির চেষ্টার অবধি ছিল না। তবে মনে হয়, গরমকালের রসাল ফলের মিষ্টতা আস্বাদনের বাইরে আর কোনো নিবিড় ভাব-সৌন্দর্য খুঁজে বের করতে বাঙালির চেষ্টা দেখা যায়নি।
গরম নিয়ে বাঙালির দোলাচল সুবিদিত। গরমের শারীরিক ক্লেশ শুধু চৈত্র-বৈশাখেই সীমাবদ্ধ নয়। ভাদ্র-আশ্বিনের বাতাসবিহীন গুমোট গরমের নিদ্রাহীন রাতের কথা বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে মনেও পড়ে না। আষাঢ়ের অতিবর্ষণ, বন্যা, আশ্বিনের অসময়ের বৃষ্টি বা ফসলহানি বা সুপেয় পানির অভাব নিয়ে আমাদের আহাজারি নেহাতই পোষমানা বা মৃদু।
গ্রীষ্মের অসহ্য গরমে মাঝেমধ্যে চৈত্র-বৈশাখ মাসের কোনো কোনো দিন বেলা থাকতেই আকাশের কোনো একদিকে কালো মেঘ একটু একটু করে এগোতে থাকে। সেই মেঘ ‘দ্যাখ-দ্যাখ’ করে বড় হয়ে নিমেষে ছেয়ে ফেলে আকাশ। একটু পরেই ধূলি উড়িয়ে শোঁ শোঁ শব্দে ঝড় উঠে সব ভাসিয়ে লন্ডভন্ড করে। ‘জ্বিনে-ধরা যুবতীর লম্বা কালা ক্যাশের লাহান’ সেই ঝড়ের ঝুঁটি। এই কালবৈশাখী ১০ থেকে ১২ মিনিটের বেশি স্থায়ী নয়।
গ্রীষ্মের মতো সৃজনশীল ঋতু আর কয়টি আছে! এত বিচিত্র ফুল আর রসাল ফলের সম্ভার সাজিয়ে আর কোনো ঋতু আমাদের উপহার দেয়? ফল আর ফুলের ঐশ্বর্য ছাড়াও গ্রীষ্মকালের শাকসবজির প্রাচুর্যে তুচ্ছ দৈনন্দিন কাঁচা বাজারও ঝলমল করে ওঠে বছরের এই সময়ে। চুঘতাই-এর আঁকা নারীদের সুশ্রী আঙুলের মতো কমনীয় ঢ্যাঁড়স। সতেজ পুঁইশাকের লকলকে পুষ্ট ডগা, লতানো লতির অভিসারিকা ভাব আর উজ্জ্বল জামরঙের চকচকে বেগুন কার না চোখ কাড়ে। বাঁকা চাঁদের মতো সোনালি রঙের কুমড়োর ফালি মনে পড়িয়ে দেয় সেই কবেকার ফার্স্ট ইয়ারে পড়া কবি জসীমউদ্দীনের অমর পঙিক্ত, ‘মন সে তো নয়, কুমড়ার ফালি কাটিয়া দেখানো যায়’। গ্রীষ্মের কোনো ছুটির সকালে বাজার থেকে সদ্য আনা কুমড়োর ফালির সৌন্দর্যে আবিষ্ট কবির মনে হঠাৎ এই পঙিক্তটির উদয় হয়েছিল কি না, কে জানে!
গরমকে উপভোগ করার শ্রেষ্ঠ সময় হয়তো বাল্য আর কৈশোরের দিনগুলো আর যথার্থ পরিবেশ হলো গ্রাম বা আধা শহর-আধা গ্রাম, যা আজ থেকে ৫০-৬০ বছর আগের মফস্বল জেলা শহরে পাওয়া যেত। তখন চৈত্র-বৈশাখ মাসেও খোলা মাঠে সকাল-বিকেল এমনকি দুপুরেও উতলা বাতাসে গা জুড়ানো সম্ভব ছিল। কার গাছে আমের গুটি এসেছে, কোন গাছে পাখির ডিম ফুটেছে—এসব অতি মূল্যবান তথ্য নখের ডগায় রইত আমাদের।
ছেলেবেলার সেই আধা শহুরে-গ্রামীণ জেলা শহরটিতে বৈশাখের গরম জেঁকে পড়তেই ঝিঁঝি পোকারা গাছের ডালে বসে ডাক শুরু করে। ঝিন ঝিন ঝিনো ও ও ও—সেই একটানা ডাকে গরম যেন গলে গলে পড়ে গাছের তলায় ঝোপের পাশে। ঝিঁঝি পোকারা নাকি তাঁত চালিয়ে কাপড় বোনে এই সময়, সেই তাঁতের মাকু থেকেই শব্দ ওঠে ‘ঝিন ঝিন ঝিনো ও ও ও।’ কাপড় বোনা শেষ হলে নাকি ঝিঁঝিরা তাঁত বন্ধ করে দেয়, তাই ডাকও শোনা যায় না।—ছুটির দুপুরে ভিক্ষা চাইতে এসে বুড়ি বোষ্টমি জিরিয়ে নেওয়ার ফাঁকে এমনি সব গল্প শোনাত আমাদের।
তখন চোখ বড় বড় করে শুনতাম বোষ্টমির গল্প। আর ভাবতাম, ঝিঁঝিদের বোনা সেই কাপড়খানা যদি একঝলক দেখা যায়! ঝিঁঝির ডাক এখনো শোনা যায়, আধা শহরে, গ্রামে-গঞ্জে। বৈশ্বিক উষ্ণতার কারণে জীববৈচিত্র্যে মারাত্মক পরিবর্তন না হলে আরও বহুদিন ঝিঁঝিরা গ্রীষ্মের দুপুরে ডেকে যাবে ক্লান্তিহীন উৎসাহে। তবে আজকের ছেলেমেয়েরা কেউ আর তাদের কাপড় বোনার গল্প বিশ্বাস করে বলে মনে হয় না। বিশ্বাস না করাই ভালো।