আহা কী আনন্দ!
পাখিডাকা, ছায়াঢাকা অস্ট্রিয়ার এক ছোট্ট, সুন্দর শহর টাইরল। আর এই শহরেরই একজন মধ্যবয়সী মানুষ হঠাৎ খুব হালকা বোধ করছেন। আনন্দ ও হালকা বোধ করার এই অনুভূতি তিনি পেয়েছেন ‘মাত্র’ কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে! তিনি নিজেই জানিয়েছেন, নিজেকে মুক্ত মনে হওয়ার এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।এই মধ্যবয়সী মানুষটি হচ্ছেন অস্ট্রিয়ার একজন বিখ্যাত গৃহস্থালি পণ্যের ব্যবসায়ী কার্ল রাবেডার। টাকার অঙ্কে তাঁর বিত্ত নেহাতই কম নয়। কিন্তু এই বিত্তবান ব্যবসায়ী সম্প্রতি তাঁর বিত্তের পুরোটাই দান করে দিয়েছেন মানবতার সেবায়। তাঁর দান করে দেওয়া সম্পদের পুরোটাই ব্যয় করা হবে মধ্য ও লাতিন আমেরিকার অসহায় ও আর্তের কল্যাণে।গৃহস্থালিপণ্যের ব্যবসা করে তিনি অঢেল বিত্তের মালিক হয়েছেন খুব অল্প সময়েই। সারা জীবন অর্থের পেছনে ছুটেছেন ৪৮ বছর বয়সী রাবেডার। জীবনের মধ্য পথে এসে তাঁর উপলব্ধি, অর্থসম্পদ কখনোই মানুষকে সুখী করতে পারে না। তিনি বলেছেন, ‘গত ২৫ বছর আমি ক্রীতদাসের মতো কাজ করেছি। কিন্তু কখনোই নিজের সুখ বা চাহিদার কথা ভাবার প্রয়োজনীয়তা অনুভব করিনি।’রাবেডার, তাঁর প্রতি মাসের খরচ কত জানেন? মাত্র এক হাজার ২৯০ ডলার। কখনো কখনো নাকি সেটাও খরচ হয় না—এতটাই নিরুপদ্রব ও সাধারণ জীবনে অভ্যস্ত তিনি। পাহাড়ের ওপর যে কাষ্ঠকুটিরে তিনি বাকি জীবন কাটাবেন, সেখানে থাকবে কয়েক বাক্স বই ও একটি ল্যাপটপ। যুবক বয়সে রাবেডারের একমাত্র স্বপ্ন ছিল, কীভাবে অঢেল সম্পদের মালিক হওয়া যায়। ছোটবেলাও খুব একটা ভালো কাটেনি তাঁর। মা ও দাদির সঙ্গে থাকতেন। জীবনের অনেক কিছুই তাঁকে শিখিয়েছেন তাঁর দাদি। একজন সুনিপুণ গৃহিণী ছিলেন তিনি। তিনি বলতেন, ‘জীবনের সত্যিকারের সফলতা ও আনন্দ লুকিয়ে আছে মিতব্যয়িতা ও সঞ্চয়ের মধ্যে।’বালক বয়সেই রাবেডার নিজেদের বাগানে উৎপাদিত সবজি বাজারে বিক্রি করে উপার্জন করা শুরু করলেন। গণিত, রসায়ন ও পদার্থবিদ্যায় ডিগ্রি নেওয়ার পর তিনি তাঁর কাজের ধারা পরিবর্তন করলেন। প্রথম তিনি বাগানের ফুল বিক্রি করতেন; পরবর্তী সময়ে তিনি শুকনো ফুল, ফুলদানি ও মোমবাতি বিক্রি করা শুরু করেন। এ সময়েই তাঁর গৃহস্থালিপণ্যের ব্যবসার উন্নতি শুরু হয়। অর্থ আসতে থাকে হু হু করে। একদিন তাঁর মনে প্রশ্ন জাগে, মানুষের জীবনে টাকা ছাড়া কি আর অন্য প্রয়োজন থাকতে পারে না? তিনি অনেক ভাবলেন। উত্তর পেলেন—না, টাকাই জীবনের একমাত্র প্রয়োজন নয়।এই উপলব্ধি থেকে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে ফেললেন তিনি। ভাবলেন বিলাসিতাকে বিসর্জন দেবেন চিরতরে। এই উপলব্ধি তাঁর জীবনে অনেক বড় ঝড় তুলেছে। সংসার হারিয়েছেন তিনি, কিন্তু অনড় থেকেছেন নিজের সিদ্ধান্তে। ২০০৩ সালে এসব নিয়ে মনোমালিন্যে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। কিন্তু সব অর্জন আর্তের কল্যাণে বিলিয়ে দিয়েই তিনি খুঁজে নিতে চেয়েছেন সব সুখ; বুঝতে চেয়েছেন জীবনের অর্থ।তিনি আর্তের সেবায় সম্পদ দান করে দেওয়ার ক্ষেত্রে নিজের মতো করেই তৈরি করেছেন উদাহরণ। লস অব ফরচুন; গেইন অ্যা লাইফ নামে তাঁর একটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। সেখানে তিনি সব ধনীকেই সম্পদের বিনিময়ে আর্তের সেবায় নিজের জীবনের প্রকৃত সুখ ও আনন্দ খুঁজে নিতে বলেছেন। জীবনের এই পর্যায়ে এসে তিনি বিশ্বাস করেন, সত্যিই তিনি পৃথিবীকে বদলে দিতে পারেন। মিনহুন নাহার, রিডার্স ডাইজেস্ট অবলম্বনে