আমাদের বন্ধু সিডনি একেবারে ছোটবেলা থেকেই মহা মিথ্যুক। এমনকি, সিডনি ওর নামও নয়। বাপ-মায়ের দেওয়া নামটি একেবারে এলেবেলে-সাদামাটা বলে লজ্জা ঢাকার জন্য সে নিজেই নিজের নাম দিয়ে নিয়েছে। তা সে করতেই পারে। অন্যের দেওয়া অপছন্দের নাম সারা জীবন ধরে বয়ে বেড়ানোর দায় নেই কারও। আসল নামটি ভদ্রতার খাতিরেই প্রকাশ করছি না। আফটার অল, ও আমাদের বন্ধু, সব গোপন ফাঁস করা ঠিক হবে না। যা হোক, এই মিথ্যে বলার প্রতিভা সে কোত্থেকে অর্জন করেছিল, বলা মুশকিল। ছোটবেলায় টুকিটাকি মিথ্যে আমরাও বলতাম, এখনো বলি। তাই বলে বিনা কারণে, এ রকম ডাহা মিথ্যে বলার স্বভাব সচরাচর দেখা যায় না। কী মজা যে সে পায় এসব করে, কে জানে! সেই সুদূর কৈশোরে, স্কুলে পড়ার সময়, সে এমন সব মিথ্যে বলে আমাদের বিভ্রান্ত করত যে স্রেফ বেকুব বনে যেতাম। কোনো বন্ধু হয়তো একদিন স্কুলে যায়নি, সিডনি ওই দিন সন্ধ্যায় নিজ উদ্যোগে তার বাড়ি গিয়ে অঙ্কের শিক্ষক কী কী হোমওয়ার্ক দিয়েছেন, ইংরেজির শিক্ষক কোন কোন পড়া মুখস্থ করে যেতে বলেছেন, ধর্ম-শিক্ষক কালকে জোড়া বেত নিয়ে ক্লাসে আসবেন কারণ ছেলেপেলেরা ইদানীং অতিরিক্ত ক্লাস ফাঁকি দিচ্ছে—এ ধরনের নানা কথা বলে তার মাথা খারাপ করে দিয়ে আসত। সে হয়তো সারা রাত জেগে অঙ্ক করত, ইংরেজি মুখস্থ করত আর ধর্ম-শিক্ষকের বেতের বাড়ি থেকে রক্ষা পাওয়ার জন্য ভোরবেলায় ফজরের নামাজ পড়তে বসত! পরদিন দেখা যেত, শুধু ইংরেজি শিক্ষকের ব্যাপারটা কিছুটা সত্য, বাকিটা মিথ্যে। সত্যি আর মিথ্যের এই মিশেল দেওয়ার জন্য বিভ্রান্তি আরও বাড়ত। পুরোটা মিথ্যে বলে ধরা পড়লে পরবর্তী সময়ে না-হয় তার কথা আর বিশ্বাস না করলেও চলে, কিন্তু ওই সত্যি-মিথ্যের মিশেলে কোনটুকু যে সত্যি আর কোনটুকু মিথ্যে সেটি নির্ধারণ করার উপায় কী? ওর এসব কাজকর্মে আমরা প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। ছোটবেলায় বিরক্ত হতাম, রাগ হতো, ঝগড়াও হতো, কিন্তু বড় হতে হতে ব্যাপারটা আমাদের কাছেও মজার বলে মনে হতে লাগল। ওর কথাবার্তা খুব একটা পাত্তা দিতাম না আমরা, বিশ্বাসও করতাম না, সত্যি-মিথ্যে যাচাইও করতে যেতাম না। অবশ্য, এত কিছু সত্ত্বেও আমাদের বন্ধুত্ব ক্ষুণ্ন হয়নি। মিথ্যেটিথ্যে বলে বিভ্রান্ত করলেও সে এমন কিছু বলত না বা করত না যা কারও ক্ষতির কারণ হতে পারে! নির্দোষ মিথ্যে যাকে বলে আর কি!মাঝেমধ্যে ওকে আমরা বলতাম—তুই একদিন খুব বড় একটা ধরা খাবি, দেখিস। চিরদিন মিথ্যে বলে পার পেয়ে যাবি, তা তো হয় না! সিডনি হা হা করে হাসতে হাসতে বলত—সব মানুষই তো ধরা খেয়ে আছে দোস্ত! বল, তোরা সবাই একেকজন ধরা খাওয়া মানুষ না? আমিও না-হয় খেলাম! মানুষের জন্য এ আর নতুন কী? এর কোনো উত্তর হয় না। সত্যি বটে, আমরা সবাই একেকজন ধরা খাওয়া মানুষ, কিন্তু এ রকম নগ্নভাবে কেউ এগুলো বলে নাকি? সিডনি ও রকমই ছিল। সবকিছু সহজভাবে দেখার এক বিরল গুণ ছিল ওর। যা হোক, আমরা বড় হতে লাগলাম। প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম, ওর সেটা হয়ে উঠল না। পড়াশোনা করত না মোটেই, ভর্তিযুদ্ধে তাই টিকতে পারল না। সাধারণ কলেজ থেকে ডিগ্রি পাস করে ঢুকে গেল একটা দেশীয় কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ হিসেবে। পোস্টিং হলো ঢাকার বাইরে, যোগাযোগ হারিয়ে ফেললাম আমরা। দুই বছর পর যখন আবার দেখা হলো আমাদের, ওর চেহারা-সুরতে তখন আমূল পরিবর্তন এসেছে। দেশীয় কোম্পানি ছেড়ে দিয়ে তত দিনে সে একটা বহুজাতিক কোম্পানিতে ঢুকেছে। নিশ্চয়ই ওর পারফরমেন্স ভালো ছিল, নইলে ঢুকল কীভাবে? এর আরও দুই বছর পর দেখলাম, সে আরেকটি বহুজাতিক কোম্পানির ডেপুটি ম্যানেজারের পদ বাগিয়ে নিয়েছে এবং পোস্টিং নিয়ে নিজের চিরচেনা শহরে ফিরে এসেছে। একদিন নিজের অফিসে আমাদের দাওয়াত করল সে। দেখলাম, শুধু চাকরির জৌলুস নয়, ওর চেহারা-সুরতের জৌলুসও বেড়েছে অনেক। চমৎকার কাপড়-চোপড় পরেছে, নিখুঁত করে টাই বাঁধতে শিখেছে, চোখে গোল্ড-রিমের দৃষ্টিনন্দন চশমা, হাতের ঘড়িটিও যেন ঝিলিক দিয়ে তার জৌলুসের প্রমাণ দিচ্ছে। ঠোঁটে মিষ্টি এক টুকরো হাসি, আর মুখে মধুর বুলি। কী যে সুন্দর করে কথা বলছে, আর কী যে স্নিগ্ধ-শোভন-আকর্ষণীয় লাগছে তাকে যে আমরা প্রায় চিনতেই পারছি না যেন! আমরা তখনো ছাত্র, সেশনজটের ধাক্কায় বছরের পর বছর ধরে পড়ে আছি ক্যাম্পাসে, বেরোতেই পারছি না, আর সিডনি কোথায় উঠে গেছে! আড্ডা হলো, গল্পটল্প হলো, তারপর বেশ চমৎকার আপ্যায়নপর্ব শেষে সে যখন নিজের ভিজিটিং কার্ড এগিয়ে দিল, আমরা আরেক দফা বিস্মিত হলাম। দেখলাম, ওর নামের পাশে একটা প্রফেশনাল ডিগ্রি সগৌরবে বিরাজ করছে! জিজ্ঞেস করলাম—এমবিএ করলি কবে?করিনি তো!করিসনি?নাহ।তাহলে লিখেছিস যে!ওটা তো লিখতেই হয়! এই চাকরি, এই পোস্টের সঙ্গে একটা মানানসই ডিগ্রি না থাকলে চলে, বল?তোর মিথ্যে বলার স্বভাব এখনো যায়নি, না?এটা মিথ্যে নয়, বন্ধু। কৌশল। বেঁচে থাকার কৌশল।এ কেমন ধরনের কৌশল?কৌশল তো কৌশলই, তার আবার ধরন-ধারণ কী?এটা কোনো কথা হলো?কেন হবে না? সবাই তো কৌশল করেই বেঁচে থাকে। এমন একজন মানুষও কি দেখাতে পারবি যে বেঁচে থাকার জন্য কৌশল অবলম্বন করেনি? কেউ পরিবারের ভেতরে করেছে, কেউ আত্মীয়-স্বজনদের সঙ্গে, কেউ সমাজের সঙ্গে, কেউ...থাক, থাক, আর বলতে হবে না।সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছিস, তাই না? ঠিক আছে, বাদ দে এই প্রসঙ্গ। বরং আমার প্রেমের কথা বলি।এর মধ্যে প্রেমও জুটিয়ে ফেলেছিস?হ্যাঁ। অবাক হচ্ছিস কেন?না, মানে, ব্যাপারটা তো সহজ নয়।তা তো নয়ই। প্রেমেও কৌশল লাগে।মেয়েটা কে রে?আছে একজন। তোদের সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেব। চোখ টাটাবে তোদের। যেমন সুন্দরী, তেমনই শিক্ষিত, রুচিশীল। আবার বড়লোকের একমাত্র কন্যাও।এ রকম একটা মেয়ে তোর সঙ্গে জুটল কীভাবে?কেন, আমি কি এতই ফেলনা?ফেলনা না, আবার ও রকম মেয়ের যোগ্যও না। পটালি কীভাবে?ওই যে বললাম, কৌশল!মিথ্যে কথা বলেছিস ওকে, তাই না?তা তো বলেছিই। আমার বাপ যে কেরানি, বাড়িঘর-চালচুলো বলতে কিছু নেই, এসব কথা বললে ওই মেয়ে আমার সঙ্গে প্রেম করবে?তাহলে কী বলেছিস?বলেছি, বাপ-মা কানাডায় সেটেলড, ভাই-বোনরাও ওখানেই। এখানকার বাড়িঘর সব বিক্রি করে দেওয়া হয়েছে। আমার বিদেশে ভালো লাগে না বলে এখানেই রয়ে গেছি!এসব কথা তুই বলতে পারলি?কেন, বলতে অসুবিধা কোথায়? এ রকম কি হতে পারত না?ধরা খাবি তো! একদিন তো সত্যিটা জেনে যাবে, তখন কী করবি?সেটা তখন দেখা যাবে।শুনে ভারি অবাক হলাম। কত সহজে, কী অবলীলায়, মধুর স্বরে মিথ্যে বলে সে একটা প্রেম জুটিয়ে নিয়েছে। নিজের প্রেমহীন জীবনের দিকে তাকিয়ে মনে হলো—এই কৌশলগুলো শিখিনি বলে, মনে যা আসে কর্কশ কণ্ঠে সে সব বলে ফেলি বলে, শতকরা ৯০ ভাগ মিথ্যের সঙ্গে ১০ ভাগ সত্যির অপূর্ব মিশেল দিতে শিখিনি বলে জীবনে আমার প্রেম হলো না। যা হোক, সিডনির মিথ্যেগুলো একদিন সত্যিই ধরা পড়ল ওর প্রেমিকার কাছে। সিডনি আর মুনার কাছে সেই কাহিনি শুনেছি, এখন বলছি নিজের বয়ানে।বিয়ের ব্যাপারটা যখন সামনে চলে এল, তখন স্বাভাবিকভাবেই মেয়ের বাপ সব খোঁজখবর করতে গিয়ে হতভম্ব হয়ে গেলেন। ছেলে সম্বন্ধে তাঁর কোনো আপত্তি ছিল না। দেখতে ভালো, উচ্চশিক্ষিত, বড় চাকরি। কোনো অযোগ্যতা তো নেই! কিন্তু ছেলের ফ্যামেলি যে হতদরিদ্র! এত বড় মিথ্যে বলেছে ছেলেটা? এ বিয়ে হতেই পারে না। অসম্ভব। বাপের কাছে সব শুনে মেয়েটি দাঁড়াল সিডনির মুখোমুখি। এবার আর মিথ্যে বলল না সে, অকপটে সব স্বীকার করে নিয়ে বলল—সত্যি-মিথ্যে যা কিছু বলেছি, তোমাকে পাওয়ার জন্যই বলেছি। তোমার কাছে এগুলো মিথ্যে মনে হতে পারে, কিন্তু আমি ভেবেছি, আমার জীবন তো ও রকম হতেও পারত, যেমনটি হলে সাহস নিয়ে তোমার মুখোমুখি দাঁড়ানো যায়। না হওয়ার জন্য তো আমি দায়ী নই। আমি তো নিজে থেকে দারিদ্র্য বেছে নিইনি, দরিদ্র বাবা-মায়ের সন্তান হতে চাইনি, দরিদ্র পরিবারের হাহাকারের মধ্যে এসে সংকট বাড়াতে চাইনি। এই জীবন আমার পছন্দ করে নেওয়া নয়, আমাকে দেওয়া হয়েছে। মেনে নিতে চাইনি এ জীবন, অবিরাম যুদ্ধ করেছি, এখনো করছি। তোমাকে চাওয়া তো আসলে সেই যুদ্ধেরই অংশ। তোমার বাবার অর্থ-বিত্ত-প্রতিপত্তির লোভে পড়িনি আমি, কেবল তোমাকেই পাশে পেতে চেয়েছি, একজন সহযোদ্ধা হিসেবে। একা একা আমি বড় ক্লান্ত, আর তুমি সঙ্গী হিসেবে অসাধারণ, বন্ধু হিসেবে চমৎকার, আশ্রয় হিসেবে অসামান্য...ইত্যাদি। এই এক বক্তৃতাতেই কাজ হয়ে গেল। বাপের অমতেই মুনা চলে এল সিডনির কাছে। বিয়ের পরও মনে হলো, ওরা সুখেই আছে। তত দিনে সে বহুজাতিক কোম্পানির বড় চাকরি ছেড়ে নিজেই ব্যবসা শুরু করেছে। শুনেছি, এখন ওর অনেক টাকা। আমরা সব ছা-পোষা চাকরিজীবী, স্বল্প বেতনে টেনেটুনে সংসার চালাই, অনেক টাকার হিসাব তাই জানতে চাইনি। ও ভালো আছে, সুখে আছে, সেটাই তৃপ্তির ব্যাপার। কিন্তু মজার ব্যাপারটা জানা গেল কিছুদিন পর। আমাদের এখনো মাঝেমধ্যে আড্ডা হয়। একদিন সে রকম এক আড্ডায় এসে প্রায় ভেঙে পড়ল সিডনি। বলল—সত্যিই ধরা খেয়েছি রে দোস্ত, খুব বড় ধরা খেয়েছি।আমরা শঙ্কিত হলাম। কত কিছু করে বেড়ায় সে, কোনটাতে ধরা খেল, কে জানে! শঙ্কা অবশ্য কেটে গেল পরের কথাগুলোতেই—জানিস, বউয়ের কাছে আমি আর মিথ্যে বলতে পারি না! অনেকবার ধরা পড়েছি, ও কষ্ট পেয়েছে, কাঁদতেও দেখেছি ওকে। দেখে অনুতপ্ত হয়েছি। তারপর একদিন নিজের কাছেই প্রতিজ্ঞা করেছি, ওকে আর মিথ্যে বলব না। বলিও না। দিনের শেষে সত্যি কথাগুলো গড়গড় করে ওকে বলে দিই। কনফেশনের আনন্দ হয়, জানিস!ভালো তো! এর মধ্যে ধরা খাওয়ার কী দেখলি?সমস্যা তো অন্য জায়গায়, দোস্ত। ও আমার সত্যি কথাগুলো বিশ্বাস করে না!হাহাহা...হাসিস না, সমস্যাটা সিরিয়াস।মিথ্যে বলে বলে তুই এমন অবস্থা তৈরি করেছিস...আহা শোনই না। আমি তো মানুষ হিসেবে খুব একটা ভালো না। আর ওপরে উঠতে গেলে এত ভালো থাকলে হয়ও না। নানা কায়দাকানুন, ছলচাতুরী করতেই হয়। গরিব বাপের ছেলে, পেছনে কোনো সাপোর্ট নেই, একেকটা অর্জনে যে কত মিথ্যে, কত বদমায়েশির গল্প, তোদের বলে বোঝানো যাবে না। কিন্তু ওকে যখন এসব বলি, ও হেসেই উড়িয়ে দেয়। বলে, চাপা ছেড়ো না তো, তুমি এ রকম মানুষ হতেই পারো না! কী করি বল তো!আমরা কিছু বলি না। বলার কীই বা আছে? মেয়েটি ওর মধুর মিথ্যেকেই ভালোবেসেছে, রূঢ় সত্যকে নয়। তাতে অসুবিধা কী? প্রেম তো প্রেমই!