চতুর্দশ এশীয় চারুকলা প্রদর্শনী ২০১০ চলছে। বিপুল না হলেও বিরূপ আবহাওয়ায়ও ধুমধামের কমতি নেই। এবার অংশ নেওয়া দেশের সংখ্যা কমেছে, এর আগেরবারের চল্লিশোর্ধ্ব থেকে কমে এবারের সংখ্যা ২৮। এর মধ্যে উদ্বোধনের সময় পর্যন্ত প্রায় সাত-আটটি দেশের শিল্পকর্ম এসে পৌঁছায়নি, শেষ পর্যন্তও অনুপস্থিত থাকতে পারে বেশ কয়েকটি দেশ। তবে এশীয় প্রদর্শনীতে শুধু সংখ্যা বাড়ানোর জন্য ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কিছু দেশকে ডেকেডুকে হাজির করে এর বিশিষ্টতা নষ্ট করার চেয়ে এটি এমন কিছু মন্দ নয়। সংখ্যার চেয়ে মানের দিকে নজর বাড়ানোর কথা আমরা আগেও বলেছি, একই কথা আবারও বলার হয়তো প্রয়োজন নেই। বিশ্বের মানসম্পন্ন কিছু আর্ট জার্নাল ঘাঁটার সুযোগ হয়, সেসবে বাংলাদেশের এশীয় চারুকলা প্রদর্শনীর কোনো স্থান নেই। অবশ্য এই ভেবে কিছুটা শ্লাঘা অনুভব করা যেতে পারে যে ওখানে ভারতের ত্রিবার্ষিক আন্তর্জাতিক প্রদর্শনীটিও আমার জানামতে কখনো উল্লিখিত হয়নি, অবশ্য যোগ্যতার মানদণ্ডে সমান পশ্চাৎপদ থাকাটা যদি আদৌ গর্বের বিষয় হয়। চীনের চার-পাঁচটি প্রদর্শনী, জাপানের ফুকোওকা এশীয় প্রদর্শনীসহ বেশ কয়েকটি, মধ্যপ্রাচ্যের শারজাহ, দোহা আমাদের অনেক পরে শুরু করেও ওই সব জার্নালে স্বীকৃত ও আলোচিত; কারণ ওই একটিই—তারা সংখ্যার চেয়ে মানের গুরুত্বকে অধিক প্রয়োজনীয় ভেবেছে।তবে এবারের এশীয় প্রদর্শনীর ইতিবাচক দিক বা এর থেকে অর্জন একেবারেই নেই, তা মোটেও নয়। অন্যান্যবার এশীয় প্রদর্শনীর বিশাল অংশজুড়ে বাংলাদেশের ভালো-মাঝারি-মন্দ কাজের ঢালাও প্রদর্শনের যে চল ছিল, এবার তার ব্যত্যয় ঘটেছে। এর আগে বাংলাদেশের দুই শতাধিক কাজের মধ্যে উল্লেখযোগ্য শিল্পকর্ম যে ছিল না, তা নয়; কিন্তু অধিকসংখ্যক মাঝারি এবং এমনকি বিদ্যায়তনিক নিরীক্ষা ও অনুশীলনের কাজের ভিড়ে তা চোখে পড়ার জো ছিল না। এবার সে সংখ্যা পঞ্চাশের নিচে নামানো হয়েছে, বাদ পড়েছেন অনেক প্রতিষ্ঠিত শিল্পী। হঠাৎ করে এমন বৈপ্লবিক পরিবর্তন স্বাভাবিকভাবেই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, যার অধিকাংশই কঠোর সমালোচনামূলক, এটিও প্রত্যাশিতই ছিল। অবশ্য এর পক্ষে সমর্থনও যে ছিল না, তা নয়। তবে এসব বাদানুবাদে বা ব্যক্তিগত ক্ষোভের মধ্যে না গিয়েও মোটা দাগে এটি বলা যায় যে বাংলাদেশের শিল্পকর্মের নির্বাচন আরও উন্নত ও সীমিত করার যে কথাটি বহুদিন ধরে বলা হচ্ছিল, তার কিছুটা প্রয়োগ এবারই প্রথম দেখা গেল। এটি ইতিবাচক নিশ্চয়। সেই সঙ্গে এটিও বলা জরুরি যে এবার শিল্পকর্মের সংখ্যা সীমিত হবে এবং ফলে নির্বাচনের ক্ষেত্রে মানের গুরুত্ব আগের তুলনায় বেড়ে যাবে, এটি আগেই নির্ধারণ করে নীতিমালায় এর উল্লেখ থাকলে প্রত্যাশী শিল্পীরা শিল্পকর্ম জমা দেওয়ায় আরও যত্নবান হতেন। পরিবর্তন দরকার, তবে তা প্রত্যাশিত গতিতে ও সহনীয় মাত্রায় করাটাই বাঞ্ছনীয়।এশীয় অন্যান্য দেশের সংখ্যা বাড়ুক বা কমুক, বিদেশের কাজের মান কিন্তু ক্রমশই নিম্নমুখী, এ আয়োজনের এটি একটি স্থায়ী হতাশার বিষয় হয়ে উঠেছে। এবারের আয়োজনও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের বাইরে জাপান ও দক্ষিণ কোরিয়ার কাজ কৌতূহল জাগায় বিষয়ের চেয়েও কৃৎকৌশলের চমৎকারিত্বে। কাতার ও ওমানের শিল্পকর্ম মানসম্পন্ন। একটিমাত্র কাজ হলেও ইন্দোনেশিয়ার চিত্রকর্মটি আকর্ষণীয়। সবচেয়ে হতাশ করেছে আমাদের দুই নিকট প্রতিবেশী এবং শিল্পকলা জগতের নানা কার্যক্রমে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ সবার চেয়ে বেশি—সেই ভারত ও পাকিস্তান। একজন করে নেহাত মাঝারি মানের শিল্পীর কিছু কাজ, যেন নিতান্ত হেলাফেলায় কোনোরকমে তালিকায় নাম রাখা। ভারতের সেটুকু কাজও আবার প্রদর্শনী উদ্বোধন পর্যন্ত দেয়ালে লাগেনি। এর বাইরে উদ্বোধনের তিন দিন পরও যেসব দেশের শিল্পকর্ম এসে পৌঁছেনি, সেসব প্রত্যক্ষ করার সুযোগ আর ঘটেনি, সেসব সম্পর্কে মন্তব্য সম্ভব নয়।তুলনামূলক বিচারে এবার বাংলাদেশের কাজই শ্রেয়তর। সৃজনশীল কাজে ভালো-মন্দের বিচার নেহাতই ব্যক্তিগত। এ নিয়ে ক্ষোভ-বিতর্ক-অভিযোগ থাকবেই। ২০০৮ সালে লন্ডনে টার্নার প্রাইজের পুরস্কার ঘোষণার দিন টেট্ ব্রিটেনের সিঁড়িতে দেখেছিলাম শিষ্টতার জন্য খ্যাতিমান ইংরেজ-প্রবরদের ভদ্রগোছের প্রতিবাদ। পুরস্কারপ্রাপ্তরা ছাড়া আশরাফুল হাসান, শারদ দাশ, মাহমুদুল হাসান, আনিসুজ্জামান, যুবরাজ ও মো. আতিকুল ইসলামের কাজ আকর্ষণীয় মনে হয়েছে। এ ছাড়া তৈয়বা বেগম লিপি, নাজিয়া আন্দালীব প্রিমার ভিডিও, হাবিবা আখতার পাপিয়ার স্থাপনা শিল্প, বিশ্বজিৎ গোস্বামী, দিলারা বেগম, কামালুদ্দিন ও মো. আলপ্তগীনের চিত্রকর্ম নজরে আসে। সার্বিকভাবে বাংলাদেশের উপস্থাপন যথেষ্ট উজ্জ্বল, বিদেশি বিচারকেরাও এটি এক বাক্যে স্বীকার করে গেছেন।প্রদর্শনীর সঙ্গে আয়োজিত এবারের সেমিনারের বিষয়বস্তু তুলনামূলকভাবে সমসাময়িক প্রবণতাবিষয়ক হলেও আলোচনা গতানুগতিকতার ঊর্ধ্বে উঠতে পারেনি। সমাপনী পর্বে বরং খোলামেলা আলোচনাটি হয়েছে অনেক প্রাণবন্ত। অনেক সমালোচনা আর প্রস্তাব উত্থাপিত হয়েছে বরাবরের মতোই, বরাবরের মতোই তা নীরব উপেক্ষায় বিস্মৃতিতে তলিয়ে যাবে। মহাপরিচালক মহোদয়ের আন্তরিক সদিচ্ছার যে প্রকাশ দেখা গেল, তাতে এবার সেটি হবে না, এমন একটুখানি প্রত্যাশা বোধ হয় করা যায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগটি যথাস্থানে যোগ্য লোকের অভাবে বর্তমানে ঢাল-তলোয়ারহীন নিধিরাম সরদার। সে অবস্থাতেও অল্পসংখ্যক মানুষের নিবেদিত শ্রমে একটি আন্তর্জাতিক আয়োজন মোটামুটি সফলভাবেই সম্পন্ন হয়েছে, এ জন্য তারা সবার সাধুবাদ পেতেই পারে। আগামী আয়োজনে প্রত্যাশিত পরিবর্তন ও মানোন্নয়নের জন্য এখনই সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন করে কাজ শুরু করলে হয়তো বাংলাদেশের দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীটি বিশ্বশিল্পের দরবারে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।