ইংরেজ সাহেবের বাংলা বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়াম রাদিচে
উইলিয়াম রাদিচে

ইংরেজ গবেষক, অনুবাদক ও কবি উইলিয়াম রাদিচের বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক পাঁচটি অভিভাষণের সমাহার দীর্ঘ দুরূহ পথ: বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পাঁচটি বক্তৃতা বইটি। বাংলা ভাষায় এই ভাষণগুলো তিনি দিয়েছিলেন বাংলাদেশে ১৯৮৭ থেকে ২০১২ সালের মধ্যে।
এ বইয়ে গোলাম মুরশিদ তথ্যবহুল ও দরকারি একটি ভূমিকা লিখেছেন, যাকে বইয়ের প্রবেশমুখও বলা যেতে পারে। ওই ভূমিকার দৌলতে তো বটেই, রাদিচের কাছ থেকেও জানা যায় কীভাবে বাংলা ভাষা শিখতে প্রাণিত হয়েছিলেন তিনি। সেই ইতিবৃত্তি জানিয়ে রাদিচে বলেছেন, তাঁর বন্ধু সুকান্তর সঙ্গে একদিন ইংল্যান্ডে তাঁদের পল্লি গ্রামের ফসল-ভরা খেতের ধার দিয়ে হাঁটছিলেন। ‘হাঁটতে হাঁটতে তাকে আমি বললাম, আমি ঠিক করেছি, “আমি তোমার মাতৃভাষা—বাংলা—শিখব।” আমি ভেবেছিলাম, আমার কথা শুনে উনি অবাক হলেন। হয়তো হাসবেন। কিন্তু উনি হাসলেন না। বরং উৎসাহ দিয়ে বললেন, “বাহ্, খুব ভালো হবে। দেখবে তুমি লাভবান হবে। তুমি সাহিত্যিক হিসেবে দেখবে, আমাদের বাংলা সাহিত্যের ভান্ডার কত সমৃদ্ধ। তুমি অনেক কিছু পাবে।” এভাবেই আমি ঠিক করলাম, আমি বাংলা শিখব। কিন্তু এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটা বড় কারণ ছিল, আপনাদের মুক্তিযুদ্ধ।’
এভাবেই এক ইংরেজ সাহেবের বাংলা ভাষার দিকে অভিযাত্রা। সেই যাত্রার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ভূমিকাতে। আর বক্তৃতামালাতে আছে রাদিচের আবিষ্কারের আভা।

গ্রন্থভুক্ত পাঁচটি বক্তৃতার প্রথমটির শিরোনাম ‘বাংলা কবিতা, বিশেষত রবীন্দ্রনাথ ও মধুসূদনের কবিতা অনুবাদের সমস্যা’। এর প্রতিপাদ্য যে বিষয় তার অনুকূলে রাদিচে যেসব সমস্যা ও সমাধান হাজির করেন, তা আলোক-জাগানিয়া। এখানে দেখি, দার্শনিকের মতো তাঁর উচ্চারণ, ‘একটি কবিতার গঠন বা রচনারীতির স্বরূপ শুধু মূল ভাষায় বিধৃত: বাংলা মিল আর ছন্দ এবং ইংরেজি মিল আর ছন্দ এক নয়। তাই যুক্তির বিচারে কবিতার অনুবাদ একেবারে অসম্ভব। অন্যদিকে, আমি বলছি যে প্রতিটি কবিতার একটি রহস্যময় তত্ত্ব আছে, যার মধ্যে গঠন আর বিষয়বস্তু সমন্বিত এবং এই তত্ত্বটিকে কবিতাটির বাইরের আকার থেকে বের করে অন্য একটি ভাষায় প্রকাশ করা যায়। এই কূটাভাসের মীমাংসা আমি জানি না। সহজ কথায় এর অর্থ কবিতা অনুবাদ একদিকে অসম্ভব, অন্যদিকে সম্ভব।’ ঠিক এই অনুসিদ্ধান্ত থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর ও মাইকেল মধুসূদনের কবিতা অনুবাদ করেন তিনি; এবং করতে গিয়ে যেসব সমস্যার উল্লেখ করেন, এ ক্ষেত্রে অন্য যাঁরা কাজ করেন, রাদিচের মতো একই পথের পথিক, তাঁদের কাছে তা দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠবে।

দীর্ঘ দুরূহ পথ: বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পাঁচটি বক্তৃতা
দীর্ঘ দুরূহ পথ: বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পাঁচটি বক্তৃতা
দীর্ঘ দুরূহ পথ: বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পাঁচটি বক্তৃতা
উইলিয়াম রাদিচে
প্রচ্ছদ: মাসুক হেলাল l
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
৮৮ পৃষ্ঠা l
দাম ১৮০ টাকা।

দ্বিতীয় বক্তৃতাটি হলো ‘গদ্য অনুবাদকর্মে সমস্যা ও আনন্দ’। এই ভাষণে প্রথমে বলা হয়েছে কবিতা ও গদ্যভাষ্য অনুবাদের সমস্যা প্রসঙ্গে। সমস্যার উৎসে আর কিছু নয়, রবীন্দ্রনাথের ছোটগল্প। এবং তার অনুবাদ করতে গিয়ে যেসব জটিলতার মুখোমুখি হয়েছেন রাদিচে, তা-ই তিনি তুলে ধরেছেন উদাহরণ সহযোগে।
‘আমার কবিতা, আমার কবিতায় বিভিন্ন প্রভাব এবং আমার কবিতা ও বাংলা কবিতার সম্পর্ক’ নামে তৃতীয় বক্তৃতায় রাদিচে উপসংহার টানছেন এই বলে, ‘রবীন্দ্রনাথের “জীবন-দেবতা” সম্বন্ধে অনেক তর্কবিতর্ক উঠেছে, এই বিষয়ে অনেক প্রবন্ধ আর বই লেখা হয়েছে। আমি সেই তর্কে প্রবেশ করতে চাই না; আমি আজ শুধু এই কথাটুকু বলতে চাই যে আমি আন্তরিকভাবে রবীন্দ্রনাথের জীবন-দেবতার ধারণা উপলব্ধি করতে পারি। আমার মৃত্যুর পর যদি কোনো সহৃদয় পাঠক খুঁজে বের করতে চান আমার কবিতা ও রবীন্দ্রনাথের কবিতার মধ্যে প্রধান সম্পর্ক কোথায়, অথবা কোনো ক্ষেত্রে আমি রবীন্দ্রনাথের কবিতা দ্বারা প্রভাবিত, হয়তো তারা বলবেন, আমিও “জীবন-দেবতা”র ইচ্ছার তাড়নায় লিখতাম।’ উদ্ধৃতিটুকুর ভেতর দিয়ে রাদিচে স্বীকার করে নিচ্ছেন, প্রায় স্পষ্টতই, তাঁর কবিতায় রবীন্দ্রনাথের দর্শনগত প্রভাবের কথাটি।
একইভাবে ‘বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও মধুসূদনের স্থান’ শীর্ষক চতুর্থ বক্তৃতায় তাঁর ভাষ্য, ‘মধুসূদন আর রবীন্দ্রনাথের মধ্যে পার্থক্য অনেক। নানা দিক থেকে রবীন্দ্রনাথের কাব্যস্বভাব মধুসূদনের বিপরীত।’ পরিশেষে বক্তব্যের সমর্থনে তিনি প্রায় আবিষ্কারতুল্য এক অনুসিদ্ধান্তে পৌঁছেছেন।
পঞ্চম বক্তৃতার শিরোনাম ‘“কত অজানারে জানাইলে তুমি”: আমার চল্লিশ বছরের যাত্রা’। আত্মজৈবনিক ধাঁচের এই অভিভাষণে ধরা আছে রাদিচের বাংলা ভাষা শিক্ষা ও তাঁর পারিবারিক ইতিহাস।
উইলিয়াম রাদিচে একজন ইংরেজ হয়েও প্রায় চল্লিশ বছর ধরে যেভাবে বাংলা শিখেছেন, আয়ত্ত করেছেন; এবং যে ভাষাভঙ্গির অধিকারী তিনি হয়েছেন, তা পড়ে কখনোই মনে হয় না তিনি একজন বিদেশি। আলোচ্য বইয়ে পাঁচটি ভাষণই এ কথার পক্ষে উৎকৃষ্ট উদাহরণ।