ইংরেজরাই পলাশী চক্রান্তের মূল হোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাইভের গাধা মিরজাফর নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ও এর অংশীদার ছিলেন। সেটাই বড় কথা। তিনি এই ষড়যন্ত্রে কতটুকু সক্রিয় ছিলেন তা নিয়ে আলোচনা চলতে পারে, বিচার-বিশ্লেষণ হতে পারে; কিন্তু তিনি যে পলাশীর প্রান্তরে যুদ্ধ না করে সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে থেকে ইংরেজদের জয়ের পথ নিশ্চিত করে দিয়েছিলেন, তা নির্জলা সত্য। মিরজাফর ও ক্লাইভের মধ্যে গোপন চুক্তি এভাবেই সফল হয়। কাজেই মিরজাফর আসলে ষড়যন্ত্রে ততটুকু সক্রিয় ছিলেন না, যতটুকু ধারণা করা হয়, বলে কোনো লাভ নেই। মিরজাফরের অপরাধকে এভাবে লঘু করে দেখার চেষ্টা করেছেন ইতিহাসবিদ সিরাজুল ইসলাম তাঁর ‘পলাশী পরিক্রমা’ নিবন্ধে (‘সাহিত্য সাময়িকী’, প্রথম আলো, ২৫ জুন)। তিনি পলাশীর যুদ্ধ ও সিরাজউদ্দৌলার পতন সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ষড়যন্ত্রটি পাকিয়েছে জগৎশেঠের নেতৃত্বে কোম্পানির সঙ্গে ব্যবসায়ে জড়িত কলকাতা, কাশিমবাজার ও মুর্শিদাবাদের বণিকগোষ্ঠী।ইতিহাস কিন্তু বলে অন্য কথা। ইংরেজরাই পলাশী চক্রান্তের মূল উদ্যোক্তা, ষড়যন্ত্রে তাদেরই মুখ্য ভূমিকা। তারাই নবাবের দরবারে বিক্ষুব্ধ গোষ্ঠীকে তাদের পরিকল্পিত ষড়যন্ত্রে টেনে আনে এবং সিরাজউদ্দৌলার পতন ঘটায়। জনাব সিরাজুল ইসলাম তাঁর নিবন্ধে এই মূল বিষয়টি এড়িয়ে গেছেন।পলাশীর যুদ্ধ শুধু বাংলা নয়, পুরো ভারতের রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছিল বলেই এর সঠিক ইতিহাস জানা জরুরি। ইংরেজদের বাংলা বিজয় কোনোক্রমেই আকস্মিক বা অনিচ্ছাকৃত ঘটনা নয়। পলাশীর যুদ্ধ বাংলার অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটের ফলও নয়। সুশীল চৌধুরী তাঁর পলাশির অজানা কাহিনী বইয়ে লিখেছেন, ‘পলাশি সম্বন্ধে কোলাবোরেশন মিনেসও অচল—যাতে বলা হয়, ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে (বিশেষ করে ইংরেজদের সঙ্গে) বাংলার ব্যবসায়ী-ব্যাংকার শ্রেণীর স্বার্থ এমনই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল যে তারা নবাব বাংলা থেকে ইংরেজ বিতাড়িত করবেন, এটা কোনোমতেই সহ্য করতে পারেনি এবং সে জন্যই নবাবকে তাড়াতে তারা ইংরেজদের সঙ্গে হাত মেলায়। আসলে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্যের স্বার্থেই ইংরেজদের বাংলা বিজয় অপরিহার্য হয়ে পড়েছিল। এসব কর্মচারীর প্রধান লক্ষ্য ছিল তাদের ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে স্বল্প সময়ে প্রভূত ধনোপার্জন করা এবং তা নিয়ে দেশে ফিরে গিয়ে তোফা আরামে ও স্বাচ্ছন্দ্যে বাকি জীবন অতিবাহিত করা। কিন্তু মধ্য অষ্টাদশ শতকে এই ব্যক্তিগত বাণিজ্য চরম সংকটের সম্মুখীন হয় এবং এর ফলে এই বাণিজ্যের পরিমাণ অনেক কমে যায়। আর এই ব্যক্তিগত বাণিজ্য পুনরুদ্ধার করার জন্যই কোম্পানির কর্মচারীরা সাব-ইম্পিরিয়ালিজম (Sub imperiation) বা স্বায়ত্ত-সাম্রাজ্যবাদের আশ্রয় নেয়। অর্থাৎ তারা নিজেদের কার্য ও স্বার্থসিদ্ধির জন্য বাংলায় কোম্পানির আর্থিক ও সামরিক শক্তিকে কাজে লাগায় এবং এর ফলেই ইংরেজদের বাংলা বিজয় সম্ভব হয়।’তাঁর ভাষায়, ‘ইংরেজরাই মূলত পলাশি বিপ্লব সংঘটিত করেছিল সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ক্লাইভ ও ওয়াটসনকে বাংলায় পাঠানোর সময় মাদ্রাজের ফোর্ট সেন্ট জর্জ কাউন্সিল যে নির্দেশনা তাদের দিয়েছিল, তার মধ্যেই পলাশি বিপ্লবের বীজ নিহিত ছিল। এবং তাতেই ষড়যন্ত্রের সদর দরজা খুলে গিয়েছিল। অবশ্য এ কথা অস্বীকার করা যায় না যে, মুর্শিদাবাদের নবাবের দরবারে কিছু প্রভাবশালী ব্যক্তি নবাবের বিরুদ্ধে একটি চক্রান্ত করার চেষ্টা করছিল। তবে এ ব্যাপারে যেটা বিশেষভাবে প্রণিধানযোগ্য তা হলো, ইংরেজদের মদদেই এই চক্রান্ত রূপ নেয় এবং তাদের সক্রিয় অংশ ছাড়া এই ষড়যন্ত্র পরিপূর্ণ রূপ নিয়ে সিরাজউদ্দৌলার পতন ঘটাতে পারত না। ইংরেজরাই নবাবের বিরুদ্ধে দরবারের অমাত্যদের একটা বড় অংশকে নানা প্রলোভন ও প্রচ্ছন্ন ভয় দেখিয়ে তাদের নিজেদের পরিকল্পিত বিপ্লব সফল করতে ওই অভিজাতবর্গকে নিজেদের দলে টেনে আনে। পলাশি যুদ্ধের পূর্বমুহূর্ত পর্যন্ত তারা সতর্ক দৃষ্টি রেখেছিল। যাতে ভারতীয় ষড়যন্ত্রকারীরা সিরাজউদ্দৌলাকে মসনদ থেকে হঠানোয় স্থির সংকল্প থাকে। তা ছাড়া পলাশি বিপ্লবের পরিকল্পনা যাতে তাড়াতাড়ি সফল করা যায়, তার জন্য ইংরেজরাই ভারতীয় ষড়যন্ত্রকারীদের চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন ছিল। সুতরাং এটা ঠিক নয় যে পলাশির ষড়যন্ত্র দেশীয় ষড়যন্ত্র। স্থানীয় চক্রান্তকারীরা ইংরেজদের পরিকল্পনার পুরো ছকের তাৎপর্য উপলব্ধি করতে পারেনি এবং সেই নির্বুদ্ধিতার জন্য অচিরেই তাদের বিরাট মূল্য দিতে হয়েছিল। নতুন বিজেতাদের হাতে অতি অল্প সময়ের মধ্যেই তারা ধনে-প্রাণে মারা পড়ল, ভবিষ্যতের কোনো আশাও রইল না।’প্রশ্ন উঠতে পারে, দরবারের প্রভাবশালীদের বড় একটি অংশ নবাবের বিরুদ্ধে কেন গেল? কেন তারা ইংরেজদের সঙ্গে হাত মেলাল? এর সহজ জবাব, খামখেয়ালী ও দুঃসাহসী তরুণ নবাবকে তারা নিজ স্বার্থের ক্ষেত্রে মূর্তিমান বাধা হিসেবে গণ্য করেছিল। তাদের আশঙ্কা ছিল, সিরাজউদ্দৌলা তাদের অবিরত সম্পদ আহরণের মূল উৎসগুলো বন্ধ করে দিতে পারেন।দিলীপ দেবনাথ, ঢাকা