ইংরেজি অনুবাদে সৈয়দ শামসুল হকের সনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক। ছ​িব: প্রথম আলো
সৈয়দ শামসুল হক। ছ​িব: প্রথম আলো

সৈয়দ শামসুল হক রচিত পরানের গহীন ভিতর-এর ইংরেজি অনুবাদ ডিপ উইথিন দ্য হার্ট গবেষক ও ইতিহাসবিদ সোনিয়া আমিনের একটি সাহসী উদ্যোগ। নানা দিক বিবেচনায় এই কাব্যগ্রন্থের সাবলীল অনুবাদ করেছেন অধ্যাপক আমিন। তবে অনুবাদকের অনুবাদ বিষয়ে কথা বলার আগে মূল কাব্যগ্রন্থটি নিয়ে কিছু বাক্য জুড়ে দেওয়া জরুরি।
সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের অনবদ্য সনেট সংকলন পরানের গহীন ভিতর প্রথম প্রকাশিত হয় ১৯৮১ সালে। কোনো সন্দেহ নেই পরানের গহীন ভিতর প্রচলিত সনেটের অনেক ধারা-উপধারাকে ভেঙে ভিন্ন একটি মাত্রায় দাঁড়িয়েছে। আরেকটু সহজ করে বললে, সনেট নির্মাণের মূল দিকগুলো ঠিক রেখে ভাষা ও ভাবের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন সৈয়দ হক। বস্তুত এ বইয়ে কবি চিরায়ত গ্রামীণ জীবনের প্রতিদিনকার মুখের ভাষা ও পুঁথি সাহিত্যে ব্যবহৃত ভাষার মৌখিক ঐতিহ্যকে প্রতিস্থাপন করেন। এভাবে প্রচলকে উল্টে, ভেঙে দিয়ে সনেট নির্মাণে এক অভিনবত্বের প্রমাণ দেন তিনি। স্বভাবতই প্রশ্ন আসে অনুবাদক হিসেবে সোনিয়া আমিন সেই অভিনবত্বের কতটুকুন রক্ষা করেছেন? বলতে দ্বিধা নেই, এক বসায় ইংরেজি অনুবাদগ্রন্থটি পড়ে এর একটি উত্তর খুঁজে পেয়েছি—সৈয়দ হকের প্রায় সবগুলো পরিবর্তনকে নিজের মধ্যে ধারণ করে অনুবাদে হাত দিয়েছিলেন সোনিয়া আমিন। ফলে তাঁর অনুবাদে ভাষা ও ভাবের একটি সফল মেলবন্ধন ঘটেছে।
অনুবাদকের মুখবন্ধ থেকে জানা যায়, সৈয়দ হক যেহেতু রংপুরের স্থানীয় ভাষায় সনেটগুলো লিখেছিলেন, তাই অনুবাদক হিসেবে সোনিয়া আমিনকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল এগুলোর অন্তর্নিহিত ভাব উদ্ধার করতে। কোনো কোনো শব্দের দ্যোতনা কিংবা কিছু কিছু বাক্যের প্রতীকী অর্থ বুঝতে কবির দ্বারস্থও হতে হয়েছিল। তা ছাড়া কিছু বাংলা শব্দ যেমন পিঠা, পিড়া, তরকারি প্রভৃতির ইংরেজি প্রতিশব্দ খোঁজেননি তিনি। বরং এ শব্দগুলোর সঙ্গে পরিচিত নন এমন কিংবা ভিন্ন ভাষাভাষী পাঠকদের জন্য গ্রন্থশেষে একটি চমৎকার নির্ঘন্ট যোগ করেছেন। এই নির্ঘন্ট হাজার বছরের বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিতে ব্যবহৃত শব্দসমূহের সহজবোধ্য বিশ্লেষণ দিয়েছে।

>
.
.

ডিপ উইথিন দ্য হার্ট
সৈয়দ শামসুল হক
ভূমিকা ও অনুবাদ: সোনিয়া আমিন
প্রচ্ছদ: নির্ঝর নৈশব্দ্য  প্রকাশক: বেঙ্গল পাবলিকেশন্স, ঢাকা  প্রকাশকাল: জুলাই ২০১৬
দাম: ৪০০ টাকা

ভুলে যাওয়র আগে বলি, ডিপ উইথিন দ্য হার্ট একটি দ্বিভাষিক বই। অর্থাৎ এতে মূল বাংলা ও ইংরেজি অনূদিত কবিতাগুলো পাশাপাশি স্থান পেয়েছে। তাই ইংরেজি অনুবাদের খানিক স্বাদ নিলে মন্দ হয় না। প্রথম সনেটের শেষ দুটি পঙ্‌ক্তি—‘এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর/যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।’ সোনিয়া আমিন এর অনুবাদ করেছেন এভাবে—‘This is indeed deep magic, for the master of the art/Is one who unfurls coloured kerchiefs deep within the heart.’ আবার চতুর্থ সনেটের কয়েক পঙ্‌ক্তি—‘আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,/ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়’।—অনুবাদ এমন—‘Whose counsel should I seek-he scorns me night and day/Hurls harsh words, shuns me in bed, turns his face away.’ একইভাবে কবি যখন বলে ওঠেন—‘তোমার খামচির দাগ এখনো কি টকটকা লাল, এখনো জ্বলন তার চোতরার পাতার লাহান।’ সোনিয়া আমিন সাবলীলভাবে পঙ্‌ক্তিদ্বয়ের অনুবাদ করেন—‘The mark of your nails on my cheek is crimson to this day,/It burns like the sting of poison-vine.’ এককথায় সোনিয়া আমিনের ভাষা নানাভাবে ধারণ করেছে সৈয়দ হকের নির্মিত ভাষাকে। প্রসঙ্গত, মার্কিন কবি রবার্ট ফ্রস্ট বলেন, ‘কবিতা হচ্ছে তা যা অনুবাদে হারিয়ে যায়।’ এ বাক্যটির সত্যতা মেনে নিয়েই বলছি, আলোচ্য অনূদিত বইয়ের প্রায় সবগুলো সনেটের অনুবাদই প্রমাণ করে মূল গ্রন্থের প্রতি আগাগোড়া অনুগত ছিলেন অনুবাদক। তাই ইংরেজি শব্দ ও বাক্য গঠনে আতিশয্য চোখে পড়ে না। আর অনুবাদক হিসেবে যতটুকু স্বাধীনতা তিনি নিয়েছেন, তা তাঁর পরিমিতিবোধকে মোটেও ছাপিয়ে যায়নি।

বিখ্যাত মার্কিন নিগ্রো কবি পল লরেন্স ডানবার বলেছিলেন, ‘যে কোনো উপভাষা বা স্থানীয় ভাষার কবিতা অনুবাদই কষ্টসাধ্য।’ সৈয়দ শামসুল হকও ঠিক এমনটিই বিশ্বাস করতেন। অনুবাদকও এ ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেননি। মোটের ওপর ডিপ উইথিন দ্য হার্ট অনুবাদগ্রন্থটি সৈয়দ শামসুল হকের কবিতার মৌলিকত্বকে বিশ্বপাঠকের কাছে সোজাসাপটাভাবে তুলে ধরবে এতে কোনো সংকোচ নেই।