গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯১০ সালে। পরে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ইংল্যান্ড ভ্রমণের সময় গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ শুরু করেন। সেটা ১৯১২ সাল, তবে রবীন্দ্রনাথ তাঁর পূর্বে প্রকাশিত গীতাঞ্জলি ছাড়াও অন্যান্য কবিতা অনূদিত গীতাঞ্জলিতে স্থান দেন। পুস্তাকারে ইংরেজি গীতাঞ্জলির নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ সং অফারিংস, ১৯১৩ সালে প্রকাশিত এই চমৎকার কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছিলেন আইরিস কবি ডব্লিই বি ইয়েটস। এ বছর সং অফারিংসের শতবর্ষ পূর্ণ হতে চলল গীতাঞ্জলি প্রকাশিত হওয়ার প্রায় পনেরো বছর পূর্বে চিত্রার ‘১৪০০ সাল’-এ কবি কল্পনা করেন— ‘আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহলভরে—আজি হতে শতবর্ষ পরে।’রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মোৎসব তাঁর কবিতা, কর্ম ও কীর্তি আমরা কৌতূহলভরে নানাখান করে, আলোচনা করছি। গীতাঞ্জলি কাব্যটি কবির নাম ও পরিচয়ের সঙ্গে আজ অভিন্ন। গীতাঞ্জলির কবিকৃত ইংরেজি অনুবাদ কাব্যের নাম সং অফারিংস।ব্রিটিশ টমাস স্টার্জ মুর যুক্তরাজ্যের রয়াল সোসাইটি অব লিটারেচারের ফেলো হিসেবে ব্যক্তিগত উদ্যোগে সুইডিশ অ্যাকাডেমির কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন করেন। ওই সোসাইটির সাতানব্বই জন সদস্য সমবেতভাবে ঔপন্যাসিক টমাস হার্ডির নামও মনোনয়ন করেন। প্রথমে সুইডিশ অ্যাকাডেমির চেয়ারম্যান হ্যারাল্ড হাইয়ার্ন রবীন্দ্রনাথের নামের বিরোধিতা করেন। অ্যাকাডেমির উৎসাহী সদস্য পার হলস্ত্রম, ইসেইস হেনরিক ভিলহেলম টেনগার (যিনি বাংলা জানতেন) এবং কার্ল গুস্তফ ভেরনের হাইডেনস্তাম (যিনি কবির সাহিত্যকর্ম সম্পর্কে অবহিত ছিলেন) রবীন্দ্রনাথের পক্ষে মনোনয়নকে সোৎসাহে সমর্থন করেন। আটাশজন মনোনীতদের মধ্য থেকে সেই মনোনয়ন চূড়ান্ত করা হয়; কারণ ‘তিনি পূর্ণ দক্ষতায় তাঁর কবিচিন্তাকে সুগভীর সংবেদনশীল, সতেজ ও সুন্দর কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন নিজের ইংরেজি কথামালায়, যা পশ্চিমের সাহিত্যের এক অংশ।’কলকাতায় টেলিগ্রাম এল ১৪ নভেম্বর ১৯১৩ এবং নানা টেলিগ্রামের মাধ্যমে শান্তিনিকেতনে কবিকে খবর দেওয়া হলো। কবি প্রথমে স্মরণ করেন রোটেনস্টাইনকে। ১৮ নভেম্বর ১৯১৩ তিনি তাঁকে ‘যে মুহূর্তে নোবেল পুরস্কার দানের সংবাদ পেলাম, তখনই আমার অন্তর আপনার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় এতই ধাবিত হল।...কিন্তু এই সম্মান আমার পক্ষে বিষম পরীক্ষার বিষয় হয়েছে।...একটি কুকুরের লেজে টিন বেঁধে দিলে বেচারা নড়লেই যেমন শব্দ হয় এবং চারদিকে লোকে ভিড় জমে, আমার দশা অমনি। গত কয়েক দিনের টেলিগ্রাম ও পত্রের চাপে আমার দম বন্ধ হয়ে আসছে; যেসব লোকের আমার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই বা আমার রচনার একটা ছন্দও পড়েনি, তারাই তাদের আনন্দ জানাতে সবচেয়ে বেশি মুখর।’শান্তিনিকেতনে জগদীশচন্দ্র বসুর পৌরহিত্যে এক সংবর্ধনা সভায় কবি বললেন, ‘দেশের লোকের হাত থেকে যে অপযশ ও অপমান আমার ভাগ্যে পৌঁছেছে তার পরিমাণ নিতান্ত অল্প হয়নি এবং এতকাল আমি নিঃশব্দে বহন করে এসেছি।...আজ আপনারা আদর করে সম্মানের যে সুরাপাত্র আমার সম্মুখে ধরেছেন তা আমি ওষ্ঠের কাছে পর্যন্ত ঠেকাব, কিন্তু এ মদিরা আমি অন্তরে গ্রহণ করতে পারব না। এর মত্ততা থেকে আমার চিত্তকে আমি দূরে রাখতে চাই।’ কবির বক্তৃতায় অনেকে মর্মাহত হন এবং কলকাতার সংবাদপত্রে বহুদিন এ নিয়ে আলোচনা চলল। কবি কোনো দুঃখ প্রকাশ বা প্রত্যুত্তর দেননি।পুরস্কার গ্রহণের জন্য কবি সুইডেন যাননি। বঙ্গপ্রদেশের গভর্নর লর্ড কারমাইকেলের কাছে মেডেল ও ডিপ্লোমা পাঠিয়ে দেওয়া হয়। ২৯ জানুয়ারি ১৯১৪ লাট সাহেব কলকাতায় লাটভবনে এক অনুষ্ঠানে নোবেল পুরস্কারের স্মারকগুলো হস্তান্তর করেন।বৎসরের শেষে ইংরেজদের বুনিয়াদি টাইমস পত্রিকার সাহিত্য বিভাগে কবিতা সম্বন্ধে লেখা হলো, ‘কবিতায় এ বছর অনেকেই ভারতীয় মরমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রকৃত অনুবাদগুলোকে সবচেয়ে মূল্যবান বলে বুঝতে পেরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কবিদের নবীনতম পোয়েট্রি পত্রিকায় ২৬ বছর বয়সের কবি এজরা পাউন্ড লিখলেন, ইংরেজি কাব্যে এমনকি পৃথিবীর কাব্যসাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির প্রবেশ একটি বিশেষ ঘটনা। আন্তরিক গভীর বিশ্বাসের সঙ্গে আমি এ কথা বলছি যে, রবীন্দ্রনাথের লন্ডন আগমনের জন্য পৃথিবীর সকল জাতির মধ্যে সখ্য নিকটতর হয়ে এলো।’গীতাঞ্জলি সম্পর্কে ইয়েটস বলেন, ‘আমরা অভিভূত নই এর অভিনবত্বে, বরং আমরা এর মধ্যে আমাদের নিজেদের চেহারা দেখতে পাই।’শিল্পী পল ন্যাস বলেন, ‘আমি গীতাঞ্জলি পড়ব যেমন আমি বাইবেল পড়ি প্রশান্তি ও শক্তির জন্য।’ একাধিক নোবেল পুরস্কার বিজয়ী আইভান বুনিন, (রুশ সাহিত্যের জন্য প্রথম নোবেল বিজয়ী), রোমাঁ রোলাঁ (ফ্রান্স), হারমান হেসে (জার্মানি), আঁদ্রে জিদ (ফ্রান্স), হালডর লাক্সনেস (আইসল্যান্ড), বরিশ পাস্তারনাক (রাশিয়া), স্যাঁ-জন পার্স (ফ্রান্স), হুয়ান রামোন হিমিনেথ (স্পেন), ইয়াসুনারি কাওয়াবাতা (জাপান), পাবলো নেরুদা (চিলি) ও অক্টাভিও পাজস(মেক্সিকো) রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের উৎসাহ দেখান এবং কোনো না কোনো রচনার অনুবাদ করেন। এঁদের মধ্যে কেউ কেউ পরে তেমন উৎসাহ রক্ষা করতে পারেননি। ১৯৩৭ সালে গ্রাহাম গ্রিন যেমন বলেন, ‘আমার বিশ্বাস হয় না ইয়েটস ছাড়া আর কেউ তাঁর কবিতা গভীরভাবে গ্রহণ করবে।’ জর্জ বার্নাড শ তাঁর এক নাটিকায় এক কবির নামকরণ করেছিলেন স্টুপেন্ড্রনাথ বেগর। কিন্তু রবীন্দ্রনাথের অন্তর্ধানের পরে তিনিই লন্ডনের ন্যাশনাল গ্যালারির ডিরেক্টর সার কেনেথ ক্লার্ককে গ্যালারিতে কবির প্রতিকৃতি টাঙাতে বলেন।রবীন্দ্রনাথ তাঁর নিজের লেখা ব্যাখ্যা দিয়েছেন নানাভাবে। গীতাঞ্জলির ইংরেজি তরজমা সম্পর্কে ইন্দিরা দেবী চৌধুরানীকে ৬ মে ১৯১৩ লিখিত এক পত্রে রবীন্দ্রনাথ বলেন, ‘ওটা যে কেমন করে লিখ্লুম এবং কেমন করে লোকের এত ভাল লেগে গেল, সে কথা আমি আজ পর্যন্ত ভেবেই পেলুম না। আমি যে ইংরেজি লিখতে পারি নে, এ কথাটা এমনি সাদা যে এ সম্বন্ধে লজ্জা করবার মত অভিমানটুকুও আমার কোনো দিন ছিল না।‘যদি আমাকে কেউ চা খাবার নিমন্ত্রণ করে ইংরেজিতে চিঠি লিখ্ত, তাহলে তার জবাব দিতে আমার ভরসা হত না। তুই ভাবছিস আজকের বুঝি আমার সে মায়া কেটে গেছে—একেবারেই তা নয়—ইংরেজিতে লিখেছি এইটেই আমার মায়া বলে মনে হয়। গেলবারে যখন জাহাজে চড়বার দিনে মাথা ঘুরে পড়লুম, বিদায় নেবার বিষম তাড়ায় যাত্রা বন্ধ হয়ে গেল, তখন শিলাইদহে বিশ্রাম করতে গেলুম। কিন্তু মস্তিষ্ক ষোলো আনা সবল না থাকলে একেবারে বিশ্রাম করবার মত জোর পাওয়া যায় না, তাই অগত্যা মনটাকে শান্ত রাখবার জন্যে একটা অনাবশ্যক কাজ হাতে নেওয়া গেল। তখন চৈত্র মাসে আমের বোলের গন্ধে আকাশে আর কোথাও ফাঁক ছিল না। এবং পাখীর ডাকাডাকিতে দিনের বেলাকার সকল কটা প্রহর একেবারে মাতিয়ে রেখে ছিল। ছোট ছেলে যখন তাজা থাকে তখন মার কথা ভুলেই থাকে, যখন কাহিল হয়ে পড়ে তখনি মায়ের কোলটি জুড়ে বসতে চায়—আমার সেই দশা হল। আমি আমার সমস্ত মন দিয়ে আমার সমস্ত ছুটি দিয়ে চৈত্র মাসটিকে যেন জুড়ে বসলুম—তার আলো তার হাওয়া তার গন্ধ তার গান একটুও আমার কাছে বাদ পড়ল না। কিন্তু এমন অবস্থায় চুপ করে থাকা যায় না—হাড়ে যখন হাওয়া লাগে তখন বেজে উঠতে চায়, ওটা আমার চিরকেলে অভ্যাস, জানিসত। অথচ কোমর বেঁধে কিছু লেখবার মত বল আমার ছিল না। সেই জন্যে ঐ গীতাঞ্জলির কবিতাগুলি নিয়ে একটি একটি করে ইংরেজিতে তর্জ্জমা করতে বসে গেলুম। যদি বলিস, কাহিল শরীরে এমনতর দুঃসাহসের কথা মনে জন্মায় কেন—কিন্তু আমি বাহাদুরি করবার দুরাশায় এ কাজে লাগি নি। আর একদিন যে ভাবের হাওয়ায় মনের মধ্যে রসের উৎসব জেগে ওঠেছিল সেইটিকে আর একবার আর এক ভাষার ভিতর দিয়ে মনের মধ্যে উদ্ভাবিত করে নেবার জন্যে কেমন একটা তাগিত এল। একটি ছোট খাতা ভরে এল। এইটি পকেটে করে নিয়ে জাহাজে চড়লুম। পকেটে করে নেবার মানে হচ্ছে এই যে, ভাবলুম সমুদ্রের মধ্যে মনটি যখন উস্খুস্ করে উঠবে তখন ডেক চেয়ারে হেলান দিয়ে আবার একটি দুটি করে তর্জ্জমা করতে বসব। ঘট্লও তাই। এক খাতা ছাপিয়ে আর এক খাতায় পৌঁছন গেল। রোটেনস্টাইন আমার কবিযশের আভাস পূর্বেই আর একজন ভারতবর্ষীয়ের কাছ থেকে পেয়েছিলেন। তিনি যখন কথা প্রসঙ্গে আমার কবিতার নমুনা পাবার ইচ্ছা প্রকাশ করলেন, আমি কুণ্ঠিতমনে তাঁর হাতে আমার খাতাটি সমর্পণ করলুম। তিনি যে অভিমত প্রকাশ করলেন সেটা আমি বিশ্বাস করতে পারলুম না। তখন তিনি কবি ইয়েটসের কাছে আমার খাতা পাঠিয়ে দিলেন—তারপরে কি হল সে ইতিহাস তোদের জানা আছে। আমার কৈফিয়ত থেকে এটুকু বুঝতে পারবি আমার কোনো অপরাধ ছিল না—অনেকটা ঘটনাচক্রে হয়ে গেছে।’—চিঠিপত্র ৫/১৯-২০১৯২১ সালে এডওয়ার্ড টমসনকে লেখা একটা চিঠিতে রবীন্দ্রনাথ বলেন, ‘আমার অনুবাদে আমি ভীরুর মতো সব সমস্যা এড়িয়ে গিয়েছিলাম, ফলত সেগুলো শীর্ণ হয়ে গেছে। যখন আমি আমার নিজের টাকা নিয়ে এই জালিয়াতি শুরু করেছিলাম, তখন সেটা ছিলো খেলার মতো, কিন্তু এখন তার বিপুল পরিমাণ দেখে আমি শঙ্কিত হয়ে পড়ছি। এখন আমি চাই বাংলা ভাষার কবি হিসেবে আমার মৌলিক কাজের মধ্যে গুটিয়ে যেতে। আশা করি ক্ষতি-পূরণের পক্ষে বড্ড বেশি দেরি হয়ে যায় নি।’‘আমার অনুবাদে যে-সব ফাঁক আছে, ফাটল আছে, সেগুলোকে ঢেকে দেবার জন্য আমি কোনো রূপের প্রলেপ (সাম প্রেটি ডিজাইনস) দিতে চেয়েছি। যাতে চেহারাটা অন্তত আস্ত বলে মনে হয়। এর নীতিকথা হলো: আপনার ভাষায় কখনো আমার হস্তক্ষেপ করা উচিত হয়নি। যা-ই হোক, আপনি রাজি থাকলে ক্ষতিপূরণের চেষ্টা করা যাবে, আশা করি এখনো তার সময় আছে।’চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠি (পত্রসংখ্যা ১০৭) রবীন্দ্রনাথ বলেন, ‘ইংরেজি ভাষায় বাংলা কবিতার অনুবাদ সম্বন্ধে আমার সংশয় ঘোচে না যেহেতু ইংরেজি ভাষার ঠিকমতো নাড়িজ্ঞান আমাদের হতেই পারে না। আধুনিক ইংরেজি কাব্যের অন্তরে বাহিরে নতুন যুগের মিস্ত্রি লেগেছে—এতই রূপান্তর হচ্ছে যে, তার সঙ্গে পাল্লা দেওয়া আমাদের দেশের কোনো কারিগরের পক্ষেই সম্ভব নয়।’৬ জানুয়ারি ১৯৩৫ শ্রী অমিয় চক্রবর্তীকে লিখিত এক পত্রে রবীন্দ্রনাথ বলেন, ‘বাছুর মরে গেলে তার অভাবে গাভী যখন দুধ দিতে চায় না, তখন মরা বাছুরের চামড়াটা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে খড় ভর্ত্তি করে একটা কৃত্রিম মূর্ত্তি তৈরি করা হয়, তার গন্ধে এবং চেহারার সাদৃশ্যে গাভীর স্তনে দুগ্ধক্ষরণ হতে থাকে। তর্জ্জমা সেইরকম মরা বাছুরের মূর্ত্তি—তার আহ্বানে নেই, ছলনা আছে। এ নিয়ে আমার মনে লজ্জা ও অনুতাপ জন্মায়। সাহিত্যে আমি যা কাজ করেছি তা যদি ক্ষণিক ও প্রাদেশিক না হয়, তবে যার গরজ সে যখন হোক আমার ভাষাতেই তার পরিচয় লাভ করবে।’—চিঠিপত্র ১১/১৩১৭ই মার্চ ১৯৩৫ শ্রী অমিয় চক্রবর্তীকে লিখিত আর একটি পত্রে রবীন্দ্রনাথ বলেন, ‘বুঝতে পারি ওরা যে-গ্রহের আমরা সে গ্রহের নই। যখন এ কথাটা সম্পূর্ণ বুঝি তখন সমুদ্রের ওপারের খ্যাতিপ্রতিপত্তির জন্যে আমার আকাঙ্ক্ষা একেবারেই চলে যায়। এও মন বলে, ওদের ভাষা, ওদের প্রকাশের পদ্ধতি, ওদের ভালোমন্দর বোধ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আমার পক্ষে অসম্ভব। অতএব, তার মধ্যে অনধিকার প্রবেশের চেষ্টায় শুধু ব্যর্থতা নয়, অমর্য্যাদাও আছে। যেখানে আমার আপন অধিকার নিঃসংশয় সেইখানে ওদের থেকে দূরে থাকাই ভালো।—সম্প্রতি আমার তর্জ্জমাগুলো পড়ে কথাটা মনে আরো সুস্পষ্ট হোলো। এ তো আমার লেখা নয়। নিজের এ পরিচয় কেনই বা দিতে যাওয়া—এ তো নিজেকে ব্যঙ্গ করা।’—চিঠিপত্র ১১/১৪৭-১৪৮২৯ আগস্ট ১৯৩৯ ‘গদ্যকাব্যে’ রবীন্দ্রনাথ বলেন, ‘একদা কোনো-এক অসতর্ক মুহূর্তে আমি আমার গীতাঞ্জলি ইংরেজি গদ্যে অনুবাদ করি। সেদিন বিশিষ্ট ইংরেজ সাহিত্যিকেরা আমার অনুবাদকে তাঁদের সাহিত্যের অঙ্গস্বরূপ গ্রহণ করলেন। এমন-কি, ইংরেজি গীতাঞ্জলিকে উপলক্ষ করে এমন-সব প্রশংসাবাদ করলেন যাকে অত্যুক্তি মনে করে আমি কুণ্ঠিত হয়েছিলাম। আমি বিদেশী, আমার কাব্যে মিল বা ছন্দের কোনো চিহ্নই ছিল না, তবু যখন তাঁরা তার ভিতর সম্পূর্ণ কাব্যের রস পেলেন তখন সে কথা তো স্বীকার না করে পারা গেল না। মনে হয়েছিল, ইংরেজি গদ্যে আমার কাব্যের রূপ দেওয়ার ক্ষতি হয়নি, বরঞ্চ পদ্যে অনুবাদ করলে হয়তো তা ধিক্কৃত হত, অশ্রদ্ধেয় হত।’বাংলা গীতাঞ্জলি ১৩১৭ বঙ্গাব্দে/১৯১০ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। এর আগে এর কয়েকটি গান অন্য দুই-একটা পুস্তকে প্রকাশিত হয়। ১৯১২ সালে প্রকাশিত সং অফারিংস‘ গীতাঞ্জলির হুবহু অনুবাদ নয়। এই ইংরেজি গ্রন্থে বাংলা গীতাঞ্জলির মোট এক শ গানের মধ্যে তেপ্পান্নটি, পূর্ববর্তী দশকে লেখা—গীতিমাল্য থেকে ষোলোটি, নৈবেদ্য থেকে ষোলোটি, খেয়া থেকে এগারোটি, শিশু থেকে তিনটি কল্পনা, স্মরণ, চৈতালী এবং নাটক অচলায়তন প্রতিটি গ্রন্থ থেকে একটি করে কবিতা ইংরেজি গ্রন্থের সংকলনে স্থান পায়। নৈবেদ্য-এর উনাশি এবং নব্বই সংখ্যক দুটো কবিতা একত্র করে একটি কবিতা করা হয়। এসব কবিতার মধ্যে একটি ভাবের ঐক্য সম্ভবপর মনে করে তাদের সকলকে একত্রে প্রকাশ করা হয়। এমন ব্যাখ্যা ৩১ শ্রাবণ ১৩১৭ রবীন্দ্রনাথ গীতাঞ্জলির বিজ্ঞাপনে দিয়েছিলেন।তেরো বছর বয়সে যে রবীন্দ্রনাথ শেকসপিয়ারের ম্যাকবেথ অনুবাদ করতে চেষ্টা করেন, তিনিই একান্ন বছর বয়সে নিজের কবিতা ইংরেজিতে অনুবাদ করলেন। ১৯১২ সালে রোটেনস্টাইনের উৎসাহে সং অফারিংস-এর মাত্র সাড়ে সাত শ কপি ইন্ডিয়া অফিসের উদ্যোগে একান্তভাবে প্রকাশ করা। বেশির ভাগ ছিল সদস্যদের মধ্যে বিতরণের জন্য, মাত্র আড়াই কপি ছিল বিক্রির জন্য। বইটি রোটেনস্টাইনকে উৎসর্গ করা হয়। ১৯১৩ সালের মার্চে ম্যাকমিলান বইটি প্রকাশ ও বিক্রির উদ্যোগ নিলে ১৩ নভেম্বর নোবেল প্রাইজ পাওয়ার আগে বইটির ১০টি সংস্করণ বের হয়।সুইডিশ একাডেমিকে ধন্যবাদ জানাতে কবি নিজের কবিতা থেকে উদ্ধৃতি দিলেন, ‘কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই—দূরকে করলে নিকট, বন্ধু, পরকে করলে ভাই।’ কবি তাঁর জীবনদেবতাকে নানাভাবে আহ্বান করেছেন—প্রভু, রাজার রাজা, অতিপরিচিত, অন্তর্যামী, নয়ন-ভুলানো, পরাণসখা। তাঁর জীবনদেবতার কর্তৃত্ব, ক্ষমতা, অভিভাবকত্বের ওপর অটল আস্থায় ও আনুগত্যে কবি সুফি-বাউলদের মতো নিজেকে সমর্পণ করেছেন।কবি তাঁর আত্মপরিচয়-এ বলেন, ‘যিনি আমার সমস্ত ভালোমন্দ, আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাঁহাকেই আমার কাব্যে আমি “জীবনদেবতা” নাম দিয়াছি। তিনি যে কেবল আমার এই ইহজীবনের সমস্ত খণ্ডতাকে ঐক্যদান করিয়া বিশ্বের সহিত তাহার সামঞ্জস্য স্থাপন করিতেছেন, আমি তাহা মনে করি না। আমি জানি, অনাদিকাল হইতে বিচিত্র বিস্মৃত অবস্থার মধ্য দিয়া তিনি আমাকে আমার এই বর্তমান প্রকাশের মধ্যে উপনীত করিয়াছেন—সেই বিশ্বের মধ্য দিয়া প্রবাহিত অস্তিত্বধারার বৃহৎ স্মৃতি তাঁহাকে অবলম্বন করিয়া আমার অগোচরে আমার মধ্যে রহিয়াছে। সেইজন্য এই জগতের তরুলতা-পশুপক্ষীর সঙ্গে এমন একটা পুরাতন ঐক্য অনুভব করিতে পারি, সেইজন্য এতবড়ো রহস্যময় প্রকাণ্ড জগৎকে অনাত্মীয় ও ভীষণ বলিয়া মনে হয় না।’বাংলাভাষীদের কাছে বাংলা গীতাঞ্জলির যে স্থান, ইংরেজিভাষীর কাছে সং অফারিংস বা তার অন্য ভাষায় অনুবাদিত গ্রন্থের তাৎপর্যে আকাশ-পাতাল ফারাক। বাংলা গীতাঞ্জলিতে বাংলাদেশের প্রকৃতির সুষমা, সৌন্দর্য, দীপ্তি ও সুখমায়তা যেভাবে উদ্ভাসিত, অনায়াসে তা উপলব্ধি করতে বাংলাভাষীদের কোনো বিশেষ প্রয়াস বা কল্পনা করে অর্জন করতে হয় না। এর চেয়ে আরও বড় পার্থক্য বাংলা গীতাঞ্জলির কবিতাগুলো গানও এবং গীত হলে বাংলাভাষীর কানের ভেতর দিয়ে মরমে পশে, সে-আনন্দের আভাসও সং অফারিংস-এর অবাংলাভাষী পাঠকদের কাছে লভ্য নয়।উইলিয়াম রোটেনস্টাইন (১৮৭২-১৯৪৫) মডার্ন রিভিয়ু পত্রিকায় প্রকাশিত কবির লেখার ইংরেজি অনুবাদ পড়ে রবীন্দ্রনাথ সম্পর্কে কৌতূহলী হন। ১৩১৭ বঙ্গাব্দে মাঘোৎসবের কাছাকাছি গগনেন্দ্র-অবণীন্দ্রদের বাড়িতে কবির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ, ইতিমধ্যে ১৫ জুন ১৯১০ নান্দনিক বিষয়ে ভারতীয় সংস্কৃতির উপলব্ধি ও গবেষণার জন্য রোটেনস্টাইনের সভাপতিত্বে লন্ডনে ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়।১৯১২ খ্রিষ্টাব্দে বিলেতে যাওয়ার সময় কবি গীতাঞ্জলির বেশ কিছু কবিতার অনুবাদ করেন। লন্ডনে পৌঁছে অনুবাদগুলো রোটেনস্টাইনকে পড়তে দেন। অভিভূত রোটেনস্টাইন কবিতাগুলোর তিনটি কপি করে পাঠান স্টামফোর্ড ব্রুক, অক্সফোর্ডের কবিতার অধ্যাপক এ সি ব্রাডলে এবং ইয়েটসকে। উইলিয়াম বাটলার ইয়েট্স (১৮৬৫-১৯৩৯) কবিতাগুলো পড়ে নিজে ভূমিকা লিখে পুস্তকাকারে ছাপাতে উদ্যোগী হন। ৭ জুলাই ১৯১২ রোটেনস্টাইনের বাড়িতে নিমন্ত্রিত শ্রোতাদের সামনে কবি তাঁর ইংরেজি অনুবাদ পড়ে শোনান।ইয়েট্স ইংরেজি গীতাঞ্জলির ভূমিকায় বলেন, ‘এই কবিতাগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মহাসড়কের অভিযাত্রীরা গাইবেন, নদীর ওপরে নৌকা বাওয়ার সময়, প্রেমিকেরা, পরস্পরের অপেক্ষায় এই নির্ঝরিণীর মর্মরে, ঈশ্বরের প্রেমে পাবে এক জাদুকরি ব্যবধান যেখানে তাদের নিজেদের বড় তিক্ত আবেগ হয়তো অবগাহন করবেন এবং যৌবনের নবায়ন ঘটবে...’ কবি ভারতীয় সভ্যতার মতো আত্মাকে আবিষ্কার করে এবং স্বতঃস্ফূর্তভাবে নিজেকে সমর্পণ করেই খুশি।ইয়েট্স বলেন, বইটি পড়ার সময় প্রায়ই তিনি বন্ধ করে ফেলতেন পাছে কেউ তাঁকে এক আবেগঘন অবস্থায় দেখে ফেলতে পারে। তিনি ভূমিকা শেষ করেন শিশুর দুটি ছত্র দিয়ে ‘জগৎ পারাপারের তীরে ছেলেরা করে মেলা।...জানে না তারা সাঁতার দেওয়া জানে না জাল ফেলা।’কবিতাগুলো লেখার আগে কবিকে দুঃখের এক সাগর পাড়ি দিতে হয়। ১৯০২ সালে তাঁর স্ত্রী মৃণালিনী দেবী, ১৯০৩ সালে তাঁর মেয়ে রেণুকা, দুই বছর পরে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, ১৯০৭ সালে তাঁর কনিষ্ঠ সন্তান শমীন্দ্রনাথ এবং ১৯১০ সালে সেই ছেলের বন্ধু সরোজ, যাকে কবি নিজের সন্তানের মতো দেখতেন, একে একে মৃত্যুবরণ করেন।১৬ জুন ১৯১২ যখন কবি তাঁর সঙ্গীদের নিয়ে লন্ডনে পৌঁছালেন, তখন পাতাল রেলের স্টেশন চ্যারিং ক্রস থেকে ব্লুমসবেরিতে হোটেলে যাওয়ার পথে তাঁর পাণ্ডুলিপি হারিয়ে যায়। পাণ্ডুলিপিটি একটি চামড়ার ব্যাগে ছিল। সৌভাগ্যক্রমে হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি ফেলে যাওয়া মালামালের অফিসে পাওয়া যায়।ভারত সরকার কবির স্বহস্তলিখিত মূল ডায়েরিটা হাই রেজলিউশন স্ক্যানের মাধ্যমে একটি ফ্যাক্সিমিল কপি প্রকাশ করছে ৪ ফেব্রুয়ারি কবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এশিয়াটিক সোসাইটিতে গ্রন্থটি প্রকাশের সময় বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থটি রোটেনস্টাইন সংগ্রহের অংশ হিসেবে সংরক্ষিত রয়েছে। কপিরাইট-বাধার জন্য বইটি সাধারণ্যে বিক্রি করা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু কপি উপহার হিসেবে পৃথিবীর উল্লেখযোগ্য কিছু লাইব্রেরিকে দান করবে। চীনে গীতাঞ্জলির অনুবাদ করেছিলেন জি বিং জিন ও বাই কাইওয়ান ও আরও অনেকে। রবীন্দ্রনাথ তাঁর গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যগ্রন্থ থেকে ইংরেজিতে যে সং অফারিংস প্রকাশ করেন, তার জন্য চীনের আমূল পরিবর্তনবাদী তরুণেরা তাঁর বিরুদ্ধে বহু বাক্যবাণ নিক্ষেপ করেন। যেমন, উ চি-হুই (Wu Chi-hui) প্রশ্ন করেন, ‘এ কেমন ঠাকুর তাঁর শত্রুর ভাষায় ইংরেজিতে এত ভালো লিখলেন, স্ক্যান্ডিনেভিয়ার এক বড় লোকের দেওয়া পুরস্কার পাওয়ার জন্যই।’ রবীন্দ্রনাথের সোল অ্যান্ড স্পিরিট—আত্মা ও বিদেহী সত্ত্বা-জাতীয় কথায় চীনা তরুণদের কোনো আকর্ষণ ছিল না, চীনা সমাজে ঈশ্বরের চেয়ে সদাচরণের প্রতি গুরুত্ব দেওয়া হয় বেশি। ১৯২৭ সালে এক বক্তৃতায় কবি লু সুন বলেন, চীন ও মিসরসহ সব প্রাচীন বিশ্বসভ্যতা তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছে। আনাম বা কোরিয়াতে কোনো কথা শোনা যায় না। শুধু এক বাণী শোনা যায়, তা হচ্ছে, ‘ভারতের রবীন্দ্রনাথের বাণী।’ পরে তিনি বলেন, ‘যেভাবে সু ঝিমো ও তাঁর বন্ধুরা রবীন্দ্রনাথকে দেবতা বানান তেমন না করা হলে চীনা তরুণেরা শ্রদ্ধেয় কবির কাছে নিজেদের এত বিচ্ছিন্ন মনে করত না।’কবি আমেরিকায় জাতীয়তাবাদের বিরুদ্ধে যে বক্তব্য দেন এবং জাপানে সামরিক চিন্তার যে উদ্ভব ঘটে, তার ফলে লক্ষ করা যায় যে কবি জাপান যাওয়ার সময় সমগ্র জাতি অভ্যর্থনা করার জন্য ভিড় করে, কিন্তু তাঁকে বিদায় দেওয়ার সময় একমাত্র হারা সান তাঁর অতিথিকে বিদায় দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। বর্তমানে চীন ও জাপান উভয় দেশে রবীন্দ্রপাঠে নতুন উৎসাহ লক্ষ করা যায়।চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ১৯১৫ সালে গীতাঞ্জলির চারটি কবিতা সিন চিংনিয়ান (নবযৌবন) পত্রিকায় প্রকাশ করেন। তারপর ১৯২৪ সালে কবির চীন যাত্রা পর্যন্ত বহু চীনা কবি রবীন্দ্রনাথের ইংরেজি অনুবাদ থেকে চীনা অনুবাদ করেন। বর্তমানে অধ্যাপক তোং ইওচেন ও তাঁর সহকর্মীরা বাংলা ভাষা থেকে চীনা ভাষায় ঊনত্রিশ খণ্ডে রবীন্দ্ররচনাবলী অনুবাদ করছেন।বিশ্বকবির স্বদেশবাসী ছড়িয়ে ছিলেন দেশে দেশে। তাঁদের আমন্ত্রণে দেশে-বিদেশে গিয়ে বিশ্ববিহারীর নয়ন ও শ্রবণ সার্থক হয়। সে এক মহা আনন্দ, এক মহাসাফল্য। সে কথাই তাঁর জীবনদেবতার কাছে কবি নিবেদন করেন:জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হল, ধন্য হল মানবজীবন\নয়ন আমার রূপের পুরেসাধ মিটায়ে বেড়ায় ঘুরে,শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন\তোমার যজ্ঞে দিয়েছ ভারবাজাই আমি বাঁশি—গানে গানে গেঁথে বেড়াইপ্রাণের কান্নাহাসি।এখন সময় হয়েছে কি?সভায় গিয়ে তোমায় দেখি’জয়ধ্বনি শুনিয়ে যাবএ মোর নিবেদন\