ইটস টাইম ফর এডুকেশন
শাকিরা কলম্বিয়ার মেয়ে। পুরো নাম শাকিরা ইসাবেল মেবারক রিপল। মেবারক শুনে একটু ধন্দ লাগে। আরব? নির্ভুল অনুমান। কারণ, শাকিরার বাবা ছিলেন লেবানিজ। শাকিরা শুধু নাচে-গানে আর মৌজ-মাস্তিতে মাতিয়ে দেন—এমন নয়। এই মুহূর্তে তিনি যাকে জীবনের ধ্যান-জ্ঞান-তপস্যা করেছেন তা হলো সবার জন্য শিক্ষা। ২০০৫ সাল থেকে দুটি প্রতিষ্ঠানের জন্য তিনি প্রাণান্ত খাটছেন। প্রতিষ্ঠান দুটি হলো: আমেরিকা লাতিনা এ একিয়ন সলিডারিয়া (এএলএএস) ও বেয়ারফুট ফাউন্ডেশন।শাকিরা গানের দুনিয়া ঢুঁড়ে অনেক তাবড় শিল্পীকে মাঠে নামিয়েছেন। গানের শক্তি কী, শাকিরা তা ভালোই জানেন। ‘গান অনেক প্রজন্মের মুখে ভাষা দিয়েছে।’ শাকিরার ঘোষণা, ‘একটি সুন্দর পৃথিবী গড়তে শিল্পীদের অনেক কিছু করার আছে।’ দুনিয়ার সেরা গল্পকার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস তাঁর পাঁড় ভক্ত। শাকিরা যখন এএলএএস প্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন, মার্কেস তখন সর্বাত্মক সাহায্য করেছেন। কেবল শিল্পরসিকদের নিয়েই শাকিরার জগৎ নয়, তিনি কাজ করতে চান সবার সঙ্গে। তাই একেবারে তৃণমূল পর্যায়ের ছোট ছোট দল, বেসরকারি উদ্যোক্তা, সরকার-নেতৃত্ব—সবার সঙ্গেই তিনি কাজ করছেন। ‘আপনি গান করেন, না ব্যবসা করেন; আপনি রাষ্ট্রপতি, না বেকার ছাত্র—এসব কোনো জরুরি ব্যাপার নয়। আমাদের সবারই কিছু না-কিছু করার আছে।’কী করতে চান শাকিরা? শাকিরা জনাচ্ছেন, ‘আমার লক্ষ্য, প্রতিটি শিশুর জন্য ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা। এই লক্ষ্যে পৌঁছাতে গেলে সবার আগে দরকার সব শিশুর জন্য শিক্ষা। আগামী পাঁচ বছর আমাদের কাজ হবে প্রতিশ্রুতি পূরণে নেতাদের উদ্বুদ্ধ করা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় তাঁদের প্রতিশ্রুতি ছিল, সব শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে।’বেয়ারফুট ফাউন্ডেশনের একটি শিক্ষাপদ্ধতির মডেল রয়েছে। এই মডেল অনুসরণ করে এরই মধ্যে কলম্বিয়ার ৩০ হাজার শিশু ও পরিবারকে শিক্ষা ও পুষ্টি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এখন তাঁরা কাজ করছেন মডেলটি গোটা বিশ্বে ছড়িয়ে দিতে। শাকিরা স্বপ্ন-চোখে বলেন, ‘দিনে দুই ডলারেরও কম খরচে আমরা শিক্ষার মাধ্যমে একটি শিশুর জীবন বদলে দিতে পারি।’শাকিরা তাই মন-প্রাণ ঢেলে ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-এর জন্য শ্রম দিচ্ছেন। শাকিরা জানাচ্ছেন, ‘নয় বছর আগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে সারা পৃথিবীর নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ২০১৫ সালের মধ্যে সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা হবে। আমাদের হাতে আছে এখন পাঁচ বছরেরও কম। কিন্তু যেমন ঢিমেতালে কাজ এগোচ্ছে, তাতে পাঁচ বছর তো ছার, আগামী ১০০ বছরেও সবার কাছে শিক্ষা পৌঁছানো সম্ভব হবে না। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।’ইটস টাইম ফর এডুকেশন। তিনি জীবন থেকে শিখেছেন, শিক্ষা জীবনকে পাল্টে দিতে পারে। এ প্রসঙ্গে তাঁর কথা, ‘সফলতা আর ব্যর্থতার পার্থক্য হচ্ছে শিক্ষা। এমনকি অনেক শিশুর ক্ষেত্রে শিক্ষা হলো জীবন আর মৃত্যুর পার্থক্য।’শিক্ষা রোগবালাইয়ের বিপদ কমিয়ে দেয়। অন্যদিকে নিরক্ষর শিশুদের সহিংসতার শিকার হওয়া বা অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি। শাকিরা তাই গভীর বিশ্বাসে উচ্চারণ করেন সেই আপ্তবাক্য, যা ‘ওয়ান গোল: এডুকেশন ফর অল’-এর ওয়েবসাইটে ঝুলানো আছে, ‘যে শিশু সাক্ষর মায়ের গর্ভে জন্মেছে, তার (পাঁচ বছরের বেশি) বেঁচে থাকার সম্ভাবনা অন্তত অর্ধেকের বেশি।’