ইতিহাস গড়লেন কানেতো শিন্দো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি পরিচালক নির বের্গম্যানের কাব্যিক ছায়াছবি ইনটিমেট গ্রামার-এর শ্রেষ্ঠ ছবির পুরস্কার ‘সাকুরা গ্র্যান্ড প্রি’ জয়ের মধ্য দিয়ে শেষ হলো ২৩তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৮৫ সালে এই উৎসবের শুরু। এশিয়ার এই বৃহত্তম চলচ্চিত্র উৎসব এ বছর ২৫তম বার্ষিকী পালন করল। প্রথম তিনটি উৎসব দুই বছরের বিরতিতে আয়োজিত হয়েছিল। তৃতীয় উৎসব থেকে নিয়মিত বার্ষিক আয়োজনে রূপান্তরিত হয় এটি। ২৫ বছরে এ পর্যন্ত আয়োজিত মোট উৎসবের সংখ্যা ২৩।এ বছরের উৎসবের জন্য ৭৬টি দেশ ও ভূখণ্ড থেকে মোট ৮৩২টি ছবি জমা পড়ে। সেসব ছবি থেকে আয়োজকেরা ১৫টি ছবি মূল প্রতিযোগিতার জন্য বেছে নেন। মূল প্রতিযোগিতা বিভাগ ছাড়াও আরও যে তিনটি বিভাগে পুরস্কারের ব্যবস্থা ছিল সেগুলো হচ্ছে—পরিবেশসংক্রান্ত শ্রেষ্ঠ ছবির জন্য ‘টয়োটা আর্থ গ্র্যান্ড প্রি’, এশিয়া-মধ্যপ্রাচ্যের ছায়াছবির জন্য ‘বিশেষ পুরস্কার’ এবং জাপানি ছবির বিভাগে ‘শ্রেষ্ঠ ছবি’র পুরস্কার। তবে উৎসবের প্রধান আকর্ষণ মূল প্রতিযোগিতা বিভাগ।প্রতিযোগিতা পর্যায়ের ১৫টি ছবির সব কটিতেই শৈল্পিক সৌন্দর্যের প্রতিফলন যেমন ছিল তেমনি সমকালীন সমাজের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবিও প্রাধান্য পেয়েছে। সেদিক থেকে ১৫টি ছবির অধিকাংশই সর্বোচ্চ পুরস্কার পাওয়ার যোগ্য। ফলে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীকে যে চুলচেরা হিসাব-নিকাশের আলোকে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হয়, তা সহজেই অনুমেয়। পুরস্কার ঘোষণার আগে বিচারকমণ্ডলীর প্রধান, আইরিশ লেখক ও চলচ্চিত্রনির্মাতা নিল জর্ডানের সংক্ষিপ্ত ভাষণেও সেই বাস্তবতার প্রকাশ ঘটেছে। তিনি উল্লেখ করেন, ছয় দিন ধরে ১৫টি ছবি দেখে গোটা পাঁচেক ছবিকে তাঁরা চিহ্নিত করেন। এ পাঁচ ছবি থেকে শ্রেষ্ঠ ছবি বেছে নেওয়া সহজ কাজ ছিল না।শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী ছবিটি পরিচালক বের্গম্যান তৈরি করেছেন ইসরায়েলের বিখ্যাত লেখক ও দেশের শান্তি আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ডেভিড গ্রসম্যানের লেখা উপন্যাসের ভিত্তিতে। ষাটের দশকের শুরুতে ক্রমশ সমরবাদী পথ ধরে এগিয়ে যাওয়া ইসরায়েলে এক বালকের বয়োপ্রাপ্তির পথে দেখা দেওয়া জটিলতা এ কাহিনির ভিত্তি। কাহিনির কেন্দ্রে অবস্থানরত ভেঙে পড়ার মুখোমুখি এক পরিবারে বালকের অসহায় অবস্থা পরোক্ষে তুলে ধরছে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ অনিশ্চয়তাকে, উপর্যুপরি যুদ্ধ জয় সত্ত্বেও যে অনিশ্চয়তা থেকে দেশটি এখনো বেরোতে পারেনি। হিটলারের ইহুদি নিধন অভিযানের মর্মান্তিক অভিজ্ঞতার মধ্যে যেতে হয়েছে যে পিতাকে তিনি তার বালক-পুত্রের মানসিক শূন্যতা বুঝতে অক্ষম।নির বের্গম্যানের দ্বিতীয় ছবি এটি, আট বছরের বিরতিতে যেটা তিনি তৈরি করেছেন। তাঁর প্রথম ছবি ব্রোকেন উইঙ্গস ২০০২ সালে ১৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছিল। সেদিক থেকে তিনি হচ্ছেন বিশ্বের প্রথম চলচ্চিত্র পরিচালক, টোকিও উৎসবে যাঁর দুবার ‘গ্রান্ড প্রি’ জেতার সৌভাগ্য হলো। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইসরায়েলি পরিচালক বলেছেন, তিনি বিশ্বাস করেন, শিল্প হয়তো বিশ্বে পরিবর্তন নিয়ে আসতে পারে। আর সে রকম বিশ্বাস থেকেই ছবি তৈরির শিল্পচর্চায় নিয়োজিত।প্রতিযোগিতা বিভাগে সাকুরা গ্র্যান্ড প্রি ছাড়াও বিশেষ জুরি পুরস্কার, শ্রেষ্ঠ পরিচালকসহ আরও পাঁচটি পুরস্কার অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে জুরিদের মনোনীত বিশেষ পুরস্কারটি নানা দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের উৎসবে সেই পুরস্কারটি দেওয়া হয় জাপানি ছবি পোস্টকার্ডকে। এটা পুরস্কারকে আরও অর্থবহ করে তুলেছে। পোস্টকার্ড-এর নির্মাতা জাপানের খ্যাতিমান পরিচালক কানেতো শিন্দো, শতায়ু ছুঁয়ে যাওয়ার মুখেও এখনও যিনি ছায়াছবির জগতে সক্রিয়। তাঁর ৯৮ বছর বয়সে তৈরি ছবির জন্য তিনি টোকিও চলচ্চিত্র উৎসবে প্রধান একটি পুরস্কার লাভ করেছেন। এটি নিশ্চিতভাবেই সবচেয়ে বেশি বয়সী এক চলচ্চিত্র পরিচালকের আন্তর্জাতিক স্বীকৃতির ঘটনা, যেটাকে চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক মাইলফলক বলে ধরে নেওয়া যায়।উৎসবের উদ্বোধনী ও সমাপ্তি, উভয় অনুষ্ঠানে পরিচালক শিন্দো উপস্থিত হয়েছিলেন হুইল চেয়ারে বসে। চেয়ারটি টেনে নিয়ে গেছেন তাঁর নাতনি। পুরস্কার বৃদ্ধ এই পরিচালককে গভীরভাবে আপ্লুত করে। তিনি উল্লেখ করেন, জীবনের শেষপ্রান্তে এসে মৃত্যুর আগমনের প্রত্যাশায় আছেন তিনি, তাই নতুন করে আর ছবি তৈরির চিন্তা করছেন না। তবে পুরস্কার তাঁকে আরও কিছুদিন বেঁচে থাকার অনুপ্রেরণা দিচ্ছে এবং কে জানে, ছবি তৈরির জাদুর হাতছানি হয়তো বা আবারও তাঁকে সেই পথে নিয়ে যেতে পারে। তবে সারা জীবন ধরে যা তিনি বলতে চেয়েছেন, এর সবটাই যে শেষ ছবিতে বলা হয়ে গেছে, সেটাও তিনি একই সঙ্গে উল্লেখ করেন। শিন্দোর ছবিতে সব সময়ই সাধারণ মানুষের জীবনের সুখ-দুঃখ আর আনন্দ-বেদনার প্রতিফলন লক্ষ করা গেছে, পোস্টকার্ডও এর ব্যতিক্রম নয়। তবে একই সঙ্গে যুদ্ধবিরোধী বলিষ্ঠ বার্তা এতে এক নতুন মাত্রা যুক্ত করেছে।সংবাদ সম্মেলনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে নিজের অতীত জীবনের ওপর আলোকপাত করেন কানেতো শিন্দো। তিনি বলেন, ১৯৫০ সালে চলচ্চিত্র নির্মাণ কোম্পানি তৈরির পর থেকে ৬০ বছর ধরে তিনি ছায়াছবি নির্মাণে জড়িত থেকেছেন। সেই চলার পথ যে মসৃণ ছিল না, সে কথা বলতেও তিনি ভোলেননি। চলচ্চিত্রনির্মাতাদের সামনে বরাবরের সমস্যা অর্থের জোগান নিশ্চিত করা। ছবি তৈরির প্রক্রিয়ায় কত জায়গায় যে তাঁকে ধরনা দিতে হয়, তারও উল্লেখ করে তিনি বলেন, পরিচিত সবার কাছেই অর্থের জন্য তিনি হাত পেতেছেন। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অন্যরা আবার চোখের সামনেই দরজা বন্ধ করে আড়ালে চলে গেছে। তিনি বলেন, মনে কষ্ট পেলেও কখনো আমি কাঁদিনি, বরং ছবি তৈরির সংকল্পে দৃঢ় থেকেছি। আর এ কারণেই জীবনে সাফল্যের দেখা পেয়েছেন বলে তিনি মনে করেন।পোস্টকার্ড-এর ঘটনার বিন্যাস হলো—দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিক, যুদ্ধে জাপানের পরাজয় যখন প্রায় অবধারিত। মধ্যবয়সী সৈনিকদের একটি দলের ১০০ জনকে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবিলা করতে। লটারির প্রক্রিয়ায় বেছে নেওয়া ১০০ সৈন্য যে মৃত্যুমিশনে যাত্রা করছে, সে বিষয়ে তারা সবাই অবগত। যে রাতে লটারি অনুষ্ঠিত হয়, সেই রাতে সৈন্যদের একজন, মরিকাওয়া, তার সহযোদ্ধা কেইতা মাৎসুইয়ামার হাতে স্ত্রীর পাঠানো একটি পোস্টকার্ড তুলে দিয়ে বলেছিল, ঘটনাক্রমে তার মৃত্যু হলে এবং কেইতা বেঁচে থাকলে সেই পোস্টকার্ডটি যেন সে তার স্ত্রী তোমোকোর কাছে নিয়ে যায়, যা কিনা তোমোকোকে বুঝতে সাহায্য করবে যে পোস্টকার্ডটি সে সময়মতোই পেয়েছিল এবং এর উত্তর পাঠানোর সুযোগ তার হয়ে ওঠেনি।সেই ১০০ সৈন্যের মধ্যে মাত্র যে ছয়জন শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায়, কেইতা ছিল তাদের একজন। তবে যুদ্ধ থেকে ফিরে এসে সে জানতে পারে, স্ত্রী জীবিত অবস্থায় তার ফিরে আসার অপেক্ষায় না থেকে পিতৃনিবাসে ফিরে গেছে। কেউ আর অপেক্ষায় নেই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা পরাজিত জীবিত সৈনিকের। নিহত বন্ধু মাৎসুইয়ামার স্ত্রী তোমোকোর সন্ধানে এরপর তার যাত্রা, যা কিনা ভিন্ন এক বাস্তবতার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়।তোমোকো বেঁচে থাকলেও তত দিনে তাকে অন্য এক করুণ পরিণতির মুখোমুখি হতে হয়েছে। নিহত স্বামীর ভাইকে বিয়ে করতে তাকে রাজি করানো হয়। সেই স্বামীও যুদ্ধের একেবারে শেষপর্যায়ে প্রাণ হারায়। সে শোকে স্বামীর মা আত্মহত্যার পথ বেছে নেন, বৃদ্ধ বাবাও অচিরেই মারা যান। ফলে দারিদ্র্যকবলিত যুদ্ধোত্তর জাপানের গ্রামীণ পরিবেশে তোমোকোকে সম্পূর্ণ একাকী এক জীবন কাটাতে হয়, যখন হঠাৎ করে কেইতার আগমন তাদের দুজনকেই আরও ভালোভাবে দেখিয়ে দেয় যুদ্ধের বীভৎস চেহারা।জীবনের শেষ ছবিতে কানেতো শিন্দো যে বার্তা তাঁর ভক্ত আর দর্শকদের কাছে পৌঁছে দিতে চাইছেন তা হলো, যুদ্ধের ধ্বংস কেবল এক সৈনিকের মৃত্যুতেই সীমিত থাকে না। যুদ্ধ সংসার ধ্বংস করে দেয়, পরিবারের জীবন যার ওপর নির্ভরশীল, তাকে হরণ করে নিয়ে যায়। সাধারণ মানুষের জীবনে এ রকমই হচ্ছে যুদ্ধের প্রভাব। যুদ্ধ ফ্রন্টে স্বামীকে পাঠানো সেই পোস্টকার্ডে তোমোকো লিখেছিল, ‘আজ আমাদের এখানে উৎসবের দিন। তবে তোমার অনুপস্থিতিতে বাতাস কেমন ভারী হয়ে আছে!’ সেই ভারী বাতাস যে একসময় আরও বেশি অসহনীয় হয়ে উঠবে, সেই পূর্বাভাস দেওয়া হয়নি তোমোকোর মতো সাধারণ মানুষদের, দূরে যুদ্ধ ময়দানে যারা হারিয়েছে নিজের স্বামী, সন্তান, পিতা কিংবা ভাইকে। আর এদের কথা বলার মধ্যে দিয়েই কানেতো শিন্দো বৃদ্ধ বয়সেও আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন যুদ্ধের ভয়াবহতার বার্তা।পোস্টকার্ড-এর সাফল্য এখানেই, আর এ রকম এক ছবিকে পুরস্কৃত করার মধ্যে দিয়ে সফল সমাপ্তি টানা হয় এবারের ২৩তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।টোকিও, নভেম্বর ২০১০