
প্রথম গান থেকে বন্দী শিবির: প্রথম ছয় কাব্যগ্রন্থ—শামসুর রাহমান
প্রকাশক: প্রথমা প্রকাশন প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
৩৫২ পৃষ্ঠা দাম: ৫০০ টাকা
সমকালীন বাংলা কবিতার বরপুত্র শামসুর রাহমানের যাত্রা শুরু প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যগ্রন্থ দিয়ে। এর আগেই আধুনিকতা জোছনায় অবগাহন করেছে তাঁর কবিতা। শামসুর রাহমান জানতেন, আধুনিকতা মানে অন্ধপশ্চিমা অনুসরণ নয়, শুধুই বিমূর্ত স্রোতের খেলায় শরীর ভাসিয়ে দেওয়া নয়। বরং আধুনিকতার অর্থ সময়কে ধারণ করা ও সময়ের চাহিদা পূরণ করা। স্বাধীনতা, ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, গণতন্ত্রের হরণকারী হায়েনার মুখোমুখি হওয়া। মুখোমুখি হওয়া সত্য ও সুন্দরের।
দেশীয় ঐতিহ্যকে ধারণ করে তাই তিনি কখনো গোধূলির রঙে খুঁজে নেন ঘাসের শয্যা। কখনো জীবনানন্দের সুরে বলেন, ‘জানতাম একদা তোমার চোখে জারুলের বন/ ফেলেছে সম্পন্ন ছায়া, রাত্রির নদীর মতো শাড়ি’। এই সুর বাংলাদেশের চিরচেনা, যার স্রোতের টানে কবিতাপ্রেমীরা ভাসতে চায়, যার সুঘ্রাণ একটু হলেও গ্রহণ করতে চায় পাঠক-মন। আর এই চাহিদাকে সম্মান জানিয়ে প্রথমা প্রকাশন শামসুর রাহমানের প্রথম ছয় কাব্যগ্রন্থ প্রথম গান থেকে বন্দী শিবির এক মলাটে প্রকাশ করেছে। এই ছয় কাব্যগ্রন্থকে শামসুর রাহমানের মৌলিক গ্রন্থ বলতে ইতিহাসও বোধ করি কার্পণ্য করবে না।
দুঃখ, আনন্দ-বেদনাকে কবিতায় অনেকেই চিত্রায়িত করেছেন। কিন্তু এতটা শৈল্পিকভাবে বলেছেন কতজন—‘বৃষ্টিভেজা নিবন্ত উনুনে আর পুরোনো বাড়ির/ রাত্রিমাখা গন্ধে আর উপোসী হাঁড়ির/ শূন্যতায় দুঃখ তার নাম লেখে।’ (‘দুঃখ’: রৌদ্র করোটিতে)। তাই প্রথম বইয়ের পর, পাঠককে আবার যেতে হয় শামসুর রাহমানের দ্বিতীয় বই রৌদ্র করোটিতে-এর কাছে। নিজের সুর ও স্বরকে পরিবর্তন করতে করতে এখানে কবি প্রমাণ করেছেন, তিনি ইতিহাস ও ঐতিহ্যকে কতটা নিপুণ ও শৈল্পিকভাবে ধারণ করেছেন। এ কারণে ভাষা আন্দোলনের আত্মত্যাগ তাঁর মনে দাগ কাটে। দাগ কাটে রবীন্দ্র নিষিদ্ধকরণের আঘাতও।
পূর্ব পাকিস্তানের বাঙালি নিষ্পেষিত হলো দীর্ঘ সময়। তার পরও একটি রাষ্ট্রে আশা-আকাঙ্ক্ষার বীজ বপন করা যায় না। এসবও দৃষ্টি এড়ায়নি কবির। বিধ্বস্ত নীলিমার কবিতাগুলো সম্ভবত এই সময়ের রচনা। সম্পদ কুক্ষিগতকারী পশ্চিম পাকিস্তানের আচরণে মর্মাহত কবি রচনা করলেন, ‘বিড়ির ধোঁয়ায় নানারং/ পরীরা নেচেছে ঘুরে আর অবেলায়/ কোথাও অশেষ স্বপ্ন ভাড়া পাওয়া যাবে’।
শুধু কি তাই; কবি যখন ‘নিজবাসভূমে’ ভাষাহীন ও বাকপ্রতিরুদ্ধ হওয়ার আশঙ্কায় রচনা করলেন ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’, তখন উপলব্ধি করা গেল মাতৃভাষা কেড়ে নেওয়ার বেদনা কতটা তীব্র। এ হলো মাতৃভাষার প্রতি ভালোবাসার গর্জন, যা উদ্যত হয়ে গ্রাস করতে চায় শোষকের হূৎপিণ্ড। আর হাজার হূদয়ে প্রতিরোধের আগুন উসকেও দেয় এই পঙিক্ত।
তাঁর কবিতার কণ্ঠস্বর দেশ, মা-মাটির প্রতিনিধিত্ব করে। এর বড় প্রমাণ বন্দী শিবির থেকে । এ বই বাংলা কবিতায় তাঁর অমরত্ব নিশ্চিত করেছে। কারণ, এই বইয়ের ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ ও ‘স্বাধীনতা তুমি’ কবিতা দুটি বাঙালির স্মৃতি খুঁড়ে জানিয়ে দেয় কত রক্তক্ষরণে স্বাধীন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এই দুই কবিতা প্রবল জনপ্রিয়ও।
শামসুর রাহমানের প্রথম ছয় কাব্যগ্রন্থের কাব্যভাষা হঠাৎ জেগে ওঠা ডুবোচরের মতো নয়; বরং বাংলাদেশের মতো সহজ-সাবলীল সুজলা-সুফলা, শস্য-শ্যামলা কাব্যভাষার প্রতিবিম্ব আছে এর মধ্যে। এমনকি নাগরিক বেদনা জানতে হলেও শামসুর রাহমানের এই বইগুলোর কবিতা পড়া জরুরি।
শামসুর রাহমানের কবিতা শুধু দেশীয় নয়, বরং আন্তর্জাতিকভাবেও আদৃত। তাঁর কবিতায় নাগরিক মননের পাশাপাশি পাওয়া যায় বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। আর কবির প্রথম ছয় বইয়ে এই বিষয়গুলো প্রকাশিত হয়েছে অনন্যভাবে। তাই এই স্বাধীনতার মাসে প্রথম গান থেকে বন্দী শিবির শিরোনামাঙ্কিত বইটি পড়ে ফেলা মন্দ হবে না। কারণ, এখানে এক মলাটের মধ্যে শুধু কবিতা নয়, বাংলার স্বাধীনতা-উত্তর ও তৎপরবর্তী ইতিহাস জেগে আছে। এ ছাড়া এ বইয়ের শুরুতে সৈয়দ শামসুল হকের ভূমিকাও একটি বড় পাওনা।