মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর। ছাত্রাবস্থায় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করেছেন জাতিসংঘের ইউনেসকোতে। বর্তমানে শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক।স্রষ্টার প্রতি বিশ্বাসবই নিয়মিতই পড়ি। ইতিহাসের বই আমাকে প্রবলভাবে টানে। বর্তমানে পড়ছি চার্চিল আর রুজভেল্টকে নিয়ে একটি বই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল ও রুজভেল্টের মধ্যে যুদ্ধ নিয়ে টানাপোড়েন আর তাঁদের সম্পর্ক এই বইয়ের মূল বিষয়। পড়ছি ক্যারেন আর্মস্ট্রংয়ের হিস্টরি অব গড। স্রষ্টা সম্পর্কে নানা ভাবনার উৎস, বিভিন্ন ধর্মে স্রষ্টার প্রতি যে বিশ্বাস এবং সময়ের ব্যবধানে স্রষ্টার বিশ্বাসে যে পরিবর্তন, তারই বিশদ আলোচনা এই বই। এ ছাড়া তাহমিমা আনামের লেখা দ্য গুড মুসলিম পড়েছি। পূজার গানসকালে ঘুম থেকে উঠে যেকোনো কাজের সঙ্গেই গান চলে। মোটকথা, কাজের মধ্যে গান আমাকে আরও সতেজ করে। রবীন্দ্রনাথের পূজার গান খুব ভালো লাগে। পূজার গানের মধ্যে স্রষ্টার আরাধনা আছে, আছে আধ্যাত্মিকতা, প্রেমের প্রকাশ ও আকাঙ্ক্ষা। ভালো লাগে উচ্চাঙ্গসংগীত। দেশের গান কিংবা নজরুলগীতিও খুব ভালো লাগে। তবে প্রিয় শিল্পীদের তালিকায় প্রথমেই আছেন শচীন দেব বর্মন।হাসির সিনেমা দেখার্দীঘসময় নিয়ে হলে বসে সিনেমা দেখা হয় না। তবে শত ব্যস্ততার মধ্যেই দেখেছি গেরিলা। ১৯৭১-এর যুদ্ধের সময়টা মেলাতে কষ্ট হয়নি। ওই সময়ের ভয়াবহতায় এখনো শঙ্কিত হই। খুব অল্প সময়ের জন্য হলেও এই সিনেমা থেকে বর্তমান প্রজন্ম জানবে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস। দেখেছি লালনকে নিয়ে সিনেমা মনের মানুষ। হাসির সিনেমা খুব প্রিয় আমার। অনেকবার দেখেছি শিশুতোষ সিনেমা হোম অ্যালোন। একটা ছোট শিশুর বাড়িতে একা থাকা, সঙ্গে নানা ঘটনা এই সিনেমার মূল গল্প।খাওয়া আর আড্ডাতারুণ্যের আড্ডা একেবারেই আলাদা। অনেক বেশি আশাব্যঞ্জক ছিল সেই আড্ডা। তখন ভাবতাম, বদলে দেব এই দেশকে। তবে এখনকার আড্ডায় অপ্রাপ্তি আর হতাশার কথাই আসে বারবার। খুব কাছের গুটিকয় বন্ধু মিলে আড্ডা দিই। পিরামিড দেখে বিস্ময়ঘুরতে খুব পছন্দ করি। ইতিহাসের প্রতি যেমন দুর্নিবার আকর্ষণ অনুভব করি, তেমনি ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগে। দেখেছি পৃথিবীর বহু দেশ। সবচেয়ে বিস্মিত হয়েছি মিসরের পিরামিড দেখে। তবে প্যারিস শহর দেখেও অভিভূত হয়েছি। একটা শহর নাগরিকদের কতটা সাংস্কৃতিক সুবিধা দেয়, তা প্যারিস না দেখলে বোঝার উপায় নেই। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার