ইতিহাস লেখারও অনেক ধরন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজিভাষী ব্রিটিশ উইলিয়াম ডালরিম্পল ইতিহাসবিদ ও নন-ফিকশন লেখক। লিখেছেন মোগল ও ব্রিটিশ-ভারতের ইতিহাসের কম আলোচিত বিষয় নিয়ে। তাঁর সঙ্গে কথা বেলছেন ফারুক ওয়াসিফ

উইলিয়াম ডালরিম্পল
উইলিয়াম ডালরিম্পল

ফারুক ওয়াসিফ: নিজের কাজকে আপনি কীভাবে চেনাবেন? দক্ষিণ এশিয়া নিয়ে লেখার প্রেরণা কীভাবে পেলেন?
উইলিয়াম ডালরিম্পল: আমি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য নিয়ে সাহিত্যিক নন-ফিকশন লিখি।
ওয়াসিফ: বাংলাদেশ বাদে?
ডালরিম্পল: হোয়াইট মোগল বইয়ে আমি বাংলা সম্পর্কে বেশ লিখেছিলাম। তবে বাংলাদেশ সম্পর্কে আমি যা জানি, তা নিয়েই কিন্তু আমার পরের বইটা। এর বিষয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনার সময়। আমি এখন এটা নিয়ে কাজ করছি, আমি একে বলছি ‘দি এনার্কি’। এর একটা অধ্যায় হবে রেপ অব বেঙ্গল নিয়ে।
ওয়াসিফ: রেপ অব বেঙ্গল? রাজনৈতিক অর্থে নাকি আক্ষরিকভাবে?
ডালরিম্পল: দুই অর্থেই, আক্ষরিক এবং যতভাবে সম্ভব। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজস্ব প্রশাসন অধিকার নিয়ে নেয়। এই দেওয়ানি দেন মোগল সম্রাট। আধুনিক ভাষায় বললে, বাংলার রাজস্বের দায়িত্ব বেসরকারীকরণ করা হয়। ব্যাপারটা নিয়ন্ত্রিত হয় মোগল সম্রাটের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এবং যা এসেছিল লন্ডন থেকে। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির লন্ডনস্থ প্রধান দপ্তরের কর্মচারীর সংখ্যা ছিল মাত্র ৩৫। পাঁচটা জানালার ছোট একটা অফিস তারা চালাত। এটা ছিল খুদে একটা কোম্পানি। কিন্তু এর ছিল ব্যাপক সামরিক ও রাজনৈতিক ক্ষমতা। লন্ডনের সেই ছোট দপ্তর থেকেই তারা ভারতবর্ষকে অধিকার করে নিয়েছিল। সে সময় বাংলা ছিল অসম্ভব ধনী। সে সময় অবশ্য ঢাকা বহুদিক থেকে অনন্য থাকলেও সমৃদ্ধ ছিল না।
ওয়াসিফ: মুর্শিদাবাদ ছিল...
ডালরিম্পল: মুর্শিদাবাদও ছিল, ঢাকাও ছিল। ঢাকার মসলিন ও বস্ত্র উৎপাদন ছিল কোম্পানির সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। কেন তারা বাংলায় এসেছিল? কেন তারা ঢাকাকে বেছে নিয়েছিল? ১৭৬০ দশকের শেষ থেকে ১৭৭০ দশকের শুরুর দিকে তারা ঢাকার বস্ত্রশিল্পকে ধ্বংস করে, কারিগরদের আঙুল কেটে নেয়। সেটা ছিল উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবচেয়ে নৃশংস সময়। আমার লেখাটা হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তাদের দেশীয় সহযোগীদের মধ্যে সহযোগিতা নিয়ে এক বর্ণনামূলক ইতিহাস এবং বাংলাকে ধর্ষণের ইতিহাস।
ওয়াসিফ: আমার প্রশ্নটি ছিল যে আপনি বিদ্যাপীঠের মধ্যে বসবাসকারী প্রচলিত ইতিহাসবিদের মতো নন। ইবনে বতুতা থেকে...
ডালরিম্পল: অবশ্যই আমি প্রচলিত অর্থেই ইতিহাসবিদ। প্রচলিত ইতিহাসবিদদের যে চেহারাটা আমরা চিনি, তার নির্মাণ সাম্প্রতিক সময়ে। হেরোডেটাস থেকে আল বিরুনি, মুর্শিদাবাদের গোলাম হোসেন খান, ম্যাকলে ট্রেভালিয়ান, গিবন...
ওয়াসিফ: তাঁরাও বর্ণনামূলক ইতিহাস লিখেছেন এবং অনেক ভ্রমণও করেছেন আপনার মতো।
ডালরিম্পল: ইতিহাসবিদ আসবেন বিশ্ববিদ্যালয় থেকে এবং তাঁরা বর্ণনামূলক নয়, লিখবেন ক্রিটিক্যাল ইতিহাস; এটা গত শতকের ৫০ থেকে ৬০ দশকে চালু ধারণা। আমি একাডেমিক ইতিহাসবিদদের দারুণ পছন্দ করি। হয়তো অন্য কোনো জীবনে আমিও পিএইচডিধারী ইতিহাসবিদ হতাম এবং শিক্ষকতা করে জীবন ধারণ করতাম। কিন্তু ন্যারেটিভ নন-ফিকশনের আলাদা একটা দুনিয়া আছে। আপনি পশ্চিমে বইয়ের দোকানের তাকে এ ধরনের প্রচুর বই দেখতে পাবেন। ইতিহাসভিত্তিক এসব নন-ফিকশন উপন্যাসের চেয়েও বেশি বিক্রি হচ্ছে। দক্ষিণ এশিয়ায়ও উপন্যাসের পুনর্জাগরণ ঘটছে। পাশাপাশি দেখছি ন্যারাটিভ হিস্ট্রিরও প্রসার। যেমন ভারতের রামচন্দ্র গুহ। আবার পঙ্কজ মিশ্র, কেতু... কিন্তু আমি সৌভাগ্যবান যে তাঁরা কেউ মোগল আমল নিয়ে লেখেন না। একদিন হয়তো আমিও চ্যালেঞ্জের মুখে পড়ব।
ওয়াসিফ: হয়তো নতুন কোনো সাব-অল্টার্ন ইতিহাসবিদ এসে আপনাকে চ্যালেঞ্জ করবেন!
ডালরিম্পল: হা হা হা, ভাগ্য ভালো যে সাব-অল্টার্ন হিস্ট্রি প্রকল্প এখন পতনের দিকে। যেমন উপন্যাস লেখার অনেক পথ আছে, তেমনি ইতিহাস লেখারও অনেক ধরন আছে। একদিকে রয়েছে গিবনের ন্যারেটিভ ইতিহাস, অন্যদিকে আছে সমাজবিদ্যার প্রকরণের ইতিহাস; নিম্নবর্গের ইতিহাসবিদেরা যেমন করেছেন। কে বলবে কোনটা ভালো বা মন্দ?
ওয়াসিফ: বাংলা ভাষায় আধুনিক যুগের ইতিহাস লেখক আর উপন্যাসিক একই ব্যক্তিই ছিলেন, যেমন বঙ্কিমচন্দ্র চেট্টাপাধ্যায়।
আমিও বিশ্বাস করি, বাংলারও কাহিনিভিত্তিক ইতিহাস লেখার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
ওয়াসিফ: আপনি লেখার জন্য কয়েক শ বছর আগের বাংলাকে বেছে নিচ্ছেন। অথচ ভারত-পাকিস্তান-আফগানিস্তান নিয়ে লেখা বইগুলোর কয়েকটাই তো সমসময় নিয়ে লেখা? যেমন আপনার নাইন লাইভস–এর কথা বলা যায়।
ডালরিম্পল: বাংলা অঞ্চলের প্রসঙ্গ আমার কয়েকটা বইয়েই আছে। যেমন হোয়াইট মোগল-এ কলকাতার কথা আছে, নাইন লাইভস-এ আছে বাউলদের কথা। তবে এটা ঠিক যে আমি বাংলাদেশ নিয়ে কিছুই লিখিনি।
ওয়াসিফ: সেসব শ্বেত মোগলের মতো করে কি বলা যায়, আপনিও ব্রিটেন থেকে এসে স্থানীয় সংস্কৃতিতে জারিত হয়েছেন। আপনাকে কি নিউ হোয়াইট মোগল বলা যায়, যে ভারতবর্ষের প্রেমে পড়েছে?
ডালরিম্পল: আমার উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। মূল পার্থক্য হচ্ছে, আমি এ অঞ্চলকে ভালোবাসি, এটা আমার জীবন এবং এটা আমার লেখারও বিষয়। কিন্তু হোয়াইট মোগল-এর প্যাট্রিকের সঙ্গে আমার পার্থক্য হচ্ছে, আমার একজন ব্রিটিশ বউ ও বাচ্চাকাচ্চা আছে...হা হা হা। এবং আমি ১০ মাস এখানে থাকি, দুই মাস ওখানে। আমি কখনোই ব্রিটেনের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করিনি। আমার এক জীবন এখানে, আরেক জীবন ইংল্যান্ডে। বিশ্বায়িত পৃথিবীতে অনেকেরই এ রকম একাধিক জীবন রয়েছে। ব্রিকলেনের বাঙালিদেরই দেখুন।
ওয়াসিফ: আপনি বলেছিলেন, হয়তো কাল আমি বাউল হয়ে যাব!
ডালরিম্পল: বাউলদের সঙ্গে আমার খুবই ভালো সময় কেটেছে। তবে আমার ওই মন্তব্যটা আক্ষরিকভাবে নেওয়া যাবে না। তবে আমি তাদের দর্শন, জীবনদৃষ্টির প্রেমে পড়েছি।
ওয়াসিফ: ভারতের বিজেপি সম্প্রতি দাবি করেছে, মোগলরা ছিল বহিরাগত আগ্রাসনকারী। এই অভিযোগ মাথায় রেখে আপনার হোয়াইট মোগল ও দ্য লাস্ট মোগল পড়লে কী মনে হবে?
ডালরিম্পল: রাজনীতিবিদ ও স্লোগানবাজেরা যেভাবে বলেন, ইতিহাস তার চেয়ে অনেক বেশি জটিল। দ্বাদশ শতকে যখন আফগান বিজেতারা ভারতে আসে, তখন অনেক ধ্বংসযজ্ঞ হয়। কিন্তু আকবরের সময় কিন্তু প্রথম সর্বধর্ম সম্মেলন হয় ফতেহপুর সিক্রিতে। এটাও সত্য যে মোগল সেনাবাহিনী গঠিত হয়েছিল রাজপুতদের সহযোগিতায়। জয়সিং ছিলেন বিহারের গভর্নর। আবার দাক্ষিণাত্যের মুসলিম সালতানাতগুলো মোগলরা পরাজিত করেছিল রাজপুত বাহিনী দিয়ে। সে সময়কার রাজা-বাদশাহ ও সেনাপতিদের মোটা দাগে ধর্ম সম্প্রদায় দিয়ে ব্যাখ্যা করা যায় না।
ওয়াসিফ: মোগল আর ব্রিটিশ শাসকদের মধ্যে তুলনা কীভাবে করেন?
ডালরিম্পল: ব্রিটিশদের ক্ষেত্রেও এটা সত্য নয় যে তারা নিজেদের সম্পূর্ণ আলাদা করে রেখেছিল। ১৭৭০-৮০ পর্যন্ত ভারতে আসা প্রতি তিনজন ব্রিটিশের একজন ভারতে বিয়ে করেছিল।
ওয়াসিফ: কিন্তু পরে জাহাজ চলাচল দ্রুততর হলে সেটা তো বন্ধ হয়ে যায়।
ডালরিম্পল: হ্যাঁ, তা ঠিক। তবে ইতিহাসকে এ রকম সরলভাবে ব্যাখ্যা করা যায় না।
ওয়াসিফ: সরল সংজ্ঞা করলে বলা যায়, উপনিবেশবাদ হলো সেটাই, যেখানে বহিরাগত শাসকেরা কোনো দেশকে শোষণ করে সম্পদ তাঁদের উৎসদেশে পাচার করেন এবং নিজেরাও সেখানেই ফিরে যান। মোগল আর ব্রিটিশরা কি এখানেই আলাদা ছিল?
ডালরিম্পল: একদিক থেকে তো বটেই। যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধের পরে মুর্শিদাবাদের ট্রেজারি সেখান থেকে কলকাতায় নিয়ে এসেছিল এবং সেখান থেকে চলে গিয়েছিল ইংল্যান্ডে। রবার্ট ক্লাইভও তাঁর বাড়ি বানিয়েছিলেন ওয়েলসে। তেমনি সম্রাট বাবরও তো কাবুলে ফিরে গিয়েছিলেন; কিন্তু অন্য মোগল সম্রাটরা ভারতেই থেকে গিয়েছিলেন। ইতিহাস নিয়ে বিজেপির বিতর্ক নিয়ে ১০ বছর আগে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম: ‘দ্য ওয়ার ওভার হিস্ট্রি’।
ওয়াসিফ: পরিচয় নিয়ে সংঘাতের যুগে অনেকেই একাধিক আত্মপরিচয় রক্ষার ও লালনের চেষ্টা করছে। আপনার বেলায় কি বলা যাবে যে আপনি একই সঙ্গে ভারতীয় ও ব্রিটিশ?
ডালরিম্পল: বলা যায় হয়তো। আমার এখন দুটি জীবন। ১০ মাস ভারতে থেকে গ্রীষ্মে আমি চলে যাই লন্ডনে; ঠিক যেমন ব্রিকলেনে বসবাসকারী বাঙালিরা শীতকালে দেশে চলে আসে। আমি যখন যখন দিল্লিতে থাকি, তখন একজন মালি আমার বাগান দেখাশোনা করে, রান্না করে একজন পাচক। আবার যখন লন্ডনে ফিরে যাই, সেখানে নিজের কফিটা নিজেই বানিয়ে নিতে হয়। আমি এই দুই জীবনই উপভোগ করি।
ওয়াসিফ: তো, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর এই নতুন দাড়ির জন্যও।
ডালরিম্পল: হা হা হা, আমি আমার দাড়ি দারুণ
পছন্দ করি।