ইতিহাসচর্চার নামে আমরা মিথ তৈরি করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি
জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি

জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি
মহিউদ্দিন আহমদ
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন, ফেব্রুয়ারি ২০১৫
২২৮ পৃষ্ঠা
দাম: ৫৫০ টাকা।
বাংলাদেশে রাজনীতিকদের মধ্যে খেয়োখেয়ি লেগেই আছে। সবাই মনে করেন, ‘আমিই ঠিক, আর সবাই ভুল।’ বামরা আবার এককাঠি সরেস। বলেন, ‘আমিই সাচ্চা বিপ্লবী, অন্যরা সব প্রতিবিপ্লবী, হঠকারী অথবা বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট।’ আমরা ইতিহাসের চরিত্র নির্মাণ করি মনের মাধুরী মিশিয়ে। দানবকে দেবতা বানাই, দেবতাকে দানব। মঞ্চে মেকআপ নেওয়া উজ্জ্বল মুখগুলো দেখে আমরা আপ্লুত এবং বিভ্রান্ত হই, গ্রিনরুমের ভেতরে ঢুকে তাদের আসল চেহারা দেখি না। আমরা ইতিহাসচর্চার নামে প্রতিদিন মিথ তৈরি করে চলেছি।

অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ইতিহাসের সত্যকে ধরব। বিপ্লবী রাজনীতির ইতিহাস। অনেকেই মনে করতেন বিপ্লব করতে হবে, এটা তাকেই করতে হবে এবং তা আজকালের মধ্যেই, কেননা চমৎকার অবজেকটিভ কন্ডিশন বিরাজ করছে। নিজেকে অপরিহার্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন, এমন লোকের অভাব নেই আমাদের চারপাশে। ইতিহাস চর্চা করতে গিয়ে আমরা ভালোবাসা অথবা ঘৃণা দিয়ে ছবি এঁকে চলছি অবিরাম, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। ১৯৮৩-৮৪ সালে আমি ইংরেজিতে ‘আনফার্লিং দ্য রেড ফ্ল্যাগ’ নামে একটা দীর্ঘ লেখা তৈরি করেছিলাম। ইউরোপে এর মিমিওগ্রাফ হলো, কিন্তু ছাপানো গেল না। বিষয়টা তখনই চাপা পড়ে যায়।

মহিউদ্দিন আহমদ
মহিউদ্দিন আহমদ

বছর দুয়েক আগে দৈনিক প্রথম আলোয় একটা লেখার প্রতিক্রিয়া হিসেবে ‘তাহের, জিয়া এবং ৭ নভেম্বরের সাতকাহন’ নামে একটা লেখা লিখেছিলাম। সম্পাদক এটা পছন্দ করলেন এবং বললেন, ‘আপনি একসময় জাসদ করতেন, এদের নিয়ে লিখুন না?’ আমাদের দেশে রাজনৈতিক দলের ইতিহাস তেমন লেখা হয় না, যদিও নেতৃ-বন্দনার পুঁথি আছে মেলা। যাঁরা এসব বিষয় নিয়ে লেখালেখি করেন, তাঁরা বেশির ভাগ সময় নিজের কথাটাই পাঠককে গেলাতে চান, নিজের ঢোলই বাজাতে থাকেন। এসব লেখায় আর যা-ই থাকুক, সত্য বাবুকে খুঁজে পাওয়া মুশকিল। এ ছাড়া লেখা হয় গবেষণাপত্র বা থিসিসের মতো করে, কিংবা থিসিস হিসেবেই লেখাটি সাজানো হয়। একেবারেই নিরস গদ্য।
ভাবলাম আমার লেখার স্টাইলটা হতে হবে গল্পের মতো। পাঠক যদি পড়তে শুরু করেন, তাহলে যেন শেষও করেন। জাসদ নিয়ে লিখতে গিয়ে দেখলাম, দালিলিক সূত্র তেমন নেই। গোপন রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকার কারণে কাগজপত্র সংরক্ষণ করা অনেকের পক্ষেই সম্ভব হয়নি। তাই অনেকটাই নির্ভর করতে হলো কথ্য সূত্রের ওপর। সে ক্ষেত্রেও সমস্যা, কেউ কেউ নিজের ভূমিকা অতিরঞ্জিত করেন, অন্যেরটা খাটো করে বলেন, মনগড়া তথ্য দেন, এমনকি অবলীলায় মিথ্যা কথাও বলেন। আমার বইয়ে তাঁদের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে উদ্ধৃত করার চেষ্টা করেছি। তার পরও কিছু কিছু ভুল রয়ে গেছে। তিন মাসে তিনটি সংস্করণ হয়েছে। সাক্ষাতে কিংবা ফোন করে ভুলটুলগুলো দেখিয়ে দিচ্ছেন পাঠকেরাই, শুধরে নিতে সাহায্য করছেন। এটা একটা চলমান প্রক্রিয়া। স্কাই ইজ দ্য লিমিট ফর পারফেকশন।
জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি শিরোনামে আমার বইয়ের খসড়া পাণ্ডুলিপির একটা ভগ্নাংশ গত বছর প্রথম আলোর ঈদসংখ্যায় ছাপা হওয়ার পর বেশ হইচই হলো। মনে হলো ভিমরুলের চাকে ঢিল পড়েছে। আমি আরও সতর্ক হলাম। সূত্রগুলো ঝালিয়ে নিলাম আবার। নতুন তথ্যও সংযোজন করলাম। মনে হলো, যা লিখব, একসময় তা ইতিহাসের উপাদান হবে। তাই যতদূর সম্ভব ত্রুটিমুক্ত থাকা চাই।
জাসদ অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে এসেছে। এখন তার অস্থিচর্মসার দেহটাই পড়ে আছে। একসময় তার গায়ে ছিল ভরা যৌবন। ছিল তাকে নিয়ে অসম্ভব মাতামাতি। সত্তরের দশকটাই ছিল নানা ঘটনায় টালমাটাল। এই সময়টাকে দুই মলাটের মধ্যে বন্দী করা প্রায় অসম্ভব। আমি চেয়েছি নির্মোহভাবে এই সময়ের ছবি আঁকতে।

আমি ঝুঁকি নিয়েছিলাম। জানতাম, আমার লেখায় প্রচলিত অনেক মিথ ভেঙে পড়বে, প্রচণ্ড ঝাঁকুনি খাবে অনেকের লালিত ধারণা ও বিশ্বাস। আমি কাউকে ছোট করতে চাইনি, চাইনি কাউকে অহেতুক বড় করে দেখাতে। ইতিহাসে যার যা পাওনা, তাকে তা দিতেই হবে। আমার উদ্দেশ্য ছিল রাজনীতির বিষয়গুলো পাবলিক ডিসকাশনে নিয়ে আসা। এ জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সময় লেগেছে প্রায় দেড় বছর। অনেকেই তথ্য দিয়ে সাহায্য করেছেন অকৃপণ। তাদের সমর্থন ছাড়া এটা লেখা ছিল অসম্ভব।
লেখার সময় আমাকে আরেকটি সমস্যার মোকাবিলা করতে হয়েছে। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য দিয়ে কেউ কেউ বলেছেন, ‘প্লিজ, এটা কোট কোরো না।’ এই সীমাবদ্ধতা না থাকলে লেখাটা আরও আকর্ষণীয় হতো বলে মনে করি।