
পালাবার পথ নেই, তালাশ, সখী রঙ্গমালা-এর পর শাহীন আখতারের চতুর্থ উপন্যাস ময়ূর সিংহাসন। নিকটবর্তী উপন্যাস সখী রঙ্গমালায় (২০১০) তিনি লোকবাংলার ভেতর থেকে বের করে এনেছেন রঙ্গমালার কাটা মুণ্ডু আর শমসের গাজীর গল্প। ময়ূর সিংহাসনে তাঁর যাত্রা আরও অভিনতুন। রাজ-তখতের ময়ূরাভার আবডালে ইতস্তত-বিক্ষিপ্ত মানবীয় গাথা গড়ে তুলে এ উপন্যাসের আখ্যানাংশ। নামে তা মোগল শাহজাদা শাহ সুজার কাহিনি বটে কিন্তু অন্তরালে বিচিত্রবিধ চরিত্রের জীবন-কেচ্ছার সরাইখানা যেন। পেশাদার এক কলমচির ভাষ্যে শুরু হয়ে এ কাহিনি রাজমহল থেকে গঙ্গার পূর্ব পাড়ে বাংলার পরিত্যক্ত রাজধানী তাণ্ডা, জাহাঙ্গীরনগর, রোসাঙ্গ থেকে মায়ু অববাহিকা অবধি ঘাঁটি গাড়ে। বর্ষা ১৬৫৯ থেকে শীত ১৬৬৫ খ্রিষ্টাব্দ উপন্যাসের ব্যাপ্তিকাল। এর মধ্যে কত চৈত্র-বৈশাখ, মাঘ-ফাল্গুন, শরৎ-হেমন্ত বয়ে চলে আর তার সঙ্গে সঙ্গে চলে শাহ সুজা, সুলতান মুহম্মদ, গুলরুখ বানু, আতরজান, কাতিবের গল্প-বলা।
উপন্যাসটি মোগল শাহজাদা সুজার আরাকান অভিমুখে পলায়নের কাহিনি। খাজোয়ার যুদ্ধে আওরঙ্গজেবের বাহিনীর কাছে পরাজিত সুবেদার শাহ সুজা ১ এপ্রিল ১৬৫৯ সালে রাজমহল ত্যাগ করে তাণ্ডায় আশ্রয় নেন। ৬ এপ্রিল ১৬৬০-এ তিনি প্রথমে জাহাঙ্গীরনগর (ঢাকা) এবং পরে সেখান থেকে আরাকান যাত্রা করেন। কিছুদিন চাটগাঁওয়ের বন্দর দিয়াঙ ও আরাকানের রাজধানী ম্রোহং অবস্থান করে ১৬৬১-এর ফেব্রুয়ারিতে আরাকানেই নিখোঁজ হন সুজা; ক্রমে তাঁর পরিবারের অন্য সদস্যরাও সেখানে প্রাণ হারান। অপর দিকে ১৬৫৯-এ আওরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র শাহজাদা সুলতান মুহম্মদ গঙ্গার পশ্চিমপাড়ের দোগাছির শিবির থেকে পালিয়ে শাহ সুজার অস্থায়ী ঘাঁটি তাণ্ডায় চলে আসেন। ১৬৬০-এর ফেব্রুয়ারিতে শাহ সুজার শিবির থেকে পলায়নের সময় মোগল বাহিনীর হাতে ধরা পড়ে সম্রাট পিতা আওরঙ্গজেবের নির্দেশে তাঁকে আমৃত্যু কারাগারেই কাটাতে হয়েছে।
ঐতিহাসিক এ ঘটনাপঞ্জি সমান্তরালে রেখে কলমচি কাতিবের ভাষ্যে উপন্যাস পাঠ শুরু করা যায় এভাবে: ‘শাহজাদা সুজার দুর্ভাগ্যের কথা আর কী বলব। এ হয়তো পাত্থরে খোদাই হবে একদিন। আবার বাতাসেও মিলিয়ে যেতে পারে। দফায় দফায় হেরে যাওয়া যাঁর কপাললিখন, তাঁকে কে মনে রাখতে চায়? তাঁর আসন-ভূষণ সবই তখন জঞ্জাল। তাই তো “হয় তখ্ত না হয় গোর” হাঁক দিয়ে তিনি অসম জঙ্গে ঝাঁপিয়ে পড়ছেন বারবার। এখনো শেষ কথা বলার সময় আসেনি। আর ভাই-ভাইয়ে তখতের লড়াই তৈমুরিদের চিরকালেরই রেওয়াজ।’
সুজার দুর্ভাগ্য আর সিংহাসন দখলের লড়াইয়ের মতো রাজ-ইতিহাসের ইত্যাকার গলিঘুপচি থেকে আমরা অতঃপর আবিষ্কার করি পর্তুগিজ জাহাজের লশকর, শোলক-কাটা জেনানা, মাতাল, বৃহন্নলা, পানের আড়তদার, মক্তবের মিয়াজি—এমন অসংখ্য চরিত্রের ইতিহাসচাপা বৃত্তান্ত। হ্যাঁ, এ উপন্যাসের গায়ে ইতিহাসের আলোছায়ার সম্পাত। তবে ইতিহাসের বাঁধা ছকের অনুসারী নন ঔপন্যাসিক। বরং অতীত-সুদূরের রাজকুমার-রাজকুমারী, দাসী-বাঁদি; এরা সবাই আত্মবয়ানের ঢঙে নিজের পাশাপাশি মূর্ত করে ইতিহাসের সেই কালপরিসর। উপন্যাসের চরিত্রসমূহের এই কথা বলা সংলাপের চেয়ে বেশি বর্ণনাত্মক নাট্যের সাদৃশ্যপ্রতিম যেন।
আরাকানরাজ চন্দ্র শ্রীসুধর্মা, পর্তুগিজ জলসেনা, মোগলদের চাটগাঁ বিজয় ইত্যাদি চরিত্র ও ঘটনাপরম্পরায় কলমুখর হয়েও কলমচি কাতিবের কথা ধার করে বলা চলে এ উপন্যাস মূলত এক ‘ইশকে সফর’। শাহজাদা সুলতান মুহম্মদ, শাহাজাদি গুলরুখ বানু, কাতিব—এরা কেউ পায় না কাউকে। ইতিহাসের অমোঘ নিয়তিতে কারও স্থান হয় কারাগারে, কেউ যাত্রা করে মৃত্যুর অন্ধকারে আর কেউ পড়ে থাকে একলা একা বিদেশবিভুঁইয়ে।
পক্ষান্তরে শাহ সুজা পায় না তার প্রিয়তম হিন্দুস্তানের দেখা। রাজা পায় না রাজ্য, প্রেম পায় না পূর্ণতা। শাহীন আখতার মোগল-ইতিহাসের সূত্রে বিষাদের এমন চিরায়ত সিন্ধু উপন্যাসের শব্দবিন্দুতে আধারিত করেন। প্রাণস্ফূর্তিময় ভাষা আর একই সঙ্গে কাব্যগানের ছন্দগীতল ঘূর্ণিতে ময়ূর সিংহাসন আমাদের পাঠাভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। শাহানামা-বাবুরনামা-তুতিনামা-মহাভারতের ফারসি তরজমা-রজমনামা; ইউসুফ-জুলেখা, আলিফ-লায়লা, শিরিন-খসরুর উপকথা, মীরার ভজন আর জীজা বাঈয়ের গীত, হাফিজ-ওমর খৈয়াম-রুমি-ফরিদউদ্দিন আত্তারের কাব্য, হানিফা ও কয়রা পরির পুঁথি, আরাকানের রাজকাহিনি মহারাজোয়াং থেকে শুরু করে ঢাকাইয়া প্রবাদের স্বচ্ছন্দ ব্যবহার উপন্যাসটিকে নতুন মাত্রা দিয়েছে। রাজ-নারীপুরুষের পাশাপাশি সাধারণ মানুষের ইতিহাসধ্বস্ত জীবনের গল্প বলে ময়ূর সিংহাসন; ওমর খৈয়ামের ভাষায় যে ‘জীবন আগুনের মতো। শিখা মানুষ ভুলে যায়। ছাই উড়েয়ে নেয় বাতাস।’
ময়ূর সিংহাসন
শাহীন আখতার
প্রচ্ছদ: মোগল চিত্রকলা অবলম্বনে ঢালী আল মামুন
প্রকাশক: প্রথমা প্রকাশন,
ফেব্রুয়ারি ২০১৪
২৭২ পৃষ্ঠা
দাম: ৪৫০ টাকা