
‘বিমূর্ত বা নিরীক্ষামূলক যে ধারাতেই কাজ করো, আগে অবশ্যই ড্রয়িংটা ভালো করে জানতে হবে। আমি আমার শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে এটাই বলি যে ড্রয়িং জানা থাকলে যেকোনো কিছুই আঁকা সম্ভব।’ ‘স্মৃতির অভিসারে’ শিরোনামে নিজের একক চিত্র প্রদর্শনীর গ্যালারিতে বসে বলছিলেন শিল্পী বীরেন সোম।
গ্যালারি শিল্পাঙ্গনে চলমান বীরেন সোমের এ প্রদর্শনীর মূল উপজীব্য ঢাকার অদূরে সোনারগাঁয়ের পানাম নগরের অবশিষ্ট অট্টালিকা। এটি সেই অট্টালিকার বাস্তবধর্মী ড্রয়িংয়ের প্রদর্শনী।
বীরেন সোম বিমূর্ত অভিব্যক্তি রীতিতে কাজ করছেন দীর্ঘদিন। সর্বশেষ বেঙ্গল গ্যালারিতে ২০১৩ সালে যে প্রদর্শনী করেছিলেন, তাকেও বলা যেতে পারে রং-রেখা-ফর্ম নিয়ে বিমূর্ততার নিরীক্ষা।
তুর্কি-আফগান বংশোদ্ভূত সুলতানরা এ দেশে এসেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির হাত ধরে—তৎকালীন সেন সাম্রাজ্যকে পরাস্ত করে। সেটা ১২০৫ খ্রিষ্টাব্দের ঘটনা। তবে পরবর্তী সময়ে সুলতান শামস উদ্দিন ইলিয়াস শাহের আমলে বাংলার রাজধানী স্থাপিত হলো সোনারগাঁয়ে। এই অঞ্চল আদতে তখন আলাদা কোনো রাষ্ট্র নয়, মোগলদের প্রদেশই ছিল। সে সময় থেকে সমৃদ্ধ নগর হিসেবে শিল্প-সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য, মসলিন তৈরিসহ সব ক্ষেত্রে পানাম নগর ছিল উৎকর্ষমণ্ডিত। অর্থনৈতিকভাবেও এটি উন্নত নগরের মর্যাদা লাভ করে। সেই গৌরবোজ্জ্বল সময়ের প্রামাণ্যকরণের প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে এই প্রদর্শনীতে।
পানাম নগর নিয়ে সিরিজ কাজ করার চিন্তা বীরেন সোমের অনেক দিনের। ২০১০ সালে একটি জলরং কর্মশালা পরিচালনা করতে গিয়ে নতুন করে তিনি কাজ শুরু করলেন পানাম নগর নিয়ে। সেই যে শুরু, সেই পরম্পরায় কলম, চারকোল, পেনসিল, প্যাস্টেল, জলরং নানা মাধ্যমে শিল্পী এঁকেছেন প্রদর্শনীর এই ৪৬টি ছবি। এর মধ্যে কোনো কোনো অট্টালিকার ড্রয়িংয়ে আছে খুব সূক্ষ্ম কাজের ছোঁয়া, কোনো কোনোটি আবার আঁকা হয়েছে মিনিম্যালিস্টিকভাবে। ড্রয়িং ও জলরঙের কৌশলে শিল্পীর দক্ষতা দেখার মতো। আর এ কাজগুলোর বড় এক বৈশিষ্ট্য হিসেবে আছে নিরীক্ষা।
বীরেন সোমের আঁকা পানাম নগর সিরিজের স্কেচগুলো কেমন? এখানে পাওয়া যায় জনমানুষবিহীন এক মৃত লোকালয়ের আবহ। প্রাতিষ্ঠানিক দক্ষতার নির্মাণ খুব সহজেই আলোড়ন তোলে দর্শকের স্মৃতি ও নন্দন–বোধে।
‘পানাম নগর-১৪’ নামে একটি ছবির কথা বলি। স্কেচটি অতি স্বল্পরেখায় স্থান বিভাজনের মাধ্যমে তৈরি করেছে মিনিম্যাল বৈশিষ্ট্য। এভাবে একেকটি স্কেচে একেক বৈশিষ্ট্যে ধরা আছে পানাম নগরের ঐতিহ্য, রয়েছে বর্তমান প্রেক্ষাপটে তার অস্তিত্ব রক্ষার লড়াইটুকুও। সব মিলিয়ে শিল্পাঙ্গন গ্যালারির দেয়ালে ঝোলানো পানাম নগরের স্কেচগুলো এ ভূখণ্ডের রাজনৈতিক পটপরিবর্তনের ইতিহাস এবং পরবর্তীকালের এক স্বর্ণোজ্জ্বল সময়কে স্মৃতিতে ডাক পাঠাচ্ছে যেন।
গত ২৭ ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।