
স্বাধীনতার পটভূমি: ১৯৬০ দশক
মোরশেদ শফিউল হাসান
প্রচ্ছদ: ধ্রুব এষ,
অনুপম প্রকাশনী
২৮৮ পৃষ্ঠা
দাম: ৪০০ টাকা
বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের যে বহুমাত্রিক ও বিচিত্র রূপ, যে বিস্তীর্ণ প্রেক্ষাপট, কারও মতে দেশ বিভাগের আগেই যার সূচনা, সেসব নিয়ে খুব কম লেখক-ইতিহাসবিদই আলোচনা করেছেন; অধিকাংশের ঝোঁক লক্ষ করা গেছে রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও চরিত্রকে নিজের মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা করায়। স্বাধীনতার বিভিন্ন পর্যায়ের আন্দোলন-সংগ্রামে যাঁরা নিজ নিজ অবস্থান থেকে যুক্ত ছিলেন, তাঁদের জন্য এটি স্বাভাবিক হলেও গবেষক-ইতিহাসবিদদের কাছ থেকে কখনোই কাম্য নয়।
অনেক লেখক-গবেষকই ইতিহাসের বিচার করেছেন, এখনো করছেন বর্তমানের দলীয় রাজনীতির চশমা দিয়ে৷ যে কারণে একজনের কাছে যা ধবধবে সাদা মনে হয়েছে, অন্যজনের কাছে তা-ই প্রতিভাত হয়েছে ঘোরতর কালো হিসেবে। একপক্ষ যাকে বীর হিসেবে মেনে নিয়েছে, অন্যপক্ষ তাকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে।
কোনো দেশের স্বাধীনতার সংগ্রামই একটি ঘটনা বা চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয় না। প্রতিটি বড় ঘটনার পেছনে থাকে বহু ছোট ঘটনা৷ প্রতিটি বড় চরিত্রের পাশেও উপগ্রহের মতো থাকে আরও অজস্র চরিত্র। জাতির মানসগঠন ও ইতিহাস নির্মাণে সেসব পার্শ্বঘটনা ও চরিত্রেরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সে কথাটি মনে করিয়ে দিলেন লেখক-গবেষক মোরশেদ শফিউল হাসান তাঁর স্বাধীনতার পটভূমি: ১৯৬০ দশক বইয়ে।
১৯৬০-এর দশকে বৈশ্বিক পরিমণ্ডলে ঘটেছে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। এ সময়েই আলজেরিয়া স্বাধীনতা লাভ করে, কঙ্গোর প্রধানমন্ত্রী প্যাট্রিস লুম্বুম্বাকে হত্যা হয়, ফরাসি দখলদারি থেকে ভিয়েতনাম মুক্ত না হতেই মার্কিন আগ্রাসনের শিকার হয়। এ সময়েই বলিভিয়ায় বিপ্লব করতে গিয়ে চে গুয়েভারা নিহত হন; সমাজতান্ত্রিক শিবিরে দেখা দেয় বিভক্তি। এসব ঘটনা তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক, এমনকি সাংস্কৃতিক জীবনকে কোনো না-কোনোভাবে প্রভাবিত ও আন্দোলিত করেছে।
মোরশেদ শফিউল হাসান বইয়ের ভূমিকায় যথার্থই লিখেছেন, ‘আমাদের এই ভূখণ্ডের ইতিহাসেও ১৯৬০-এর দশক সময়টি নানা কারণেই গুরুত্বপূর্ণ ছিল। সদর্থে তার চেয়ে তাৎপর্যপূর্ণ সময় একটি জাতির শত বছরের ইতিহাসে দু-একবারের বেশি আসে কি না, সন্দেহ।’
লেখক এ বইয়ে আটটি পরিচ্ছেদে স্বাধীনতা-পূর্ব সময়ের মূল স্রোতের পাশাপাশি পার্শ্ব এমনকি উল্টো স্রোতগুলোকেও তুলে ধরেছেন। এ ক্ষেত্রে তিনি নিজে ব্যাখ্যা-বিশ্লেষণ তেমন করেননি; বরং সেই সময়ের পত্রপত্রিকা, দলিলপত্র ও পরবর্তীকালে প্রকাশিত বইপত্রকে সাক্ষ্য মেনেছেন।
ষাটের দশকের ইতিহাস বলতে গিয়ে প্রায় সব লেখক-গবেষকই আলোড়ন সৃষ্টিকারী ছয় দফা আন্দোলন, পাকিস্তানের দুই অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য, আইয়ুববিরোধী শিক্ষা ও ছাত্র আন্দোলন, রবীন্দ্র-জন্মশতবর্ষ উদ্যাপন, আগরতলা ষড়যন্ত্র মামলার কথা লিখে থাকেন। মোরশেদ শফিউল হাসানও লিখেছেন। তবে তিনি আরও যেসব বিষয় যুক্ত করেছেন তা হলো, সেই সময়ের কৃষক ও শ্রমিক আন্দোলন, বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) অভ্যুদয়, পরবর্তীকালে এর বিভক্তি, দুই এবং সাংস্কৃতিক আন্দোলন ও তার প্রতিক্রিয়াগুলো। এই বইয়ে আমরা জানতে পারি, ষাটের দশকে বাঙালি লেখক বুদ্ধিজীবীদের একাংশ যেমন শাসকগোষ্ঠীর ভ্রুকুটি উপেক্ষা করে নিজস্ব সাহিত্য-সংস্কৃতির সাধনায় নিয়োজিত িছলেন, তেমনি অপরাংশ পাকিস্তানি এস্টাবলিশমেন্টের ছাঁচেও নিজেদের দেখতে সচেষ্ট ছিলেন। এঁদের অনেকে পরবর্তী সময়ে সরাসরি মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছেন। আবার উল্টোটিও ঘটেছে। যিনি সারা জীবন গণমানুষের পক্ষে লড়াই করেছেন, শেষ জীবনে এসে তিনি পাকিস্তানিদের গণহত্যার সহযোগী হয়েছেন।
মোরশেদ শফিউল হাসানের স্বাধীনতার পটভূমি: ১৯৬০-এর দশক আমাদের ইতিহাসের আকরগ্রন্থ হিসেবেই বিবেচিত হবে।