ঐতিহাসিকের নোটবুক—সিরাজুল ইসলাম \ কথাপ্রকাশ, ঢাকা \ ফেব্রুয়ারি ২০১০প্রচ্ছদ: সাইফুল হক \ ২০৬ পৃষ্ঠা \ ২৫০ টাকাআভিধানিক অর্থে নোটবুক হলো নির্যাস বা সারগ্রন্থ। ইতিহাসবিষয়ক পাঠ্যবইয়ে এত দিন আমরা যা শিখেছি, পড়েছি, তার সবটাই যে ইতিহাস নয়, সে কথা আমরা জানতে পারি সিরাজুল ইসলামের ঐতিহাসিকের নোটবুক পাঠ করে। ইতিহাসের নামে এত দিন কেবল রাজা বা শাসকদের গুণকীর্তন করা হয়েছে, তাঁদের বিজয় ও গৌরবগাথা তুলে ধরা হয়েছে। কিন্তু মানুষ বা শাসক হিসেবে তাঁদের দুর্বলতা ও ভুলত্রুটিকে যথাসম্ভব আড়াল করা হয়েছে। নিবিড় গবেষণা ও গভীর অনুসন্ধিত্সা থেকে লেখক এমন কিছু তথ্য ও উপাত্ত তুলে ধরেছেন, যা আমাদের এত দিনকার জানা-শোনাকে মিথ্যে প্রমাণ করে।উদাহরণ হিসেবে নবাব পরিবারের উত্থান-পতন কিংবা আমাদের হক সাহেব প্রবন্ধ দুটির কথা বলা যায়। ঢাকার নবাব পরিবার যে মধ্যযুগের শাসকদের উত্তরাধিকারীদের কেউ নয়, কিংবা আরব পারস্য বা মধ্য এশিয়ার বিখ্যাত পরিবার থেকেও আসেনি, নিবন্ধে নানা তথ্য-উপাত্তসহ সে বিষয়টি তুলে ধরা হয়েছে। ঢাকার নবাবদের আদিবাস কাশ্মীর হলেও তারা শাসকগোষ্ঠীর ছিলেন না ; নিছক ভাগ্যান্বেষণে বাংলায় এসেছিলেন, পেশায় ছিলেন চর্মকার। আবদুল হাকিম ও তাঁর ভাই আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে আসেন ঢাকায়। আবদুল্লাহর ছেলে হাফিজুল্লাহ নিলামে বাকেরগঞ্জে তালুক কিনে বিপুল বিত্ত বৈভবের মালিক হন। তাঁর ছেলে আবদুল গনি কীভাবে খাজা ও নবাব উপাধি পান, কীভাবে তিনি জনহিতকর কাজ করেন, তারই রসঘন বিবরণ পাই সিরাজুল ইসলামের লেখায়। শেরেবাংলা এ কে ফজলুল হক সম্পর্কে তাঁর আমাদের হক সাহেব প্রবন্ধটি পত্রিকায় প্রকাশের সময়ই ব্যাপক বিতর্ক হয়েছে বলে লেখক ভূমিকায়ই স্বীকার করেছেন। এতে তিনি যেসব ঘটনা তুলে ধরেছেন, তাও অসত্য নয়। হক সাহেব অস্থিরমতির মানুষ ছিলেন, বারবার দল বদল করেছেন। কিন্তু এও সত্য, বাঙালি রাজনীতিকদের মধ্যে তিনিই প্রথম কৃষকের দাবিদাওয়াকে সামনে নিয়ে এসেছিলেন, তাদের আবেগ-অনুভূতি ধারণ করেছিলেন। জেলা ম্যাজিস্ট্রেট এফ ও বেল যেমন বলেছেন, ‘এ মহাদেহী মানুষটি ছিলেন সবার বন্ধু।’ সবার বন্ধু হওয়ার বিপদও কম নয়।বইয়ের সবচেয়ে আকর্ষণীয় নিবন্ধ ঐতিহাসিকের নোটবুক। এতে লেখক ইতিহাসের প্রায় অজ্ঞাত-অখ্যাত কিছু ঘটনা তুলে ধরেছেন, যাতে ইতিহাসের নামে প্রচলিত কল্পকাহিনি অসার প্রমাণিত হয়েছে। এ নিবন্ধে তিনি ঘরকুনো বাঙালির বিশ্বজয়ের কথা বলেছেন। নিবন্ধে উল্লিখিত চরিত্রের মধ্যে আছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মির্জা আবু তালিব খান, শেখ দীন মুহাম্মদ, রোনাল্ড মেকডোনাল্ড স্টিফেনসন, রওশন আরা, ফ্রাঁসোয়া বার্নিয়ার, শ্রীরামকৃষ্ণ, রাজা রামমোহন রায়, নবাব আবদুল লতিফ, জমিদার রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যাঁরা নিজ নিজ ক্ষেত্রে শুধু খ্যাতিই লাভ করেননি, ব্যতিক্রমী কাজ করে ইতিহাসে জায়গাও করে নিয়েছেন। ইতিহাসের সাক্ষ্য-সুযোগ মানেই সাফল্য নয় নিবন্ধটিতে লেখক হালকা চালে আমাদের জাতীয় জীবনের কিছু নির্মম সত্য তুলে ধরেছেন। তিনি যথার্থই বলেছেন, ‘সুযোগ হাতছাড়া করার ব্যাপারে আমাদের একটি দুর্ভাগ্যজনক ঐতিহ্য আছে।’ স্বাধীনতাপরবর্তী সময়ের কথা বলতে গিয়ে সিরাজুল ইসলাম লিখেছেন, ‘...এবার চার নীতির ভিত্তিতে বাঙালি জাতির স্বপ্ন পূরণের পালা। কিন্তু অচিরেই সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো।’ তার এ মন্তব্যে যে অতিশয়োক্তি নেই স্বাধীনতা-উত্তর গত ৩৯ বছরের বাংলাদেশই তার প্রমাণ। মার্কিন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: মিল ও অমিল নিবন্ধে লেখক দুই দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট এবং এর নায়কদের কথা বলেছেন। তবে এখানে একটি ঘাটতির কথাও বলতে হয়। নিবন্ধে স্বাধীনতা আন্দোলনে আওয়ামী লীগের অনুসারী নেতাদের নামই এসেছে। বামপন্থীদের ভূমিকার কথা থেকে গেছে অনুল্লেখ্য। এ ছাড়া পলাশীর যুদ্ধ, ডে সাহেবের ঢাকা, টিপু সুলতানের বীরত্ব, শায়েস্তা খাঁর এক টাকা, বিলেতে শেখ দীন মোহাম্মদ, রমনা বনাম সোহরাওয়ার্দী উদ্যান, ইতিহাসের স্বাধীনতাসংগ্রাম বনাম বাংলাদেশ নিবন্ধেও তাঁর নিবিড় পর্যবেক্ষণ ও গভীর দৃষ্টিভঙ্গি লক্ষ করা যায়। ইতিহাসের দুর্গম ও আঁকাবাঁকা জমিতে সত্যের আলো ফেলেছে নিবন্ধগুলো।