
বসন্ত১৯৭১: মুজিবনগর সরকারের কেন্দ্র থেকে দেখা মুক্তিযুদ্ধ
ফারুক আজিজ খান
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
২০৮ পৃষ্ঠা
দাম: ৪০০ টাকা।
বসন্ত১৯৭১ফারুক আজিজ খানের ইংরেজি বই Spring 1971-এর বাংলা ভাষান্তর। নব্বইয়ের দশকে যখন ইউপিএল থেকে বইটি প্রথম প্রকাশিত হয়, ব্যাপকসংখ্যক পাঠকের মনোযোগ আকর্ষণ করে। ফারুক আজিজ খান সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন, যাঁরা মুক্তিযুদ্ধকালীন সরকারের সঙ্গে কাজ করে ইতিহাসের অংশীদার হয়ে আছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একান্ত সচিব। ফলে সরকারের ভেতর-বাহিরটা খুব কাছ থেকে তাঁর দেখা সম্ভব হয়েছিল।
ফারুক আজিজ খান বসন্ত১৯৭১ শুরু করেন ১৯৪৭ সালের ৩ জুন থেকে, যেদিন লুইস মাউন্ট ব্যাটেনব্রিটিশদের ভারত ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি বেতার মারফত জানান। আর বইটি শেষ হয়েছে স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। ঘটনাপরাম্পরায় ভারত ভাগ, পাকিস্তানের প্রতিষ্ঠা, জিন্নাহ–সোহরাওয়ার্দী দ্বন্দ্ব, বায়ান্নর ভাষা আন্দোলন, যাতে তিনি সক্রিয় অংশ নিয়েছিলেন, আইউব খানের ক্ষমতা দখল, ছেষট্টির ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং সবশেষে মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর অভিজ্ঞতা ও নির্মোহ পর্যবেক্ষণ রয়েছে বইটিতে।
লেখক ১৯৬৮ সালে কাপ্তাইয়ে একটি ইনস্টিটিউটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন কিংবা মার্চের অসহযোগ আন্দোলন কোটি কোটি বাঙালির মতো তাঁকেও আন্দোলিত করে। কাপ্তাইয়ে থাকতেই তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বের আনন্দ ও বেদনার সঙ্গে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে স্ত্রী-সন্তানদের অবরুদ্ধ বাংলাদেশে রেখে তিনি বেরিয়ে পড়েন ‘মুক্তির আকাঙ্ক্ষায়।’
সীমান্ত পার হয়ে তিনি মিজোরাম ও আসাম হয়ে কলকাতায় পৌঁছান। তাঁর কলকাতা আগমনের অনুভূতি ছিল এরকম: ‘১৯৫৫ সালে আমি সর্বশেষ কলকাতায় এসেছিলাম।...আর আজ ২১ বছর পর আমি এক নিঃস্ব মানুষ এসেছি সেই শহরে আশ্রয়ের জন্য। ...ইয়াহিয়ার খুনী বাহিনী আমাকে ও লাখ লাখ মানুষকে ঘরছাড়া করেছে’ (পৃষ্ঠা–২১৭)। সেখানে তিনি প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বিমুখ হন। সেটি হয়তো তাঁর জন্য ভালোই হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে খন্দকার মোশতাকের নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে চক্রান্ত চলছিল, তাঁকে তার শরিক হতে হয়নি।
ফারুক আজিজ লিখেছেন, ‘জুন মাসের প্রথম সপ্তাহে অনেকটা আকস্মিকভাবেই প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। বাংলাদেশ সরকারের অর্থসচিব খোন্দকার আসাদুজ্জামান আমাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেন।’ তিনি লিখেছেন, ‘কাপ্তাই থেকে পালিয়ে যাওয়ার পর আবার আমি উপলব্ধি করলাম মুক্তিসংগ্রামে আমিও সম্পৃক্ত হয়েছি।...প্রধানমন্ত্রীর দপ্তরটি মাত্র ১০ ফুট বাই ১০ ফুট।ছোট একটি সেক্রেটারিয়েট টেবিল, এবং কয়েকটি চেয়ার ছিল আসবাব। প্রধানমন্ত্রীর টেবিলের সামনের দেয়ালে শেখ মুজিবের একটা ছবি ঝোলানো। এই কক্ষের পেছনে আরেকটি কক্ষে একই সঙ্গে প্রধানমন্ত্রীর থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ (পৃষ্ঠা–৩২৬)।
ফারুক আজিজের পর্যবেক্ষণ হচ্ছে, ‘তাজউদ্দীনেরসবচেয়ে বড় ভরসার জায়গা ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে চমৎকার বোঝাপড়া।’ কিন্তু সত্য যে মুজিবনগরে তাঁর প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন বঙ্গবন্ধুর আশীর্বাদপুষ্ট বলে পরিচিত চার যুবনেতা। তাঁরা সরকারে কর্তৃত্ব অগ্রাহ্য করে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বা মুজিব বাহিনী নামে একটি আলাদা বাহিনী গড়ে তোলেন। বিষয়টি নিয়ে মুজিবনগর সরকার অস্বস্তিতে থাকলেও ভারত সরকার সব ডিম এক ঝুড়িতে রাখতে চায়নি। দুই পক্ষের এই দ্বন্দ্ব স্বাধীনতা-পরবর্তীকালেও চলতে থাকে; যার পরিণতি জাসদের অভ্যুদয় এবং মন্ত্রিসভা থেকে তাজউদ্দীন আহমদের বিদায়।
বইয়ে লেখক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের অসাধারণ নেতৃত্ব ও মানবিক গুণাবলি তুলে ধরেছেন বিভিন্ন ঘটনার আলোকে। তিনি জানাচ্ছেন, আগস্টে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতা চুক্তি সইয়ের ঘটনাগুলো দ্রুত এগোতে থাকে। ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং বিশ্বপরিসরে সোভিয়েত ইউনিয়ন তারপক্ষ নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানকে সহায়তা করে। ৩ ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করলে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয় এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ঢাকায় আত্মসমর্পণের মধ্য দিয়ে তা শেষ হয়।
লেখক বসন্ত১৯৭১-এ কেবল বসন্তের কথাই বলেননি, এই বসন্ত, তথা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিলেন, তাদের মুখোশও উন্মোচন করেছেন।
বসন্ত১৯৭১ পড়ে কোথাও অনুবাদ মনে হয়নি; মূল লেখার ভঙ্গি ও বৈশিষ্ট্য দুটোই অক্ষুণ্ন²রয়েছে। এ জন্য অনুবাদক আসজাদুল কিবরিয়া ধন্যবাদ পেতে পারেন। সেই সঙ্গে প্রথমাও। লেখককেও অভিনন্দন জানাই।