এমন কিছু মানুষ আছেন, সময়ের অগ্নিমূল্যে যাঁরা ইতিহাস হয়ে ওঠেন, এমন কিছু বিষয় আছে, শিল্পবিচারের ঘেরাটোপ ডিঙিয়ে সময়কে ব্যক্ত করার কারণেই সব সময় যা স্বীকৃত হয় ঐতিহাসিক দস্তাবেজের মহিমায়। বাঙালি জাতির জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই এক ইতিহাস; আর তাঁর উত্তাল জীবনসংগ্রামের দুর্লভ আলোকচিত্রগুলো এখন ইতিহাসের সেই বস্তুনিষ্ঠ দলিল।সম্প্রতি শুরু হওয়া এক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের উত্তাল দিনলিপি নতুন করে আরেকবার যেন চোখের আলোয় এসেছে। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘দুই আলোকচিত্রীর ক্যামেরায় বঙ্গবন্ধু’ শীর্ষক এই প্রদর্শনীটির আলোকচিত্রীদ্বয় রশীদ তালুকদার ও অমিয় তরফদার। সাদা-কালো এসব ছবিতে ফুটে উঠেছে শেখ মুজিবের বিভিন্ন সময়ের অভিব্যক্তি—সাতই মার্চের উদাত্ত সেই মুখ, স্বদেশ প্রত্যাবর্তনকারী বঙ্গবন্ধুর হাস্যোজ্জ্বল চাহনি অথবা সেই সময়ে সদ্য তরুণী শেখ হাসিনা ও শেখ রেহানার স্নিগ্ধতাময় স্থিরচিত্র থেকে যেন ইতিহাসের সোনালি অধ্যায়গুলোকে খুঁড়ে বের করা যাবে সহজেই।যদিও এ প্রদর্শনীতে স্থান পাওয়া অনেক চরিত্র এখন বিগত। অমিত তরফদারের তোলা একটি ছবিতে দেখা যায়, শেখ কামাল, তাজউদ্দীন আহমদ আর বঙ্গবন্ধুর অন্তরঙ্গ মুহূর্ত। আবার আরেকটি ছবিতেই খোলা এক উদ্যানে স্বামী এস এম ওয়াজেদ মিয়া, শেখ রাসেলসহ দাঁড়িয়ে আছেন তরুণী বয়সের শেখ হাসিনা। অমিয় তরফদারের এসব ফটোগ্রাফের মধ্যে একটি আলোকচিত্রে শুধু শেখ মুজিবের মুখের ওপর স্থির হয়ে আছে ক্যামেরার ফোকাস। আর ওই ছবিতে চোখ দুটো প্রায় মুদে আছেন বঙ্গবন্ধু। বাংলাদেশের প্রথম রাষ্ট্রনায়কের সতর্ক-অসতর্ক নানা মুহূর্তকে এভাবেই অনুসরণ করেছে ফটোসাংবাদিক অমিয় তরফদারের ক্যামেরা।অন্যদিকে, বাংলাদেশের প্রবীণ আলোকচিত্রী রশীদ তালুকদারের ক্যামেরাও বঙ্গবন্ধুর দিকে নিবদ্ধ। তবে তাঁর ক্যামেরায় বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন সদস্যসহ আরও অনেক কিছুই ফোকাস-বন্দী হয়েছে। যেমন, একটি চিত্রে জেনারেল অরোরার সঙ্গে দেখা যাচ্ছে বেগম মুজিবকে। আবার জেনারেল ওসমানীর পাশে স্বদেশ-প্রত্যাবর্তনকারী মুজিবের ছবি যেমন লক্ষণীয়, তেমনি অন্য এক ছবির পটভূমি হলো—হাত উঁচিয়ে সালামের প্রত্যুত্তর দিচ্ছেন তিনি, তাঁর সঙ্গে হাসিমুখ সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদকেও দেখা যাচ্ছে। এ ছাড়া রশীদ তালুকদারের তোলা আরেকটি ছবিতে দেখা যায়, ৩২ নম্বরের প্রধান ফটকে কয়েকটি ফুলের মালা জড়ানো—কোনো চরিত্র নেই, ছবির দৃশ্যবস্তু মাত্র এটুকু। কিন্তু এই ছবি যেন ইতিহাসের অন্য রকম এক গল্পই বলতে চায়।রাশি রাশি আলোকচিত্রের মধ্যে সেই সময়ের কয়েকটি পত্রপত্রিকাও প্রদর্শিত হচ্ছে, যা উত্সুক দর্শকদের তৃষ্ণা মেটাবে।‘দুই আলোকচিত্রীর ক্যামেরায় বঙ্গবন্ধু’ নামে পক্ষকালব্যাপী এ প্রদর্শনী এখন মুহূর্তেই যেন আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে সেই ইতিহাসের সামনে, যাকে আগুনের মূল্যে কিনেছি আমরা।প্রদর্শনীটি ৩১ আগস্ট পর্যন্ত চলবে।