
ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র
নির্বাচিত প্রবন্ধ
সালাহ্উদ্দীন আহমদ
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রথমা প্রকাশন
দাম: ৫৫০ টাকা
ইতিহাসবিদ সালাহ্উদ্দীন আহমদের গদ্য গতিশীল ও সুন্দর, পড়তে শুরু করলে থামা কঠিন। বাঙালি মুসলমানের ধমনিতে কত বর্ণের রক্ত মিশেছে তার বিবরণ এতে আছে। তিনি ১৮৫৭ থেকে জাতীয় রাজনৈতিক ইতিহাসের বাঁকগুলোর প্রায় প্রতিটি খাদ ছুঁয়েছেন। জাতীয় চেতনার উন্মেষ ও জাতীয়তাবাদ, বাঙালি মুসলমানের রাষ্ট্রচিন্তা ও ভাবজগৎ, দেশভাগ, মুক্তিযুদ্ধ, ইসলাম ও সংস্কৃতির রূপান্তর, ইতিহাস বিকৃতি, নারীমুক্তি বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি পরিব্যাপ্ত হয়েছে।
বিভিন্ন জাতিগোত্রের রক্তস্রোত আমাদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য দিয়েছে, তা রাষ্ট্রগঠনে শুধুই সহায়ক হয়েছে? এই ডিজিটাল যুগেও আমরা কেন ‘অর্ধশিক্ষিত বা কুশিক্ষিত রাজনীতিবিদ ও সমরনায়কদের’ দ্বারা শাসিত ও লাঞ্ছিত? এটা কি সাফোক্লিসের ইদিপাসের ট্র্যাজিক নিয়তি, নাকি ওই জাতপাত ও রক্তের অমোঘ উত্তরাধিকার?
৪১ বছর পরে আবার আমরা যখন ধর্মের প্রশ্নে হিমশিম খাচ্ছি, তখন তাঁর প্রবন্ধগুলো অবশ্যপাঠ্য। ‘ধর্মের মতো ভাষাও এককভাবে জাতীয়তাবাদের ভিত্তি হতে পারে না।’ লেখকের মন্তব্য শিরোধার্য। তবে পাকিস্তানি ২৩ বছরে আমাদের ভাষাভিত্তিক জাতীয়তাবাদ গড়ার একক চেষ্টা ছিল। কিন্তু ৪১ বছরে আমরা কি আদৌ কিছু করেছি? ধর্মনিরপেক্ষতার সঙ্গে গণতন্ত্র ও সুশাসনের সুলুকুসন্ধান আমরা করিনি। সে কারণে জাতীয়তাবাদ আজও মরীচিকা। ভাষা থেকেই স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দীপশিখা প্রজ্বলিত হয়েছে।
লেখক পাকিস্তান সৃষ্টিতে বিকৃত ধর্মীয় ও সাম্প্রদায়িক সমস্যার যে চিত্রকল্প এঁকেছেন, তা চেনা হলেও আমাদের আরও গভীরে যেতে হবে। জিন্নাহর ওপর দায় চাপানো সরলীকরণে আর চলছে না। আচ্ছা, পাকিস্তান আন্দোলনের স্বপ্নমাখা তরুণ শেখ মুজিব ইতিহাসের কোন সন্ধিক্ষণে ধর্মনিরপেক্ষতার প্রবক্তা হয়ে উঠেছিলেন? জিন্নাহর ধর্মকৌশল ইতিহাসের কোন পর্বে তিনি বিসর্জন দিয়েছিলেন? বাহাত্তরের ছাপার হরফের আগে সেক্যুলার মুজিবকে খুব কি চেনার সুযোগ ঘটেছে? ভাষা ও ধর্ম দুই ফ্রন্টে লড়াই কঠিন ছিল। কিন্তু সেই লড়াই না করার ফল কী? জাতিগত মনস্তত্ত্বে তার অভিঘাত কী? এই প্রশ্নগুলোর উত্তর তাঁর মতো উঁচু মাপের ব্যক্তিত্বের কাছেই প্রত্যাশিত। তাঁর সঙ্গে আমরা একমত যে জাতীয়তাবোধ উন্মেষের জন্য চাই সম্মিলিত ঐতিহ্যবোধ। এর চেতনার অনুপস্থিতি থাকলে সমূহ বিপদ। এক ধর্মাবলম্বী অথবা এক ভাষাভাষী হলেই বা একই রাষ্ট্রের অধীন বসবাস করলেই জাতীয়তাবোধের পরিপূর্ণ স্ফুরণ ঘটে না।
এটা যে কত বড় সত্য, তা বাংলাদেশি বাঙালি জাতির দৈনন্দিন জীবনে সতত উদ্ভাসিত। একটি সমগোত্রীয় জাতীয় রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশে অনবরত রক্ত ঝরছে।
নেজামে ইসলামকে নিয়ে ’৫৪ সালে যুক্তফ্রন্ট করে আমরা বললাম ‘কোরআন সুন্নাহর পরিপন্থী আইন’ করব না। তাহলে কেন আমরা একই নীতিতে অটল থেকেও বাহাত্তরের সংবিধানে ধর্মভিত্তিক যেকোনো দলেরই কার্যক্রম নিষিদ্ধ করলাম। এখন সামরিক ফরমান দিয়ে সংযোজিত রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বজায় রেখেও কেবল ধর্মনিরপেক্ষ শব্দ লিখে দিয়েই কি আমরা ‘সম্মিলিত ঐতিহ্যবোধ’ সৃষ্টি করতে পারব।
বইয়ের প্রবন্ধগুলো অনেকগুলো দিকনির্দেশ করবে কিংবা ভাবতে শেখাবে। বাঙালি মুসলমান বুদ্ধিজীবীদের চারিত্রিক দুর্বলতা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। তাঁরা চার বিবির কোটা পূরণে নিরাসক্ত বটে কিন্তু তাঁরা তা কোটা ও কোটারিতেই অবগাহন করেন। বিবেকবন্দী নয়, ওঁরা যে রিপুতাড়িত ভোগসুখসর্বস্ব। লেখকের কথায়, ‘রাষ্ট্রনায়কেরা বুদ্ধিজীবীদের সময়-অসময় ব্যবহার করেছেন নিজেদের স্বার্থে, কিন্তু তাঁদের মতাদর্শ বা উপদেশ গ্রহণ করতে উৎসাহ বা আগ্রহ কখনো দেখাননি। ফলে রাষ্ট্র পরিচালিত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে অর্ধশিক্ষিত বা কুশিক্ষিত রাজনীতিবিদ ও সমরনায়কদের দ্বারা। এই পরিস্থিতিতে দেশের সার্বিক উন্নতি কখনো সম্ভব নয়।’
আশা করব, পরের বইয়ে বরেণ্য এই ইতিহাসবিদ নিশ্চয় ওই সংখ্যাতত্ত্ব ভেদ করবেন! এই ‘রাষ্ট্রনায়কেরা’ কারা? বুদ্ধিজীবীদের ‘মতাদর্শ বা উপদেশ’ তা কী ও কে কবে দেখেছে? ‘অর্ধশিক্ষিতদের’ কাছে নতজানু উপদেশক যাঁরা নয়, বর্তমান বাংলাদেশে তাঁদের সংখ্যা কত?
১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লেখক ইউনেসকোর ফেলোশিপ নিয়ে জাপান গিয়েছিলেন। এটা চমকপ্রদ তথ্য যে, টোকিওর পাকিস্তানি দূতাবাসের তৃতীয় সচিব ছিলেন সেই মাহবুব আলম চাষী। নতুন করে প্রশ্ন জাগে, ‘কট্টর পাকিস্তানি’ হিসেবে ’৫৬ সালে চিহ্নিত চাষী কী করে মুজিবনগর সরকারের পররাষ্ট্রসচিব হতে পেরেছিলেন?
মেরিল্যান্ডে গোপন মার্কিন নথিতে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করাই হয়েছিল কমিউনিস্টশাসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকল্প প্রতিষ্ঠান হিসেবে গড়তে। এই অভিসন্ধি লেখকের তখন জানার কথা নয়। পাকিস্তানি সাবেক শিক্ষামন্ত্রী ড. কুরেশি তাই লেখককে জিজ্ঞেস করেছিলেন, ‘মাত্র একজন হিন্দু শিক্ষক? এই জন্যই তোমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন থেকে মুক্ত।’
ধর্ম ও জাতিসত্তার মধ্যে যে ঢের বেশি ধূসর জায়গা রয়ে গেছে, শাহবাগ ও মতিঝিলের মুখোমুখি হওয়া তারই প্রমাণ। এই ভেদ বুঝতে ও ঘোচাতেও বইটি অবশ্যপাঠ্য।