ইনগ্রিড বার্গম্যান এবং রবের্তো রসেলিনির আলোচিত প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্দায় তিনি জোয়ান অব আর্ক, মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেন। তাঁকে কি মানায় বিবাহিত থাকা অবস্থাতেই অন্য আরেকজনের সন্তানের মা হওয়া! সেই লোকটিও আবার বিবাহিত।জোয়ান অব আর্কের এমন অধঃপতন ভক্তরা তো মানলেনই না, সাংবাদিকেরাও গেলেন খেপে। তাঁরা ভুলে গেলেন পর্দার জোয়ান অব আর্ক বাস্তবে রক্ত-মাংসেরই এক মানুষ। জোয়ান অব আর্ক ছবিটি অস্কারে মনোনয়ন পেলেও জনপ্রিয়তা পেল না মোটেও। অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের অভিনয়জীবনটা ওলট-পালট হয়ে গেল পরিচালক রবের্তো রসেলিনির প্রেমে পড়ে।বিবাহিত থাকা অবস্থায় আরেকজনের সঙ্গে প্রেম—এমন ঘটনা তো হলিউডে রোজই ঘটছে। তবে মনে রাখুন, সেটা ছিল পঞ্চাশের দশকের কথা। সে সময় এক রাজনীতিবিদ বার্গম্যান সম্পর্কে বলেছিলেন, তিনি নারীত্বের ভয়ংকর উদাহরণ, শয়তানির এক শক্তিশালী প্রভাব আছে তাঁর মধ্যে।এসবের সূত্রপাত এক চিঠি থেকে। সুইডিশ অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান মুগ্ধ হয়ে এক চিঠি লিখেছিলেন ইতালির চলচ্চিত্র পরিচালক রবের্তো রসেলিনির কাছে। সুইডেন থেকে তত দিনে তিনি থিতু হয়েছেন হলিউডে। হামফ্রে বোগার্টের সঙ্গে ক্যাসাব্ল্যাঙ্কা ছবিতে অভিনয় করে হলিউডের ইতিহাসেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি।রসেলিনির সিনেমা দেখে তিনি তাঁকে প্রস্তাব দেন একসঙ্গে একটি সিনেমা তৈরির। ‘আপনি যদি এক সুইডিশ অভিনেত্রীকে চান, যে ভালো ইংরেজি বলতে পারে, যে জার্মান ভাষাটা এখনো ভুলে যায়নি, যার ফ্রেঞ্চ ভালো বোঝা যায় না, যে ইতালিতে শুধু একটি কথাই বলতে পারে—তি আমো, আমি প্রস্তুত আপনার সঙ্গে একটি ছবিতে কাজ করতে।’ এই ছিল সেই চিঠির বক্তব্য। তারই ফল ১৯৫০ সালের স্ট্রম্বোলি ছবিটি। আর সেটিতে অভিনয় করতে গিয়েই দুজনের প্রেম। এভাবেই শুরু হলিউডের অন্যতম আলোচিত প্রেমকাহিনির।প্রেমের একপর্যায়ে সন্তানসম্ভবা হয়ে পড়েন বার্গম্যান। তাঁর স্বামীও এত সহজে ছাড়ার পাত্র নন। ফলে বিয়ে না করেই রসেলিনির সন্তানের জন্ম দিতে হয় তাঁকে। সে সময় তিনি আক্ষেপ করে বলেছিলেন, ‘মানুষ আমাকে জোয়ান অব আর্ক হিসেবে দেখে, সন্ন্যাসিনী মনে করে। আমি তা নই। আমি শুধু এক নারী, একজন মানুষই।’২ ফেব্রুয়ারি সন্তান জন্মদানের পর একই বছর ২৪ মে বিয়ে করেন তাঁরা। যমজ কন্যার জন্ম হয় তাঁদের সংসারে। এরপর রসেলিনির পরিচালনায় আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন বার্গম্যান।এতটুকু পড়ে যদি মনে হয় অমর এক প্রেমকাহিনির কথা বলা হচ্ছে, তবে তাঁদের শেষটুকুও জেনে নিন। ১৯৫০ থেকে ১৯৫৭ সাল—এই কয় বছরই টিকে ছিল তাঁদের সম্পর্ক।১৯৫৭ সালে জওহরলাল নেহরুর আমন্ত্রণে ভারতে আসেন রসেলিনি। আর সেখানেই তাঁর পরিচয় সোনালী দাশগুপ্তার সঙ্গে। এই বাঙালি নারীর প্রেমে পড়ে আবার গণমাধ্যমের চক্ষুশূল হন তিনি। সোনালীও তখন অন্যের স্ত্রী, সন্তানের জননী। সব ফেলে তিনি পালিয়ে আসেন রসেলিনির সঙ্গে। রসেলিনির জীবনে ‘ইনগ্রিড’ অধ্যায়েরই যেন পুনরাবৃত্তি ঘটল, অন্য এক মহাদেশে।ইনগ্রিড ফিরে আসেন হলিউডে।  হাউস্টাফওয়ার্কস অবলম্বনে রুহিনা তাসকিন