প্রেমেন্দ্র মিত্র আর শিবরাম চক্রবর্তীর মধ্যে ছিল খুব ভাব। শিবরামের মতো প্রেমেন্দ্র আগাগোড়া ভবঘুরে না হলেও কথাবার্তা আর আলসেমিতে দুজনের ভারী মিল। একবার খুব অনটনে পড়লেন প্রেমেন্দ্র, হাতে টাকাকড়ি নেই। অন্যের কাছে খোঁজাখুঁজি করবেন, সেটাও পারছেন না। আসলে প্রেমেন্দ্র খুব ধনী ঘরে জন্মেছিলেন। তিনি মজা করে বলতেন, ‘লোকে সোনার চামচ-রুপোর চামচ মুখে নিয়ে জন্মানোর কথা বলে, আমি তো প্লাটিনাম টাং নিয়ে জন্মেছিলাম। দাদামশাই যখন মারা যান, তাঁর দিদিমার কাছে নাকি ষাট হাজার টাকার সোনার গয়না আর আশি হাজার টাকার কোম্পানির শেয়ার ছিল! কিন্তু আত্মীয়–পরিজনরা সব লুটেপুটে খেয়ে নিল।’
তো এই রকম মানুষ অভাবে পড়লে কীই–বা করতে পারেন।
এমন অবস্থায় একটা পোস্টকার্ড পেলেন, ‘কলকাতা এসো, তোমার চাকরি হয়ে গেছে।’ পোস্টকার্ড পাঠিয়েছেন শিবরাম চক্রবর্তী। কিন্তু কীভাবে হবে? প্রেমেন্দ্র তো ইন্টারভিউ-টিউ দেননি! অফিসের ঠিকানায় পৌঁছে প্রেমেন্দ্র শুনলেন আরেক গল্প। অফিসার বলছেন, ‘আরে মশাই, পাবলিসিটি অফিসারের পদে বেছেবুছে লোক ডেকে বললাম, কাল থেকে জয়েন করো।
তো যাকে আমরা নিলাম সে ছেলে বলছে, “আমি তো জয়েন করব না! করবে আমার বন্ধু, প্রেমেন! তাহলে তুমি কে?” আমি শিবরাম চক্রবর্তী! শিবরাম ইন্টারভিউ দিয়ে গিয়েছেন, কিন্তু চাকরি করবেন তাঁর বন্ধু প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র সেই বিজ্ঞাপন অফিসে কিছুদিন চাকরি করেছিলেন বটে।
সূত্র: মৃন্ময় মিত্রের ‘বাংলা সাহিত্য আশ্রয় পেয়েছে তাঁর কাছে’, আনন্দবাজার পত্রিকা
গ্রন্থনা: বাশিরুল আমিন