ইভগেনি ইয়েভতুশেঙ্কোর কবিতা
ইভগেনি ইয়েভতুশেঙ্কো হচ্ছেন সেই কাতারের মানুষ, যাঁদের বেলায় বয়স দিয়ে যাপিত জীবনের হিসাব কষে ফেলা সম্ভব নয়। তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক ও চলচ্চিত্রনির্মাতা। এর সঙ্গে খোলা মঞ্চে তাঁর অসাধারণ আবৃত্তির গুণাবলি যোগ করলে সব অর্থেই ইয়েভতুশেঙ্কো ছিলেন একজন সম্পূর্ণ মানুষ, রুশ ভাষা না জানা সত্ত্বেও যাঁর আবৃত্তির মোহ একসময় রোমাঞ্চিত করেছিল লন্ডনের রয়াল ফেস্টিভ্যাল হল আর নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে কবিতা শুনতে সমবেত হওয়া শ্রোতাদের। আর নিজ দেশ রাশিয়ায় তাঁর কবিতা শোনার জন্য যে স্টেডিয়াম ছাড়িয়ে উপচে পড়ত কবিতাপ্রেমীদের ভিড়, সেটি আজ ইতিহাস।
সমালোচনার তীর অবশ্য জীবদ্দশাতেই ইয়েভতুশেঙ্কোর দিকেও তাক করা হয়েছে বারবার। ‘তিনি যত না কবি, তার চেয়ে অনেক বেশি রাজনীতিবিদ’—তাঁর সম্পর্কে সমালোচকদের কারেও কারও মত। পরবর্তী সময়ে তাঁকে দলত্যাগী গ্লাসনোস্তের অনুসারীও বলা হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কারও কারও দৃষ্টিতে তিনি হয়ে উঠেছিলেন বহুরূপীর সাজ ধরা পশ্চিমের দলাল। তবে রাজনীতি তাঁর কবিতায় সেই শুরুর দিনগুলো থেকেই উপস্থিত। তাঁর প্রবল আলোড়ন তোলা কবিতা ‘বাবি ইয়ার’ও যথেষ্ট রাজনৈতিক।
নাগরিক কবি ইয়েভতুশেঙ্কোর নাগরিকত্বের পরিমাপ কোনো একটি দেশ দিয়ে করা সম্ভব নয়। সমস্ত বিশ্বকে তিনি দেখেছেন মানুষের নিবাস হিসেবে। অনুক্ষণ আকাঙ্ক্ষা ও কল্পনা করেছেন, মানুষের এই আবাসভূমি একদিন হয়ে উঠবে সত্যিকার অর্থে হানাহানিমুক্ত বিশ্ব, যেখানে থাকবে না জাতিগত ও আদর্শগত ভেদাভেদ। এখানে অনূদিত কবিতাটিতেও মূর্ত হয়েছে সেই আকাঙ্ক্ষা। রুশ ভাষায় এই কবিতার নাম ‘ইয়াখাচু’। ইংরেজিতে ‘আই ওয়ান্ট’।
আমি চাই
আমি চাই
জন্ম নিতে
প্রতিটি দেশে,
চাই আমি পাসপোর্ট
সবগুলো দেশের—
ছড়িয়ে দিতে চাই ত্রাস
সব কটি
বিদেশ দপ্তরে;
হতে চাই
প্রতিটি সাগরের সমস্ত মাছ
আর পথের
সব কটি কুকুর।
চাই না মাথা নত করতে
দেবতাতুল্য কারও সামনে
কিংবা গোঁড়া ধর্মবিশ্বাসীদের গির্জায়
আনন্দে মত্ত হতে,
বরং চাই
বৈকাল হ্রদের গভীরে ঝাঁপ দিয়ে
ভেসে উঠতে
অন্য কোথাও;
মিসিসিপিতেই বা নয় কেন?
আমার এই প্রিয় বিশ্বে
আমি হতে চাই
নিঃসঙ্গ এক তৃণ,
তবে কোমল নার্সিসাস নয়
যে থাকে নিজের মাঝে চুম্বনে মগ্ন—
আপন খোলসে ঘেরা আয়নায়।
আমি চাই
ঈশ্বরের যেকোনো জন্তু হয়ে জন্ম নিতে
জরাগ্রস্ত শেষ হায়েনাতেও নেই আমার আপত্তি,
তবে স্বৈরাচার হয়ে কখনো নয়
এমনকি স্বৈরাচারের বিড়াল হয়েও নয়।
আমি চাই
যেকোনো অবস্থায়
মানুষ হয়ে পুনর্জন্ম নিতে:
হতে পারে সে প্যারাগুয়ের কারাগারে
নিগৃহীত বন্দী,
হংকংয়ের বস্তির গৃহহীন শিশু,
বাংলাদেশের জীবন্ত কঙ্কাল,
তিব্বতের পুণ্যবান ভিক্ষু,
কেপটাউনের কৃষ্ণাঙ্গ,
তবে কখনো
র্যাম্বোর বেশে নয়।
কেবল তাদেরকেই ঘৃণা করি আমি
জীবন যাদের ভণ্ডামিতে পরিপূর্ণ—
যেন ভারী রসে
ভিজিয়ে রাখা হায়েনা।
আমি নির্দ্বিধায় শুয়ে পড়তে চাই
বিশ্বের সব শল্য চিকিৎসকের ছুরির নিচে,
হতে চাই কুঁজো, অন্ধ,
ভুগতে চাই সব রকম অসুখে,
আঘাতে আর ক্ষতে
হতে চাই আমি যুদ্ধের শিকার,
কিংবা পুড়ে যাওয়া সিগারেট তুলে নেওয়া ঝাড়ুদার,
যেন উন্নাসিকতার নোংরা জীবাণু
ঢুকে না যায় নিঃশব্দে ভেতরে।
চাই না আমি অভিজাতের দলভুক্ত হতে
তবে অবশ্যই রাজি নই
ভীরুদের পালে যোগ দিতে
পালের প্রহরী কুকুর হতে,
কিংবা সেই ভীরুর পালে বসতি গড়ে নেওয়া
রাখাল হতে।
সুখী হতে চাই আমি,
তবে কাউকে অসুখী রাখার বিনিময়ে নয়,
স্বাধীনতা চাই আমি
তবে কারও পরাধীনতার বিনিময়ে নয়।
ভালোবাসতে চাই আমি
বিশ্বের তাবৎ রমণীকে,
আর সেই সঙ্গে মাত্র একবার হলেও চাই
রমণী হয়ে জন্ম নিতে...
পুরুষের মর্যাদাকে খাটো করে দিয়েছে
জগদ্ধাত্রী নিজেই।
যদি এমন হতো
মাতৃত্ব দেওয়া হতো পুরুষকে?
যদি তার হৃৎপিণ্ডের ফাঁক দিয়ে
উঁকি দিত
নিষ্পাপ কোনো শিশু,
পুরুষ তবে হয়তোবা হয়ে উঠত না
এতটা নিষ্ঠুর।
আমি হতে চাই মানুষের প্রতিদিনের খাবার—
যেমন,
শোকাহত ভিয়েতনামি রমণীর হাতে ধরা
এক বাটি ভাত,
নেপলসের শ্রমিক পাড়ার
সস্তা মদ
কিংবা চাঁদের কক্ষপথে ঘুরে বেড়ানো
ক্ষুদ্র টিউবে ভরা পনির:
আমাকে দিয়েই চলুক না হয় সবার ভোজন
আমাকেই সকলে করুক পান,
আমার মৃত্যু যেন শুধু
কোনো উপকারেই আসে।
সমস্ত সময়ের অংশ হতে চাই আমি,
চাই ইতিহাসকে এভাবে নাড়া দিতে
সবাই যখন অবাক হবে বুঝতে পেরে
কতটা সবজান্তা ছিলাম আমি।
আমি ট্রয়কায় চেপে
পুশকিনের কাছে নিয়ে যেতে চাই নেফেরতিতিকে।
আমি চাই
মুহূর্তের শূন্যতাকে বাড়িয়ে দিতে
শতগুণ,
যেন একই মুহূর্তে
সাইবেরিয়ার জেলেদের সঙ্গে ভোদকার স্বাদ নিতে পারি
হোমার
দান্তে
শেকস্পিয়ার
আর তলস্তয়ের সঙ্গে মিলে।
যেন পান করে যেতে পারি
শুধু কোকাকোলা ছাড়া
অন্য যেকোনো পানীয়;
যেন যোগ দিতে পারি কঙ্গোর টমটম নাচে,
রেনোর কারখানার ধর্মঘটে,
ব্রাজিলের বালকের সঙ্গে বলের পিছু ছুটে যেতে
কোপাকাবানার সৈকতে।
আমি জেনে নিতে চাই
প্রতিটি ভাষা,
ভূগর্ভের জলের রহস্য,
আর করে যেতে চাই সব রকম কাজ একই সময়ে।
আমি নিশ্চিত করে নেব
একজন ইয়েভতুশেঙ্কো ছিলেন কেবল কবি;
দ্বিতীয়জন ছিলেন পলাতক যোদ্ধা,
কোনো এক জায়গায়,
যে জায়গার নাম আমার পক্ষে বলা সম্ভব নয়
নিরাপত্তার কারণে;
তৃতীয়জন বার্কলের ছাত্র,
চতুর্থ জর্জিয়ার প্রফুল্ল মাতাল;
আর পঞ্চমজন
হয়তো আলাস্কার এস্কিমো শিশুদের শিক্ষক;
ষষ্ঠজন
তরুণ এক প্রেসিডেন্ট,
কোনো এক দেশের, ধরুন সিয়েরা লিওন;
সপ্তমজন
হাতে খেলনা নিয়ে দোলনায় এখনো দুলছে;
আর দশম...
শততম...
কোটিতম...
আমার জন্য কেবল নিজের এই পরিচয় যথেষ্ট নয়,
হতে দিন আমাকে সমস্ত মানুষ!
সব রকম জীবনের
সাধারণত থাকে জোড়া,
তবে কার্বন কাগজের বেলায়
ঈশ্বর ছিলেন বড্ড কৃপণ,
আর তাঁর প্রকাশনা কোম্পানি তৈরি করেছে
আমার কেবল একটি মাত্র অদ্বিতীয় কপি।
তবে ঈশ্বরের সমস্ত তাস
আমি মিশিয়ে দেব—
ফেলব তাঁকে চরম বিভ্রান্তিতে!
জীবনের শেষ দিন পর্যন্ত
সহস্র অনুলিপিতে হবে আমার আবির্ভাব,
যেন আমারই কোলাহলে পৃথিবী থাকে পরিপূর্ণ
ক্ষিপ্ত হয়ে ওঠে কম্পিউটার
বিশ্বজুড়ে আমার গণনায়
প্রতিটি প্রতিরোধে যোগ দিয়ে যুদ্ধ করে যাব আমি;
হে মানবতা,
প্রতি রাতে
ক্লান্ত চাঁদের মতো মৃত্যু হবে আমার
আর প্রতিদিন সকালে হবে আমার পুনর্জন্ম
সদ্য জেগে ওঠা সূর্যের মতো,
মাথার খুলিতে
মৃত্যুহীন নরম চিহ্ন নিয়ে।
আর যখন মৃত্যু হবে
সাইবেরিয়ার সবজান্তা এই ফ্রান্সুয়া ভিলনের,
আমাকে দিয়ো না কবর
ফ্রান্সে
কিংবা ইতালিতে,
বরং কবর দিয়ো এই রাশিয়ায়, সাইবেরিয়ার মাটিতে
সবুজ এক শান্ত পাহাড়ে,
যেখানে প্রথম আমি বুঝে উঠতে পেরেছিলাম:
এই আমি
আছি তোমাদের সকলের মধ্যে।