পুরো ফ্রেমের মধ্যে একটি মেরুন রঙের কাপড় ঝোলানো, তার পাশে খুব আয়েশি ঢঙে শুয়ে আছে কালো রঙের বিড়াল। বিড়ালের পাশে জংধরা টিনের ওপর এলোমেলো ছড়ানো কাঁঠালের বিচি—পুরো স্পেসই এসব উপাদানে ভরপুর। কিন্তু উপাদানগুলো ছড়িয়ে-ছিটিয়ে একটি কম্পোজিশনের আদল পেয়েছে। গোটা আলোকচিত্রে ফুটে উঠেছে বাঙালির গেরস্থপনা।খ্যাতিমান আনোয়ার হোসেনের একক প্রদর্শনী ‘বিকজ অব ইউ’-এর গন্তব্য বোধকরি সেদিকেই। প্রায় প্রতিটি আলোকচিত্রেই একাধিক বস্তু ও আলোছায়ার সমন্বয়ে ইমেজ গড়ে তুলতে চেয়েছেন তিনি। তাই তাঁর আলোকচিত্রের উপাদানগুলো সাজিয়ে নিয়েছেন অনেকটাই কম্পোজিশনের গড়নে। আর এর মধ্য দিয়ে বলার কথাটিও বলা হয়ে গেছে তাঁর, যেন অগোচরেই।আনোয়ার হোসেনের প্রদর্শনীটি চলছে ঢাকা আর্ট সেন্টারে। দীর্ঘ শিল্পীজীবনে বাংলাদেশ, ভারত, ফ্রান্স ও মার্কিন মুলুকে তোলা বিভিন্ন সময়ের ছবি স্থান পেয়েছে এখানে। আলোছায়ার দোলাচলের চেয়ে এখানে আছে ইমেজের কারুকাজ। যেমন—একটি আলোকচিত্রে বেশ বোঝা যাচ্ছে, ঢাকা শহরের কোনো এক ওভারব্রিজের ওপর থেকে ছবিটি তোলা। ছবিতে এক রমণীর চুলের খোঁপায় জড়ানো ফুলটুকুই চোখে পড়ে এবং অন্য পাশে ওভারব্রিজের ওপর থেকে ক্যামেরায় ধরা পড়েছে চলন্ত রিকশার স্রোত। এ দুই ধরনের উপাদানের পাশাপাশি সুষম সমন্বয়ের ফলে ছবিটি নিছক আর আলোকচিত্রের ঘেরাটোপে আটকে থাকেনি, হয়ে উঠেছে এর চেয়ে বেশি কিছু। ওপর দিক থেকে দেখার ফলে আনোয়ার হোসেন স্পেস নিয়েও খেলার সুযোগ পেয়েছেন।ফর্ম ও স্পেস ভেঙে নতুনভাবে বিন্যাসের চেষ্টা আলোকচিত্রীর ক্যানভাসে অহরহ ঘটেছে। বিদেশ-বিভুঁইয়ের খোলা রাস্তায় মুষ্টিবদ্ধ একটি হাত বুড়ো আঙুল তুলে আছে, আর তার সামনে চলচ্চিত্রের বাজারচলতি পোস্টার। একটি আলোকচিত্রে এটি হলো মূল বিষয়। সহযোগী বিষয় হিসেবে মুষ্টিবদ্ধ হাতের পাশ ঘেঁষে অপেক্ষাকৃত দূরে কিছু মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। পুরো আলোকচিত্রে বিষয়ব্যঞ্জনা খোলস মেলেছে এভাবেই।প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রগুলোর নির্দিষ্ট কোনো শিরোনাম নেই। এ শুধু কম্পোজিশন সৃষ্টির মধ্য দিয়ে ইমেজের গল্প। অবশ্য এই ইমেজ এক দেশ থেকে অন্য দেশে নিমেষেই বয়ে চলে বিচিত্রনামা সংস্কৃতির ঐক্যের সন্ধানে। শিল্পীর নিজের ভাষ্যে, ‘অবশেষে বাংলায় আমার মনে শ্রাবণ এল। আমার ৬২ বছরের সহস্র বরিষণে এল ২০১০। ...হাঁটি হাঁটি পা পা করে ৪০ বছরের চিত্রসাধনা পেল আমার শুভ্র কেশের ফাইন গ্রেন ডিজিটাল ডডস। আর পুরান ঢাকার অলিগলি থেকে বাংলা-ভারত-ফ্রান্স-মার্কিন আয়না পুকুর, স্কাইস্ক্রেপার ইমেজ স্পটস!’আলোকচিত্রী আনোয়ার হোসেনের উদ্দিষ্ট নিসর্গ ও জীবনযাপনের মধ্য দিয়ে মানুষের অপ্রত্যাশিত অভিব্যক্তির প্রকাশ। প্রদর্শনীটি ২৯ আগস্ট পর্যন্ত চলবে।