ইলিয়াসের জন্মদিনের ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন ১২ ফেব্রুয়ারি। ১৯৪৩ সালের ওই দিনে জন্মেছিলেন তিনি। জীবদ্দশায় কখনো তাঁর জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে বলে আমার জানা নেই। জন্মদিন বা প্রকাশনা উত্সবের মেজাজের বাইরের মানুষ তিনি। বস্তুত গণমাধ্যমে একবারই দেখা গিয়েছিল তাঁর মুখ এবং সেটি তাঁর মৃত মুখ—যেদিন তিনি মারা যান সেই সংবাদের অংশ হিসেবে। কিন্তু নিভৃতে নিজের জন্মদিনটি স্মরণ করতেন ইলিয়াস। আশ্চর্য এই যে, প্রতি জন্মদিনে তিনি ভাবতেন মৃত্যুর কথা। ওই দিন একান্তে নিজেকে মুখোমুখি করতেন নিজের। এর নমুনা পাই তাঁর ডায়েরিতে। ইলিয়াস ও তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতার সুবাদে মৃত্যুর পর তাঁর ডায়েরিগুলো সম্পাদনার সুযোগ পাই আমি। বলা বাহুল্য, ডায়েরি অন্তরালে চর্চার বিষয়। কিন্তু এতে যে ব্যক্তিমানসের মানচিত্রটি ফুটে থাকে সেখানে প্রচ্ছন্ন থাকে একটি কাল, একটি সমাজ। ফলে ডায়েরি একটি সামাজিক দলিলও বটে। আর ডায়েরিটি যদি হয় কোনো নিষ্ঠাবান লেখকের, তাহলে তা হয়ে উঠতে পারে লেখকের কৌতূহল, প্রস্তুতি, নিমগ্নতা অনুধাবনের সূত্র; হতে পারে সাহিত্যিক, ঐতিহাসিক, নৃতাত্ত্বিক গবেষণার উপাত্ত। সুতরাং নিভৃতে চর্চা করা হলেও লেখকের ডায়েরি সর্বসাধারণের পাঠের জন্য উন্মুক্ত হলে লাভ নানা মাত্রায়। সেই ভাবনা থেকেই ১৯৬৮ থেকে ১৯৯৫ পর্যন্ত পাওয়া তাঁর ১১টি ডায়েরি গ্রন্থনা ও সম্পাদনা করি, যা ১৯৯৯ সালে প্রকাশিত হয় নাঈম হাসান সম্পাদিত নিরন্তর পত্রিকায়। বহু বছর পর এবার সেটি বই আকারে প্রকাশ করছে আগামী প্রকাশনী।ইলিয়াস নিয়মিত ডায়েরি লিখতেন না, ঠিক রোজনামচাও লিখতেন না কখনো। তাঁর ডায়েরিতে আছে নানা সময়ে মনে জেগে ওঠা ভাবনার বুদবুদ, লেখার পরিকল্পনা, ভালো লাগা কোনো উদ্ধৃতি কিংবা সমসাময়িক ঘটনার বিবরণ ও প্রতিক্রিয়া। সেই ডায়েরির পাতাগুলোতে ছড়িয়ে আছে এক বর্ণাঢ্য, কৌতূহলী মানুষের মনোজগত্। ডায়েরিগুলো সম্পাদনা করতে গিয়ে একজন প্রিয় লেখক ও প্রয়াত অগ্রজ সুহূদের একান্তে রচিত পঙিক্তমালার প্রথম পাঠক হওয়ার রোমাঞ্চ আর বিষাদের অভিজ্ঞতা আমার নিজস্ব সঞ্চয় হয়ে আছে।এই লেখা শুধু ডায়েরিতে তাঁর জন্মদিনের ভাবনাগুলো নিয়ে। তিনি নিয়মিত ডায়েরি লিখতেন না। ফলে স্বল্প কয়েক বছরের ডায়েরিতেই শুধু দেখতে পাই জন্মদিনের উল্লেখ। কিন্তু সেই গুটিকয় নোটেই রয়ে গেছে তাঁর সত্তার গভীরতর পরিচয়। তিনি ডায়েরি লিখেছেন কখনো বাংলায়, কখনো ইংরেজিতে। তবে তাঁর জন্মদিন ১২ ফেব্রুয়ারির নোট অধিকাংশ সময় তিনি লিখেছেন ইংরেজিতেই। তাঁর জন্মদিনের প্রথম উল্লেখ পাই ১৯৭৬-এর ডায়েরিতে। ১২ ফেব্রুয়ারি তিনি লিখছেন:12 February 1976/1943-1976And lo! Jesus, son of God died when he reached this age, 33 Jesus was exhausted and he did all he could do because he was on an assignment to [?] for God. He said, “O God, take me back. I did what you asked me to do, I suffered because you desired me to suffer. Now I feel spent up and so let me join you at the Olive Corner of Heaven.” God said, “You have done what I asked you to do and so I reward you. “Jesus achieved death and a place at the Olive Corner of Heaven and so he was crucified.And lo! This caricature of an artist was born tired and he is exhausted since his normal and so-called legitimate birth on Feb 12, 1943. The bugger is now married and a father and a writer of no fame or authority. And he is yet to start his life. How does he justify his existence? Or does he have any?১৯৭৬ সালে ইলিয়াস ৩৩-এ পড়েছেন। তিনি স্মরণ করছেন যিশুখ্রিষ্টকে, যাঁর মৃত্যু হয়েছিল ৩৩ বছর বয়সেই। যিশু ঈশ্বরের কাছে মৃত্যু প্রার্থনা করেছেন, কারণ তিনি মনে করেছেন ঈশ্বর যে দায়িত্ব দিয়ে তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তা সম্পন্ন করেছেন। তিনি ক্লান্ত, এখন তাঁর বিদায় নেওয়ার সময়। ঈশ্বর তাঁর প্রার্থনা মঞ্জুর করেছেন। যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন। তাঁর স্থান হয়েছে স্বর্গের জলপাইবাগানের এক কোণে। যিশু বিষয়ে এসব তথ্য দেওয়ার পরই ইলিয়াস ফিরে আসছেন নিজের কথায়; তুলনা করছেন নিজের ৩৩ বছরের জীবন। বলছেন, নিজের ৩৩ বছরের অকিঞ্চিত্কর জীবনের কথা। নিজের শিল্পীসত্তা নিয়ে ব্যঙ্গ করছেন। নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, এ এক অপদার্থ, যে বিবাহিত, একজন বাবা এবং সেই লেখক যার কোনো খ্যাতি বা অর্জন নেই। বস্তুত সে তার জীবনই শুরু করেনি। তারপর প্রশ্ন করছেন, এই লোকের অস্তিত্বের কি কোনো যৌক্তিকতা আছে? নাকি তার কোনো অস্তিত্বই নেই? এই অল্প কয়টি কথার ভেতরই ইলিয়াসের সত্তার নানা মাত্রা লক্ষ করি। ৩৩ বছরের জীবনের গভীরতর অর্থ খুঁজছেন তিনি। নিজেকে গভীরভাবে চিনছেন একজন লেখক হিসেবেই। তিনি তখন বিবাহিত, সন্তানের জনক; কিন্তু তার পরও মনে হচ্ছে তিনি জীবন শুরুই করেননি। কারণ, জীবন বলতে তো তাঁর কাছে লেখকেরই জীবন; কিন্তু সে জীবন তাঁর অকিঞ্চিত্কর, সেখানে তাঁর কোনো পরিচিতি নেই, অর্জন নেই। ফলে তিনি ক্লান্ত বোধ করছেন, অর্থহীন মনে করছেন জীবনকে। লক্ষ করি তাঁর প্রত্যাশার উচ্চতাকে। তিনি তাঁর ৩৩ বছরের জীবনকে বিশ্বসংসারে আর কারও সঙ্গে নয়, তুলনা করছেন যিশুর সঙ্গে। লক্ষণীয়, ইলিয়াস জন্মদিনে সব সময় তাঁর জন্মসাল ও বর্তমান সালটি লিখে রাখতেন। যেমন এখানে লিখেছেন ১৯৪৩-১৯৭৬।এর পরের ডায়েরিটি ১৯৮০ সালের। সেখানে ১২ ফেব্রুয়ারিতে তিনি অথর্ববেদ-এর একটি শ্লোক এবং সূত্রহীন একটি উদ্ধৃতি টুকে রেখেছেন:12 February 1980/1943-1980গিরয়স্তে পর্বতা হিমবন্তোহরণ্যং তে পৃথিবী স্যোনমস্তুবভ্রুং কৃষ্ণাং বোহিণীং বিশ্ব্বরূপাং ধ্রুবং ভূমিং পৃথিবীমিন্দ্র গুপ্তাম্। অজীতোহহতোহ ক্ষতোহধ্যাষ্ঠাং পৃথিবীমহম্ \অথর্ববেদ [১২:১]অর্থ: হে পৃথিবী, তোমার গিরিসমূহ, তোমার হিমালয় পর্বতশ্রেণী, তোমার অরণ্যসমূহ সমস্তই মঙ্গলময় হোক, এই পৃথিবী, যিনি বভ্রু বা পাংশুবর্ণা, যিনি রক্তবর্ণা, সমস্ত রূপে রূপময় যিনি, এই বিশাল ভূমি যিনি স্থির ও ইন্দ্রের দ্বারা রক্ষিত—আমি সেই পৃথিবীর উপর দাঁড়িয়ে রয়েছি—আমি হত হইনি, আহত হইনি, আমাকে কেউ জয় করেনি।Freedom has no purpose. And it is not found on this earth. All we can find here is the struggle for freedom. We struggle to obtain the unattainable—that is what separates man from beasts.লক্ষণীয়, ১৯৮০ জন্মদিনেও তিনি যে হত না হয়ে, আহত না হয়ে, পরাজিত না হয়ে পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছেন, সে কথাটি স্মরণ করছেন। সেই সঙ্গে আবারও তাড়িত হচ্ছেন অস্তিত্বের অর্থের প্রশ্নে। তিনি কোনো একজন অজ্ঞাত মনীষীর কথা টুকে রেখেছেন, যিনি বলছেন, স্বাধীনতার আকাঙ্ক্ষাই মানুষকে প্রাণীজগত্ থেকে পৃথক করে রাখে। যদিও প্রকৃত স্বাধীনতা একটি দুরাশা মাত্র, যা পৃথিবীতে দুর্লভ। যা আছে সেটি হচ্ছে স্বাধীনতার জন্য সংগ্রাম। অথর্ববেদ-এর উক্তিটির সঙ্গে এটি মিলিয়ে পড়লে স্পষ্ট হয়, তিনি যে পরাজিত না হয়ে সংগ্রাম করে যাচ্ছেন, সে কথা যেন নিজেকে নিজে জানান দিচ্ছেন ইলিয়াস। কিসের সংগ্রাম তাঁর? সৃজনশীলতার সংগ্রামই নিশ্চয়ই। কারণ তাঁর সত্তার নির্যাস যে লেখালেখিতেই, নিজের সঙ্গে সে বোঝাপড়া তো করে নিয়েছেন আগেই। এ ডায়েরিতেও তিনি তাঁর জন্মবছরটি উল্লেখ করেছেন, এখানেও আছে মৃত্যুর প্রসঙ্গ।পরের ডায়েরিটি ১৯৮১ সালের। সেখানে লেখা: ‘12 February 1981/1943-1981’। এ বছর আর কোনো কথা নেই। শুধু জন্মবছর আর বর্তমান বছরটি। যেন ঠিক মেপে দেখছেন কতটা পথ পেরোলেন। যেন জাহাজের খালাসির মতো নদীতে বাঁশ ডুবিয়ে বাও মেলাচ্ছেন।এর পরের ডায়েরিটি ১৯৮২ সালের। সেখানে দুটো নোট পাই:12 February 1982Nothing should be prized more highly than the value of each day. —Goethe1943-1982 39 years passed, how many years left?এ বছর তিনি জন্মদিনে স্মরণ করছেন গ্যেটেকে, যিনি প্রতিটি দিনের মূল্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। কথাটি আরও তাত্পর্যপূর্ণ হয়ে ওঠে যখন পড়ি এর পরবর্তী লাইনটি। এবারও তিনি সেই পথ মাপার অভ্যাসটি অব্যাহত রেখেছেন। জন্মবছরের পাশে লিখে রাখছেন বর্তমান বছরটি। এবার ভাবনাটির কথা স্পষ্ট করে তুলেছেন। লিখছেন, ৩৯ বছর পেরিয়ে গেছে; আর কত বছর বাকি? এখানেও মৃত্যুর কথা স্মরণ করছেন তিনি। বুঝি তাই গ্যেটের কথা স্মরণ করে নিজেকে জানান দিচ্ছেন, প্রতিটি দিনের গুরুত্বের কথা। তবে কি মনে হচ্ছে, সময় কম, দ্রুত সেরে নিতে হবে সব কাজ? এই ডায়েরি যখন লিখছেন, তখন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে তাঁর চিলেকোঠার সেপাই।এর পরের ডায়েরিটি ১৯৮৮সালের। এখানে আছে সংক্ষিপ্ত একটি নোট:12 February 1988/1943-1988To know what is right, and not to do it is cowardice.—ConfuciusI would rather be guilty of what I do than what I don’t do.এ বছর জন্মদিনে তিনি স্মরণ করছেন কনফুসিয়াসকে, যিনি বলছেন, ‘যা সঠিক, সেটি জানার পর তা পালন না করা কাপুরুষতা।’ বোঝা যায় ইলিয়াসের সত্যের ও ন্যায়ের পথে থাকার যে সংগ্রাম তার ইন্ধন নিচ্ছেন কনফুসিয়াসের কাছ থেকে। কিন্তু এরপর তিনি লিখছেন, ‘যা করি বরং তার জন্য দোষী হতে রাজি আছি, কিন্তু যা করি না তার জন্য নয়।’ দ্বিতীয় বাক্যটি তাঁর নিজের না অন্য কারও উদ্ধৃতি বোঝা যাচ্ছে না। এ কথাটি তিনি কোন প্রসঙ্গে বলছেন? ‘যা করি’ বলতে ধারণা করি, তিনি তাঁর লেখালেখির কথাই বলছেন; কারণ সেটাকেই যে তিনি তাঁর যথার্থ কাজ বলে মনে করেন তার ইঙ্গিত আমরা পেয়েছি আগেই। ‘যা করি না’ বলতে কি তিনি তাঁর বাকি ভূমিকার কথা বলছেন—সাংসারিক, জাগতিক? যেগুলো তাঁর কাছে যথার্থ কাজ নয়। তিনি কি ভাবছেন তিনি মূল্যায়িত হচ্ছেন তাঁর সেসব অকাজ দিয়েই আর তাঁর প্রকৃত কাজ, তাঁর লেখালেখি রয়ে যাচ্ছে মূল্যায়নের আড়ালে? কিন্তু তিনি একান্তে বলছেন, তাঁর সেই প্রকৃত কাজ লেখালেখিতে তিনি দোষীও সাব্যস্ত হলেও তাঁর আপত্তি নেই, কিন্তু তাঁর অকাজের জন্য নয়। নাকি তিনি এখানে এমন কোনো ঘটনার ইঙ্গিত করছেন, যার জন্য তিনি সমালোচিত হয়েছেন, কিন্তু বস্তুত সে কাজটি তিনি করেননি? এখানেও দেখতে পাচ্ছি তাঁর জন্মবছর ধরে সময় মাপার প্রবণতাটি অব্যাহত আছে। এর পরের ডায়েরিটি ১৯৮৯ সালের। এটিই তাঁর জন্মদিনবিষয়ক ভাবনা-সংবলিত শেষ ডায়েরি:12 February 1989/ 1943-1989What to do? I would rather be guilty of what I do than what I don’t do. Shouldn’t?ইলিয়াস লিখছেন, ‘কী করা যাবে? যা করি বরং তার জন্য দোষী হতে রাজি আছি, কিন্তু যা করি না তার জন্য নয়। তাই না?’ তিনি আগের বছরের কথাটির পুনরাবৃত্তি করছেন। সেই সঙ্গে সামনে-পেছনে দুটো প্রশ্ন জুড়ে দিয়েছেন। বোঝা যাচ্ছে, এটি তাহলে বিশেষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা নয়। এটি বরং আরও দার্শনিক মাত্রার প্রশ্ন। যা তিনি করেন তার জন্যই মূল্যায়িত হতে চান তিনি। আগের আর পরের প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে, সে মূল্যায়ন তিনি পাচ্ছেন না। প্রশ্ন করছেন নিজেকেই, তাহলে কী আর করা যাবে? কী করতে পারেন তিনি? দেখতে পাচ্ছি, জন্মদিন বিষয়ে তাঁর শেষ ভাবনায় একটি অমীমাংসিত প্রশ্ন আছে। প্রশ্নটি নিভৃতে তিনি করেছেন নিজেকেই, কিন্তু প্রশ্নটি কি তাঁদের প্রতিও নয়, যাঁদের কথা ছিল তাঁকে মূল্যায়ন করার?এ লেখায় শুধু ইলিয়াসের ডায়েরির জন্মদিনের পাতাগুলোই তুলে ধরলাম। বাকি পৃষ্ঠাজুড়ে আছে জীবনজিজ্ঞাসায় তাড়িত এক মানুষের পরিচয়, যিনি আশ্চর্য কৌতূহলে তাকিয়ে দেখছেন পৃথিবীকে। আর জন্মদিনে অবিরাম ভাবছেন মৃত্যুর কথা। ডায়েরির পাতায় এই অবিরাম মৃত্যুর কথা পড়তে গিয়ে মনে পড়ে, ইলিয়াসের অনুসন্ধানী এক সাক্ষাত্কার নিয়েছিলাম ১৯৯০-এর দশকের গোড়ায়। জানতে চেয়েছিলাম, তাঁর অনেক গল্পে এমনকি উপন্যাসে মৃত্যুপ্রসঙ্গ ঘুরেফিরে এসেছে অনেকবার। কী এর কারণ? তিনি বলেছিলেন: ‘মৃত্যু কিন্তু খুব ছোটবেলা থেকে আমাকে তাড়িত করে। আমি প্রতিদিন উইদাউট অ্যানি ফেইল স্বপ্ন দেখি এবং স্বপ্নে নিয়মিত আমি আমার মৃত্যু দেখি। কতবার যে আমি আমার ডেডবডি দেখেছি তার ইয়ত্তা নাই। বার্ধক্যকে আমি সত্যিই ভয় পাই। আমি জরাগ্রস্ত হতে চাই না, কখনো না।...মৃত্যু আমাকে খুব হন্ট করে। গল্পে যে এভাবে মৃত্যু এসেছে তার কারণ হতে পারে আমার খুব নিকটজনের মৃত্যুর যে শোক বা ভয় তার জন্য ভেতর ভেতর আমি প্রস্তুত হচ্ছি এ গল্পগুলো লিখে।...মৃত্যু নিয়ে লিখে আমি হয়তো মৃত্যুভয় কাটানোর চেষ্টা করছি।...তবে মৃত্যু নিয়ে লিখতে গিয়ে একটা কথা আমার বারবার মনে হয়, সেটা হলো, মানুষের অন্ততপক্ষে ৩০০ বছর বাঁচা উচিত।’৩০০ বছর বাঁচেননি ইলিয়াস। ১৯৯৭ সালের ৪ জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান আমাদের অন্যতম প্রধান এই কথাসাহিত্যিক।