ইসরায়েল-ফিলিস্তিন: শান্তি কিংবা ধর্মযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব ফাঁদমধ্যপ্রাচ্যের প্রধান জনবহুল এলাকা গাজায় ৩৬৫ বর্গকিলোমিটারের মধ্যে ১৩ লাখ ফিলিস্তিনির বসবাস। এদের দুই-তৃতীয়াংশ গাদাগাদি করে থাকে শরণার্থী শিবিরগুলোতে। যাদের দেখলে মনে হয় ফাঁদের মধ্যে ইঁদুর ধরা পড়ে আছে। এটা ইসরায়েলের ‘স্বাধীনতা যুদ্ধে’র পরিণাম। ১৯৪৮ সালে সংঘটিত এ যুদ্ধের সময় আট লাখ ফিলিস্তিনি তাদের ভূখণ্ড ছেড়ে নির্বাসনে চলে যেতে বাধ্য হয়। ফিলিস্তিনে শুধু দেড় লাখ ফিলিস্তিনি রয়ে যায়। অর্ধ শতাব্দী পর আজও গাজা, পশ্চিম তীর এবং সিরিয়া, লেবানন ও জর্দানে শরণার্থী শিবির নামক জিনিসটা রয়ে গেছে। এ অঞ্চলগুলোতে ফিলিস্তিনের মোট জনসংখ্যার আরও অনেকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে (এদের মধ্যে ১০ লাখ ইসরায়েলের নাগরিক)।এই উদ্বাস্তু পরিস্থিতির জন্য আরব রাষ্ট্রগুলোই দায়ী—বহু বছর ধরে এমনটাই বলে আসছে ইসরায়েল। আরব রাষ্ট্রগুলোই নাকি ফিলিস্তিনিদের উসকে দিয়েছে যাতে করে তারা তাদের বাস্তুভিটা ছেড়ে পালিয়ে এই বস্তিগুলোতে আশ্রয় নেয়। রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা নিজেদের সমাজে আর জীবনযাপন করতে পারছে না এই অজুহাত দেখিয়ে তারা ইসরায়েলকে সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তি হিসেবে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে—এমনটাই দাবি ইসরায়েলের। কিন্তু বেনি মরিস ও ইলান পাপ্পের মতো সংশোধনবাদী ইসরায়েলি ইতিহাসবিদেরা এই তত্ত্বকে উড়িয়ে দিয়ে বলেছেন, ১৯৪৮ সালের যুদ্ধকালীন আরবদের বের করে দেওয়াটা ছিল ইসরায়েলের জিওনিস্ট নেতাদের সুদূরপ্রসারী পরিকল্পনারই অংশ, যার উৎসে রয়েছে বড় আকারের জাতিগত বিশুদ্ধীকরণ প্রক্রিয়ার ছক। শত শত আরব গ্রাম ও জনপদ হারিয়ে গেছে এবং তাদের কোনো রকম চিহ্নই আজ খুঁজে পাওয়া যায় না; এগুলো ইসরায়েলের উন্নত ও আধুনিক নগরগুলোর নিচে চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইলান পাপ্পে পড়ান হাইফা বিশ্ববিদ্যালয়ে। হাইফায় যেদিনটা আমি তার সঙ্গে কাটালাম, সেদিন তিনি আমাকে ওই হারিয়ে যাওয়া জায়গাগুলো ঘুরিয়ে দেখালেন। আজ যেগুলো কার্যক্ষম কৃষিনির্ভর এলাকা বা শিল্পোন্নত কেন্দ্রে পরিণত হয়েছে একসময় ওগুলো ছিল ফিলিস্তিনি গ্রাম। এগুলো ভূলুণ্ঠিত হয়ে আজ কেবলই শরণার্থীদের ভুতুড়ে স্মৃতি আর জনাকয়েক ভিন্নমতাবলম্বী অনড় ইতিহাসবিদদের পুনরুজ্জীবনী ইচ্ছার অংশ হয়ে আছে।আমি তিনটি শরণার্থী শিবির ঘুরে দেখেছি। দুটি গাজায়, অনেক জায়গাজুড়ে বিস্তৃত জাবালিয়া এবং খুব ছোট পরিসরের আল-শাতি। আর তৃতীয়টি রামাল্লার আমারি। এই তিনটি শরণার্থী শিবিরে গিয়ে আমার মনে হয়েছে, আমার স্বদেশ পেরুর রাজধানী নিমার সেই জায়গাগুলোতে আছি, যেগুলোকে সবাই ‘নবীন শহরতলী’ নামে ডাকে। জায়গাটা মোটেই উন্নত নয়, বরং হতদরিদ্র; একের পর এক কাদামাটির ঘর, যেখানটায় গত শতাব্দীর আশির দশকে ক্ষুধার জ্বালায় ও আন্দেস অঞ্চলের সন্ত্রাসী তৎপরতার শিকার হয়ে নিজেদের অঞ্চল ছেড়ে এসে আস্তানা গেড়েছিল সব বুভুক্ষু-পীড়িত মানুষ। জীর্ণশীর্ণ কাপড়, বিয়ার ও কোমল পানীয়ের টিনের ক্যান এবং কাদামাটি দিয়ে এক চিলতে ঘর তুলেছিল তারা। এক বস্তি। দুই জায়গার মধ্যে যোজন যোজন দূরত্ব ও পরিস্থিতির ভিন্নতা থাকা সত্ত্বেও দৃশ্যটা প্রায় একই রকম: লোকজনের গাদাগাদি, আবর্জনার স্তূপ, রাস্তাঘাটে রাজ্যের ময়লা, নোংরা, পচা গন্ধ, আলো ও পানির ঘাটতি, বাজে ড্রেনেজ ব্যবস্থা, খালি পায়ে অসংখ্য মানুষ। কিছু মজবুত দালানকোঠার পাশাপাশি চোখে পড়ে বিপুলসংখ্যক অর্ধনির্মিত ভাঙাচোরা বাড়িঘর, মাথার ওপর ছাদ বা দেয়াল বা কোনো ঘর যেকোনো সময় ভেঙে পড়বে এমন অবস্থা, যেগুলো বিপর্যস্ত ও প্রতিকূল অবস্থার মধ্যে কোনো রকমে দাঁড়িয়ে আছে। জায়গাগুলোর সদ্ব্যবহার করতে পারলে এবং আরও বেশি লোকের জন্য জায়গা করে দিতে পারলে, তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারলে, আরও একটু উষ্ণতা এনে দিতে পারলে আবাসনব্যবস্থা আরও সুসংহত হলে হয়তো লোকজনের গিঞ্জি অবস্থাটা পাল্টে যাবে। এসব প্রয়োজন মেটাতে পারলে তবেই নিশ্চিত হবে সত্যিকারের নাগরিক অধিকার, সৃষ্টি হবে নাগরিক গোলকধাঁধা। আর পেরুর মতোই রয়েছে আতিথেয়তার পরম মাত্রা, রয়েছে মানুষের অটল সংকল্পচিত্রজাত অনুভূতি। অচেনা অতিথিকে কিছু একটা দিয়ে আপ্যায়ন করতেই হবে, এক টুকরো রুটি বা এক কাপ চা দিয়ে হলেও।এ কথা ভেবে কী রকম যেন লাগে যে যারা এ রকম অবর্ণনীয় অবস্থার মধ্যে দিনাতিপাত করে আসছে তিন কি চার প্রজন্ম ধরে, তাদের বেশির ভাগই এ রকমভাবে ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যাওয়া ছাড়া জীবনের অন্য কোনো রূপ সম্পর্কে ওয়াকিবহাল নয়। এবং এদের অনেকেরই দেখার সুযোগ হয়নি কখনোই তাদের পৈতৃক ভিটা। কেননা শরণার্থী শিবিরের কেউই, যখন কাউকে জিজ্ঞাসা করা হয় জন্ম কোথায়, উত্তরে বলে না: ‘ইয়াবানিয়ায়’, বা ‘আল-শাত্তিতে’ কিংবা ‘আমারিতে’। এমনকি বয়সে সবচেয়ে ছোট যারা, তারাও এ প্রশ্নের উত্তরে সেই গ্রাম বা শহরের নাম বলে, যেখানে তাদের পিতা বা পিতামহের জন্ম। জাদুকরী মোহাচ্ছন্নতা যেন, মানসিকভাবে তারা মুছে ফেলতে চায় ছিন্নমূল ট্র্যাজেডি, যা তাদের পরিবারকে অপরিসীম যন্ত্রণা দিয়েছে। আর কোনো একদিন তাদের পিতৃভিটায় ফিরে যাবে এই মোহটাও ব্যক্ত করে সগর্বে।