
তাঁর ছবির একটি বড় জায়গাজুড়ে আছে ঘোড়া—সেই ঘোড়ার বিন্যাস নানা রকম। তরুণ শিল্পী ইস্কিন্দার মির্জার ছবির কথা বলছি। প্রাচ্য তথা পুবের শিল্পধারাই প্রাচ্যকলা। বিশেষ এই শিল্পধারা এ অঞ্চলের জীবন-প্রকরণের সঙ্গে সম্পর্কিত—অন্তর্মুখী, ভাববাদী ও আধ্যাত্মিকতায় পূর্ণ। এ দেশের প্রাচ্যকলাচর্চার বিশাল অংশজুড়ে রয়েছে হারানো ঐতিহ্যের শিল্পিত প্রকাশ। ‘বাংলার জলরঙের ছোঁয়া’ শিরোনামে ইস্কিন্দারের প্রথম একক চিত্রপ্রদর্শনীটিও ওপরের কথার বাইরে নয়। আলোচ্য প্রদর্শনীর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তবে সবচেয়ে যে বিষয়টি নজর কেড়েছে, সেটি হলো গ্যালারির দেয়ালে ঘোড়া, গরু ও মহিষের মায়াকাড়া মুখ।
ইস্কিন্দারের ঘোড়ার ছবিগুলো দেখে মনে পড়ে যায় ভারতের বিখ্যাত চিত্রকর সুনীল দাসের কথা। সুনীলের ঘোড়াগুলো কেবল ঘোড়ার অবয়বে সীমাবদ্ধ ছিল না, তাতে দেশ-কালের আর্থসামাজিক অবস্থার আভাসও ছিল। সময়ের পরিপ্রেক্ষিতে ঘোড়াগুলো নিশান উড়িয়েছে কালের উত্থান-পতনের। পক্ষান্তরে সমসাময়িক কালে আঁকা ইস্কিন্দারের ঘোড়া বলেছে এই শহরের প্রাচীন আভিজাত্যের কথা, যা এখন বড়ই নির্জীব, নিস্তরঙ্গ।
ইস্কিন্দারের ঘোড়া প্রসঙ্গে চীনা শিল্পী সু পেইহংয়ের কথাও মনে আসে। ছুটন্ত, ক্ষিপ্রগতির ঘোড়া আঁকার জন্য খ্যাতিমান তিনি। না, ইস্কিন্দারের ঘোড়া সু পেইহংয়ের ঘোড়ার মতো এত তেজোদ্দীপ্ত ও ক্ষিপ্র নয়; বরং এ শিল্পীর ঘোড়াগুলো যেন বড় মায়া নিয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে; যেন ঐতিহ্য ফিরিয়ে আনা বা তলানিটুকু ধরে রাখার বাসনাতেই এ শেষ আবাহন।
ঘোড়ার চিত্রের পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে কিছু ফ্লাওয়ার স্টাডি। শিল্পীর চিত্রায়ণ নৈপুণ্যের স্বাক্ষর বহন করছে এগুলো। রয়েছে কয়েকটি ফিগার কম্পোজিশনও। এখানে ফুটে উঠেছে আবহমান গ্রামবাংলার জনজীবনের প্রতিচ্ছবি। তবে বলতেই হবে, সদ্য আঁকা নিসর্গচিত্রগুলো যেন ঠিক ইস্কিন্দারের হয়ে উঠতে পারেনি। চারুকলার জয়নুল গ্যালারিতে গত ২৪ জুন শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হয়েছে ৩০ জুন।