ইস্তাম্বুলে কী করে ৩০০ ডলার আয় করেছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসফরাস প্রণালির একদিকে এশিয়া অন্যদিকে ইউরোপ। ছবি: শাহানা হুদা
বসফরাস প্রণালির একদিকে এশিয়া অন্যদিকে ইউরোপ। ছবি: শাহানা হুদা

৫১বর্তীর কাব্যকে কি আপনাদের মনে আছে? তখন ওর বয়স আট কি নয়। এখন কাব্য একটা বিশালদেহী কাবুলিওয়ালাতে পরিণত হয়েছে, উনিশে পা দিয়ে সে চলল আমেরিকা। পড়তে। টার্কিস এয়ারলাইনসে যায়। ইস্তাম্বুল দিয়ে ট্রানজিট। ইস্তাম্বুলে ঢুকে ও ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার সবচেয়ে প্রিয় শহর কনস্টান্টিনোপল। আমি বলি, ধীরে বৎস ধীরে। ইস্তাম্বুুলে আমার অভিজ্ঞতা সুখের হয়নি। যদিও ৩০০ ডলার আয় করেই ফিরেছিলাম। সেও চোরের ওপরে বাটপারি করে। সেই গল্পটা আগে করি। তারপর কাব্যর গল্পটা করব। দুবছর আগে, এক বর্ষাভেজা জুলাইয়ে আমরা চললাম প্যাকেজ ট্যুরে। প্রথমে মিসর, তারপর তুরস্ক। কায়রোতে আমার জীবনসঙ্গিনী মমি দেখতে গিয়ে জাদুঘরে হারিয়ে গিয়েছিলেন, সেই গল্প গত বছর করেছি। এবার ইস্তাম্বুলের গল্প। কায়রো থেকে ফ্লাইট নিয়ে আমরা ইস্তাম্বুুলে পৌঁছালাম দুপুরের মধ্যেই। কামাল আতাতুর্ক বিমানবন্দর। প্যাকেজ ট্যুর, কাজেই এয়ারপোর্ট থেকে ট্যুর অপারেটরের গাড়িতে হোটেলে আসতে মোটেও কষ্ট হলো না। বিখ্যাত তাকসিম স্কয়ারের পাশেই আমাদের হোটেল। তাকসিম স্কয়ার থেকে একটা রাস্তা নিচের দিকে ঢালু হয়ে নেমে গেছে। সেই পথে আমাদের হোটেল। ফুটপাতটা সিঁড়ির মতো। হোটেল চেক-ইন করে আমরা বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খেতে। রোদে ঝলমল করছে তাকসিম স্কয়ার। উন্মুক্ত চত্বরের মাঝখানে কালো পাথরের ভাস্কর্য।

একটা রাস্তায় কোনো যানবাহন নেই। দুধারে দোকানপাট। সবাই হাঁটছে সেই পথে। অনেকটা স্ট্রিট মার্কেটের মতো। হইহল্লা। আনন্দ। রোদ। এমন পথে হাঁটতে হাঁটতেই গাইতে হয়, আহা কী আনন্দ আকাশে-বাতাসে। পথের ধারের খাবারের দোকান। কাবাব ভাজা হচ্ছে। নানা ধরনের ফলের রস। আমরা শরমাজাতীয় খাবারের অর্ডার দিচ্ছি। যে যার ইচ্ছামতো।

আমাদের দলে আমরা আটজন। রঞ্জনা, তার মেয়ে অনসূয়া, রাফাত, তার মেয়ে দানিশা, মেরিনা, তার মেয়ে পদ্য, আর আমি ও অলক, দুজন ছেলে। তিন জোড়া মা-মেয়ের পেছনে হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে অলক একটু পিছিয়ে পড়েছে। আমি তার কাছে গেলাম। তার পাশে হাঁটছে একটা অত্যন্ত সুবেশী ও সুদর্শন তুর্কি যুবক। অলক বলল, এই হলো আমার নতুন বন্ধু। ও বলছে, পাশেই ওর রেস্টুরেন্ট, রাতে গান-বাজনা হয়। এখন গিয়ে দেখে আসতে। যাবেন?

প্রাচীনতম স্তম্ভ অবিলিস্ক
প্রাচীনতম স্তম্ভ অবিলিস্ক


আমি বললাম, অবশ্যই। চলো দেখে আসি।
মেয়েরা রাস্তায় হাঁটতে লাগল, কেনাকাটা করছে আর এগোচ্ছে, আমি আর অলক চললাম নতুন তুর্কি বন্ধুর রেস্তোরাঁ দেখে আসতে। রাস্তা থেকে একটা ঘর পরে একটি দোতলা। সেখানেই তার রেস্তোরাঁ। ঢুকলাম। আধো অন্ধকার। পাঁচ-ছয়টা গোলটেবিল। আর তিন-চারটা মেয়ে। টেবিলে শরবতের গেলাস। পূর্ণ। মেয়েরা বলল, বসো, ড্রিংকস খাও। আমরা বললাম, না, খাব না। এখন চলি। রাতে আসব। সঙ্গে সঙ্গে তিন-চারজন ষন্ডা চেহারার লোক এসে ঘিরে ধরল, না, যাওয়া চলবে না। ড্রিংকসের দাম দিতে হবে। আমরা তো ড্রিংকস খাইনি। বসিওনি। তবু দিতে হবে। বাংলাদেশি টাকায় ২০ হাজার টাকা তারা দাবি করছে। ওরা অলককে জাপ্টে ধরল। তার পকেট থেকে বের করে নিল পাসপোর্ট আর মানিব্যাগ। মানিব্যাগ থেকে বের করে নিল ৬০০ ডলার। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। বাইরে আলোকিত দিন। ভিড়। আমি রাস্তার লোকদের বললাম, পুলিশ স্টেশন কোথায়? ব্যাটারা ইংরেজি বোঝে না। আমিও তুর্কি জানি না। দৌড়ে সিকি মাইল দূরে গিয়ে পেলাম একটা পুলিশ স্টেশন। পুলিশকে বললাম, আমার সঙ্গে আসো। আমার বন্ধুকে রেস্টুরেন্টে আটকেছে। সব কেড়ে নিয়েছে। পুলিশ উদাস। ওরাও ইংরেজি বোঝে না। তারা নির্বিকার। আমি বললাম, শোনো, আমি জার্নালিস্ট। যাকে আটকেছে, সে টেলিভিশন জার্নালিস্ট। ওর যদি কিছু হয়, আমি সোজা সংবাদপত্র অফিস আর টেলিভিশন সেন্টারে চলে যাব। এর শেষ আমি দেখে ছাড়ব। পুলিশ নড়ল। আস্তে আস্তে পোশাক পরল। একে ওকে ফোন করল। নড়াচড়া দেখে মনে হলো, এর চেয়ে বাংলাদেশের পুলিশ এক গুণ ভালো। তারপর দুজন আমার সঙ্গে হেঁটে ওই রেস্টুরেন্টে এল। দোতলায় উঠেই আমার চক্ষু চড়কগাছ। পুরো রেস্টুরেন্ট ভেসে যাচ্ছে সাদা আলোয়। গোলটেবিলগুলো এখন পাশাপাশি রাখা। যেন এটা একটা ভাতের হোটেল। একটা মেয়েও নেই এবং কোথাও অলককে দেখা যাচ্ছে না।

পুলিশ বলে, কোথায় কী? কোনো মেয়ে নেই। কোনো গুন্ডাপাণ্ডা নেই। তুমি তো আমাকে ভুল অভিযোগ করেছ।

আমি বলি, ভুল অভিযোগ করব কেন। ওরা সব পাল্টে ফেলেছে। আমার বন্ধু কই?

ওরা বলল, কোন বন্ধু। আমরা কিছু জানি না।

আমি বললাম, থানায় চলো। আমি লিখিত কমপ্লেইন করব।

ফুলের গাছ দিয়ে তৈরি বিড়াল
ফুলের গাছ দিয়ে তৈরি বিড়াল

পুলিশের সঙ্গে হেঁটে হেঁটে থানায় আসছি। আমাদের পিছু নিল হোটেলের ম্যানেজার। বলল, শোনো, তোমাকে ৩০০ ডলার দিচ্ছি, তুমি অভিযোগ কোরো না। আমি বললাম, আমার বন্ধুর কাছ থেকে ৬০০ ডলার নিয়েছ। আমি দেখেছি। ৩০০ ডলার আমি নেব না। তখন পুলিশও খেপে গেল। আমাকে বলে, তোমার কোনো কথাই আমরা শুনব না। আমি দেখি বিপদ। পুলিশ না উল্টো আমাকেই ধরে। আমি বললাম, আচ্ছা দাও ৩০০ ডলার। ৩০০ ডলার নিয়ে আমি এলাম হোটেলের লবিতে।
এসে দেখি, অলক বসে আছে।
প্রথম আলো বন্ধুসভার ইস্তাম্বুল শাখার ছাত্রবন্ধুদের সঙ্গে গল্প করছে।B
আমি বললাম, অলক। তুমি বেঁচে আছ! অলক বলল, আপনি চলে যাওয়ার ১৫ মিনিট পরে একটা ফোন এল। ওরা আমাকে মানিব্যাগ, ডলার, পাসপোর্ট সব ফেরত দিয়েছে।
আমি বলি, কী বলো! আমি তো ৩০০ ডলার নিয়ে এসেছি।
বুঝলাম, পুলিশ ফোন করে দিয়েছিল রেস্টুরেন্টে। ওরা তাই অলককে ছেড়ে দিয়েছে আর রেস্টুরেন্টের সজ্জা বদলে দিয়েছে।

বন্ধুসভার বন্ধুরা বলল, এরা এই রকমই। বাংলাদেশ থেকে গার্মেন্টসের অর্ডার দিয়েছে। পোর্টে মাল এসেছে। কেউ আর তোলে না। পুুরো টাকা গচ্চা গেছে।

যাই হোক, সেই ৩০০ ডলার দুভাগ করলাম। দেড় শ অলকের, দেড় শ আমার। আমারটা আমি এক অদম্য মেধাবীকে বিশ্ববিদ্যালয় কোচিংয়ের জন্য দিয়ে দিলাম দেশে ফিরে এসে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এভাবে আমরা ৩০০ ডলার যোগ করেছিলাম।

কিন্তু কাব্যর অভিজ্ঞতাটা বলতেই হবে।

কাব্য ইস্তাম্বুুল এয়ারপোর্টে ঘুমিয়ে পড়েছে। কোলের ওপরে ব্যাগ, ক্যামেরার ব্যাগ। গলায় ক্যামেরা। ঘুম থেকে উঠে দেখে ক্যামেরার ব্যাগ নেই। কাব্য কাঁদতে লাগল। কারণ ওই ব্যাগে সে রেখেছে ১৮০০ ডলার। ওর কান্নাকাটির চোটে খানিকক্ষণ পরে সে ব্যাগটা পেল, কিন্তু ভেতরের ডলার আর পেলই না।

কাব্যকে জিজ্ঞেস করি, এখনো তোর মনে হয় কনস্টান্টিনোপল তোর সবচেয়ে প্রিয় শহর? ও শূন্য চোখে তাকায়।

***

কিন্তু ইস্তাম্বুল আসলেই খুব সুন্দর একটা শহর। মানুষগুলোও দেখতে দারুণ। শহরটার বৈশিষ্ট্য হলো, বসফোরাস নদীর একপাশটা ইউরোপ, আরেক পাশটা এশিয়া। আমাদের সফরসঙ্গী শাহানা হুদা ওরফে রঞ্জনা ফেসবুকের অ্যালবামে লিখেছেন:

‘সত্যি বিস্ময়কর তুরস্কের এই শহর ইস্তাম্বুল। বসফরাস প্রণালি এই

শহরকে দুভাগে ভাগ করেছে—এক ভাগ ইউরোপে আর এক ভাগ এশিয়ায়। কৃষ্ণসাগর ও মারমারা সাগরের মিলন ঘটেছে এখানে। যেকোনো ইউরোপীয় দেশের মতোই সাজানো-গোছানো। পাশাপাশি এসে মিলেছে এশীয় সংস্কৃতি ও সভ্যতা। আধুনিকতা আর ঐতিহ্যের এমন মিশেল ইস্তাম্বুলকে করে তুলেছে অসম্ভব আকর্ষণীয়। আমরা সেখানে দেখলাম, ব্লু মস্ক বা নীল মসজিদ, সম্ভবত এর নীলাভ কারুকাজের জন্যই এ রকম নাম হয়েছে। টপকাপি প্রাসাদ—অটোম্যান সম্রাটেরা ৪০০ বছর বাস করে গেছেন (১৪৬৫-১৮৫৬) টপকাপি প্রাসাদে। এরপর ১৯২৪ সালে এসে

হয়েছে জাদুঘর। ইসলামের ইতিহাসের অনেক কিছু আছে দেখার মতো, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পায়ের ছাপ। অন্য পাশে রয়েছে অটোম্যান সম্রাটদের চোখধাঁধানো জিনিসপত্র। হাগিয়া সোফিয়া—একসঙ্গে গির্জা, মসজিদ এবং এখন জাদুঘর। ৫৩৭ থেকে ১৪৫৩ পর্যন্ত ছিল গ্রিক চার্চ, ১৪৫৩-১৯৩১ পর্যন্ত মসজিদ আর এখন জাদুঘর। তাই এখানে রয়েছে মা মেরি ও যিশুর ছবি, আছে দোয়াদরুদ এবং অপূর্ব স্থাপত্যশৈলী। এ ছাড়া দেখেছি—মসলা বাজার, গ্রান্ড বাজার, সমুদ্রপীঠ থেকে ২৬৮ মিটার উঁচুতে কামলিকা হিল, এখান থেকে একনজরে ইস্তাম্বুল দেখা যায়। হিপোড্রম ও অবিলিস্ক, বসফরাসে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো—সবই ফাটাফাটি। আর আমাদের থাকার জায়গাটি ছিল আধুনিক তুরস্কের আন্দোলনস্থল তাকসিম স্কয়ারে। সেই রাস্তা ধরেই সব শপিং মল আর খাবারের দোকান। সারা দিন নগর পরিদর্শন আর সন্ধ্যার পর তাকসিম স্কয়ার ধরে হাঁটাহাঁটি। সবকিছু মিলে ইস্তাম্বুল অসাধারণ।’