ব্রিটিশ কমেডি লেখক হাওয়ার্ড জ্যাকবসন তাঁর দ্য ফিঙ্কলার কোয়েশ্চেন উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার পেয়েছেন। ওয়াশিংটন পোস্ট-এ ওই পত্রিকার ফিকশন এডিটর রন চার্লস বইটি নিয়ে একটি পর্যালোচনামূলক নিবন্ধ লেখেন। নিবন্ধটির নির্বাচিত অংশ অনুবাদ করেছেন সারফুদ্দিন আহমেদইমা ডোনোগের জনপ্রিয় উপন্যাস রুম এবং দু-দুবার বুকারজয়ী ঔপন্যাসিক পিটার ক্যারির উপন্যাস প্যারোট অ্যান্ড অলিভার ইন আমেরিকাকে পেছনে ফেলে সেমিটিজম বিরোধিতা নিয়ে লেখা কমেডি উপন্যাস দ্য ফিঙ্কলার কোয়েশ্চেন দিয়ে এ বছর ম্যান বুকার পুরস্কারের ৭৯ হাজার ডলার পকেটে পুরলেন ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন। আমেরিকার চেয়ে নিজের দেশেই জ্যাকবসন বেশি জনপ্রিয়। মূলত ইহুদি এবং ইহুদিদের পরিচয়সংকট নিয়ে হাস্যরসাত্মক উপন্যাস লেখার জন্য তিনি ব্রিটিশ মুলুকে বেশি পরিচিত। তাঁর এ উপন্যাসের মূল বিষয়বস্তু ইহুদি-বিদ্বেষ ও ইহুদিদের পরিচয়সংকট। এতে ইহুদিদের জাতিগত ও পরিচয়গত সংকটের বিষয়টি সূক্ষ্মভাবে তুলে আনা হয়েছে। অবশ্য এরই মধ্যে অনেকে অভিযোগ করেছেন, এ উপন্যাসের মধ্যে জ্যাকবসন ইহুদিদের খাটো করার চেষ্টা করেছেন।উপন্যাসের শুরু একটি ছোট্ট ঘটনা দিয়ে। ঘটনা সংঘটন বলতে যা বোঝায়, সারা উপন্যাসে এই একবারই তার অস্তিত্ব পাওয়া যায়। উপন্যাসের বাকি অংশজুড়ে রয়েছে প্রধান চরিত্রের মনোজাগতিক বিশ্লেষণ। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জুলিয়ান ট্রেসলোভ বিবিসি রেডিওর একজন সাবেক প্রযোজক। ৪৯ বছর বয়সী এই প্রযোজক নিজের পেশায় খুব একটা খ্যাতি অর্জন করতে পারেননি। তাঁর দুই বান্ধবী ছিলেন। তাঁদের সঙ্গে এখন তাঁর সম্পর্ক নেই।জুলিয়ানের দুজন ঘনিষ্ঠ বন্ধু আছেন। তাঁদের একজনের নাম স্যাম ফিঙ্কলার। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন টেলিভিশন উপস্থাপক, ইহুদি দর্শনের তাত্ত্বিক ও লেখক। জুলিয়ান ও ফিঙ্কলার একসঙ্গে পড়াশোনা করেছেন। আরেকজনের নাম লিবোর সেভচিক। বয়সে প্রবীণ লিবোর প্রধান চরিত্র জুলিয়ান ও তাঁর বন্ধু ফিঙ্কলার উভয়েরই শিক্ষক ছিলেন। তাঁদের মধ্যে লিবোর ও ফিঙ্কলার দুজনই ইহুদি। দুজনই বিপত্নীক। লিবোর বহু আগেই স্ত্রীকে হারিয়েছেন। আর ফিঙ্কলারের স্ত্রী মারা গেছেন কিছুদিন আগে। তাঁরা দুজনই একাকিত্বের অসহনীয় যন্ত্রণায় হাঁপিয়ে উঠেছেন।উপন্যাসের শুরুতে দেখা যায়, বিবিসির ব্রডকাস্টিং হাউস থেকে বেরিয়ে জুলিয়ান তাঁর বন্ধু ও শিক্ষক লিবোর ফ্ল্যাটে যান। সেখানে লিবোর ও ফিঙ্কলারের সঙ্গে আড্ডা দিয়ে রাত সাড়ে ১১টায় নিজের বাসার উদ্দেশে রওনা দেন। মাঝপথে এক নারী ছিনতাইকারীর কবলে পড়েন জুলিয়ান।মহিলা ছিনতাইকারী যখন তাঁর পকেট সাফ করছিল, তখন সে বিড়বিড় করে কী সব বলছিল। জুলিয়ানের মনে হলো, ওই মহিলা তাঁর উদ্দেশে ফিসফিস করে বলছে, ‘ইউ জু?’ছিনতাইকারী চলে যাওয়ার পর তার অস্ফুট কথাটা জুলিয়ানের কানে বাজতে থাকে। তিনি মনে মনে ভাবতে থাকেন, ওই মহিলা তাঁকে কী বলে গেল? ‘ইউ জুলেস?’, ‘ইউ জুয়েল?’, ‘ইউ জ্যু (ইহুদি)?’একসময় জুলিয়ানের মনে হয়, ওই ছিনতাইকারী ছিল একজন অ্যান্টি-সেমিটিক বা আরব ইহুদি-বিদ্বেষী। ছিনতাইকারী মহিলার অস্ফুট ওই কথাটা জুলিয়ানের মনোজগতে তোলপাড় শুরু করে।তিনি ভাবতে থাকেন, স্যাম ফিঙ্কলার ও লিবোর সেভচিক—দুজনই ইহুদি এবং নিজ নিজ কর্মক্ষেত্রে তাঁরা দুজনই সফল। দুজনই সেলিব্রেটি। জুলিয়ান নিজেও তাঁদের খ্যাতির কারণে ওই দুজনকে ঈর্ষার চোখে দেখেন। কিন্তু ওই মহিলা তাঁকে ইহুদি মনে করে ‘ইহুদি’ বলে গালি দেওয়ায় তিনি ইহুদিদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। ঐতিহাসিকভাবে ইহুদিদের অস্তিত্বগত সংকট তাঁকে তাড়িত করতে থাকে। তিনি অ্যান্টি-সেমিটিজমের ওপর পড়াশোনা শুরু করেন। কানাডা, ফ্রান্স, জার্মানি ও আর্জেন্টিনায় ইহুদিদের ওপর যেসব হামলা হয়েছে, তার ইতিহাস পড়তে থাকেন। ইহুদিদের সাফল্য, তাদের ঐতিহাসিক দুঃখগাঁথা—ইত্যাদি সম্পর্কে ধারণা নিতে থাকেন। ধীরে ধীরে তাঁর মনে হতে থাকে, ‘ইহুদি’ বলে গালি দিয়ে ওই মহিলার মতো অ্যান্টি-সেমিটিকরা ইহুদিদের ওপর যে মানসিক নির্যাতন করছে, তা ‘নৃশংস’।একপর্যায়ে জুলিয়ান নিজেই ইহুদি ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি রাব্বি (ইহুদি ধর্মযাজক) হওয়ার ‘প্রশিক্ষণ’ নেওয়ার চিন্তা করেন। তিনি ভাবতে থাকেন, ইহুদি হতে গেলে কি তাঁকে খতনা করতে হবে? তাঁকে কি মাইমোনিদেস (জোয়েল এল ক্রেসারের লেখা ধর্মতাত্ত্বিক মনীষীদের জীবনীগ্রন্থ) পড়তে হবে? যা-ই হোক, উপন্যাসের শেষ দিকে জুলিয়ানের মনে হয়, তিনি প্রকৃতপক্ষে ইহুদি হতে পারবেন না। ইহুদি রীতিনীতি রপ্ত করতে পারলেও তাঁর ভেতরের সত্তা নিজেকে ইহুদি হিসেবে মেনে নিতে চায় না।লেখক হাওয়ার্ড জ্যাকবসন পুরো গল্পটিতে ইহুদিদের সূক্ষ্ম সূক্ষ্ম দুঃখবোধ কমেডি ফর্মের মধ্য দিয়ে বর্ণনা করেছেন। সে দৃষ্টিকোণ থেকে এটিকে ‘ট্র্যাজিক কমেডি’ বলা যেতে পারে। এটা এমন এক কমেডি, যার শুরু এবং শেষ দুটোই হয়েছে বেদনাবোধের মধ্য দিয়ে। জ্যাকবসন দুঃখের দৃশ্যকল্প আঁকতে গিয়ে স্যাটায়ারের আশ্রয় নিয়েছেন। পাঠক একদিকে স্যাটায়ারের চাতুর্যে আনন্দ উপভোগ করেন, অন্যদিকে উপলব্ধির অন্তর্লোক থেকে এই ব্যাঙ্গাত্মক বর্ণনার অন্তর্বর্তী অর্থ ধরতে পেরে একই সঙ্গে ব্যথিত হয়ে পড়েন।দি ফিঙ্কলার কোয়েশ্চেন—হাওয়ার্ড জ্যাকবসন, ব্লুমসবারি