ঈদসংখ্যার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

>

রোজা এলেই সবার অপেক্ষা শুরু হয় বর্ণিল স্বাদের ঈদসংখ্যার জন্য। ঈদসংখ্যার সেকাল-একালের মধ্যে ফারাক আছে বিস্তর। কেমন ছিল ঈদসংখ্যার জন্য অপেক্ষার সেই দিনগুলো?

এখন ভেবে বেশ অবাকই লাগে যে একটা সময় ঈদসংখ্যার জন্য প্রায় সারা বছরই অপেক্ষা করে থাকতাম। রীতিমতো অধীর অপেক্ষা। তখন ঈদসংখ্যা ছিল উৎসবেরই অংশ, ছুটির অলস দিনগুলো পার করার চমৎকার এক সঙ্গী। উত্তেজনাও কম ছিল না। প্রায় প্রতিদিন পত্রিকার স্টলে গিয়ে খোঁজ নিতাম—কোন ঈদসংখ্যা এল, কোনটা আসতে দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে ইত্যাদি। তখন—গত শতকের আশি-নব্বইয়ের দশকের কথা বলছি—বিজ্ঞাপনের এত দাপট ছিল না বলে আগে থেকে জানার উপায় ছিল না, কোন ঈদসংখ্যায় কী থাকছে! ফলে পত্রিকা বাজারে এলে সূচি দেখে, উল্টেপাল্টে কিছু অংশ পড়ে তারপর সিদ্ধান্ত নিতে হতো—কোনটা কিনব, কোনটা অন্য কারও কাছ থেকে ধার চেয়ে নেব, কোনটা না পড়লেও মনের ভেতর খুঁতখুঁত করবে না। তখন ঈদসংখ্যা বেরোত কম, আঙুলে গুনে চার-পাঁচটা, এখন যেমন প্রায় সব দৈনিক পত্রিকা ঈদসংখ্যা প্রকাশ করে, তখন এসবের বালাই ছিল না। দৈনিকের ঈদসংখ্যা মানে ছিল মূল কাগজের সঙ্গে ব্রডশিটে কয়েক পাতার বাড়তি আয়োজন, মানে ‘সাপ্লিমেন্টারি’, ওই নিয়েই সন্তুষ্ট থাকত হতো। আমরা ঈদসংখ্যা বলতে সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক ম্যাগাজিনের ঢাউস সংখ্যাকেই বুঝতাম। সেসব আয়োজনে একসঙ্গে বেশ কয়েকটি উপন্যাস, অনেকগুলো গল্প, স্মৃতিকথা, সাক্ষাৎকার, প্রবন্ধ, কবিতা, অনুবাদ, ফিচার ইত্যাদি পড়ার সুযোগ পাওয়া যেত; তখনকার দিনে যা ছিল বেশ দুর্লভ ব্যাপার। দেশসেরা লেখকেরা লিখতেন সেখানে, নানামাত্রিক লেখা, রীতিমতো জমজমাট হয়ে উঠত পুরো আয়োজন। কিন্তু ওই যে বললাম, আঙুলে গুনে চার-পাঁচটি ঈদসংখ্যা বেরোত, সবগুলো কেনার সামর্থ্যও হতো না, একটা বা দুটি কিনলেও মাসখানেকের মধ্যেই সব পড়া হয়ে যেত, আর তারপরই শুরু হতো অপেক্ষা।

এ কথা স্বীকার করে নেওয়া ভালো, বইপত্র বা পত্রিকা বা ঈদসংখ্যা নিয়ে অপেক্ষাই বলি বা মাতামাতি বলি, তা ছিল শহুরে মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ। উচ্চবিত্তরা এসব নিয়ে মাথা ঘামাত না, এখনো ঘামায় না, তাদের মাথা ঘামানোর মতো আরও অনেক বিষয় ছিল, এখনো আছে। আর নিম্নবিত্তরা এসবের খোঁজই রাখত না, এখনো কি রাখে? ঈদসংখ্যা নিয়ে যা কিছু বলছি, এখানে তা আসলে ওই শহুরে মধ্যবিত্তের গল্পই। আরও পরিষ্কারভাবে বলতে গেলে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-রাজশাহী-বরিশাল-ময়মনসিংহ ইত্যাদি বর্ধিঞ্চু শহরের মধ্যবিত্তদের গল্প। তখন অবশ্য এসব শহরে মধ্যবিত্তেরই প্রাধান্য ছিল, তাদের রুচি আর ইচ্ছার কথা মাথায় রেখেই প্রকাশিত হতো পত্রিকা, তৈরি হতো টেলিভিশনের অনুষ্ঠানমালা। তবে এ-ও তো ঠিক, মধ্যবিত্তের সবাই পাঠক নয়। পাঠক সব সময়ই আঙুলে গুনে, বলা যায় সামাজিকভাবে সংখ্যালঘু, এই লেখায় সেই সংখ্যালঘু পাঠকদের কথাই বলা হচ্ছে।

তো, এই যে ঈদসংখ্যার জন্য তীব্র-তুমুল অপেক্ষা, তার কারণ কী ছিল? শুধুই সাহিত্যের জন্য ভালোবাসা? না, বোধ হয়। তখন শহুরে জীবনে বিনোদনের উপকরণ ছিল কম, কতিপয় মানুষ এই ঈদসংখ্যার ভেতরেই তাদের বিনোদনের উপকরণ খুঁজে পেত। ওটা ছিল এমন এক সময়, যখন অন্তর্জালের নামও শুনিনি, ব্যবহার করা দূরের কথা; সিডি-ডিভিডিও আসেনি তখনো। ভিসিপি-ভিসিআর এসেছে বটে, তবে তা আইনত অবৈধ, দেখতে হলে পুরান ঢাকার কোনো অলিগলিতে যেতে হয়। কোনো ভগ্নপ্রায় বাড়ির ছাদে শামিয়ানা টাঙিয়ে ফ্লোরে চাদর বা মাদুর বিছিয়ে বসতে দেওয়া হয়, একটু বেশি দামের ‘টিকিট’ কিনলে দেওয়া হয় বেঞ্চি। ছাদভর্তি কৌতূহলী মানুষ, ‘নিষিদ্ধ’ ছবি দেখার উত্তেজনায় অস্থির (নিষিদ্ধ মানে অ্যাডাল্ট মুভি নয়, ভিসিপি-ভিসিআর ব্যাপারটাই ছিল আইনত নিষিদ্ধ), গরমে-ঘামে একাকার, ছোট পর্দার টেলিভিশনে চলছে হিন্দি ছবি—ডিস্কো ড্যান্সার বা এ-জাতীয় কিছু। পেছন দিকে যারা বসেছে, তারা ভালো করে কিছু দেখতেও পাচ্ছে না। তবু খুশি সবাই, ভিসিআর দেখার আনন্দে আনন্দিত। এ রকমই ব্যাপার ছিল আরকি! স্যাটেলাইটের বালাই ছিল না বলে টেলিভিশনে বিদেশি চ্যানেল দেখার সুযোগ ছিল না, একমাত্র চ্যানেল তখন—বিটিভি। সেই চ্যানেলের সব অনুষ্ঠানই মারমার-কাটকাট জনপ্রিয়। একবার টেলিভিশনে চেহারা দেখানো মানেই রীতিমতো হিরো বনে যাওয়া। তবে আশির দশকে সবার বাসায় টেলিভিশনও ছিল না, গ্রামে বা মফস্বলে তো ছিলই না, ঢাকার মতো বড় শহরেও ছিল না। এত বেশি ঊর্ধ্বশ্বাস দৌড় ছিল না তখন, এত ব্যস্ততা ছিল না, এত প্রতিযোগিতাও ছিল না, কাছে বসার পাশে থাকার মতো অবসর ছিল, পরস্পরের প্রতি সহমর্মিতা-ভালোবাসা ছিল, অলস সময় কাটানোর জন্য প্রতিবেশীদের বাসায় যাওয়ার চল ছিল। ফলে প্রতিবেশীদের সঙ্গে প্রাণবন্ত সম্পর্ক ছিল, কোনো বাসায় টেলিভিশন না থাকলে পাশের বাসায় গিয়ে দেখার চল ছিল, প্রতিবেশী কোনো পাঠকের কাছ থেকে ধার করে বই বা পত্রিকাও আনা যেত। সব ঈদসংখ্যা তো সবাই কিনত না, এই দেওয়া-নেওয়ার ব্যাপারটা তাই ছিলই। তবে সবাই যে পত্রিকাটা কিনত, তার নাম বিচিত্রা।

বিচিত্রার ঈদসংখ্যা ছিল অপ্রতিদ্বন্দ্বী। মানের বিচারে যেমন, বৈচিত্র্যেও তেমন। তাই সবাই এই পত্রিকাটিকে সংগ্রহে রাখতে চাইত। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বিচিত্রাই প্রথম ঈদসংখ্যা প্রকাশ করে। তবে যত দূর জানি, এ অঞ্চলে ঈদসংখ্যায় প্রচলন শুরু হয়েছে বেগম-এর মাধ্যমে, পাকিস্তান আমলে। বেগম ছিল নারীদের পত্রিকা, নারীরাই লিখতেন এখানে। কিন্তু বাংলাদেশের শহুরে জীবনে সব দিক থেকেই প্রভাবশালী হয়ে উঠেছিল বিচিত্রা, এত জনপ্রিয় ও প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন বাংলাদেশের ইতিহাসে আর আসেনি, ঈদসংখ্যা প্রকাশের মতো নতুন ধারণাটিকেও নিশ্চয়ই এর পাঠকেরা লুফে নিয়েছিল! জানি না, কোন চিন্তা থেকে বিচিত্রার সম্পাদক এবং কর্মীরা ঈদসংখ্যা প্রকাশের কথা ভেবেছিলেন। তবে ধারণা করি, ওপার বাংলার শারদীয় সংখ্যার আদলেই এখানে ঈদসংখ্যার কথা ভেবেছিলেন তাঁরা। শারদীয় সংখ্যা যেমন ওপার বাংলায় পূজা উৎসবের একটা অংশ হিসেবেই বিবেচিত হয়, ঈদসংখ্যাকেও নিয়ে ও রকম কিছু একটা করার প্রয়াস হয়তো ছিল। কিন্তু পূজার উৎসব বেশ দীর্ঘ সময় ধরে চলে, অন্যদিকে ঈদ মাত্র এক দিনের উৎসব, দুটি তো এক রকম ব্যাপার নয়! তবু তাঁরা ঈদসংখ্যার কথা ভাবলেন কেন? কেন ধর্মীয় উৎসবের কথাই তাঁদের মাথায় এল? আমি মাঝে মাঝে ভেবেছি, যদি ঈদসংখ্যা প্রকাশ না করে বাংলা নববর্ষ সামনে রেখে নববর্ষসংখ্যা প্রকাশ করা হতো, তখন এবং সেটিই যদি একটা রীতিতে পরিণত হতো, তাহলে কী দারুণ ব্যাপারই না ঘটত! আমরা কেন পশ্চিমবঙ্গের অনুকরণে শারদীয় সংখ্যার মতো ঈদসংখ্যা প্রকাশ করতে গেলাম, কোনো ধর্মীয় উৎসব সামনে না রেখে আমরা তো নববর্ষের মতো একটা সর্বজনীন উৎসবও সামনে রাখতে পারতাম! যা হোক, যা হওয়ার হয়েছে, এখন তো আর বলে কিছু বদলানো যাবে না! এখন যারা ঈদসংখ্যা প্রকাশ করে, তারা বোধ হয় প্রথা ভাঙার ঝুঁকিও নেবে না। আর তা ছাড়া এমন কোনো ‘কমন’ প্ল্যাটফর্মও তো নেই, যেখান থেকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া যায়—আমরা এখন থেকে নববর্ষসংখ্যা করব, ঈদসংখ্যা নয়। তো, বিচিত্রা শুরু থেকেই ছিল জনপ্রিয়তার শীর্ষে, গুণে-মানে, রুচিতে-আভিজাত্যে, আদর্শে-মুক্তচিন্তায় পাঠকের মন যেমন জোগাত তারা, মন জাগাতেও ভূমিকা রাখত। হয়তো সে জন্যই, ১৯৯৬ সালে সরকারি সিদ্ধান্তে এটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত জনপ্রিয়তাটি ধরে রাখতে পেরেছিল। বিচিত্রার প্রায় সমকক্ষ ছিল সচিত্র সন্ধানীর ঈদসংখ্যা। তবে সেটি যতটা না সাধারণ পাঠকের জন্য ছিল, তারচেয়ে বেশি ছিল বোদ্ধা পাঠকের জন্য। অনেক বেশি গুরুগম্ভীর আর অভিজাত ছিল তার ভাবসাব। ছিল সাপ্তাহিক রোববার, পূর্বাণী-এর ঈদসংখ্যা, সেখানেও নানা ধরনের লেখা ছাপা হতো, প্রতিষ্ঠিত লেখকেরা লিখতেন সেখানে। সিনে পত্রিকা চিত্রালীর সাধারণ সংখ্যা বেরোত দৈনিক পত্রিকার মতো ব্রডশিট কাগজে, তবে ঈদসংখ্যা বেরোত অন্যান্য পত্রিকার আকারেই। সিনে পত্রিকা, তাই বিনোদনের ব্যাপার-স্যাপার একটু বেশিই থাকত এখানে, তবে গল্প-উপন্যাসও থাকত। সম্ভবত গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেজের উপন্যাস হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড-এর প্রথম বাংলা অনুবাদ প্রকাশিত হয় এ পত্রিকাতেই (অথবা সাপ্তাহিক রোববার-এর ঈদসংখ্যায়), অবশ্য পুরোটা নয়, কিছু অংশ। অনুবাদটি কে করেছিলেন, এত দিন পর তা আর মনে নেই, তবে সেটি যে আমি ঈদসংখ্যাতেই দেখেছিলাম, তাতে কোনো সন্দেহ নেই। এই যে পত্রিকাগুলোর নাম বললাম, এর সব কটিই ছিল সাপ্তাহিক বা পাক্ষিক পত্রিকা। তখন তারাই কেবল ঈদসংখ্যার আয়োজন করত, দৈনিক পত্রিকাগুলো তখনো এ পথে আসেনি।

সে সময় পত্রিকা কম ছিল, ঈদসংখ্যাও ছিল কম, তবে দেশবরেণ্য লেখকেরা লিখতেন বলে আকর্ষণ হয়তো বেশি ছিল। বরাবরের মতো সেই সময়ও উপন্যাসের কদর ছিল বেশি। একসঙ্গে এতগুলো টাটকা উপন্যাস পড়ার সুযোগ পাওয়া তো কম কথা নয় পাঠকের জন্য! তা-ও বরেণ্য লেখকদের উপন্যাস! রশীদ করীম, সৈয়দ শামসুল হক, হ‌ুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন, মঈনুল আহসান সাবের প্রায় নিয়মিতই লিখতেন। শওকত আলী, রাহাত খান, সেলিনা হোসেন, রাবেয়া খাতুনের উপন্যাসও দেখা যেত। মাহমুদুল হকও লিখতেন বলে শুনেছি, তবে আমি দেখিনি। যখন থেকে আমি ঈদসংখ্যা পড়ি, তার আগেই তিনি লেখা ছেড়ে দিয়েছেন। আরেকজন লেখক ছিলেন আবুল খায়ের মুসলেহউদ্দিন নামে, তিনি ছিলেন পুলিশের বড় কর্মকর্তা, প্রায় প্রতিটি ঈদসংখ্যায় তাঁর উপন্যাস দেখা যেত। অদ্ভুত ব্যাপার হলো, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাঁর নামটিও মুছে গেছে চিরদিনের জন্য। তাঁর মতো আরেকজন লেখক এসেছিলেন নব্বইয়ের দশকের গোড়ার দিকে—প্রণব ভট্ট। কাস্টমসের বড় কর্মকর্তা। তাঁর উপন্যাসও খুব দেখা যেত ঈদসংখ্যাগুলোতে এবং যথারীতি মৃত্যুর পর সম্পূর্ণ মুছে গেছে তাঁর নাম। এই সব নামে কোনো লেখক যে ছিলেন, এখনকার পাঠকেরা বোধ হয় তা জানেও না, অথচ বেঁচে থাকতে কী দাপটই না দেখিয়েছেন তাঁরা! সত্যি বলতে কি, এ রকম লেখক সব সময়ই থাকেন, যাঁরা নানা রকম ক্ষমতা ব্যবহার করে জাঁকিয়ে বসেন কিছুদিন, তার ফলাফলও ভোগ করেন তাঁরা একইভাবে—পাঠকের স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে গিয়ে। যা হোক, তখন সম্ভবত নিজেদের নির্বাচিত সেরা লেখাগুলো ঈদসংখ্যায় ছাপতে দিতেন লেখকেরা। শুধু উপন্যাস নয়; কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা—এগুলোও হতো সুনির্বাচিত, সব মিলিয়ে দেশের সাহিত্যচর্চার একটা সার্বিক ছবি পাওয়া যেত একটা ঈদসংখ্যা হাতে নিলে। শুধু তা-ই নয়, একটা মানসম্পন্ন ঈদসংখ্যার সূচি দেখলেই বোঝা যেতÑসম্পাদক ও তাঁর সহযোগীরা সংখ্যাটি নিয়ে দীর্ঘ সময় ধরে ভেবেছেন, পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছেন। ফলে বিষয়-বৈচিত্র্যের কোনো অভাব বোধ হতো না পাঠকের। কিন্তু পরবর্তীকালে এই অবস্থাটা আর থাকেনি। নব্বইয়ের দশকের শেষ দিক থেকে ঈদসংখ্যার সংখ্যা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় পঁচিশ-ছাব্বিশটি ছাড়িয়ে যায়, যার অধিকাংশতেই কোনো পরিকল্পনার ছাপ থাকে না।

এই অবস্থা বোঝার জন্য আমাদের সংবাদপত্র জগতের পালাবদলটি একবার ফিরে দেখার দরকার হবে। আশির দশকের মাঝামাঝি পর্যন্ত দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ছিল হাতে গোনা। সাপ্তাহিক-পাক্ষিক পত্রিকার সংখ্যাও বেশি ছিল না। সিনে পত্রিকা, বিনোদন পত্রিকা ছিল বেশ কিছু, কিন্তু সিরিয়াস সাপ্তাহিক পত্রিকা বলতে ওই বিচিত্রা, সচিত্র সন্ধানী, রোববার—এ রকম তিন-চারটি। ওই দশকের মাঝামাঝি সময় থেকে আরও কিছু সাপ্তাহিক পত্রিকার জন্ম হয়, প্রধানত রাজনৈতিক প্রয়োজনে। যায়যায়দিন, সময়, খবরের কাগজ, বিচিন্তা, পূর্বাভাস-এর মতো পত্রিকাগুলো রাজনীতি-সচেতন পাঠকের মধ্যে সাড়া ফেলে দেয়। এই পত্রিকাগুলো সাহিত্য নিয়ে মাথা ঘামায়নি কখনো, ঈদসংখ্যাও প্রকাশ করেনি, রাজনীতির বিশ্লেষণই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য, তবে দেশের অনেক প্রথিতযশা লেখককে দিয়ে কলাম লিখিয়ে নিতে পেরেছিল তারা। কলাম ব্যাপারটি জনপ্রিয়ও হয়েছিল খুব ওই সময়ে। সামরিক শাসকের নানা বাধানিষেধ উপেক্ষা করে এই পত্রিকাগুলো তাদের সাহসী ভূমিকা বজায় রেখেছিল। অন্যদিকে বিচিত্রা, সচিত্র সন্ধানীর মতো পত্রিকাগুলোও তাদের বৈচিত্র্য, কৌলীন্য, আভিজাত্য ও গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছিল।

সাপ্তাহিক পত্রিকাগুলোর মধ্যে একটা গুণগত পরিবর্তন এলেও দৈনিক পত্রিকাগুলো তাদের চিরায়ত ভঙ্গিটিই ধরে রেখেছিল, খুব বেশি নতুন কিছু দিতে পারছিল না তারা। এই অবস্থার পরিবর্তন ঘটে নব্বইয়ে স্বৈরশাসকের পতনের পর। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেই পত্রিকা প্রকাশের ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নিলে একের পর এক দৈনিক পত্রিকা প্রকাশিত হতে থাকে। এবং এই পত্রিকাগুলো নতুন এক ধারার জন্ম দেয়, যার শুরু হয়েছিল আজকের কাগজ-এর মাধ্যমে। প্রায় প্রতিবছরই নতুন নতুন দৈনিক পত্রিকা বেশ সাড়ম্বড়ে আত্মপ্রকাশ করতে থাকে। আজকের কাগজ-এর পর এক দশকের মধ্যে ভোরের কাগজ, জনকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা, মুক্তকণ্ঠ, প্রথম আলো—এই সব প্রভাবশালী দৈনিকের জন্ম হয়। এবং অদ্ভুত ব্যাপার, দৈনিক পত্রিকা যত বাড়ে, সাপ্তাহিক-পাক্ষিক ম্যাগাজিন তত কমতে থাকে কিংবা আকর্ষণ হারাতে থাকে। এমনকি বিচিত্রার মতো দারুণ জনপ্রিয় পত্রিকাও সরকারের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায়। সাপ্তাহিক-পাক্ষিক ম্যাগাজিনের এই জৌলুশ হারানোর সময় পাঠকেরা বেছে নিয়েছিল দৈনিক পত্রিকাকেই। দৈনিকগুলোও তাদের পাঠকের কথা মাথায় রেখে সংবাদ সরবরাহের পাশাপাশি নিত্যনতুন ফিচার পাতার আয়োজন করতে থাকে। ঠিক জানি না, হয়তো এরই একপর্যায়ে ঈদসংখ্যা প্রকাশ করার চিন্তা তাদের মাথায় আসে। আর তারপর থেকেই ঈদসংখ্যা প্রকাশের ধুম পড়ে যায়। প্রায় প্রতিটি দৈনিক পত্রিকা তাদের বিশেষ আয়োজন হিসেবে ঈদসংখ্যা প্রকাশ করতে থাকে, সঙ্গে পরিচিত-স্বল্পপরিচিত-অপরিচিত সাপ্তাহিক ম্যাগাজিনগুলোও ঈদসংখ্যার আয়োজন করতে থাকে। ফলে ২৫-২৬টি ঈদসংখ্যা প্রকাশিত হতে থাকে প্রায় প্রতিবছর। সংখ্যায় বাড়ে বটে, তবে কমতে থাকে মান। তিন-চারটি ছাড়া বাকি ঈদসংখ্যাগুলোতে কোনো পরিকল্পনার ছাপ দেখতে পাওয়া যায় না। সূচি দেখলেই বোঝা যায়, রেওয়াজ-মাফিক পত্রিকা বের করেছেন অধিকাংশ সম্পাদক, কিংবা কেবল বাণিজ্যের কথাই ভেবেছেন, অন্য পত্রিকা থেকে নিজেদের আলাদা করার কোনো চেষ্টা বা পরিকল্পনার বালাই নেই ওগুলোতে। দৈনিক পত্রিকাগুলো ঈদসংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়ায় আরেকটি পরিবর্তন এসেছে। আগে পত্রিকার সূচি না দেখা পর্যন্ত জানার উপায় ছিল নাÑকোন সংখ্যায় কী আছে। এখন দৈনিকগুলো ঈদসংখ্যা বাজারে আসার অনেক আগে থেকেই নিজেদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকে। ফলে পাঠকের জানা হয়ে যায় কোথায় কী থাকছে!

এত বিজ্ঞাপন, এত প্রচারণা, তবু ঈদসংখ্যার আগের সেই আকর্ষণ কি আছে? এখন দিন আরও বদলেছে। অন্তর্জালের বদৌলতে বিশ্ব এখন হাতের মুঠোয়। ব্লগ-ফেসবুকের এই যুগে এখন বক্তা বেশি, শ্রোতা কম; লেখক বেশি, পাঠক কম। অনলাইন মিডিয়ার জনপ্রিয়তাও বাড়ছে দিনে দিনে, কয়েক বছর ধরে তারাও ঈদসংখ্যা প্রকাশ করছে, প্রিন্ট মিডিয়ার আবেদনও আর আগের মতো নেই, ঈদসংখ্যার আবেদন কি আছে আগের মতো? আমি জানি না। জানি না, এখনো পাঠকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে কি না ঈদসংখ্যার জন্য, যেমনটি আমরা করতাম, প্রিয় লেখকদের একসঙ্গে পাওয়ার আশায়।