ঈশ্বরের অশ্রুপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি বৃষ্টিকণা, ঈশ্বরের অশ্রুপাত ছাড়া
আর কিছু নয়
আষাঢ়-শ্রাবণে ঈশ্বর শোকগ্রস্ত থাকেন
তাই বর্ষাকাল হয়

কী এমন দুঃখ, এত কান্না তার?
ঈশ্বরের অশ্রুবিন্দুই সমুদ্র বলে শুনেছি
কে দেয় সমুদ্রে সাঁতার?

প্রশ্ন হচ্ছে, ঈশ্বর কাঁদেন কেন?
উত্তর হচ্ছে, ঈশ্বর কাঁদলেই বৃষ্টি হয়
বৃষ্টিতে ভিজে রোদেলা বাধায় জ্বর
জ্বরের ঘোরে সে বিড়বিড় করে, বিয়েই হয়নি
এই মেয়ে তার ভাবটা দেখায়—সন্ধ্যায় আসবে বর

ঈশ্বর আরও বেশি করে কাঁদলে
সেকেন্ড ইয়ার চুলোয় তুলে রোদেলা বাঁধবে ঘর

যাই হোক আর তাই হোক, হলোও তো
ঈশ্বরের অশ্রুপাতই আমার নামে লেখা
সেই অভিমান বুকের মধ্যে চেপে
একটা শালিক কোথাও তখন ভিজতে থাকে একা

কিন্তু বসন্তে বৃষ্টি, হঠাৎ! কী অসুখ ঈশ্বরের?
এত এত একাকিত্ব! অশ্রুবিন্দু! আমার নামে লেখা
লেখা বলতে সদ্য রচিত প্রেমের কবিতা—

রোদেলা চাইলে পুড়ব, তখন সমস্ত মেঘ বৃথা