উঁকি দিয়ে দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার আত্মজীবনীর প্রথম খণ্ড ফিরে যাই ফিরে আসিতে আমি হারিয়ে গিয়েছিলাম আমার শৈশবের স্বর্ণচূড়ায়। আমার জন্ম থেকে শুরু করে আমার পাঠশালায় যাওয়া—এ পর্যন্ত এসে শেষ হয়েছে বইটি। তারপর এখন লিখছি আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড উঁকি দিয়ে দিগন্ত। অবশ্য এই শিরোনামে এ লেখার কিছু অংশ এরই মধ্যে প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। এবার আসন্ন বইয়ে তার পুরো বৃত্তান্ত পাওয়া যাবে।উঁকি দিয়ে দিগন্ত মূলত সেই সময়কার প্রতিচ্ছবি, যখন আমি ছোট্ট, সবে পাঠশালার চৌহদ্দিতে পা রেখেছি। তখন ১৯৪৪ কি ’৪৫-এর দিকে, চারপাশে যুদ্ধের দামামা। কিন্তু আমার কৈশোরের বিস্ময়াভিভূত চোখ তো এত কিছু বোঝে না, সে কেবলই দেখতে পায় আকাশে কিছু বিমানের এলোপাতাড়ি ওড়াউড়ি আর সন্ত্রস্ত মানুষের মুখ। তবে পাঠশালার বারান্দায় পা রেখে একেক ক্লাস যখন দিব্যি উতরে যাচ্ছি, সেই সময়ের ভয়াবহ দুর্ভিক্ষের বর্ণনাও পাওয়া যাবে এ বইয়ে। একটা স্মৃতির কথা বলি, চারদিকে তখন হাহাকার অবস্থা। কাপড় নেই, কেরোসিনের প্রচণ্ড অভাব। এমনকি সরষের তেলও জোগাড় করা যায় না। ওই সময় আমরা রেড়ির তেল নামে একধরনের তেল দিয়ে পিদিম জ্বেলে পড়তে বসতাম। সে এক সময় বটে! তাকে কি আকাল বলব? আমার মাকে এ সময় চটের মতো মোটা কাপড় পরতে দেখেছি। আমাদের ঘরে তখন চিনি লেশমাত্র ছিল না। মনে আছে, এই ক্ষণে টাইফয়েডে একবার আমি মরতে বসেছিলাম। তো ওই অবস্থায় মা-বাবা আমাকে চিনি দিয়ে সাগু করে খাওয়াতেও পারেননি। আমি সাগু খেয়েছিলাম লবণ দিয়ে। দুর্ভিক্ষের এসব অম্লমধুর স্মৃতি আমার আত্মজীবনীর দ্বিতীয় খণ্ডে থাকবে এবার। এ ছাড়া এ গ্রন্থে তৎকালের ম্যালেরিয়া ও টাইফয়েডের চিত্রভাষ্য বিষয়টিও বিশদ করে লেখা হয়েছে। ফিরে যাই ফিরে আসিতে আমি আমার যেসব স্মৃতি হাতড়েছি, তা যদি হয় মিষ্টি চোখের দেখা, তবে এই বইয়ে সেখানে জীবনের কড়া রোদ কিছুমাত্র হলেও ঢুকে পড়েছে; বিশেষত গোধূলিক্রান্ত সন্ধিক্ষণে, যখন দাঙ্গার লেলিহান উত্তাপ ছড়াচ্ছে দিকে দিকে—সেই স্মৃতিভাষ্য এবং তৎকালীন সমাজের ছোটখাটো বিষয় এই বইয়ে উপজীব্য হয়ে এসেছে।বইটি শুরু হয়েছে আমার পাঠশালা গমনের মধ্য দিয়ে। আর শেষ হবে যখন আমি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এলাম—সেই সব স্মৃতির ঘনঘটায়। আসলে শৈশব আমাকে ছেড়ে যাচ্ছে না তো, তাই এই বইয়েও উঁকি দিয়ে যাবে আমার শৈশবের দিগন্ত। ’৪৭-এর উত্তুঙ্গ প্রেক্ষাপট তথা ভারতের স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীন পাকিস্তানের জন্ম—এই স্মৃতির প্রহরে আমার আত্মজীবনীর দ্বিতীয় খণ্ডটিতে জড়িয়ে আছে যেমন বিষকাঁটার উদ্ভাস, তেমনি গোলাপের পাপড়িও তাকে উদ্ভাসিত করেছে মাঝেমধ্যে।