উড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোং জি, বড় আর কালোমতো একজন মানুষ, স্বর্গ-মর্ত দুটোর প্রতিই কৃতজ্ঞতা জানিয়ে তার উত্তেজনা আর ধরে রাখতে পারল না। আর নতুন বউয়ের কাপড়ে ঢাকা মুখটা সে দেখতে পাচ্ছে না। কিন্তু মেয়েটির লম্বা, সুগোল হাত আর পাতলা কোমর দেখে সে এটুকু বুঝে গেল যে উত্তর জিয়াওঝু টাউনশিপের অধিকাংশ মেয়ের চেয়ে তার বউ বেশি সুন্দর। ৪০ বছর বয়সের হোং জি, তার সারা মুখে বসন্তের জঘন্য দাগ, গাওমি টাউনশিপের সবচেয়ে নামকরা ব্যাচেলর। তার বুড়ো মা কিছুদিন আগে তার সঙ্গে ইয়ানিয়ানের বিয়ের ব্যবস্থা করেছেন এই চুক্তিতে যে হোং জি-র বোন ইয়ানহুয়া, গাওমি টাউনশিপের সত্যিকারের সুন্দরী মেয়েদের একজন, বিয়ে করবে ইয়ানিয়ানের বড় ভাইটিকে, যে কিনা বোবা।দুপুরের দিকে হোং জির নতুন বউ ঢুকল বাসরঘরে। দুষ্টু বাচ্চাকাচ্চাদের একটা দল জানালা ঢাকার গোলাপি কাগজের ওপর অনেক ফুটো করে রেখেছে। তারা হাঁ করে দেখছে ইটের বিছানার কিনারে বসে নতুন বউ কী করে। পাশের বাড়ির এক মহিলা হোং জির কাঁধে চাপড় দিল। খিলখিল করে বলল, ‘হেই বসন্তের দাগ, তোমার ভাগ্য কত ভালো! ছোট একটা কচি পদ্মফুলের কুঁড়ি পেয়েছ, বুঝলে? যত্ন করে সামলিয়ো।’সূর্য আকাশে ঝুলে আছে নিথর হয়ে। হোং জি উঠানে পায়চারি করে বেড়াচ্ছে এদিক-ওদিক, কখন রাত নামবে তার অপেক্ষা। বেতের লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে এলেন তার মা। বললেন, ‘হোং জি, আমার ছেলের বউয়ের ব্যাপারস্যাপার আমার কাছে ভালো ঠেকছে না। খেয়াল রাখিস যেন আবার পালিয়ে না যায়।’‘মা, চিন্তা করবা না। ওদের ওখানে ইয়ানহুয়া আছে। এ মেয়ে পালিয়ে যাবে কোথায়? এরা দুজন পঙ্গপালের মতো, একসঙ্গে বাঁধা, দড়ি দিয়ে। একটা আরেকটাকে ছাড়া কোথাও ভাগতে পারবে না।’মা আর ছেলে যখন কথা বলছে, তখন নতুন বউ উঠানে ঢুকল। তার সঙ্গে দুই সহচরী। হোং জির মা বিড়বিড় করে উঠলেন, ‘আহা রে, কে শুনছে যে নতুন বউ রাত নামার আগে বিছানা থেকে উঠে বাথরুমে যাওয়ার জন্য বাইরে আসে? আমার বোঝা হয়ে গেছে এ বিয়ে কত দিন টিকবে। কী মতলবে যে আছে এই মেয়ে!’মায়ের এসব দুশ্চিন্তা হোং জিকে স্পর্শ করল না। সে ডুবে আছে তার বউয়ের সৌন্দর্যের মধ্যে। মেয়েটার মুখ লম্বা, চোখের ভ্রু কী সুন্দর, নাক উঁচু, আর চোখ দুটো ফিনিক্স পাখির মতো কেমন বাঁকানো। কিন্তু যে-ই তার চোখ পড়ল হোং জির বসন্তের দাগে ভরা মুখের দিকে, সে দাঁড়িয়ে পড়ল, আর দীর্ঘক্ষণ চুপ থাকার পর কানফাটা একটা চিৎকার দিয়ে ছুট লাগাল।হতভম্ব হয়ে গেল হোং জি। তার মা বেত দিয়ে তার মাথায় বাড়ি মারতে লাগলেন। চিৎকার করে বললেন, ‘আরে বোকার হদ্দ, দৌড়া।’ইয়ানিয়ান উড়ে চলেছে রাস্তা দিয়ে। তার পেছন পেছন পাখির লেজের মতো আসছে তার খোলা চুল। ‘ওকে থামাও।’ হোং জি চেঁচিয়ে যাচ্ছে। ‘ওকে থামাও।’তার চিৎকার শুনে গ্রামের লোকজন দলবেঁধে বেরোতে লাগল তাদের বাসা-বাড়ি থেকে। আর এক ডজনের বেশি কুকুর, বড় ও হিংস্র, পাগলের মতো ঘেউ ঘেউ শুরু করল।ইয়ানিয়ান গলিটা ঘুরল। দক্ষিণের মাঠের দিকে যাওয়া শুরু করল। মাঠে গমের কাণ্ডগুলো বাতাসে নুয়ে পড়ছে। এদের ফুলে ভরা মাথাগুলো কোনো সবুজ সাগরে যেন বারবার ডুব দিচ্ছে ঢেউয়ের মতো করে। বিয়ের আসর থেকে বউ পালিয়ে যাওয়ার এই ঘটনায় গাওমি টাউনশিপের মান-ইজ্জত বলে আর কিছু থাকল না। সে কারণেই গাঁয়ের লোকজন মেয়েটার পেছনে দৌঁড়াচ্ছে প্রতিশোধের ইচ্ছা নিয়ে। মানুষজনের জালটা তাকে প্রায় ঘিরে ফেলেছে। এমন সময় ইয়ানিয়ান ঝাঁপ দিল গমের খেতের সেই ঢেউয়ের মধ্যে। হোং জি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাগের চোটে তার শুধু মাথায় এটাই ঘুরছে যে মেয়েটাকে, একবার স্রেফ তার হাতের নাগালে এলে সে কীভাবে কঠিন মার লাগাবে।তখনই হঠাৎ গমের খেত থেকে লাল একটা আলোর রশ্মি জেগে উঠল। নিচের সব লোকজন হতবাক ও বিভ্রান্ত। তারা মাটিতে শুয়ে পড়ল। এবার তারা ইয়ানিয়ানকে দেখল, তার হাত দুটো বাতাসে ঝাপটাচ্ছে, তার দুই পা কোনো জাঁকালো প্রজাপতির মতো একসঙ্গে লাগানো, সেভাবেই সে ভেসে ওপরে উঠে যাচ্ছে মানুষজনের বৃত্তটা থেকে। তখন সে তাদের মাথার থেকে মাত্র ছয় কি সাত মিটার খানেক ওপরে। কিন্তু ওহ্, কী তার মাধুর্য, কী তার রূপ। গাওমি টাউনশিপে আজ পর্যন্ত দুনিয়ার যত আজব কাণ্ডকারখানা সবই ঘটেছে, কিন্তু কোনো মেয়ের আকাশে পাখা মেলার ঘটনা এটাই প্রথম।প্রথম ধাক্কাটা কেটে উঠতেই মানুষজন আবার তাদের ছোটা শুরু করল। কেউ কেউ দৌঁড়ে বাড়ি গেল, ফেরত এল বাইসাইকেলে চড়ে। ওভাবেই তারা ধরবে ইয়ানিয়ানকে—যেই না সে মাটিতে নামবে, তাকে আঁকড়ে ধরবে তারা। তবে আকাশে ওড়া মেয়েটাকে দেখে, কী রকম সম্মোহিত হয়ে যাওয়ার মতো সুন্দর। ওদিকে তার পেছনে যারা ছুটছে, নিচে, বারবার তাদের তাকাতে হচ্ছে আকাশের দিকে। তাই মাটিতে হোঁচট খেয়ে পড়ছে তারা। একজন আরেকজনের গায়ে ধাক্কা খাচ্ছে, কোনো পরাজিত, ছত্রভঙ্গ সেনাদলের মতো।শেষমেশ ইয়ানিয়ান গিয়ে বসল পাইনগাছের একটা বাগানে। অনেক পুরোনো গাছ এগুলো। খাড়া দাঁড়িয়ে আছে, অনেক উঁচু, এদের মাথা নিচুতে ওড়া মেঘ ছুয়ে আছে। পুরোনো যে কবরস্থানে এই কালো পাইনের বন, সেই জায়গাটা গাওমি টাউনশিপের মানুষের কাছে সবচেয়ে ভয়ের ও সবচেয়ে শ্রদ্ধার পবিত্র এক জায়গা। পবিত্র কারণ, এখানে শুয়ে আছে এই টাউনশিপের সব পূর্বপুরুষ। ভয়ের কারণ, এখানটায় ঘটেছে ভূত-প্রেতের নানা ঘটনা। কবরস্থানের একদম মাঝখানে, সবচেয়ে পুরোনো আর সবচেয়ে উঁচু পাইনগাছটার মাথায় গিয়ে বসেছে ইয়ানিয়ান। তার ওজন নিশ্চয়ই ১০০ পাউন্ডের বেশি হবে। তার পরও কীভাবে গাছটা তার ভার বইছে, তা নিচে দাঁড়িয়ে ওপরে তাকিয়ে থাকা মানুষগুলোর জন্য বিরাট বিস্ময়ের ব্যাপার। হোং জি চিৎকার করে উঠল, ‘নিচে নামো, আমি বলছি এক্ষুনি নিচে নামো।’নিচে ভিড় করা লোকজন ওখানে ওভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় ক্লান্ত হয়ে পড়ল; শুধু হট্টগোল করতে থাকা ছেলেপুলের দলের কোনো ক্লান্তি নেই। তারা চেঁচাতে লাগল, ‘নতুন বউ, ওই নতুন বউ, দেখি না আর একটু ওড়ো তো।’ইয়ানিয়ান তার হাত তুলল। ‘ওড়ো,’ ছেলেপুলেরা চিৎকার করল, ‘ওড়ো, দ্যাখো নতুন বউ উড়তে যাচ্ছে।’ কিন্তু না, সে উঠল না; বরং পাখি যেভাবে তার পালক সাজায়-গোছায়, সেভাবে সে তার ইগলের বাঁকানো নখে ভরা আঙুলগুলো দিয়ে মাথার চুল আঁচড়াল একটু। হোং জি হাঁটুমুড়ে বসে পড়ে বিলাপ শুরু করল, ‘ও চাচারা, ও ভাইয়েরা, ও গ্রামবাসী, ওকে নিচে নামানোর একটু পথ দেখাও গো। তোমরা তো জানো, বউ পেতে আমার কত কষ্ট করতে হয়েছে।’ ঠিক তখন গাধার পিঠে চড়িয়ে হোং জির মাকে আনা হলো সেখানে। ‘কই সে?’ বুড়ো মহিলা হোং জিকে জিজ্ঞেস করলেন, ‘কোথায়?’ হোং জি আঙুল দিয়ে গাছের মাথায় দেখাল। ‘ওই যে, ওখানে।’ হাত দিয়ে চোখ ঢেকে বুড়ো মহিলা ওপরে তাকালেন তাঁর ছেলের বউয়ের দিকে, ‘পিশাচি, ও একটা পিশাচি।’টাউনশিপের প্রধান, তাঁর নাম লৌহপর্বত, বললেন, ‘পিশাচি হোক আর না-হোক, ওকে নিচে নামানোর একটা পথ আমাদের বের করতেই হবে। এই ঘটনার শেষ হতেই হবে। অন্য সব ঘটনার মতো এরও শেষ চাই আমি।’‘দাদা,’ বুড়ো মহিলা বললেন, ‘আপনার হাতে আমি এটার দায়িত্ব দিলাম। পায়ে ধরি, কিছু একটা করুন।’উত্তরে লৌহপর্বত সবাইকে জানালেন, ‘কী করব আমরা, শোনো। প্রথমে উত্তর জিয়াওঝু টাউনশিপে লোক পাঠিয়ে মেয়ের মা, ভাই আর আমাদের ইয়ানহুয়াকে ডেকে আনব। তারপর যদি দেখি সে নামছে না, আমরা ইয়ানহুয়াকে আটকে রাখব। ওকে জিয়াওঝু ফিরে যেতে দেব না। এরপরই আমরা লোকজন বাড়িতে পাঠিয়ে তির-ধনুক বানিয়ে আনতে বলব। তাতেও যদি কাজ না হয়, তা হলে ওকে নামাতে হবে শক্ত কায়দায়। সরকারকে জানাব আমরা। যেহেতু মেয়েটা আর হোং জি স্বামী-স্ত্রী, বিয়ের আইন রক্ষা করতে সরকার নিশ্চয়ই এগিয়ে আসবে। তা হলে হোং জি, ঠিক আছে, তুমি এখানে গাছের নিচে বসে পাহারায় থাকো। তোমার বউয়ের যে কাণ্ডকারখানা দেখছি, তাতে আমি নিশ্চিত যে তাকে জিনে ধরেছে। আমাদের শহরে গিয়ে, একটা কুকুর মেরে ওটার রক্ত হাতের কাছে রাখতে হবে। জিন তাড়াতে তা কখন যে লাগবে, তার কোনো ঠিক নেই।’ভিড় ভেঙে গেল। সবাই যে যার পথে চলল তৈরি হওয়ার জন্য। হোং জির মা ছেলের সঙ্গে থাকবেন বলে গোঁ ধরলেন। কিন্তু লৌহপর্বত অনড়, ‘কী ফালতু কথা। এখানে বসে থেকে আপনি কী করবেন? বাড়ি যান।’ বুড়ো মহিলা দেখলেন তর্ক করে কোনো লাভ নেই। গাধার পিঠে চড়ে কান্না আর বিলাপ করতে করতে তিনি বিদায় নিলেন।হই-হট্টগোল থেমে যাওয়ার পর হোং জি—তাকে গাওমি টাউনশিপের সবচেয়ে সাহসী মানুষের একজন বলে ধরা হয়—নিঝুম এই জায়গাটাতে অস্বস্তিতে পড়ে গেল। সূর্য ডুবে গেছে পশ্চিমে। জঙ্গলের গাছগুলো বেড় দিয়ে বাতাস ঘুরপাক খাচ্ছে, গোঙাচ্ছে যেন। সে যে-ই একটা সিগারেট ধরাতে যাবে, ওপর থেকে কেমন একটা শয়তানের হাসি ভেসে এল। তার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। শরীর ঠান্ডা হয়ে এল। উঁচুতে, গাছের মাথার দিকে তাকিয়ে সে বলল, ‘ভূত-প্রেতের ভয় দেখানোর ফন্দিফিকির আমার সঙ্গে কোরো না। তোমার গায়ে একটু আমার হাত পড়তে দাও না একবার, দেখো কী করি।’ শয়তানের ওই হাসি যে ইয়ানিয়ানের, তা মনে হচ্ছে না। ঘরে ফেরা একদল কাক উড়ে গেল। ওদের ছাই রঙের বিষ্ঠা পড়তে লাগল বৃষ্টির মতো। তার অনেকটা গরম টুকরো পোক্তভাবে পড়ল হোং জির মাথায়। মটিতে থু করে থুতু ফেলল সে। বুঝল শনির দশা লেগেছে তার। কবরস্থানে শিয়াল ডেকে উঠল। তার ভয়টা ফিরে এল আবার। তার মনে পড়ল, হাতের মাঝখানের আঙুল কামড়ে ভূত-প্রেত তাড়াতে হয়। তা-ই করল সে। তীক্ষ্ন ওই ব্যথা তার মাথা সাফ করে দিল। এবার সে বুঝতে পারল, পাইনগাছের এই বন একটু আগেও যত অন্ধকার মনে হচ্ছিল, বাস্তবে ততটা নয়। উঁচু ঢিবি করা কবরের সারি আর কবরফলকগুলো চোখে পড়ল তার। এর পরেরবার যখন সে ওপরের দিকে তাকাল, ইয়ানিয়ানকে দেখতে পেল সে—একটুও জায়গা থেকে নড়েনি, কাকের দল ঘিরে আছে মেয়েটাকে। ‘তুমি কি নিচে নামবা, নাকি নামবা না? না যদি নামো, তা হলে আমি গাছ কেটে ফেলব।’ কোনো শব্দ করল না ইয়ানিয়ান। হাতের ছোট কুড়ালটা হোং জি নামিয়ে আনল গাছের গায়ে। গাছটা কেঁপে উঠল সেই ধাক্কায়। এখনো ইয়ানিয়ানের কোনো শব্দ নেই। মরে গেছে নাকি? ভাবল হোং জি। কোমরের বেল্টটা শক্ত করে বেঁধে নিয়ে, জুতো খুলে, গাছে ওঠা শুরু করল সে। গাছের এবড়োখেবড়ো বাকলের কারণে উঠতে বেগ পেতে হচ্ছে না তার। অর্ধেক পথ উঠে মাথা বাঁকিয়ে ওপরের দিতে তাকাল সে। মেয়েটার ঝুলন্ত দুই পা আর গাছের ডালে ঠেকানো তার পাছা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এতক্ষণে আমাদের দুজনের কোথায় একসঙ্গে বিছানায় থাকার কথা, সে রাগী মন নিয়ে ভাবল, তা না, তুমি কিনা আমাকে গাছে উঠিয়ে ছাড়লে! আরেকটু উঠে সে চুপিসারে চেষ্টা করল ইয়ানিয়ানকে ধরতে। কিন্তু মেয়েটার পায়ে সে তার হাত ঠিকমতো ছোঁয়াতে পারেনি। ইয়ানিয়ান দুই হাত ঝাপটা দিয়ে গাছের মাথা থেকে উড়াল দিল। হোং জি দেখে দুশ্চিন্তায় পড়ে গেল যে গমের খেতের সেই ওড়ার থেকে তার এখনকার ওড়া কত বেশি সাবলীল।মেয়েটি নতুন গাছে গিয়ে বসল তার একটু আগে বসা গাছের একই ভঙ্গিমায়। গোলাপি সূর্যাস্তের দিকে মুখ করে বসে আছে সে। দৃশ্যটা দেখতে লাগছে নতুন কোনো গোলাপ ফোটার সময়ের মতো সুন্দর। ‘ইয়ানিয়ান,’ কান্নার স্বরে চিৎকার করে উঠল হোং জি, ‘আদরের বউ আমার, বাড়ি চলো, আমার সঙ্গে সংসার করবে, চলো। যদি না করো, তা হলে আমি তোমার ওই বোবা ভাইয়ের সঙ্গে ইয়ানহুয়াকে বিছানায় যেতে দেব না, দেখো।’ তার চিৎকার তখনো বাতাসে ভাসছে। ভয়ংকর একটা কড়মড় আওয়াজ শুনল সে নিচের দিকে। গাছের ডালটা ভেঙে পড়ল, মাটিতে মাংসের স্তূপের মতো গিয়ে ধপাস করে পড়ল সে। স্বাভাবিক অল্প একটু ব্যথা-যন্ত্রণা ছাড়া সে দেখল, তার শরীর ঠিকই আছে। কোনো হাড় ভাঙেনি।ঠিক এ সময় শোরগোল করতে করতে একদল লোক হাতে লণ্ঠন, মশাল আর ফ্ল্যাশলাইট নিয়ে পাইনবনে ঢুকল। এদের মধ্যে আছেন ইয়ানিয়ানের বুড়ি মা, তার বোবা বড় ভাই, আর তার বোন ইয়ানহুয়া। হোং জি আরও দেখল লৌহপর্বত দাঁড়িয়ে আছেন, তাঁকে ঘিরে আছে সাত-আটজন বলশালী লোক। তাদের সবার পিঠে ঝুলছে তির-ধনুক। অন্যেরা এসেছে লম্বা লম্বা লাঠি, এমনকি শিকারের রাইফেল আর পাখি ধরার জাল নিয়েও। হোং জি পুলিশের একটা লোককেও দেখল। হোং জির রক্ত-কাদায় মাখা, আঁচড়ানো মুখ দেখে লৌহপর্বত জানতে চাইলেন, ‘কীভাবে হলো?’ ‘কিছু না,’ বলল সে। ‘আমার মেয়ে কই?’ ইয়ানিয়ানের মা জোরে চেঁচিয়ে উঠলেন। ‘সব হারামি তোমরা।’ তিনি গালি দিতে লাগলেন, ‘আমি জানি, আমার মেয়েকে তোমরা মেরে ফেলেছ, আর এখন এই বুড়ি বিধবাকে আর এই বাপ মরা ছেলেটাকে ধোঁকা খাওয়ানোর জন্য গল্প ফেঁদেছ। কোনো মেয়ে মানুষ আবার প্যাঁচার মতো উড়তে পারে নাকি? পাড়া-প্রতিবেশীরা সবাই বলত, কী ভালো একটা মেয়ে সে। ডাইনিদের সঙ্গে, জাদুকরদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আর এই ভালো মেয়ে কিনা তোমাদের বাসায় এক দিন মাত্র থাকল, তার পরই গাছের মাথায় বসা ইগল পাখি হয়ে গেল? তোমরা ওর সঙ্গে কী করেছ, তা বের করা না পর্যন্ত আমি থামছি না। আমার ইয়ানিয়ানকে তোমরা ফেরত দাও। নইলে তোমাদের ইয়ানহুয়াকে কোনো দিনও ফেরত পাবে না।’‘এই বুড়ি খালা, অনেক তো খ্যাঁচ-খ্যাঁচ করলে,’ পুলিশের লোকটা বলল, ‘এখন গাছের ওপর দিকে একটু তাকিয়ে থাকো তো, এই নাও।’ সে তার ফ্ল্যাশলাইট তুলে ধরল গাছের মাথার ছায়ার দিকে, তারপর জ্বালাল লাইটটা, এদিক-ওদিক করে একসময় ইয়ানিয়ানের মুখে ফেলল ফ্ল্যাশলাইটের আলো। হাত ঝাপটা দিয়ে তখন বাতাসে ভেসে পড়ল ইয়ানিয়ান। উড়ে গিয়ে বসল আরেকটা গাছের মাথায়। ‘এই বুড়ি খালা, দেখলে তো ওকে? তোমার মেয়েই তো, নাকি?’ পুলিশ জিজ্ঞেস করল। ‘হ্যাঁ, আমারই মেয়ে।’ ইয়ানিয়ানের মা কাঁদতে শুরু করল, ‘আগের জন্মে কী দোষ আমি করেছি যে আজ আমার ভাগ্যের এই দশা হলো?’ ‘কেঁদো না, বুড়ি খালা।’ বলল পুলিশ, ‘তোমার মেয়েকে বুঝিয়ে নিচে নামিয়ে আনো।’ ‘ও সব সময়ই একরোখা। আমার কথা মনে হয় না ও শুনবে।’ দুঃখের গলায় বললেন মহিলা। তারপর তিনি গাছটার কাছে গেলেন। মাথা পেছন দিকে ঝুঁকালেন আর কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, ‘ইয়ানিয়ান, তুই না লক্ষ্মী মেয়ে। মায়ের কথা শোন, নেমে আয়।...জানি তোর সঙ্গে আমরা ঠিক কাজটা করিনি। কিন্তু তুই যদি না নামিস তো ইয়ানহুয়াকে আমরা রাখতে পারব না। আর তা যদি ঘটে, তা হলে আমাদের বংশ শেষ...।’ ‘কথা বলতে থাকুন।’ পুলিশটা অনুরোধ জানাল। বোবা লোকটা তার হাত নেড়ে জোরে জোরে গোঙাতে লাগল ওপরের দিকে তার বোনের উদ্দেশে। ইয়ানহুাও ঢুকল কাঁদিয়েদের দলে: ‘ভাবি, নিচে নামো, দয়া করে নেমে এসো। তুমি-আমি দুজনেই ভুক্তভোগী। আমার ভাই দেখতে কুৎসিত, কিন্তু সে তো অন্তত কথা বলতে পারে। আর তোমার ভাই?...নেমে এসো, ভাবি...আমাদের মন্দ কপাল...।’ইয়ানিয়ান আবার আকাশে ভেসে পড়ল। লোকজনের মাথার ওপর দিয়ে বৃত্তাকারে পাক খেল। বরফ জমে যাওয়া শিশিরকণা পড়ল মাটিতে। হয়তো ওগুলো তার অশ্রুবিন্দু।পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে। রাত গভীর হচ্ছে। মাটিতে দাঁড়ানো সবাইকে পেয়ে বসেছে ক্লান্তি আর ঠান্ডা। ‘আমার মনে হয়, কঠিন পথে যাওয়া ছাড়া এখন আর অন্য পথ নেই।’ বলল পুলিশের লোকটা। ছেলেপুলের দলটার কাছে গিয়ে সে তাদের বলল বোবা আর বোবার মাকে পাইনবনের থেকে বাইরে নিয়ে যেতে। বুড়ি মহিলার কাঁদতে কাঁদতে এতটাই অবসন্ন অবস্থা যে তাঁকে নিয়ে যাওয়ার সময় তিনি কোনো বাধা দিলেন না। অন্যদিকে, বোবা গোঙিয়ে জানাল, সে যাবে না। কিন্তু পুলিশের লোকটা তার সার্ভিস রিভলবার একটু বের করে দেখানো মাত্র চুপচাপ হাঁটা ধরল সে-ও। এখন এখানে থাকল শুধু পুলিশের ওই লোক, লৌহপর্বত, হোং জি আর কমবয়সী দুটো ছেলে। একজনের হাতে একটা লম্বা লাঠি, অন্যজনের হাতে একটা জাল।গুলির শব্দ শুনলে লোকজন ঘাবড়ে যাবে। পুলিশ বলল, ‘তির-ধনুক দিয়ে কাজ সারাটাই ভালো হবে।’‘আমার চোখের দৃষ্টি অনেক কমে এসেছে।’ লৌহপর্বত বললেন, ‘আমাকে দিয়ে এই কাজ হবে না। আমার লক্ষ্য যদি সামান্য এদিক-ওদিকও হয়ে যায়, আমি হয়তো মেয়েটাকে মেরেই বসব। হোং জি-ই করবে, যা করার।’ তিনি একটা বাঁশের ধনুক আর ক্ষুরের মতো ধারালো পাখির পালক লাগানো একটা তির বাড়িয়ে দিলেন হোং জির দিকে। হোং জি সেগুলো হাতে নিল, কিন্তু তারপর কঠিন ভাবুক হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকল ওখানেই। ‘আমি পারব না,’ বলল সে। যেন হঠাৎই বুঝতে পেরেছে তার কাছে কী সবার প্রত্যাশা। ‘আমি পারব না, আমি করব না। সে আমার বউ, না কি? আমার বউ তো।’‘হোং জি,’ লৌহপর্বত বললেন, ‘বোকার মতো বোলো না! তোমার কোলে থাকলে বলতাম সে তোমার বউ, কিন্তু ওখানে ওই গাছের মাথায় যে বসে, সে একটা অদ্ভুত পাখি ছাড়া আর কিছু না।’‘তোমরা পারোও,’ পুলিশের লোকটা বিরক্তির সঙ্গে বলল। ‘কিছুই হবে না তোমাদের দিয়ে। এখানে দাঁড়িয়ে তোমরা যদি ও রকম আমতা-আমতাই করতে থাকো, তা হলে...ধুর, আমাকে দাও তির-ধনুকটা।’সে তার রিভলভার কোমরে গুঁজল। তির আর ধনুক হাতে নিল। গাছের মাথার দিকে লক্ষ্য ঠিক করে নিল অনেকক্ষণ ধরে। তারপর ছুড়ে দিল তির। একটা চাপা ধুপ শব্দে বোঝা গেল একদম জায়গামতো লাগাতে পেরেছে সে। তার পেটের মধ্যে তিরটা বেঁধানো, হুড়মুড় করে পড়ছে পাশের একটা ছোট গাছের একদম মাথায়। কোনো সন্দেহ নেই, তার পক্ষে আর শরীরের ভারসাম্য বজায় রাখা সম্ভব হচ্ছে না। পুলিশ লোকটা ধনুকে দ্বিতীয় তির বসাল। ইয়ানিয়ানের দিকে আবার লক্ষ্য ঠিক করল। ইয়ানিয়ান ছোট পাইনগাছটার মাথায় হাত-পা ছড়িয়ে পড়ে আছে। পুলিশ চিৎকার ছাড়ল, ‘নিচে নাম, বেটি!’ তার চিৎকার বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই দ্বিতীয় এই তির উড়ে চলেছে তার নিজের পথে; এবার ব্যথার একটা আর্তচিৎকার আর তার পরেই মাথা সোজা নিচমুখো করে ইয়ানিয়ানের হুড়মুড়িয়ে মাটিতে পতন।‘ওরে হারামজাদা শুয়োরেরা,’ হোং জির আর্তচিৎকার, ‘তোরা আমার বউকে মেরে ফেললি রে...’লোকজন যারা পাইনবন ছেড়ে চলে গিয়েছিল, তারা সবাই লণ্ঠন আর মশাল নিয়ে ফিরে আসতে লাগল। ‘কী, মেয়েটা কি মরে গেছে?’ তারা উদ্বেগের সঙ্গে জানতে চাইল। ‘ওর গায়ে কি পালক আছে? পাখির পালক?’একটাও কথা না বলে লৌহপর্বত কুকুরের রক্তে ভরা একটা বালতি হাতে তুলে নিলেন আর ইয়ানিয়ানের সারা শরীরে ছিটিয়ে দিতে লাগলেন সেই রক্ত।[এই অনুবাদকের অনুবাদে বাংলায় অনূদিত মো ইয়ানের প্রথম গল্প ‘অমোঘ দাওয়াই’ও প্রথম আলোতেই ছাপা হয়েছিল গত ১৯ অক্টোবর।]