>

কাছ থেকে দেখা: ১৯৭৩-১৯৭৫
মেজর জেনারেল এম খলিলুর রহমান
প্রচ্ছদ: অশোক কর্মকার * প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬ * ২৩২ পৃষ্ঠা * দাম: ৪০০ টাকা
মেজর জেনারেল এম খলিলুর রহমানের স্মৃতিসিক্ত বিশ্লেষণ-ভাষ্যের কল্যাণে এ বই হয়ে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির অব্যবহিত পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিষ্ঠুর হত্যাকাণ্ডের সময়গত পরিসর; অর্থাৎ ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সদ্য স্বাধীন দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিকসহ সমাজের নানাস্তরে ঘটে চলা ঘটনারাজির এক প্রামাণিক দলিলবিশেষ।
মুক্তিযুদ্ধের সময় মেজর জেনারেল খলিলুর রহমান তখনকার পশ্চিম পাকিস্তানের সামরিক কারাগারে বন্দী ছিলেন। এ বইয়ে সপরিবারে সেই বন্দিজীবনের বর্ণনা যেমন জীবন্ত, তেমনি ১৯৭৩ সালের ২৩ ডিসেম্বর সেখান থেকে বাংলাদেশের মাটিতে ফিরে আসার অপার আনন্দময় ঘটনার বর্ণনা পাঠক হিসেবে আমাদের দুচোখও আনন্দাশ্রুতে ভরে তোলে।
মোট ছয়টি অধ্যায় এবং ৫৩টি উপ-অধ্যায়ে বিভক্ত এ বইয়ের প্রতিটি অধ্যায়ের পাঠ পাঠককে এমন সব অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যাবে, যা তাঁকে শুধু ভাবনার সঙ্গীই করবে না, সদ্য স্বাধীন একটি দেশ যে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং তার সমাধান যে তখন কত জটজটিলতায় আকীর্ণ ছিল, তারও একটা প্রায় পূর্ণাঙ্গ ছবি চোখের সামনে তুলে ধরবে।
লেখক যেহেতু সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নিযুক্তি পাচ্ছেন তখনকার বিডিআর (এখনকার বিজিবি)-প্রধানের পদে, মেজর জেনারেলের র্যাং কে। ফলে তাঁর এ বইয়ে এমন অনেক অজানা সত্য প্রকাশিত, যার প্রামাণিকতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে বলে মনে হয় না। বরং তাঁর অভিজ্ঞতার দৌলতে, এমন সব সত্যের মুখোমুখি তিনি আমাদের করেন, যার পাঠ থেকে থেকেই বিমূঢ় করে তোলে। যেমন, উদাহরণ হিসেবে তুলে ধরা যেতে পারে পাকিস্তান প্রত্যাগত সামরিক বাহিনীর সেনা কর্মকর্তা ও সাধারণ সেনাসদস্য এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তা ও সেনাসদস্যদের মধ্যকার দ্বন্দ্ব, তাঁদের পারস্পরিক অবস্থান বা মর্যাদা নিয়ে টানাহ্যাঁচড়া—এই সবকিছুই এমন এক বাস্তবতা, যার পরিণামে সমগ্র সামরিক বাহিনীতে বিভক্তি—ছোট আর বড়। শেষ তো এখানেই নয়, যখন রক্ষীবাহিনী গঠন করা হচ্ছে, তখনো তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে খোদ সেনাবাহিনী থেকে তো বটেই, তখনকার সচেতন সমাজের নানা স্তর থেকেও। জেনারেল খলিলুর রহমানের ভাষ্যে তা উঠে আসছে এভাবে, ‘তাঁদের প্রশ্ন, দেশে তো আধা সামরিক বাহিনী একটিই থাকে এবং তা ছিলও, সে হলো বিডিআর। এরপর আবার রক্ষীবাহিনী নামে আরও একটি আধা সামরিক বাহিনী গঠনের প্রয়োজন হলো কেন?’ এ প্রশ্নের জবাব নানাভাবে বিশ্লেষিত হতে পারে। এ বইয়ে যেমন হয়েছে, অন্য আরও কিছু বইয়েও রক্ষীবাহিনী গঠনের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।
কিন্তু মেজর জেনারেল খলিলুর রহমানের এ বইয়ের গুরুত্ব প্রায় একই বিষয়ে যাঁরা লিখেছেন, তাঁদের তুলনায় এখানে যে, তাঁরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে বই রচনা করেছেন, আর তিনি ঘটনার জ্বলজ্যান্ত সাক্ষী। তাঁকে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হয়নি। ফলে যখন যে অধ্যায় বা তার অন্তর্গত উপ-অধ্যায়ে তিনি তথ্য সন্নিবেশ করছেন, তা যেমন আকরিক হয়ে উঠছে, তেমনি সদ্য একটি স্বাধীন দেশের সামগ্রিক চালচিত্রটিও চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে।
যেহেতু লেখক বিডিআরপ্রধান ছিলেন, সেইহেতু তাঁর অধীন বাহিনীটির অন্যতম প্রধান দায়িত্ব ছিল দেশের সীমান্তজুড়ে চলা চোরাচালান রোধ করা। এ ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত ও সামষ্টিক প্রয়াসের ছবি যেমন এ বইয়ে পাওয়া যাবে, তেমনি পাওয়া যাবে তাঁদের অভিযানের পথে সৃষ্ট প্রতিবন্ধকতাগুলোর কথাও।
উঠে এসেছে তাঁর কলমে তখনকার রাজনৈতিক নেতৃত্বের সবলতা-দুর্বলতার কথা, পাশাপাশি তাঁদের সঙ্গে আমলাতন্ত্রের টানাপোড়েনগত সম্পর্কের চালচিত্রও। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের দুর্বলতার কথাও তুলে ধরতে কসুর করেননি তিনি। তাজউদ্দীন আহমদকে ক্ষমতা থেকে অপসারণ করা যে বঙ্গবন্ধুর ভুল ছিল, বলেছেন সে কথাও।
পাশাপাশি পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ে তিনি তুলে ধরেছেন বঙ্গবন্ধুর ছাত্র ও যুবক কালের অনেক কথা। বলেছেন বাকশাল গঠনের কথা, তা নিয়ে কারও কারও মনোগত দ্বিধা ও বিভক্তির কথাও। পরিশেষে এসেছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কথা। বিডিআরপ্রধানের পদ থেকে তাঁকে অপসারণের কথা। কেন—সে কথাও বলেছেন তিনি।
এ বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে, যেখানে তিনি নেতিবাচকতার আশ্রয় নিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকলেও, তাকে খণ্ডাতে হলে আরও একটি বই লিখতে হবে।
প্রয়াত জেনারেল খলিলুর রহমানের সহধর্মিণী জুবেদা কে রহমানের ভূমিকাটি সুলিখিত।