
ডব্লিউ বি ইয়েটস তাঁর ‘এন অ্যাকর অব গ্রাস’ কবিতায় লিখেছিলেন, ‘নিজেকেই পুনর্নির্মাণ করি আমি।’পুনর্নির্মাণ অর্থাৎ প্রতিটি নতুন কবিতাতেই পুরোনো পথ ছেড়ে কিছুটা বেরিয়ে যাওয়া, নিসর্গের বাস্তবের শরীরের এমনকি পরাবাস্তবের একটুখানি ভিন্ন ভূগোলে ঢুকে পড়া, নিজের অভিজ্ঞতা-অনুভূতি-স্বপ্ন-কল্পনার সঙ্গে নতুন একটা বোঝাপড়ায় নামা, ভাষাশৈলী বয়ান অথবা নাটকের নতুন একটা ব্যঞ্জনা তৈরি করা; আর এসব করতে গিয়ে নিজেকে কিছুটা হলেও পূর্ণতর ভাবা। কবি শামসুর রাহমান এ কাজটি নিরন্তর করে গেছেন। তা না হলে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগের পথেই চলত তাঁর রৌদ্র করোটিতে, জারি থাকত সেই রোম্যান্টিক আবহ, সেই লিরিক্যাল মেজাজ। অথচ মাত্র তিন বছরের দূরত্বে লেখা তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থটি যেন এ কবিকে টেনে বের করল জগতের রাস্তায়, তাঁর আন্তর্জাতিক বোধটিকে করল তীব্র, এক অত্যাশ্চর্য ভাষা দিল, একটা সামাজিক-রাজনৈতিক দায়িত্ব-তালিকা ধরিয়ে দিল তাঁর হাতে। সে বই পড়ে বাংলা কবিতার পাঠকেরা জয়ধ্বনি তুলল, ‘কবি এসে গেছেন।’ রাহমান সত্যিই এলেন, দেখলেন, জয় করলেন। কিন্তু রৌদ্র করোটিতে তিনি থেমে থাকলেন না। চার বছর পর বিধ্বস্ত নীলিমায় উৎসার ঘটালেন নতুন সময়-চিন্তার, জটিল নাগরিক মানসের, নিবিষ্ট হলেন ব্যক্তির মনোজগতের নানা সমীকরণ মেলাতে। তাঁর শেষ বইটি পর্যন্ত তিনি তা করে গেছেন। এটি করতে গিয়ে অনেক চিন্তা, অনেক ভাবনা, বোধ অথবা অভিজ্ঞতায় বারেবারে ফিরে গেছেন। এ জন্য রাহমানের কবিতায় পুনরাবৃত্তি আছে, কিন্তু প্রতিটি পুনরাবৃত্ত চিন্তা অথবা দৃশ্যশব্দকল্প স্থাপিত হয় নতুন এক অভিজ্ঞতা-বোধ-ঘটনার আবহে, ফলে তাদের বিন্যাসের নতুন মাত্রাটি পাঠককে খুঁজে নিতে হয়। তাঁর কবিতা পড়া তাই সজাগ পাঠকের জন্য একটি আনন্দের অনুভূতি, তাঁর পুরান ঢাকার মতো তাঁর কবিতার অলিগলির প্রতিটি মোড়ে নতুন চমক আর দৃশ্যপট অপেক্ষা করে।
পুরান ঢাকা যখন পুরান ঢাকা ছিল, এক ডুরি আঙুল লেনের সামান্য এমাথা-ওমাথায় যত বৈচিত্র্য, রহস্য আর উষ্ণতার দেখা আমি পেতাম। এখন পুরো বারিধারা ঘুরেও তা পাই না। রাহমানের কবিতায় ওই বৈচিত্র্য ছিল, অতিচেনা দৃশ্যপট ছিল (অথচ সন্ধ্যার বাতি জ্বললে অথবা রাত গভীর হলে সেগুলো কেমন যেন অচেনা হয়ে যেত), জীবনের উত্তাপ ছিল, হাহাকার-কোলাহল-হাসি ছিল, ভাষার মুগ্ধতা ছিল, ঘাম-উষ্ণতা-কাম-প্রেম-রিরংসা—এসব ছিল। ছিল মানে আছে, থাকবে। সজাগ পাঠক একটি কবিতার বই হাতে নিলেই এসব পেয়ে যান।
আরও পেয়ে যান একটা ইউরোকেন্দ্রিক আধুনিকতার অবয়ব, কল্লোল যুগের ইউরো-বঙ্গীয় আধুনিকতার অনুরণন, ইকারুস-বেহুলার মতো ভূগোলবিস্তারি মিথ, আসাদের শার্ট, বন্দীশিবির থেকে লেখা চিঠি, গোরস্তানে কোকিলের করুণ আহ্বান। একটি প্রবন্ধ লিখেছিলাম শামসুর রাহমানের ৬৫তম জন্মবার্ষিকীতে, তাঁর কবিতায় তাঁর নিজেকে পুনর্নির্মাণের প্রসঙ্গ নিয়ে। প্রসঙ্গটি এ জন্য উঠেছিল যে অনেকে বলছিলেন, শামসুর রাহমানের কবিতা পুনরাবৃত্ত হচ্ছে, তাঁর কবিতার শরীরে অবসাদ ও নির্লিপ্তি জমেছে, তিনি অতিশয় লিখে যাচ্ছেন। ওই প্রবন্ধে আমি লিখেছিলাম, তাঁর কবিতা আমার কাছে মোটেও নির্লিপ্ত মনে হয় না, বরং একটা তাড়া যেন অনুভব করি, যেন নিজেকে নতুন করে দেখতে চাইছেন, নিজের ভাবনাগুলো নানা সমীকরণে মেলাতে চাইছেন। এ জন্য শৈশব ও তারুণ্যে তিনি বারবার ফিরে গেছেন, যেন বা মধ্যষাটে দাঁড়িয়ে তিনি একজন তরুণের অবয়বে সাজাতে চাইছেন নিজেকে। সে বছর তাঁর একটি বই বেরিয়েছিল—আকাশ আসবে নেমে। এরপর ২০০৬ সাল পর্যন্ত বেরোয় তাঁর আরও ২২টি কবিতার বই! কোনো কোনো বছর দুটি করে। যেকোনো হিসাবেই অতিশয় লেখা। রাহমান নিজেও স্বীকার করেছেন এই সংখ্যাধিক্যের বিষয়টি। কিন্তু আসলেই কি তিনি পুনরাবৃত্তি করছিলেন, নতুন বোতলে পুরোনো মদিরা ভরে দিচ্ছিলেন; তাঁর কবিতায় দেখা দিচ্ছিল অবসাদ? ওই প্রবন্ধে যা লিখেছিলাম, তার বাইরে এই প্রশ্নের উত্তর আমি পেয়েছি দুটি পর্বে। প্রথম পর্বটি আবদুল মান্নান সৈয়দের সঙ্গে কথোপকথন, দ্বিতীয় শামসুর রাহমানের মৃত্যুর দু-তিন বছর পর তাঁর শেষ চারটি বই পড়া। সেই উত্তরের সারাংশটি এই: ইয়েটস অথবা নেরুদা অথবা পুনরাবৃত্তির অভিযোগ যাঁদের শুনতে হয়, সেই সব বড় কবির মতো রাহমানও আসলে যা করতেন, তা পুনরাবৃত্তি নয়, পুনর্নির্মাণ; বদলে যেতে থাকা জগৎ ও পরাজগতের আয়নায় নিজেকে দেখা ও নিশ্চিন্ত হওয়া যে তিনি আছেন। পুনরাবৃত্তি নিশ্চিতির খোঁজও বটে, সময় ও স্থানের উল্লম্ব এবং আনুভূমিক রেখার পরিবর্তনশীল পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানটাকে ধরে রাখা, যেমন বন্দরে ভাসতে থাকার জন্য নোঙর ফেলে জাহাজ। মান্নান সৈয়দ আমার প্রবন্ধটি পড়েছিলেন, আমায় জানালেন, তিনিও বিশ্বাস করেন প্রতিটি নতুন বইয়ে রাহমান আবির্ভূত হন নতুন এক মাত্রায়, পুরোনো বিষয়ের গভীরে ঢুকে নতুন করে তাকে সাজান; একটা নতুন দৃষ্টিকোণ থেকে হঠাৎ পুরোনো বিষয়কে দেখতে গিয়ে নতুন কোনো সৌন্দর্যের রূপের কল্পের সন্ধান পেয়ে যান। মান্নান সৈয়দের মতে, রাহমানের মূল শক্তি তাঁর গীতিকবিতায়। একই সঙ্গে তিনি লিখেছেন, সৈয়দের ভাষায়, কাহিনি-আভাসিত কবিতাও। কিছু কবিতা যদি হয় গীতল, মনোনাট্যের আদলে গড়া, কিছু অন্য কবিতা তখন একটা বয়ানকে ধরে এগোয়, যে বয়ান জীবনের, বাস্তবের; অথচ যেগুলো খণ্ডে খণ্ডে সাজিয়ে একটা গভীর স্তরে তাদের সমন্বয় করেন শামসুর রাহমান। মান্নান সৈয়দ বিশ্বাস করতেন, গীতিকবিতায় রাহমান অনেকটাই আত্মমুখর, অর্থাৎ নিজেকে নিয়ে, তাঁর অহং ও আমিত্বকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। একই সঙ্গে কাহিনি-আভাসিত কবিতায় তিনি প্রাধান্য দিয়েছেন অনাত্মতাকে।
মান্নান সৈয়দের বিরল প্রতিভা ছিল কবিতাকে দর্শনতত্ত্ব-ইতিহাস ও কবিতার নানা শর্ত অনুষঙ্গ বিচারে পড়ার। শামসুর রাহমান সম্পর্কে তাঁর অবলোকন স্বচ্ছ, প্রমাণনির্ভর। এই যে রাহমান শুরুর একান্ত ‘আমি’ থেকে পরবর্তী সময়ে ‘আমরা’র সামূহিক সত্তাটি ধারণ করলেন, এটি ছিল তাঁর কবিতার আত্মমুখরতা থেকে সমষ্টির কলরবে কান পেতে দেওয়া।

সমষ্টির কলরবকে যিনি মূল্য দেন, কবিতায় তিনি ইতিহাস, সমাজ, জীবনবাস্তবতা ইত্যাদিসহ রাজনীতিকেও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেন; মানুষের সংগ্রাম, স্বপ্ন ও সৃজনকে শ্রদ্ধা জানান। আর এটি করতে গিয়ে নিরাশার চোরাবালি এড়িয়ে তিনি এগিয়ে যান। সোজা কথায়, তাঁর আশাবাদকে কখনো মলিন হতে দেন না।
শামসুর রাহমান আশাবাদী কবি ছিলেন। জীবনের শেষ পাঁচ বছর তাঁর যেসব কবিতার বই বেরিয়েছিল, সেগুলোর কয়েকটির শিরোনাম: ভস্মস্তূপে গোলাপের হাসি, গন্তব্য নাই বা থাকুক, কৃষ্ণপক্ষে পূর্ণিমার চাঁদ, অন্ধকার থেকে আলোয়। যে কবি মানুষকে অভয় দেন, এগিয়ে যাওয়ার প্রেরণা দেন, প্রতিরোধের প্রতিবাদের আহ্বান শোনান, তাঁর কথায় একটা সুর তো অনেকবারই বাজবে। এমনকি সান্ত্বনার ভাষাতেও পুনরাবৃত্তি থাকে, কিন্তু তা পুনরাবৃত্তি নয়। এটি জেগে ওঠার, শোক ভোলার নিজের শক্তিতে প্রত্যয়ী হওয়ার মন্ত্র।
মান্নান সৈয়দ আরেকটি কথা বলেছিলেন এবং তা রাহমানের কবিতার চিত্রধর্মিতা চিত্রলতা নিয়ে। একজন নিসর্গচিত্রী যখন মনোযোগী হন একটা ছবিতে, তাঁর চোখে ধরা পড়ে গাছের, পাতার, নদীর, ঢেউয়ের, মাঠের তৃণের বিস্তার ও বিন্যাস। প্রকৃতিতে পুনরাবৃত্তি অনুমেয়। তিনি বলেছিলেন, কিন্তু প্রকৃতির কোনো কিছু পুনরাবৃত্তি নয়। দুটি পাশাপাশি দাঁড়ানো গাছ দুই আলাদা রহস্যের নাম।
অনেক পরে, মান্নান সৈয়দ চলে যাওয়ার পর ক্লদ মনের ওপর করা একটা ডকুমেন্টারি ছবিতে এই প্রভাববাদী শিল্পীর অনেকগুলো ছবি দেখানোর পর তাঁর একটি উক্তি পড়ে শোনালেন বর্ণনাকারী: যতবার নিসর্গের ছবি আঁকি, একই দৃশ্যে যেন চোখ আটকে যায় একই দৃশ্য যেন বারেবারে আঁকি, অথচ এই পৃথিবীর রহস্যটা আমার মতো করে জানতে হলে না জানি কত লাখ এ রকম ছবি এঁকে যেতে হবে।
অথচ অনেক চিত্রালোচক বলেন, উনিশ শতকের এই চিত্রকরের ছবির একটা মূল সম্পদ হচ্ছে বৈচিত্র্য।
শামসুর রাহমানের কবিতায় বৈচিত্র্যটাই তো প্রথম চোখে পড়ে আমার।
২.
কত রাস্তায় যে হেঁটেছেন শামসুর রাহমান, কত বিচিত্র পালক পরেছেন তাঁর শিরস্ত্রাণে। উপন্যাস অথবা আত্মজীবনী, শিশুতোষ লেখা অথবা অনুবাদের কথা বাদই দেওয়া যাক, কবিতার ভূগোলেই কতটা পথ তিনি পাড়ি দিয়েছেন। ‘নিজেকে নিয়ে পঙ্ক্তিমালা’ কবিতায় লিখেছিলেন
‘যদিও পুরনো এক গলির ভেতর
জন্ম আমার
ক্রমশ সময়ের দ্রুত পদধ্বনি
আমাকে এগিয়ে নিয়ে পৌঁছে
দিয়েছে সম্মুখে
এবং
যেতে চাই দূরে। বহুদূরে প্রগতির
পতাকা-শোভিত এক শান্তিময়
জগতের দিকে—’
অনেকভাবে পড়া যায় কবিতাটি। প্রথমত, এটি ব্যক্তি হিসেবে তাঁর আত্মোপলব্ধি, তাঁর আত্মদর্শন; দ্বিতীয়ত, সামাজিক-রাজনৈতিক মানুষ হিসেবে তাঁর অভিজ্ঞতা ও প্রত্যয়; তৃতীয়ত, সাংস্কৃতিক সংঘবদ্ধতায় বিশ্বাসী কবির একক সংস্কৃতি থেকে বহুজনের সংস্কৃতিতে পদার্পণ এবং চতুর্থত, একজন কবি হিসেবে প্রচল ও প্রথার পুরোনো গলি থেকে পতাকাশোভিত আধুনিকতার নানা অর্জনের এলাকায় পরিব্রাজন। এই শেষ পঠনটিরও নানা অনুপঠন হতে পারে—যেমন তাঁর লিরিকধর্মিতাকে মনোনাট্যের গন্তব্যে এবং আখ্যান-আভাসের কার্নিভালে নিয়ে তোলা। কার্নিভাল শব্দটি আমি ধার করেছি মিখাইল বাখতিন থেকে, যিনি উপন্যাসের জগৎ নিয়ে কথা বলতে গিয়ে এর প্রয়োগ করেছিলেন এবং কার্নিভালে উঁচু-নীচুর সমাজকাঠামো বিলোপের এবং বহু ভাষা ও বহু কণ্ঠের সম্মেলনের কথা উল্লেখ করেছিলেন। তবে রাহমানের কবিতার ক্ষেত্রে এই কার্নিভালের প্রয়োগ অযথা হবে না; কেননা, তাঁর অসংখ্য কবিতার মূলে আছে একটি কাহিনি, যে কাহিনিটি হয়তো একটা এপিফ্যানিকে ঘিরে, না হয় একটা মুহূর্তের নাটক অথবা ঘটনা-অভিজ্ঞতাকে ঘিরে পল্লবিত হয়। এ জন্য কবিতাগুলোতে সমান্তরাল চলে অনেক বোধের বিস্তার, অথবা তাদের দ্বন্দ্ব। লিরিক কবিতার প্রধান বিবেচনা হলো এর মূল চিন্তার একক-বিশিষ্টতা, এর আধিপত্য। আখ্যানধর্মী কবিতা এই একক থেকে বহুবিধে নিয়ে যায় চিন্তাকে। রাহমানের কবিতায়ও আছে বহুভাষা (শুধু ‘প্রমিত’-অপ্রমিত এবং খিস্তিখেউড় অথবা চৌরাস্তার ভাষার ব্যবহারই নয়, আত্মকথনের, মনোনাট্যের, সামাজিক-রাজনৈতিক সক্রিয়তার ও জগৎসভার ভাষাও), আছে অপূর্ব কোলাহল, যাতে সংঘাত নেই, আছে সেই পতাকাশোভিত শান্তি। রাহমান সেই কার্নিভালকে আসলেই উদ্যাপন করতে চেয়েছিলেন, যাতে অংশগ্রহণ সবার। যে কার্নিভালে খঞ্জ, অন্ধ ভিখারি ও পৌরপথের আলো-আঁধারিতে দাঁড়ানো গণিকাও সমান গুরুত্বে আমন্ত্রিত।
৩.
রাহমানের কবিতার মূল সুর উদ্যাপনের। তিনি উদ্যাপন করেছেন নিজেকে, কবিকে, স্বদেশকে, প্রকৃতিকে, নারীকে, উদ্যাপন করেছেন মানুষের সম্ভাবনাকে, শুভর শক্তিকে। উদ্যাপন চাপা গলায় করা যায় না, উদ্যাপনে প্রাণ থাকতে হয়। রাহমানের কোনো চাপা গলার কবিতা নেই, হতাশার, বিষণ্নতার, মন ভাঙার কষ্ট আছে, দীর্ঘশ্বাস আছে অনেক কবিতায়, কিন্তু এসব তিনি ভাগ করে নেন বিশ্বের সঙ্গে। তিনি চিলেকোঠার নির্জনতা ও একাকিত্ব পছন্দ করতেন, কিন্তু চিলেকোঠার কোনো কবিতা তিনি লেখেননি। লিখেছেন মাহুতটুলির বাড়ির ছাদের নিভৃতে দাঁড়িয়ে বলা কবিতা, কিন্তু মাহুতটুলির বাড়ির ছাদ, আদি পুরান ঢাকা, রামপুরা অথবা জাফরাবাদের আদল ধরার আগে, ছিল খুবই সামাজিক, তাঁর গলির মতো, অর্থাৎ সেই ছাদও কার্নিভালের একটা অংশ।
রাহমান নির্জনতাকে উদ্যাপন করেছেন, কিন্তু সেই নির্জনতার পেছনে ছায়া মেলে দাঁড়াতেন তাঁর কোনো প্রিয়জন, বন্ধু, কোনো নারী। অথবা সেই নির্জনতার বিপরীতে থাকত পথের কোলাহল, অদৃশ্যে যা শব্দ তুলত।
উদ্যাপনের ভাষা অনেক সময় একই রকম শোনায়, দূর থেকে। কাছে গেলে ধরা পড়ে তার বৈচিত্র্য। সারা জীবন এই বৈচিত্র্যকেই বাজিয়ে গেছেন রাহমান। সেতার একই। কিন্তু কখনো ইমন কখনো বাগেশ্রী, কখনো ভৈরবীর সুর তাতে। সজাগ শ্রোতার কাছে এসবের ভিন্নতা ও বৈচিত্র্য ঠিকই ধরা পড়ে।
আধুনিকতার একটি বড় উপাদান সচেতনতা—আত্মচিন্তায় সময় ও ইতিহাসের জটিলতাকে সাজানো, ভাষা নিয়ে ক্রমাগত নিরীক্ষায় গোত্রের ভাষাকে শুদ্ধ করা। এই উপাদানের প্রতিফলন আছে রাহমানের কবিতায়।